ক্যাটাগরি Uncategorized

মালদ্বীপের সাথে বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত.

রোববার, ২৮ নভেম্বর ২০২১, ১৩ অগ্রহায়ণ ১৪২৮

মালদ্বীপের রাজধানী মালেতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় বেশ কয়েকটি সম্ভাব্য খাতে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়াা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও মালদ্বীপের পররাষ্ট্র সচিব আবদুল গফুর নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। পরামর্শ বৈঠকের সময় উভয়পক্ষই দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদন এবং সম্পর্কের সম্পূর্ণ পরিসর নিয়ে আলোচনা করেছে।

আলোচনায় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বাণিজ্য ও যোগাযোগ, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মানবসম্পদ উন্নয়ন, কৃষি, মৎস্য, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও পর্যটন সংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয় নিয়ে কথা হয়।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং দেশ যুবকদের সক্ষমতা বৃদ্ধি, চিকিৎসাশিক্ষা, দক্ষতা উন্নয়ন, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও নার্স প্রশিক্ষণের জন্য অনেক প্রতিষ্ঠান গড়ে তুলেছে।

মালদ্বীপের পররাষ্ট্র সচিব বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগসহ দক্ষ মানবসম্পদ নিয়োগে বাংলাদেশের সহায়তা চেয়েছেন। তিনি উচ্চশিক্ষা বিশেষ করে চিকিৎসাশিক্ষায় বিশেষায়িত কোর্সের জন্য বাংলাদেশের কাছ থেকে সহায়তা চেয়েছেন। এলডিসি থেকে উত্তরণের জন্য গফুর বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান এবং ২০২১সালের মার্চ মাসে ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ঐতিহাসিক আয়োজনে মালদ্বীপের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে মালদ্বীপকে যুক্ত করায় ঢাকাকে ধন্যবাদ জানান।

গাদ্দাফিপুত্রের আপিল ঠেকাতে আদালতে বন্দুকধারীদের হামলা।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮, ২০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আদালতে আবেদন করতে চেয়েছিলেন গাদ্দাফিপুত্র সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি (৪৯)। সেই আবেদন করার আগে বন্দুকধারীরা আদালতে হামলা চালিয়েছে বলে শুক্রবার (২৬ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ১৪ নভেম্বর সাইফ আল-ইসলাম আল-গাদ্দাফি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গত বুধবার তাঁর মনোনয়নপত্রসহ ২৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন

নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আদালতে আবেদন জানাতে পারবেন তিনি। আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লিবিয়ার সরকার শুক্রবার ওই হামলাকারীদের ‘অপরাধীদের একটি দল’ বলে অভিহিত করেছে। সরকার জানায়, তাদের ‘ঘৃণ্য’ আক্রমণের ফলে দেশটির দক্ষিণাঞ্চলের শহর সেবার আদালত বন্ধ হয়ে যায়।

ওই হামলার ব্যাপারে গাদ্দাফিপুত্রের আইনজীবী খালেদ আল-জাইদি জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে আবেদন করতে যাওয়ার সময় বন্দুকধারীরা তাকে বাধা দেয়।

খালেদ আল-জাইদি এক ভিডিও বার্তায় বলেন, আপিল শুনানির কয়েক ঘণ্টা আগে অস্ত্রের মুখে বন্দুকধারীরা আদালতের সব কর্মীকে আদালত ভবন থেকে বের করে দেন।

লিবিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় নির্বাচনী আইন অনুযায়ী প্রেসিডেন্ট পদে লড়াই করার যোগ্যতা হারিয়েছেন সাইফ আল-ইসলাম। ২০১৫ সালে তার অবর্তমানে ত্রিপোলির একটি আদালত সাইফ আল–ইসলামের নামে আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন। তার বিরুদ্ধে গাদ্দাফির আমলে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল।

আগামী ২৪ ডিসেম্বর লিবিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গাদ্দাফি যুগের অবসানের পর লিবিয়াজুড়ে যে সংঘাত চলছে, এ নির্বাচনকে সেই সংঘাত থামানোর মাধ্যম মনে করা হচ্ছে। সূত্র : রয়টার্স।

সাবধান, আসছে করোনার ‘সুপার ভ্যারিয়েন্ট’।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮, ২০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের আরও একটি নতুন ভ্যারিয়েন্ট বা ধরন শনাক্ত হয়েছে বলে দাবি ব্রিটিশ গবেষকদের। নতুন এই ধরনটিকে বলা হচ্ছে ‘সুপার ভ্যারিয়েন্ট’।

গবেষকরা বলছেন, এটা এখন পর্যন্ত শনাক্ত করোনার ধরনগুলোর মধ্যে সর্বাধিক রূপান্তরিত ধরন এবং এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও ভয়াবহ হতে পারে। আফ্রিকার মরুপ্রধান দেশ বতসোয়ানায় এটি প্রথম শনাক্ত হয়।

বর্তমানে তিনটি দেশে ১০ জন এতে আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, টিকা জীবন বাঁচায়মাত্র, সংক্রমণ রোধ করে না। খবর দ্য গার্ডিয়ান ও এএফপিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

করোনার নতুন ওই ধরনটি প্রথমে বতসোয়ানায় শনাক্ত হওয়ায় একে বতসোয়ানা ভ্যারিয়েন্ট বলে ডাকা হচ্ছে। তবে আগের ভ্যারিয়েন্টগুলোর সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হবে। এটি একই সঙ্গে ৩২ মিউটেশন বা রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কয়েকটি রূপ অতি সংক্রামক। এমনকি সেগুলো টিকা প্রতিরোধী।

করোনা মূলত একটি সার্স ভাইরাস। এর শাস্ত্রীয় নাম হচ্ছে সার্স-কভ-২। সব ভাইরাসই সময়ের সঙ্গে স্বভাবতই বদলাতে থাকে। সার্স-কোভ-২-এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। ২০২০ সালের শুরুর দিকে ভাইরাসটি প্রথম চিহ্নিত হয়। এরপর এটির হাজার হাজার মিউটেশন হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশির ভাগ মিউটেশনের ফলে ভাইরাসটির মূল গঠনের ওপর খুব কম বা একেবারেই কোনো প্রভাব পড়ে না। সময়ের সঙ্গে এটি বিলুপ্তও হয়ে যায়। কিন্তু কোনো কোনো মিউটেশন এমনভাবে ঘটে, যা ভাইরাসটিকে টিকে থাকতে এবং বংশবৃদ্ধিতে সহায়তা করে। সার্স-কভ-২-এর এখন পর্যন্ত অসংখ্যবার মিউটেশন হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়ংকর ভ্যারিয়েন্টগুলো হচ্ছে, আলফা (প্রথম ধরা পড়ে ব্রিটেনে), বেটা (দক্ষিণ আফ্রিকা), গামা (ব্রাজিল) ও ডেল্টা (ভারত)। এছাড়া ল্যাম্বডা ও মিউ প্রথম শনাক্ত হয় যথাক্রমে পেরু ও কলম্বিয়ায়।

গত বছরের ডিসেম্বরে ভারতে প্রথম করোনার ডেল্টা ধরন শনাক্ত হয়। দ্রুত এই ধরনটি রূপ বদলাতে থাকে। সেই সঙ্গে ছড়িয়ে পড়তে থাকে ভারতের সীমানার বাইরেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে এখন করোনাভাইরাসের জিনবিন্যাসের ৯৯.৫ শতাংশ নমুনাই ডেল্টা ধরনের। শুধু ডেল্টা নয়, করোনার এই ধরনটি রূপ বদলে আরও শক্তিশালী হয়েছে ব্রিটেনে। দেশটিতে ইতোমধ্যে শনাক্ত হয়েছে করোনার ডেল্টা প্লাস ধরন। বিশেষজ্ঞদের মতে, ডেল্টার তুলনায় ডেল্টা প্লাস ১০ থেকে ১৫ শতাংশ বেশি সংক্রামক।

টিকা সংক্রমণ রোধ করে না-বিশ্ব স্বাস্থ্য সংস্থা : করোনাভাইরাস নিয়ে আবারও সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বড়দিনের উৎসবকে সামনে রেখে সংস্থাটি নতুন হুঁশিয়ারি দিয়েছে। বলেছে, সামাজিক মেলামেশা আবারও মহামারি শুরুর আগের অবস্থায় গিয়েছে।

এর ফলে সামনে ছুটির দিনগুলোয় এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। সংস্থার মহাপরিচালক তেদরোস আধানম গেব্রিয়াসুস বলেন, আমাদের মধ্যে একটি ধারণা সৃষ্টি হয়েছে যে, করোনাভাইরাসের টিকা নেওয়ার ফলে বুঝি এই মহামারি শেষ হয়ে গেছে। যেসব মানুষ টিকা নিয়েছেন তারা মনে করছেন, তাদেরকে আর কোনো সতর্কতা অবলম্বন করতে হবে না। মূলত টিকা জীবন বাঁচায়, সংক্রমণ রোধ করে না।

মার্চের মধ্যে ইউরোপে আরও ৭ লাখ মানুষ মারা যাবে: হু

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮, ২০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনা সংক্রমণে বর্তমান গতি অব্যাহত থাকলে আগামী মার্চের মধ্যে এই অঞ্চলে আরও সাত লাখ মানুষের মৃত্যু ঘটতে পারে।  খবর আলজাজিরা ও  বিবিসির।

প্রাণঘাতী এ ভাইরাসে ইউরোপে এ পর্যন্ত ১৫ লাখ মানুষ মারা গেছেন।  মহামারির কেন্দ্রস্থল হিসাবে ইউরোপের প্রত্যাবর্তনের জন্য কিছু দেশের ভ্যাকসিন প্রদানের মন্থরগতিকে দায়ী করা হয়েছে।

এর পাশাপাশি কারণ হিসেবে অত্যন্ত সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্ট, ঠাণ্ডা আবহাওয়ায় ঘরে মানুষের সময় কাটানো এবং বিধিনিষেধ শিথিলের কথা বলা হয়েছে।

ডব্লিউএইচও বলেছে, ইউরোপের ৫৩ দেশের মধ্যে ২৫টি দেশেই করোনা পরিস্থিতি ‘অতিমাত্রার উদ্বেগজনক’।

এই ধারাবাহিকতা চলতে থাকলে আগামী বছরের মার্চের শুরুতে মোট মৃতের সংখ্যা ২২ লাখ ছাড়িয়ে যেতে পারে।

‘সুপার ভ্যারিয়েন্ট’ আতঙ্কে বিভিন্ন দেশের সীমান্ত বন্ধ, ডাব্লিউএইচওর জরুরি বৈঠক।

বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২১, ১১ অগ্রহায়ণ ১৪২৮, ২০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আগের চেয়ে শক্তিশালী করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ ও ভ্রমণ নিষেধাজ্ঞা জোরদার করেছে। বিবিসি শুক্রবার এত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

এদিকে, দক্ষিণ আফ্রিকা ও বতসোয়ানায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের ওই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে শুক্রবার জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। নতুন ভেরিয়েন্টটি নিয়ে সিদ্ধান্ত গ্রহণে বৈঠকের আয়োজন করা হয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে। 

বিবিসি জানায়, চলতি সপ্তাহের শুরুতে শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্য, জাপান ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশ পরিস্থিতি মোকাবেলায় কোয়ারেন্টাইন নীতিমালা জোরদার করেছে। দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলো থেকে আসা ফ্লাইট নিষিদ্ধ করা হয়েছে বলেও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোও ওই অঞ্চল থেকে বিমান চলাচল বন্ধের প্রস্তাব দিয়েছে। 

নতুন এই ভ্যারিয়েন্টটি হলো বি.১.১.৫২৯ সার্স–কভ–২। তবে ডেলটা কিংবা বেটার মতো নামকরণ করা হয়নি নতুন ভ্যারিয়েন্টের। ডব্লিউএইচওর শুক্রবারের বৈঠকে এর নামকরণ করা হবে বলে ধারণা করা হচ্ছে।
করোনার নতুন এই ধরনটিকে বলা হচ্ছে ‘সুপার ভ্যারিয়েন্ট’। গবেষকরা বলছেন, এটা এখন পর্যন্ত শনাক্ত করোনার ধরনগুলোর মধ্যে সর্বাধিক রূপান্তরিত ধরন এবং এটি ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও ভয়াবহ হতে পারে। আফ্রিকার মরুপ্রধান দেশ বতসোয়ানায় এটি প্রথম শনাক্ত হয়।

বর্তমানে তিনটি দেশে ১০ জন এতে আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, টিকা জীবন বাঁচায়মাত্র, সংক্রমণ রোধ করে না। 

করোনার নতুন ওই ধরনটি প্রথমে বতসোয়ানায় শনাক্ত হওয়ায় একে বতসোয়ানা ভ্যারিয়েন্ট বলে ডাকা হচ্ছে। তবে আগের ভ্যারিয়েন্টগুলোর সঙ্গে মিলিয়ে এর নামকরণ করা হবে। এটি একই সঙ্গে ৩২ মিউটেশন বা রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে কয়েকটি রূপ অতি সংক্রামক। এমনকি সেগুলো টিকা প্রতিরোধী।

দেশে,করোনায় মৃত্যু বাড়ল।

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, ১০ অগ্রহায়ণ ১৪২৮

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৭০ জনে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত কয়েকদিনে দৈনিক মৃত্যুর সংখ্যা ২-৩ জনের মধ্যে ছিল।  

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩৭ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ১২৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৮৮ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৬ জন নারী। ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন মারা গেছেন। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও খুলনা বিভাগে ১ জন করে মারা গেছেন।

পারমাণবিক অস্ত্র মুক্ত অঞ্চলকে সমর্থন, আসিয়ানের সাথে ঘনিষ্ঠ হচ্ছে চীন

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের মধ্যে সম্পন্ন অকাস নিরাপত্তা চুক্তির বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে চীন। তারা দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলের জন্য সমর্থন জানিয়েছে। অকাসের বিরুদ্ধে আঞ্চলিক জোটকে শক্তিশালী করতেই চীন এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার আসিয়ানের নেতৃবৃন্দকে বলেছেন যে, চীন পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গড়ে তোলার প্রচেষ্টাকে সমর্থন করেছে এবং ‘যত তাড়াতাড়ি সম্ভব’ চুক্তিতে প্রটোকল স্বাক্ষর করতে ইচ্ছুক। তিনি আসিয়ানের সাথে নিরাপত্তা সহযোগিতা এবং উন্নয়ন তহবিল আরো বৃদ্ধি করারও প্রতিশ্রুতি দেন।

১৯৯৫ সালে আসিয়ান সদস্যদের দ্বারা স্বাক্ষরিত, দক্ষিণ-পূর্ব এশিয়া পারমাণবিক অস্ত্র-মুক্ত অঞ্চলের চুক্তি এই অঞ্চলটিকে পারমাণবিক এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র মুক্ত রাখার প্রতিশ্রুতি। বেইজিং ইঙ্গিত দিয়েছে যে, তারা কয়েক বছরের মধ্যে চুক্তিতে প্রটোকল স্বাক্ষর করতে ইচ্ছুক। কিন্তু এখনও পর্যন্ত, পাঁচটি স্বীকৃত পারমাণবিক শক্তি – চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স – কোন দেশই সেখানে স্বাক্ষর করেনি। প্রোটোকলের অধীনে, তারা পারমাণবিক অস্ত্রের বিকাশ, উৎপাদন বা মজুদ করতে বা এটি করার জন্য কোনও সহায়তা পেতে পারবে না।

গুয়াংজুতে জিনান ইউনিভার্সিটির ফিলিপাইন স্টাডিজের সেন্টারের পরিচালক ডাই ফ্যানের মতে, এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে আসিয়ান সদস্যরা প্রটোকল স্বাক্ষর করতে চায়৷ তিনি বলেন, ‘চীন-মার্কিন শত্রুতা বাড়ার সাথে সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা জোটগুলোকে শক্তিশালী করছে, যার মধ্যে একটি হচ্ছে অকাস, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’ তিনি উল্লেখ করেছেন যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া উভয়ই চুক্তির অধীনে অস্ট্রেলিয়ার পারমাণবিক চালিত সাবমেরিন অধিগ্রহণের বিরুদ্ধে দৃঢ়ভাবে বেরিয়ে এসেছে এবং তাদের অবস্থান ‘চীনের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ’।

সেপ্টেম্বরে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার মালয়েশিয়ান এবং ব্রুনিয়ার সমকক্ষকে বলেছিলেন যে, অকাস অংশীদারিত্ব এবং এর পারমাণবিক সাবমেরিন পরিকল্পনা দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি পারমাণবিক মুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকে জটিল করতে পারে। ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আসিয়ানের ওই চুক্তিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে৷ পরিবর্তে, তারা বিভিন্ন অজুহাতে এই অঞ্চলে সামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর করেছে এবং এই অঞ্চলটিকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সামগ্রী সরবরাহ করেছে, যা আসিয়ান দেশগুলোর একটি পারমাণবিক মুক্ত অঞ্চল গড়ে তোলার প্রচেষ্টার বিপরীতে চলছে,’ ওয়াং বৈঠকে বলেছিলেন।

আসিয়ান সদস্যরা চুক্তির বিষয়ে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে এবং সমস্যাগুলো সমাধান করতে চাইছে। বেইজিং-এর কার্নেগি-সিংহুয়া সেন্টার ফর গ্লোবাল পলিসির পারমাণবিক নীতি কর্মসূচির সিনিয়র ফেলো ঝাও টং বলেছেন, চীনের ফোকাস আঞ্চলিক সম্পর্কের দিকে সরে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতার কারণে এটি অন্যান্য পারমাণবিক শক্তির সাথে সংহতি সম্পর্কে কম উদ্বিগ্ন। তিনি ‘প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে প্রোটোকলের বিষয়ে চীনের কোনো সারগর্ভ পরামর্শ নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর এখনও উদ্বেগ রয়েছে এবং তারা মনে করে যে, এই প্রোটোকল তাদের পারমাণবিক অস্ত্র প্ল্যাটফর্মের স্থাপনাকে সীমাবদ্ধ করবে।’ তিনি আরও বলেন, ‘চীনের জন্য এই প্রটোকলের প্রতি সমর্থন দেখানোও আসিয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার একটি উপায়।’ সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

ইসরাইল, লেবানন ও মধ্যপ্রাচ্যে তুরস্কের নয়া কূটনীতি

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

তুরস্ক তার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তার সাম্প্রতিক লেবানন সফরের মাধ্যমে দেখিয়েছে যে, মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলার লক্ষ্যে দেশটি আঞ্চলিক কূটনীতির অংশ হিসেবে একের পর এক আঞ্চলিক প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি তুরস্কের ভূ-রাজনৈতিক এবং ধর্মীয় কোমল শক্তির প্রতিদ্বন্দ্বী সউদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং কুয়েতের সাথে মিলিত হয়ে লেবাননের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং বৈরুত থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার পর কাভুসোগলু তার সফরের মাধ্যমে লেবাননের সাথে তুরস্কের সম্পর্ক জোরদার করেছেন। কাভুসোগলু ইস্তাম্বুলে একদিনের ইউএই বা সংযুক্ত আরব আমিরাত-তুরস্ক ব্যবসায়িক ফোরামের আগে বৈরুত ভ্রমণ করেন এবং তুরস্কে ইউএই’র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সফর ১২ বছরের মধ্যে এই প্রথম। মেডিটেরানিয়ান পার্লামেন্টারি এসেম্বলির পাশাপাশি বৈরুত সফরের কয়েকদিন পর তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু ইউএই’র স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে রোমে সাক্ষাত করেন।

ইউএই ২০১৬ সালে প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেব এরদোগানকে ক্ষমতাচ্যুত করার একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে অর্থায়ন করায় এবং রাজনৈতিক ইসলামের প্রতি তুরস্কের সমর্থন, বিশেষ করে মুসলিম ব্রাদারহুডের প্রতি ইউএই’র আপত্তির কারণে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে। তুরস্ক এবং ইউএই লিবিয়া, সিরিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরে পরোক্ষভাবে পরস্পরের বিরুদ্ধে সামরিক এবং রাজনৈতিক যুদ্ধ করেছে। অধিকন্তু, ইউএই-সউদি নেতৃত্বে কাতারের ওপর সাড়ে তিন বছরব্যাপী কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চলাকালীন তুরস্ক কাতারকে সমর্থন করেছে এবং উপসাগরীয় দেশটিতে তার সামরিক উপস্থিতির প্রসারণ ঘটিয়েছে।

একইভাবে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা, করোনা মহামারী এবং জলবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলটির সমস্ত রাষ্ট্রের কিছু সমন্বিত অর্থনৈতিক সংস্কার বৈচিত্র্য, এবং স¤প্রসারণের লক্ষ্যে মিশর এবং সউদি আরব মধ্যপ্রাচ্যে তুরস্কের সাথে তাদের মতপার্থক্য কমাতে চাইছে। এই পটভ‚মিতে, কাভুসোগলু বৈরুতে পৌঁছানোর একদিন আগে তেহরানে সফর করেন। তেহরানে তিনি লেবাননের একজন সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসাবে তার অবস্থানকে শক্তিশালী করতে, আজারবাইজানি-ইরানি সীমান্ত বরাবর ককেশাসে তুর্কি-ইরানি উত্তেজনা প্রশমন এবং সিরিয়ার বিষয়ে ইরানের সাথে কিছু অভিন্ন মতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করেন, যেখানে তাদের মতভেদ রয়েছে।

এদিকে, গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইসরাইলি পর্যটক দম্পতিকে গ্রেফতার এবং পরবর্তীতে মুক্তি দেয়ার ফলে নয় বছরের মধ্যে এরদোগান এবং শীর্ষ ইসরাইলি নেতাদের মধ্যে প্রথম ফোনালাপের সূচনা ঘটে। প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে আলাদাভাবে ফোন করেন। তুরস্কের গুরুতর অর্থনৈতিক সঙ্কটের সময়ে এরদোগান পর্যটকদের ভীত করতে চাননি এবং এই সুযোগ তুরস্ককে ইহুদি রাষ্ট্রটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ইউএই’র ভ‚-রাজনৈতিক সুবিধাকে হ্রাস করার সুযোগও করে দিয়েছে। সূত্র: আলজেমেইনার।

হাইপারসনিক মিসাইল ঠেকানোর অস্ত্র তৈরি করছে রাশিয়া

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

রাশিয়ার নতুন এস-৫৫০ ও এস-৫০০ সারফেস-টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একসঙ্গে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা বা আকাশপথে আসা হুমকি ঠেকিয়ে দিতে সক্ষম হবে। একসময় এগুলোই হবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। এরই মধ্যে এস-৫০০’র হার্ডওয়্যার অংশ তৈরি হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যেই এটি রুশ সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বুধবার (২৪ নভেম্বর) রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র টাসকে জানিয়েছে, এস-৫৫০ ব্যবস্থা এস-৫০০কে প্রতিস্থাপন করবে না। কারণ এটি তার পূর্বসূরীর চেয়ে বেশি উন্নত হবে না। মূলত এস-৫৫০ হবে সামান্য হালকা সংস্করণ। এর লক্ষ্যও হবে আগেরগুলোর চেয়ে ভিন্ন।

রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হচ্ছে এস-৫৫০ এবং এস-৫০০। এটি তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে। সূত্রের মতে, এস-৩৫০ ভিটিয়াজ এবং স্বল্পপাল্লার ব্যবস্থাগুলোর সঙ্গে এস-৫৫০ ও এস-৫০০ মিলিতভাবে বিদ্যমান সব ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর হবে। অর্থাৎ পৃথিবীতে থাকা যেকোনো ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম হবে রাশিয়ার অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা।

আরেকটি সূত্র টাসকে জানিয়েছে, এস-৫৫০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ২০২৫ সালের মধ্যেই রুশ সেনাবাহিনীর হাতে পৌঁছাবে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ একটি মোবাইল লঞ্চার ব্যবহার করা হবে। তবে এই অস্ত্রের সমুদ্রবাহী কোনো সংস্করণ তৈরির পরিকল্পনা এখন পর্যন্ত নেই।

তুরস্কের পুলিশ প্রধানের সঙ্গে আইজিপির সাক্ষাৎ

বুধবার ২৪ নভেম্বর ২০২১, ০৯ অগ্রহায়ণ ১৪২৮, ১৮ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ তুরস্কের পুলিশ প্রধান মেহনেত আকতাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশ নিতে ড. বেনজীর আহমেদ বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। সেখানেই মেহনেত আকতাশের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

বুধবার (২৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।


তিনি জানান, সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, উভয় দেশের পুলিশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশাল ক্রাইমসহ অন্যান্য অপরাধ শনাক্ত ও দমন কৌশল নিয়েও মতবিনিময় করেন উভয় দেশের পুলিশ প্রধান।

আইজিপি ইন্টারপোল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ প্রতিনিধিদল এবং আসিয়ানাপোলের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছেন। বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে।