ক্যাটাগরি Uncategorized

২৩০ দিন পরও মস্তিষ্কে পাওয়া যাচ্ছে ভাইরাস!

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। এর আগে ডেলটাসহ আরও একাধিক প্রজাতির তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। করোনার নতুন তথ্য প্রতিদিনই কিছু না কিছু শিক্ষা দিচ্ছে। ডেলটায় একের পর এক মানুষ আক্রান্ত এবং হাসপাতালে ছিল না খালি বেড। ডেলটার ধাক্কা শেষ হতে না হতেই করোনার নতুন প্রজাতি ওমক্রিন আক্রান্ত দিন দিন বেড়েই চলেছে।
ইতোমধ্যে করোনার ওমক্রিন প্রজাতি নিয়ে একাধিক গবেষণা হয়েছে। আর গবেষকদের তথ্য বলছে, ডেলটার মতো ওমিক্রন মারাত্মক নয়। তবে দ্রæত সংক্রমন ঘটাতে সক্ষম। চিকিৎসাবিজ্ঞানীরা এই কথাটি মেনে নিয়েছেন যে, করোনাভাইরাস মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। এমনকী কোভিড থেকে সেরে ওঠার পরও শরীরে ঘটে যাচ্ছে নানা পরিবর্তন। প্রশ্ন হচ্ছে সেই পরিবর্তনগুলো সম্পর্কে হয়তো বেশিরভাগ মানুষ কিছুই জানে না। তবে গবেষণায় উঠে আসছে সেই বিষয়গুলো। কিছুক্ষেত্রে জানা যাচ্ছে, করোনা থেকে সুস্থ হওয়ার পরও শরীরে থেকে যাচ্ছে এই ভাইরাস। আর সুস্থ হওয়ার পর এই ভাইরাস সম্পর্ক আক্রান্তরা কিছু বুঝতেই পারছেন না।
করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরও শরীরে থাকে সেই ভাইরাস। এমনকী মৃদু উপসর্গ বা মাঝারি উপসর্গ থাকা মানুষের শরীরেও এই ভাইরাস মাসের পর মাস লুকিয়ে থাকতে পারে। এক্ষেত্রে বিজ্ঞানীরা দেখেছেন, হৃদপিÐ, চোখ, স্নায়ু এবং মস্তিষ্কে দেখা মিলছে এই ভাইরাসের।
এই গবেষণা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভাইরাস মূলত ফুসফুসকেই আক্রান্ত করছে না। শরীরের অন্যান্য জায়গায়ও এই ভাইরাস নিজেকে ছড়িয়ে রেখেছে। আর সে জন্যই এই রোগটিকে শুধুমাত্র ফুসফুসের রোগ ভাবা ঠিক হবে না।
এক্ষেত্রে করোনায় মৃত ৪৪ জন মানুষের অটোপসি করেন বিজ্ঞানীরা। তারা বুঝতে চেষ্টা করেন, শরীরের অন্যান্য অংশে ঠিক কী প্রভাব ফেলে এই ভাইরাস। এছাড়া ভাইরাস কী ভাবে শরীরে অন্যান্য জায়গায় পৌঁছায়। সেখানে পৌঁছে কী ভাবে নিজেদের সংখ্যা বাড়িয়ে তোলে তাও দেখা হয়।
গবেষকর বলছেন, কোভিড শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে যায়। এক্ষেত্রে যারা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের পাশাপাশি যারা উপসর্গহীন বা মৃদু উপসর্গযুক্ত তাদেরও একই সমস্যা হয়।
এমনকী এই গবেষণায় দেখা গেছে, কোভিডের লক্ষণ দেখা দেওয়ার ২৩০ দিন পরও মস্তিষ্কে পাওয়া যাচ্ছে ভাইরাস! ভাবা যায়! তবে এই ভাইরাসের কোনও ক্ষমতা নেই। এই ভাইরাস মৃত। তাই গবেষকরা মতামত দিচ্ছেন, কোভিড একটি সিস্টেমেটিক ইনফেকশন। এই সংক্রমণ শরীরে মাসের পর মাস বাঁচতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত কমছে…?

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

অবশেষে কমতে শুরু করেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশ্বে একদিনের ব্যবধানে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ৩৩ হাজারেরও বেশি, সেই সঙ্গে এ রোগে মৃত্যু কমেছে প্রায় ২ হাজার। বিশ্বজুড়ে মহামারি শুরুর পর থেকে এ রোগে প্রতিদিন আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।

ওয়ার্ল্ডোমিটার্সের হিসেব অনুযায়ী, শনিবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৮৪১ জন এবং এ রোগে মারা গেছেন ৩ হাজার ৯০৭ জন।আগের দিন শুক্রবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৮ লাখ ১৫ হাজার ৫৬৪ জন এবং এই রোগে মারা গিয়েছিলেন ৫ হাজার ৮৬০ জন।

হিসেব করে দেখা যাচ্ছে, ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ৩ লাখ ৩৩ হাজার ৭২৩ জন এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ৯৫৩ জন।

ওয়ার্ল্ডোমিটার্স বলছে, শনিবার সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছে ফ্রান্সে, আর এ রোগে এই দিন সর্বোচ্চসংখ্যক মৃত্যু দেখেছে রাশিয়া।

শনিবার ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৬১১ জন এবং এ রোগে মারা গেছেন ৮৪ জন। একই দিন রাশিয়ায় করোনায় মারা গেছেন ৯৮১ জন এবং এ রোগে নতুন আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৯৪৬ জন।

ফ্রান্স ও রাশিয়া ব্যতীত বিশ্বের অন্যান্য যেসব দেশে শনিবার করোনায় আক্রান্ত-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- ইতালি (নতুন আক্রান্ত ৫৪ হাজার ৭৬২, মৃত্যু ১৪৪), যুক্তরাষ্ট্র (নতুন আক্রান্ত ৪০ হাজার ৪৫৮, মৃত্যু ১০৮), তুরস্ক (নতুন আক্রান্ত ২০ হাজার ৪৭০, ‍মৃত্যু ১৪৫) এবং জার্মানি (নতুন আক্রান্ত ১৭ হাজার ২৪৮, মৃত্যু ১১৭)।

হে দুনিয়ার মানুষ! সাবধান হও

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মহান আল্লাহপাক মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে, কালে কালে, অসংখ্য নবী রাসূল এই দুনিয়াতে প্রেরণ করেছেন। তারা যেন হেদায়েতের কাজটি সুষ্ঠুভাবে আঞ্জাম দিতে পারেন, তজ্জন্য তাদেরকে কিতাব ও সহীফা দ্বারা সুসজ্জিত করেছেন।

এরই ধারাবাহিকতায় প্রতিভাত হয় যে, বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তাফা, আহমাদ মুজতাবা (সা.) সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। তার পরে আর কোনো নবী ও রাসূলের আগমন ঘটবে না। তার ওপর যে কিতাব আল কোরআন নাজিল করা হয়েছে, তা’সর্বশেষ আসমানী কিতাব। এরপর আর কোনো কিতাব নাজিল করা হবে না। আখেরী নবী ও আখেরী কিতাব প্রাপ্তির পর দুনিয়ার মানুষের উচিত ছিল আল কোরআন ও রাসূলুল্লাহ (সা.)-এর জীবন দর্শন ও কর্ম প্রবাহকে একান্তভাবে অনুসরণ করা। জীবন ও জগতের সকল অঙ্গনে তার প্রতিষ্ঠিত বিধি-বিধানের সুষ্ঠু বাস্তবায়ন করা। আল্লাহর জমিনে ও আকাশে আল্লাহর পছন্দনীয় ও গ্রহণীয় দ্বীনকে আঁকড়ে ধরা। কিন্তু চলমান দুনিয়ার স্বল্প-সংখ্যক মানুষ ছাড়া বৃহত্তর সংখ্যা গরিষ্ঠ জনতা রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণ করছে না।

এমন কি আল কোরআনের প্রতিও তাদের বিশ্বাস নেই বললেই চলে। এমতাবস্থায় জাগতিক শক্তি ও মদ মত্ত আল্লাহ ও রাসূলদ্রোহী বনী আদমকে আমরা সবিনয়ে বলব-হে দুনিয়ার মানুষ! সাবধান হও। এখনও সময় আছে। আল্লাহর পথে অগ্রসর হও। ঈমান ও এনকিয়াদের সাথে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ কর। অন্যথায় তোমাদের আমও যাবে এবং ছালাও হারাবে। চারণ কবির কথা কি একবারও স্মরণ হয় না? কবি কত সুন্দরই না গেয়েছেন : ‘দিনের দিন বইসারে দিন গুনি/ আমি বইসারে দিন গুনি/ দিনে দিনে দিন ফুরাল/ শুকনাতে তরণী/ দিনের দিন বইসারে দিন গুনি।’

সুতরাং জীবন ও জগতের দিন গুনতে গুনতে আপনার তরণীর তলায় আর পানি নেই। এই পানি শূন্যতার বেড়াজালে আটকে পড়ার পূর্বে আপনার উচিত ছিল আল্লাহ পাকের নিদর্শনাবলীর প্রতি সচেতন দৃষ্টিতে তাকানো। আল কোরআনে ইরশাদ হয়েছে : এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলি প্রদর্শন করব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে, তাদের কাছে ফুটে উঠবে যে, এ কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ব বিষয়ে সাক্ষ্যদাতা এটাকি যথেষ্ট নয়? (সূরা হা-মীম আস সিজদাহ : ৫৩)।

এই আয়াতে কারীমায় সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে, মহান আল্লাহপাক স্বীয় কুদরত ও তাওহীদের নিদর্শনাবলি দুনিয়ার মানুষকে বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে ও প্রত্যক্ষ করান। এর উদ্দেশ্য এই যে, বিশ্বজগতের ছোট-বড় সৃষ্টি তথা আকাশ, পৃথিবী ও এতদুভয়ের মধ্যবর্তী যে কোনো সৃষ্টির প্রতি দৃষ্টি নিবদ্ধ করলে তা’আল্লাহর অস্তিত্ব, তাঁর সর্বব্যাপী জ্ঞান ও কুদরত এবং তাঁর একত্বের সাক্ষ্য প্রদান করে। এর চাইতেও আরো নিকটবর্তী বস্তু স্বয়ং মানুষের প্রাণ ও দেহ।

এই দেহের প্রতিটি অঙ্গ এবং তাতে সংস্থাপিত সু² ও নাজুক প্রত্যঙ্গাদীর মধ্যে তার সুখ ও আরামের বিস্ময়ক ব্যবস্থা রাখা হয়েছে। এ সকল প্রতঙ্গগুলোকে এমন মজবুত ও সুদৃঢ় করা হয়েছে যে, সত্তর-আশি বছর পর্যন্তও তা ক্ষয়প্রাপ্ত হয় না। তাছাড়া মানব দেহের গ্রন্থীসমূহে এমন বিস্ময়কর স্প্রিং লাগানো হয়েছে যে, তা’ দুনিয়ার কোনো ধাতু দ্বারা তৈরি হলে ক্ষয়প্রাপ্ত হয়ে নিঃশেষ হয়ে যেত। দেখা যায়, মানুষের হাতের চামড়া এবং তাতে অংঙ্কিত রেখাসমূহ সারা জীবনেও ক্ষয়প্রাপ্ত হয় না।

এ সকল ব্যাপারে যদি স্বল্প জ্ঞান-বুদ্ধি সম্পন্ন ব্যক্তিও চিন্তা ভাবনা করে, তাহলে তার মধ্যে এই বিশ্বাস সুদৃঢ়ভাবে ফুটে উঠবে যে, এর অবশ্যই একজন স্রষ্টা, নির্মাতা ও প্রতিষ্ঠাতা আছেন। যার জ্ঞান, প্রজ্ঞা, কুদরত ও শক্তি অসীম। তাঁর সমকক্ষ কোনো কিছুই হতে পারে না। এবং হওয়া সম্ভবও নয়। যেহেতু নয়, সেহেতু আল্লাহপাক কর্তৃক প্রদশিত নিদর্শনাবলি হতে শিক্ষা গ্রহণ করাই ছিল মানুষের অপরিহার্য কর্ম। কিন্তু মানুষ এতটাই নিমকহারাম যে, আল্লাহপাকের নির্দশনাবলির প্রতি হাস্য বিদ্রুপ করতেও তারা কুণ্ঠা বোধ করে না। যেমনটি হযরত মূসা (আ.)-এর বেলায় ঘটেছিল। আল কোরআনে ইরশাদ হয়েছে : অতঃপর সে (হযরত মূসা আ.) যখন তাদের কাছে আমার নির্দশনাবলি উপস্থাপন করল, তখন তারা হাস্য বিদ্রুপ করতে লাগল। (সূরা যুখরুফ : ৪৭)। সুতরাং একথা স্বতঃসিদ্ধ যে, যে বা যারা মহান আল্লাহ পাকের নিদর্শনাবলির প্রতি দৃষ্টি নিবদ্ধ করবে না, তাদের জন্য মুক্তি, নিষ্কৃতি ও কামিয়াবীর কোনো পথই অবশিষ্ট থাকবে না।

ফ্রান্সে একদিনে রেকর্ড ১০৪৬১১ জনের করোনা শনাক্ত।

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বিশ্বজুড়ে বেড়েই চলছে মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’। ‘ওমিক্রন’ আতঙ্কে বড়দিনের উৎসবেও সপ্তাহজুড়ে বিশ্বের সাড়ে পাঁচ হাজারের বেশি বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে একদিনে রেকর্ড ১ লাখ ৪ হাজার ৬১১ জনের দেহে করোনা জীবাণু শনাক্ত হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়, দেশটিতে করোনা সংক্রমণের এ পরিস্থিতি নিয়ে ভাবনায় পড়েছে সরকার। এমন পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনায় করছেন প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ও তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অন্যদিকে, ক্রিসমাস উপলক্ষে শনিবার ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস দরিদ্রদের জন্য ভ্যাকসিন এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। তিনি করোনা মহামারি থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন।

ফ্রান্সিস তার ভাষণে বলেন, গরিবদের প্রতি মানুষের উদাসীন আচরণ ঈশ্বরকে অসন্তুষ্ট করে। সবাইকে আলোকসজ্জার পেছনে থাকা অন্ধকারের দিকেও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে প্রথম বি.১.১.৫২৯, করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্তের খবর আসে। নতুন এই ধরনের নমুনা সংগ্রহ করা হয় গত ৯ নভেম্বর। বর্তমানে বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে ‘ওমিক্রন’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনার নতুন ধরনকে উদ্বেগজনক বলছে এবং বার বার বিশ্ববাসীকে সতর্ক করছে।

সুদানে বিক্ষোভ অব্যাহত, নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

রোববার, ২৬ ডিসেম্বর ২০২১, ১১ পৌষ ১৪২৮, ২১ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সেনা শাসনের বিরুদ্ধে আবারও বিক্ষোভ-সহিংসতায় উত্তাল হলো সুদান। শনিবার রাজধানী খার্তুমে নিরাপত্তা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘর্ষে আহত হয়েছে অনেকে।
টানা ১০ দিন ধরে চলা আন্দোলনে যোগ দিতে এদিন সকাল থেকেই শহরের মূল কেন্দ্রে জড়ো হয় কয়েকশ’ মানুষ। প্রেসিডেন্সিয়াল প্যালেসের পথে রওনা দেয় বিক্ষোভকারীদের বিশাল দল। পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভ দমনে টিয়ার গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। রাজধানীর মোবাইল ফোন সেবাও বিচ্ছিন্ন করে দেয়া হয়। বড় বড় রাস্তাগুলোয় তৈরি করে রাখা হয় ব্যারিকেড। পাশের শহর ওমডুরম্যানের সাথে খার্তুমের যোগাযোগ বন্ধে সংযোগ সেতুতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ।
এক সপ্তাহের মধ্যে দুই দফায় বড় ধরনের সংঘর্ষ ছড়ালো সুদানে। গত ২৫ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। সূত্র : এএফপি

চুমু দিচ্ছে না প্রেমিক’, ৯৯৯-এ কল দিয়ে প্রেমিকার অভিযোগ!

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

প্রেমিক চুমু দিতে চাচ্ছে না। ৯৯৯-এ কল দিয়ে এমন অভিযোগ জানিয়েছেন এক নারী। আর এমন ‘অযৌক্তিক’ অভিযোগ পেয়ে বিরক্ত হচ্ছে পুলিশ।

এ ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের লিংকনশায়ারে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লিংকনশায়ার পুলিশ জানায়, আপনার বয়ফ্রেন্ড চুমু দিচ্ছে না, সে জন্য আমাদের কল দেওয়া অযৌক্তিক।‘জীবন বা সম্পদের তাৎক্ষণিক ঝুঁকি’ না থাকলে জরুরি নম্বরটি ব্যবহার করা থেকে মানুষজনকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে লিংকনশায়ারের পুলিশ।

পুলিশের অবিযোগ, অনেকে ট্রেনের সময়সূচি জানতে ৯৯৯-এ কল দেন, কেউবা দাঁতের ডাক্তারের নম্বর চেয়ে ফোন দেন। আবার পানি নেই, এমন অভিযোগ জানিয়েও কল দেন অনেকে। পুলিশ বলছে, বড়দিনের সময় বছরের সবচেয়ে সব্যস্ত সময় পার করেন তারা। 

গত বছর করোনাভাইরাসের কারণে বিধিনিষেধ থাকা সত্ত্বেও ওই বছরের ২০ ডিসেম্বর থেকে এ বছরের ২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন গড়ে ২৬৫টি জরুরি কল পেয়েছে পুলিশ।

যখন ‘কেউ বা কিছু তাৎক্ষণিক বিপদে পড়ে বা একটি অপরাধ সংঘটিত হয়েছে, কেবল তখনই ৯৯৯ নম্বরে কল করা উচিত। না হলে ১১১ নম্বরে ফোন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পুলিশের একজন মুখপাত্র।

ছাগলের খৎনায় ৩০০ অতিথিকে আপ্যায়ন।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

রঙিন কাপড়ে সাজানো বাড়ী একাংশ। আবার ছাগলকে গোসল করিয়ে পড়ানো নতুন কাপড়। দাওয়াত দেয়া হয় গ্রামবাসীকে। একে একে খাবারে অংশ নেয় ৩০০ অতিথি।

ওহাব ও লাইলী বেগম। তারা কুষ্টিয়ার কুমারখালি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের বাসিন্দা। প্রায় ২৫ বছর আগে এ দম্পতি সংসার পাতলেও তাদের নেই কোন সন্তান। তবে নিজেদের ছাগলছানার খৎনা দিয়ে ব্যতিক্রম এক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।

সম্প্রতি তাদের ছাগলের দুটি বাচ্চা জন্ম হয়েছে। সেই বাচ্চা দুটোর খৎনা দিয়েছেন তারা। সাজিয়েছেন রঙিন কাপড়ে।

এ দম্পতি জানান, দীর্ঘ সংসার জীবনে অসংখ্য অনুষ্ঠানে অংশ নিয়ে দাওয়াত খেয়েছেন। কিন্তু আজ পর্যন্ত তাদের বাড়িতে কাউকে দাওয়াত দিয়ে খাওয়াতে পারেননি। তাই আত্মতুষ্টির জন্য ছাগলের খৎনা দিয়ে ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজন করেন এ দম্পতি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার কুমারখালি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামের দিনমজুর ওহাব আলীর বাড়িতে ছাগলের খৎনা অনুষ্ঠানে প্রায় ৩০০ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা দাওয়াত খান।

ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে চার হাজার ফ্লাইট বাতিল।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বড়দিনের প্রাক্কালে প্রায় চার হাজার ফ্লাইট বাতিল হয়েছে বিশ্বজুড়ে। এর মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ওমিক্রনের কারণে উড়োজাহাজগুলোর কর্মী থেকে শুরু করে ক্রু ও পাইলটরা অসুস্থ হয়ে পড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইন্সগুলো। এর মধ্যে যুক্তরাষ্ট্রই বাতিল করেছে সাড়ে চার শতাধিক ফ্লাইট। খবর সিএনএন ও রয়টার্সের।

বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস (ইউএএল) বলেছে যে ওমিক্রনের কারণে কিছু ফ্লাইট বাতিল করতে হয়েছিল।
সিএনএন-এর খবরে প্রকাশ, এই সপ্তাহে ওমিক্রনের প্রভাব সরাসরি পড়ছে ফ্লাইট ক্রুদের ওপর।
ইউনাইটেড তাদের গ্রাহকদের আগেই এ ব্যাপারে জানিয়ে দুঃখপ্রকাশ করেছে। পরে বৃহস্পতিবার রাতে ডেল্টা এয়ার লাইনসও তাদের বড়দিনের প্রায় ১৩০টি বিশেষ ফ্লাইট বাতিল করে।
অন্যদিকে ফ্লাইট অ্যাওয়ার নামের একটি সংস্থার মতে, চায়না ইস্টার্ন বাতিল করেছে ৪৭৪টি ফ্লাইট। একইভাবে, এয়ার চায়না বাতিল করেছে ১৯০টি।
এয়ার ইন্ডিয়া, শেনজেন এয়ারলাইনস, লায়ন এয়ার এবং উইংস এয়ার; এরা প্রত্যেকেই কয়েক ডজন করে ফ্লাইট বাতিল করেছে। সূত্র : রয়টার্স।

এখন থেকে কক্সবাজার ভ্রমণে লাগবে জাতীয় পরিচয়পত্র।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কক্সবাজারে ভ্রমণে আসা পর্যটকদের আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা প্রশাসন। এছাড়াও পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির জন্য নেয়া হয়েছে আরো গুরুত্বপূর্ণ ছয়টি সিদ্ধান্ত।

শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় এসব সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
এর আগে, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে কক্সবাজার জেলায় ভ্রমণকারী পর্যটকদের নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালযয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিললুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, সহসভাপতি মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরসহ পর্যটন শিল্পের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক আলোচনা শেষে সাতটি সিদ্ধান্ত নেয়া হয়। এগুলো হলো- সকল আবাসিক হোটেলে রুম বুক দেয়ার সময় জাতীয় পরিচয়পত্র প্রদর্শন ও দাখিল করতে হবে। আবাসিক হোটেলগুলো অনুসরণীয় একটি অভিন্ন আদর্শ কর্মপদ্ধতি (এসওপি) প্রণয়ন করা হবে। প্রতিটি হোটেলে কক্ষ সংখ্যা, মূল্য তালিকা ও খালি কক্ষের সংখ্যা সম্বলিত ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করতে হবে। পর্যটকদের সুবিধার্থে ডলফিন মোড়ে সুবিধাজনক স্থানে একটি তথ্যকেন্দ্র ও হেল্পডেস্ক স্থাপন করা হবে। প্রতিটি আবাসিক হোটেলে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা চালু/জোরদার করতে হবে। হোটেল-মোটেল জোনে অবৈধ পার্কিং এবং সমাজবিরোধীদের কর্মকাণ্ড বন্ধে অভিযান জোরদার করা হবে ও জেলা প্রশাসনের সহায়তায় তাদের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করবে হোটেল-মোটেল মালিক সমিতি।

মিয়ানমারে আবারো জান্তা সরকারের বিমান হামলা, থাইল্যান্ডে পালিয়েছে সহস্রাধিক মানুষ।

শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১, ১০ পৌষ ১৪২৮, ২০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মিয়ানমারে কারেন জনগোষ্ঠীর ওপর আবারও বিমান হামলা এবং গোলাবর্ষণ চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পালিয়ে প্রতিবেশী থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। শুক্রবার (২৪ ডিসেম্বর) বিদ্রোহীদের এক বিবৃতিতে জানানো হয়েছে, এসব হামলার জেরে নতুন করে বাস্তুচ্যুত হয়ে পড়েছে আরও হাজার হাজার মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, শুক্রবার লে কায় কাও শহরে কারেন জনগোষ্ঠীর বাসিন্দাদের লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়। এর আগে বিমান হামলা চালানো হয়। ফলে প্রাণ বাঁচানোর তাগিদে থাইল্যান্ড সীমান্তের দিকে ছুটছেন বেসামরিক কারেনরা। গেল ২ দিনেই ৪ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে সীমান্ত এলাকায়। যদিও ভুক্তভোগীদের দাবি এই সংখ্যা ১০ হাজারের বেশি।
এর আগে চলতি সপ্তাহের শুরুতে কারেন যোদ্ধারা জাতিসংঘের কাছে লে কায় কাও এলাকাকে ‘নো ফ্লাই জোন’ ঘোষণার দাবি জানায়। জান্তার বিমান হামলা ঠেকাতে এই পদক্ষেপ জরুরি বলে দাবি করে তারা।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এর পর থেকেই দেশটিতে অস্থিরতা চলছে। ব্যাপক বিক্ষোভের পাশাপাশি জান্তাবিরোধী গ্রুপগুলো নিয়মিতভাবে সেনাবাহিনীর সাথে সংঘাতে জড়াচ্ছে। সূত্র : এএফপি