করোনাভাইরাস রোধে বিদেশ থেকে আগত যাত্রীদের স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত হাসপাতাল বা আশ্রয় কেন্দ্রে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে নিতে এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হাইকোর্টের নির্দেশ যথাযথভাবে বাস্তবায়ন চেয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিবসহ ৭ জনকে এ নোটিশ দেওয়া হয়েছে।।
ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের সংগীত জগতে ‘ফোক সম্রাজ্ঞী’খ্যাত মমতাজ। গত শনিবার (১০ এপ্রিল) তার হতে ডিগ্রি তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি. ম্যানুয়েল।
মমতাজের ডিগ্রি গ্রহণের খবরটি প্রকাশ্যে এলে আলোচনা শুরু হয় তাকে নিয়ে। যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেয়েছেন মমতাজ সেটি বৈধ নয় বলে শোনা যায়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে টাকার বিনিময়ে ডিগ্রি বিক্রির অভিযোগও আসে সামনে।বিষয়টি উঠে এসেছে বিডি ফ্যাক্টচেকের অনুসন্ধানে। তারা বলছে, ভারতে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি নামে বৈধ কোনো বিশ্ববিদ্যালয় নাই। তবে এই নামে একটি ওয়েবসাইট আছে যারা টাকার বিনিময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়ে থাকে, যা ভারতের দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (ইউজিসি) অ্যাক্ট ১৯৫৬ অনুযায়ী অবৈধ।
ভারতে মোট ৯৭৯টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে কেন্দ্র পরিচালিত বিশ্ববিদ্যালয় ৫৪টি, ভারতের বিভিন্ন রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয় ৪২৫টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ৪২৫টি এবং ইউজিসি অ্যাক্ট-১৯৫৬ এর তিন সেকশন অনুযায়ী বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করা হয় আরও ১২৫টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির কোনো নাম নেই।বিডি ফ্যাক্টচেকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে বিভিন্ন তথ্য। তার মধ্যে গোলমেলে ডোমেইন নাম, ভুল ঠিকানা, কোনো আন্ডারগ্রাজুয়েট-গ্রাজুয়েট ডিগ্রি না থাকা এবং টাকার বিনিময়ে পিএইচডি দেওয়ার বিষয়টিও রয়েছে।অনুসন্ধানে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির নামে একটি ওয়েবসাইট (ghpuedu.org) পাওয়া গেছে। সাধারণত বিশ্বের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ডোমেইন ডটএডু (.edu) দিয়ে শেষ হলেও এর নামের শেষে রয়েছে ডটওআরজি (.org) যা কেবল বিভিন্ন সংস্থার ক্ষেত্রে ব্যবহার করা হয়।অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইট ঘেটে কেনো স্থায়ী ক্যাম্পাসের ঠিকানা পাওয়া যায়নি। তবে তাদের কিছু আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানাগুলো গুগল ম্যাপে সার্চ করে এই সম্পর্কিত কোনো কিছু পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের দেশ কাতারেও মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে মাহে রমজান। করোনা পরিস্থিতি ও বিধি-নিষেধের কারণে দ্বিতীয়বারের মতো মসজিদে তারাবির নামাজ বন্ধ থাকায় বাসায় নামাজ আদায় করে পবিত্র মাহে রমজান শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
মহামারি করোনার কারণে রমজান পালন নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই প্রবাসীদের মধ্যে। গতবছরের মতো এবছরও মসজিদে তারাবির নামাজ পড়তে না পারার আক্ষেপ প্রবাসীদের।আসন্ন ঈদ উপলক্ষে দেশে ছুটিতে যাওয়ার জন্য টিকেট কেটে বসে আছেন বহু কাতার প্রবাসী বাংলাদেশি। তবে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা থাকায় ছুটিতে যেতে না পেরে হতাশায় ভুগছেন তারা।
কাতারে করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দেশটিতে জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ, দেশটিতে এখনো প্রতিদিন গড়ে আক্রান্তের হার প্রায় এক হাজার, বাড়ছে মৃত্যুর সংখ্যাও।
মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ইতালিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। ইতালি ইউরোপের চতুর্থ বৃহত্তম মুসলিম রাষ্ট্র যেখানে বাস করেন প্রায় মোট ১৬ লাখ ইসলাম ধর্মাবলম্বী। এরমধ্যে প্রায় পৌনে দুই লাখ বাংলাদেশির বাস এখানে।
প্রাচীন সভ্যতার দেশ ইতালি। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পুণ্যভূমি এদেশটি। মোট জনসংখ্যার মাত্র ২ দশমিক ৩ শতাংশ মুসলিম হলেও ইতালির প্রতিটি ক্ষেত্রে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাদের ধর্মীয় উৎসবের গুরুত্ব। পরিসংখ্যান বলে মুসলিম বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দুই দশক পর ইতালিতে মুসলিমদের সংখ্যা হবে জনসংখ্যার ১০ শতাংশ।মুসলিম ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হলো পবিত্র রমজান। রমজানের শুরুতে প্রতিবছর মুসলিমদের শুভেচ্ছা জানান ইতালির প্রধানমন্ত্রী- প্রেসিডেন্ট এমনকি ভেটিকান সিটির খ্রিস্টান ধর্মগুরু পোপও।
করোনার আগ্রাসন না থামলেও ইতোমধ্যে দেশটির মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে। ইতালিতে প্রায় ৮ শতাধিক মসজিদ রয়েছে। মসজিদ খুলে দেওয়ায় ও রমজানের আগমনে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা।রমজান মাস উপলক্ষে বাংলাদেশি দোকানগুলোতে বৃদ্ধি পেয়েছে কেনাকাটা। ধর্মপ্রাণ মুসলমান ক্রেতারা রমজানের সেহরি ও ইফতারের জন্য বিশেষ পুষ্টিকর খাবার কিনছেন। কারণ ইতালিতে রমজানের প্রতিটি দিনের দৈর্ঘ্য প্রায় ১৬ থেকে ১৭ ঘণ্টা।
নতুন করে বেশ কয়েকটি খাতের জন্য বিদেশি শ্রমিক রি-হায়ারিংয়ের কথা ভাবছে মালয়েশিয়ার সরকার। স্থানীয় নাগরিকরা প্লান্টেশন, কৃষি, উৎপাদন আর নির্মাণ খাতে কাজ করতে ইচ্ছুক না হওয়ায় নিয়োগকর্তাদের বিপদে পড়তে হচ্ছে উল্লেখ করে দেশটির মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানন বলেন, এই চারটি খাতে প্রায় ৪ লাখ শ্রমিকের কাজের সুযোগ রয়েছে যা এখনও পূরণ করা হয়নি।
স্থানীয় সময় সোমবার (১২ এপ্রিল) কুয়ালালামপুরের সেতিওয়াংসা কমিউনিটি সেন্টারে আরবান পুওর (ইউপি) ক্যারিয়ার প্রোগ্রামে যোগ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।সারাভানন জানান, তার মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে। সেই সঙ্গে সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন (Socso) কর্তৃক ইউপি ক্যারিয়ার প্রোগ্রামে ১৬৪ জন নিয়োগকর্তার মাধ্যমে সর্বমোট ৩৪ হাজার ২৮৩টি চাকরির সুযোগ প্রদান করা হয়েছে, যা আরও ১০টি রাজ্যে ১ এপ্রিল থেকে পরিচালনা করা হচ্ছে।
ইউপি ক্যারিয়ার প্রোগ্রামে চাকরির সাক্ষাৎকার ছাড়াও ক্যারিয়ার কাউন্সেলিং পরিষেবা, জীবনবৃত্তান্ত এবং সাক্ষাৎকার ক্লিনিক, ব্যবসায়িক নিবন্ধন কাউন্টারের পাশাপাশি আরও ছিল উদ্যোক্তা হওয়া, অর্থনীতি, ক্যারিয়ার প্রশিক্ষণ আর ই-কাসিহ নিবন্ধন।
ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকসহ নতুন করে আরও ৬০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে ওই ঘটনায় এখন পর্যন্ত ১৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. রইছ উদ্দিন বলেন, ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি, জামায়াত ও হেফাজতের কর্মী-সমর্থকদের গুরুত্বপূর্ণ ১৬ জন আছেন।
ভিডিও ফুটেজ দেখে ও সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে সব আসামি গ্রেফতার করা হয়েছে। সহিংসতার সময়ে যে ভিডিও এবং স্থির চিত্র ধারণ করা হয়েছে, তা দেখে আসামিদের শনাক্ত করছি। প্রতিনিয়ত সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে, তারা হলেন— নবীনগর উপজেলা বিএনপির সদস্য সফিউল্লাহ মিয়া (৪০), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শিমরাইলকান্দির বাসিন্দা কামরুল হাসান (২৮), ছাত্রদলের সদস্য শহরের বণিকপাড়ার বাসিন্দা মো. পলাশ (২৬), হেফাজতের সমর্থক পৌর এলাকার ফুল মিয়া (৩৩), নয়নপুর এলাকার রফিকুল ইসলাম (৩০), পুনিয়াউট উত্তরপাড়া মো. মেরাজ (১৯) ও মো. আশিক (২০), পুনিয়াউটের জুনাইদ (২১), পশ্চিম মেড্ডার দুলাল মিয়া (৩৯), সদর উপজেলার বিহাইর এলাকার শাহজাহান মিয়া (৫১), সোহাতা গ্রামের রাকিবুল হাসান (২৩), বিরাসার দক্ষিণপাড়ার মো. শামীম (৩০), মো. সুজন (২২) ও রবিন মিয়া (১৮), নাসিরনগর উপজেলার ধরমণ্ডলের দুলাল মিয়া (২৯) ও শহরের মধ্যপাড়ার বাসিন্দা জামায়াতকর্মী লিয়াকত আলী (৩৫)। তাদের মধ্যে শাহজাহান জেলা পুলিশলাইনসে আক্রমণ করেছিল।জেলা পুলিশের পাঠানো তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকেরা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এসব ঘটনায় এখন পর্যন্ত ৪৯টি মামলা হয়েছে। মামলায় ৩৮ হাজারের বেশি আসামি করা হয়। তাদের মধ্যে ২৮৮ জনের নাম উল্লেখ করা হয়। বাকি সবাই অজ্ঞাতনামা।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এই বছর ওমরাহ করতে চাইলে করোনার একটি ডোজ হলেও নিতে হবে। রমজান উপলক্ষ্যে নতুন যে গাইডলাইন ও স্বাস্থ্যবিধি প্রকাশ করেছে, তাতে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে টিকা নেওয়া ছাড়া কোনো মুসল্লি প্রবেশ করতে পারবেন না। করোনাভাইরাস নেগেটিভ সনদের পাশাপাশি ওমরাহ নিবন্ধনের জন্য তাওয়াক্কালনা এবং ইয়াতমারনা নামে দুটি অ্যাপের মাধ্যমে আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো যানবাহন নিয়ে মক্কার আশপাশে যাওয়া যাবে না। ওমরাহ পালনকারীকে নির্ধারিত স্থানে সময়মতো উপস্থিত থাকতে হবে।
গতকাল সোমবার স্থানীয় সময় বিকাল সোয়া ৩টার দিকে যুক্তরাষ্ট্রের টেনেসিতে নক্সভিলের পূর্ব দিকের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে পুলিশের গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শিক্ষার্থীই প্রথম ক্যাম্পাসের একটি স্নানকক্ষ থেকে গুলি ছুড়ে এক কর্মকর্তাকে আহত করে। পরে পুলিশের পাল্টা গুলিতে শিক্ষার্থীর মৃত্যু হয়। গত কয়েক সপ্তাহে দেশটিতে বেশ কয়েকটি ‘ম্যাস শুটিংয়ের’ ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে।
মুসলমানরা একই বছরে দুমাস রোজা রাখবেন। যদিও রমজান ও ঈদুল ফিতর কখন অনুষ্ঠিত হবে, তা পূর্বাভাসের বিষয়। সেই পূর্বাভাসই সত্যিকারের রূপ নিতে যাচ্ছে ২০৩০ সালে। তখন একই বছর দুটি রমজান অনুষ্ঠিত হবে।
চান্দ্র পঞ্জিকা ও চাঁদের চক্র বলে দেয় কখন রমজান আসছে। চান্দ্র মাসের একটি অংশ প্রতি বছর ১০ থেকে ১২ দিন সামনে অগ্রসর হয়। যদি এই নিয়ম মেনে চলা হয়, তাহলে চলতি দশকের শেষ বছর মুসলমানরা দুটি রমজান পাচ্ছেন। গ্রেগরিয়ান পঞ্জিকায়ও এই হিসাব মেনে চলা হয়।ইস্কয়ার মিডল ইস্ট ও গালফ নিউজ এমন খবর দিয়েছে।
উচ্চ প্রযুক্তির দুরবিন আসার আগে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করত রমজান। তখন কেবল খোলা চোখেই চাঁদ দেখা হত।দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান আহমেদ আল হারিরি বলেন, এক বছরে দুই রজমান পালন প্রতিবছর ১১ দিন সামনে এগিয়ে যাওয়ার বিষয় হিসেবে বিবেচনা করা উচিত না।তিনি জানান, সৌর পঞ্জিকা এবং চান্দ্র পঞ্জিকা একটি আরেকটি থেকে ভিন্নভাবে পরিচালিত হয়। তারা পরস্পর আলাদা। সৌর পঞ্জিকা সূর্যের সঙ্গে সম্পর্কিত। চান্দ্র পঞ্জিকা সবসময় এগারো দিন কম থাকে। কাজেই দুটি ভিন্ন পঞ্জিকা ব্যবহারের প্রাকৃতিক ফল হবে একই বছরে দুটি রমজান পালন।এই জ্যোতির্বিদ আরও জানান, পঞ্জিকা মানুষেরই উদ্ভাবন, যাতে এটিকে আমরা মাপকাঠি হিসেবে কাজে লাগাতে এবং সময় গণনা করতে পারি। একই বছরে দুটি রমজান পালনকে প্রাকৃতিক বিষয় হিসেবে দেখা উচিত।জানুয়ারির শুরুর দিকে রমজান শুরু হলে ঈদুল ফিতর হবে ফেব্রুয়ারিতে। পরবর্তীতে বছরের শেষে ডিসেম্বরে আরেকটি রমজান আসবে।কাজেই বর্তমান নিয়ম যদি ২০৩০ সাল পর্যন্ত বহাল থাকে, তবে দুই ঈদের ছুটির জন্যও সবাইকে প্রস্তুত থাকতে হবে।
আগামী ১৪ই এপ্রিল হতে ২০শে এপ্রিল পর্যন্ত বাংলাদেশ হতে সকল যাত্রীবাহী বিমান চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করায় আগামী ১৩ এপ্রিল কুয়ালালামপুর-ঢাকা বিজি০৮৭ ফ্লাইট ও আগামী ১৪ এপ্রিল রাতে ঢাকা-রিয়াদের বিজি৪০৩৯ ফ্লাইট নির্ধারিত সময়ের পূর্বে নিমোক্ত সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে:-
ঢাকা-কুয়ালালামপুর বিজি ০৮৬ /১৩ই এপ্রিল ২০২১ দুপুর ২ টায় ঢাকা হতে ছাড়বে (ঢাকা স্থানীয় সময়)। কুয়ালালামপুর-ঢাকা বিজি ০৮৭ / ১৩ই এপ্রিল ২০২১ রাত ৯ টায় কুয়ালালামপুর হতে ছাড়বে (কুয়ালালামপুর স্থানীয় সময়)। ঢাকা- রিয়াদ বিজি ৪০৩৯A/১৩ এপ্রিল ২০২১ রাত ১১ টা ৩০ মিনিটে ছেড়ে যাবে (ঢাকা স্থানীয় সময়)।
উক্ত ফ্লাইটের যাত্রীগণকে নতুন সময়সূচী অনুযায়ী অন্তত ৬ ঘন্টা পূর্বে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত তথ্যের জন্য যেকোনো বিমান সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নাম্বার ০১৯৯০ ৯৯৭ ৯৯৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে।