ক্যাটাগরি Uncategorized

বিশ্বব্যাপী কমছে ধূমপায়ীর সংখ্যা : ডব্লিউএইচও

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

গত সাত বছরে প্রায় ৫ কোটি তামাক ব্যবহারকারী কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিভিন্ন দেশকে তাদের তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত বছর বিশ্বব্যাপী প্রায় ১৩০ কোটি মানুষ তামাক ব্যবহার করেছে। ২০১৯ সালে তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৩২ কোটি। ডব্লিউএইচও জানিয়েছে, ২০২৫ সাল নাগাদ ১২৭ কোটিতে নেমে আসতে পারে এই সংখ্যা। গত সাত বছরে প্রায় ৫ কোটি তামাক ব্যবহারকারী কমেছে বলেও জানিয়েছে তারা।

সংস্থার নতুন একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০০০ সালে গোটা বিশ্বে ১৫ বছরের বেশি বয়সীদের প্রায় এক তৃতীয়াংশ তামাকজাত দ্রব্য সেবন করেছে। তবে, ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা মাত্র এক পঞ্চমাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

ডব্লিউএইচওর প্রধান টেড্রস আধানম গেব্রেইসাস এক বিবৃতিতে বলেন, ‘প্রতি বছর তামাক ব্যবহারকারীদের সংখ্যা কমতে দেখা খুবই উৎসাহজনক।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখনও অনেক দূর যেতে হবে। এছাড়া, তামাক প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের মারাত্মক জিনিসপত্র বিক্রি করে যে বিশাল মুনাফা অর্জন করে তা রক্ষা করতে বিভিন্ন কৌশল ব্যবহার করবে তারা।’ সূত্র : এএফপি

ভিয়েতনামে বাংলাদেশী রপ্তানি আরো বৃদ্ধির আহ্বান ভিয়েতনামের রাষ্ট্রদূতের।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবধান কমাতে বাংলাদেশী উদ্যোক্তাদের ভিয়েতনামে আরও বেশি হারে পণ্য রপ্তানি বাড়ানোর আহবান জানিয়েছেন।

বুধবার বাংলাদেশ সফররত বাণিজ্য প্রতিনিধিদলের সাথে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র পরিচালনা পর্ষদের দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় তিনি এ আহবান জানান।

ডিসিসিআইমিলনায়তনে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন ভিয়েতনামের ৭ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ব্যবসা পরিচালনায় সময় ও ব্যয় হ্রাসের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে বিশেষ করে পণ্য ওঠা-নামায় সময় হ্রাসের পাশাপাশি বন্দরের অন্যান্য সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করার প্রয়োজন।

প্রতিনিধিদলের সদস্যদের ডিসিসিআইতে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের পণ্য আমদানি বিবেচনায় ভিয়েতনামের অবস্থান ১৮, তবে রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান ৪৪তম। তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭৩৯ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমাদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৭৮ দশমিক ৬ মিলিয়ন ডলার এবং ৬১ দশমিক ২৯ মিলিয়ন ডলার। শিল্পখাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষনের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে ভিয়েতনামের প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান তিনি।

ডিসিসিআই সভাপতি বাংলাদেশে ও ভিয়েতনামের ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়নে ঢাকা ও হ্যানয়ের মধ্যকার বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দেন।

সভার মুক্ত আলোচনায় ভিয়েতনামের ব্যবসায়ীরা বলেন, নির্মাণ কাজে ব্যবহৃত পাথর, ক্লিংকার, খাদ্যজাত পণ্য ও মশলা প্রভৃতি ভিয়েতনাম থেকে আমদানি করতে পারে, সেই সাথে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ঔষধ ভিয়েতনামে রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে।

ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

করোনার টিকা বিক্রি করে সেকেন্ডে হাজার ডলার লাভ।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনার টিকা বিক্রি করে প্রতি সেকেন্ডে এক হাজার ডলার লাভ করছে প্রস্তুতকারক সংস্থাগুলো। যদিও গরিব দেশের মাত্র দুই শতাংশ মানুষ টিকা পেয়েছেন।

করোনার টিকা ধনী দেশগুলোর কাছে বিক্রি করে ফাইজার, বায়োনটেক, মডার্না প্রতি সেকেন্ডে এক হাজার ডলার লাভ করছে। প্রতিদিন তাদের সম্মিলিত লাভের পরিমাণ ৯ কোটি ৩৫ লাখ ডলারের মতো। 
পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স (পিভিএ) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই হিসাব দিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, ধনী দেশগুলো যখন অঢেল ভ্যাকসিন কিনে টিকা প্রস্তুতকারকদের লাভবান করছে, তখন গরিব দেশের মাত্র দুই শতাংশ মানুষ টিকা পেয়েছেন।

পিভিএ টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলোর আয়ের রিপোর্ট বিশ্লেষণ করে তদের এই বিপুল লাভের কথা জানিয়েছে। অথচ, এই কোম্পানিগুলো শত শত কোটি টাকার সরকারি সাহায্যও পেয়েছে। 

বিভিন্ন সংস্থা ও ব্যক্তি তাদের অনুরোধ করেছিল যে, তারা যেন গরিব দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর করে। তাহলে লাখ লাখ মানুষকে বাঁচানো সম্ভব হবে। সেই অনুরোধে কান দেয়নি এই কোম্পানিগুলো।

ওই কোম্পানিগুলো তুলনায় অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের মনোভাব একবারেই আলাদা। তারা লাভ ছাড়াই ভ্যাকসিন বিক্রি করেছে। তবে তারাও এখন জানিয়েছে, করোনার প্রকোপ কমেছে। তাই তারা নীতিবদলের কথা ভাবছে।

পিভিএ-তে অক্সফার্ম, ইউএনএইডস, আফ্রিকান অ্যালায়েন্সেও সামিল হয়েছে। তারা দাবি করেছিল, কোভিড ১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা মেধাসত্ত্ব অধিকার বাতিল করা হোক। কিন্তু জার্মানি ও যুক্তরাজ্য তাতে রাজি হয়নি। 

সূত্র: ডয়চে ভেলে

উত্তর ইরাকের তুর্কি ঘাঁটিতে রকেট হামলা।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশে মোতায়েন তুরস্কের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে তৎপর কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেখানে তুর্কি সেনা মোতায়েন রয়েছে বলে আঙ্কারা দাবি করে আসছে।

ইরাকের আরবি ভাষায় আল-ফোরাত টেলিভিশন চ্যানেল এক রিপোর্টে জানিয়েছে, তিনটি রকেট ইরাকের বাশিকা অঞ্চলের জিলকান ঘাঁটি লক্ষ্য করে ছোঁড়া হয় তবে সেগুলো বাকিয়ান গ্রামের কাছে গিয়ে পড়ে।

শেইখান জেলার মেয়র সরদার ইয়াহিয়া বলেন, দৃশ্যত মসুল শহর লক্ষ্য করে রকেটগুলো ছোড়া হয়েছে তবে সৌভাগ্য যে, স্থানীয় জনগণের কোনো ক্ষয়ক্ষতি হয় নি।

এর আগে গত ৮ নভেম্বর তুরস্কের এই ঘাঁটি লক্ষ্য করে অন্তত দুটি রকেট ছোঁড়া হয়। সেসময় রকেটগুলো ঘাঁটিতে আঘাত হানতে পারে নি, যার ফলে কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

পিকেকে গেরিলাদের দমনের নামে তুরস্ক ইরাকের উত্তরাঞ্চলে গত কয়ক বছর ধরে সেনা মোতায়েন করে রেখেছে। ইরাক সরকার বার বরা বলা সত্ত্বেও আঙ্কারা ইরাক থেকে সেনা প্রত্যাহার করছে না। এ নিয়ে বাগদাদ ও আঙ্কারার মধ্যে রাজনৈতিক এবং সামরিক টানাপড়েন চলছে।

যুক্তরাজ্যের সম্মানজনক সন পদক পেলেন বাংলাদেশের মেরিনা।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বাংলাদেশের স্থপতি মেরিনা তাবাসসুম পেলেন যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ সন পদক-২০২১। লন্ডনের স্যার জন সন জাদুঘর কর্তৃপক্ষ প্রতিবছর এ পুরস্কারে ভূষিত করেন একজন স্থপতিকে তার কাজের মূল্যায়ন ও স্বীকৃতিস্বরুপ।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। এর আগে এই সম্মানে ভূষিত হন রাফায়েল মনেও, ডেনিস স্কট ব্রাউন এবং কেনেথ ফ্রাম্পটন।

বাংলাদেশের উপকূলে প্রায় সময় প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। বন্যার কবলে পড়ে রাতারাতি ঘরবাড়ি, জীবিকা হারিয়ে যায়। অনেক সময় পলি জমে সৃষ্টি হয় নতুন ভূমি, যাকে বলা হয় ‘চর’। আর এই চর দেশের অসহায় মানুষের আশ্রয়ের জায়গা হয়ে ওঠে। এটাই তাদের মাছ ধরার, চাষাবাদ করার ও পরিবার নিয়ে থাকার সুযোগ করে দেয়।

মেরিনা এই বদ্বীপ অঞ্চল নিয়ে কাজ করা শুরু করেন গত বছর যখন করোনা মহামারির মধ্যে মানুষের জীবন স্থবির হয়ে পড়ে। তিনি ঢাকায় বসে পরিকল্পনা করে ফেলেন কিভাবে ভাগ্যের বদল ঘটানো যায় এসব প্রতিকূল পরিবেশে থাকা মানুষগুলোর।

তিনি বলেন, একজন স্থপতি হিসেবে এসব মানুষের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। অবকাঠামোগত শিল্পায়ন বৈশ্বিক কার্বন নিঃসরণের ক্ষেত্রে অর্ধেক অবদান রাখে। কিন্তু উপকূলীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত মানুষজনের এতে ভূমিকা শূন্য।

সম্প্রতি জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলন, কপ২৬ শেষ হওয়ার পরপরই মঙ্গলবার সন্ধ্যায় স্যার জন সন জাদুঘর কর্তৃপক্ষ তার এই ধারণার প্রতি সম্মান জানিয়ে সন পুরস্কারে ভূষিত করলো তাকে।

মেরিনা ১৯৬৯ সালে রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা একজন চিকিৎসক ছিলেন। ১৯৯৫ সালে তিনি স্থপতিবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। মেরিনা সুলতানি আমলের স্থাপত্যের আদলে নকশা করেন বায়তুর রউফ মসজিদ। এটি ২০১২ সালে ঢাকায় নির্মিত হয়। শৈল্পিক নকশার এই মসজিদের জন্য ২০১৮ সালে স্থপতি হিসেবে জামিল প্রাইজ পান তিনি। এর আগে একই নকশার জন্য ২০১৬ সালে তিনি সম্মানজনক আগা খান পুরস্কার লাভ করেন।

পোল্যান্ড সীমান্তে শরণার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

পোল্যান্ড-বেলারুশ সীমান্ত এলাকায় আটকে থাকা শরণার্থীদের সাথে পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে সংঘর্ষের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা।

পোল্যান্ডের ন্যাশনাল ডিফেন্স মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সীমান্তের বেলারুশ অংশে আটকে থাকা শরণার্থীরা কুজনিকা বর্ডার পার হওয়ার চেষ্টা করে এবং পোলিশ নিরাপত্তারক্ষীদের ওপর পাথর নিক্ষেপ করে। জবাবে শরণার্থীদের বিরুদ্ধে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।
পোলিশ এই মন্ত্রণালয়ের দাবি, ‘শরণার্থীরা পোল্যান্ডের সেনাদের ওপর পাথর দিয়ে হামলা করে এবং জোর করে পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে। শরণার্থীদের আগ্রাসন রুখতে আমাদের বাহিনী টিয়ার গ্যাস ব্যবহার করেছে।’

ইরাক থেকে যাওয়া শরণার্থীদের বেআইনিভাবে ঢোকার ব্যবস্থা করে দেওয়া নিয়ে পোল্যান্ড সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগ রয়েছে বেলারুশের বিরুদ্ধে। শরণার্থীদের সহযোগিতারও অভিযোগ রয়েছে দেশটির বাহিনীর বিরুদ্ধে। শরণার্থী ইস্যুতে গত সপ্তাহের প্রথম থেকে পোলিশ-বেলারুশ সীমান্ত উত্তাল হয়ে ওঠে।
ইউরোপীয় ইউনিয়নকে অস্থিতিশীল করতে শরণার্থীদেরকে সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও বেলারুশের বিরুদ্ধে অভিযোগ আছে। তবে বেলারুশ এমন অভিযোগ অস্বীকার করেছে।

অবশ্য গত সপ্তাহ থেকেই তীব্র শীত ও ঠান্ডা আবহাওয়ার মধ্যে ওই দুই দেশের সীমান্ত এলাকায় অবস্থান করছেন হাজার হাজার শরণার্থী। আটকে পড়া এসব শরণার্থীদের বেশিরভাগই ইরাক থেকে যাওয়া।

সেখানে কার্যত প্রাণের সঙ্গে লড়াই করছেন হাজার হাজার শরণার্থী। প্রবল ঠান্ডার মধ্যে কোনোরকমে অস্থায়ী আশ্রয় তৈরি করে সেখানে অবস্থান করছেন তারা। সীমান্তের ওই এলাকায় নেই খাবার, এমনকি প্রয়োজনীয় পানিরও সংকট রয়েছে।

এদিকে সীমান্তে আটকে থাকা শরণার্থীদের ওপর পোল্যান্ডের নিরাপত্তারক্ষীদের টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের নিন্দা জানিয়েছে রাশিয়া। বেলারুশের ঘনিষ্ঠ মিত্র এই দেশটি শরণার্থীদের ওপর শক্তিপ্রয়োগের নিন্দা জানিয়ে বলেছে, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সূত্র : বিবিসি ও আলজাজিরা।

অবৈধ কর্মকান্ডের জন্যই সীমান্তে হত্যাকান্ড ঘটছে -ভারতীয় হাই কমিশনার।

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ০১ অগ্রহায়ণ ১৪২৮, ১০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, অবৈধ কর্মকাণ্ডের কারণে সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। সীমান্তে শুধু বাংলাদেশি নয়, ভারতের নাগরিকরাও নিহত হচ্ছে। এসব ঘটনা যাতে না হয় সেজন্য দু’দেশ কাজ করে যাচ্ছে।
তিনি আজ মঙ্গলবার দুপুরে রংপুর সিটি করপোরেশনকে অত্যাধুনিক সুবিধা সম্বলিত এ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, চোরা চালান, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডের কারনে সীমান্তে হত্যার ঘটনা ঘটে চলেছে। এতে শুধু বাংলাদেশের মানুষ নয়, ভারতের নাগরিকরাও নিহত হচ্ছে। তবে ইতিমধ্যে এমন হত্যকান্ডের ঘটনা অনেক কমে এসেছে। এই হত্যা যাতে শূন্যে আনা যায় এ বিষয়ে বাংলাদেশ-ভারত কাজ করছে। বিএসএফ-বিজিবি সীমান্ত রক্ষায় যথেষ্ট সচেষ্ট রয়েছে। ভারতীয় সেনাদের বিনা কারণে হত্যা না করতে নির্দেশনা দেয়া হয়েছে। চোরাচালান ও অনুপ্রবেশ বন্ধে সীমান্ত সেনারা কাজ করে যাচ্ছে।
ভারতীয় হাই কমিশনার বলেন, বিজিবি-বিএসএফকে যৌথভাবে মাদক চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে একমত হয়েছি। আশা করা হচ্ছে, ভালো ফল পাবো।
তিনি আরও বলেন, মাদক চোরাচালান দুই দেশেরই সমস্যা। বিশেষ করে ইয়াবা ও আইসের মতো ভয়ানক মাদক উভয় দেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। এটা যেকোনও মূল্যে বন্ধ করতে হবে। এই মাদক চোলাচালান বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
তিস্তা নদীর বিষয়ে হাই কমিশনার বলেন, তিস্তা নদীর বিষয়টি নিয়ে ভারত সরকার খুবই আন্তরিক। এ সমস্যা সমাধানে আমরা কাজ করছি। তিস্তাসহ অভিন্ন সকল নদীর পানির সমবন্টন ও টেকসই সমাধানে যেকোনো সময় আলোচনায় বসতে ভারত সরকার প্রস্তুত।
তিনি নারীদের শিক্ষা, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতের সহযোগীতা অব্যাহত থাকার আশাবাদ ব্যক্ত করেন।
রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি। পরে বিক্রম দোরাইস্বামী রংপুর সিটি করপোরেশনের মেয়রের কাছে আনুষ্ঠানিকভাবে লাইফ সাপোর্ট সংবলিত অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। এর আগে, তিনি সিটি করপোরেশনের কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও রংপুর চেম্বার আয়োজিত ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সেখানে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে তিনি বলেন, ভারত-বাংলাদেশ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। এ দেশ হচ্ছে ভারতের প্রথম সারির ব্যবসায়িক অংশীদার। আমাদের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগীও বাংলাদেশ।
তিনি বলেন, মোংলা ও মিরসরাইয়ে ভারতের দুটো অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। এসব অর্থনৈতিক অঞ্চলে ভারতের বিভিন্ন খাতের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। বিশেষ করে অটোমোবাইলের যন্ত্রাংশ উৎপাদন, হালকা প্রকৌশল পণ্য উৎপাদন, খাদ্য প্রক্রিয়াকরণ, কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আগ্রহ দেখাচ্ছেন অনেকে।
বাণিজ্য ঘাটতির বিষয়ে তিনি বলেন, পণ্য বৈচিত্রকরণ হলে ভারতেও রফতানি বাড়বে এবং ঘাটতি অনেক কমে যাবে। তাই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়াতে চায় ভারত সরকার। বাংলাদেশের অবকাঠামো ও যোগাযোগে উন্নতি হচ্ছে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আগামীতে বাংলাদেশে ভারতের বিনিয়োগ ও বাণিজ্য বহুগুণে বাড়বে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
তিনি আরও বলেন বাংলাদেশ-ভারত বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ। ইতিমধ্যে দীর্ঘদিনের অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে বাকিগুলোরও সমাধান হবে। পরিশেষে তিনি বলেন, বাংলাদেশের তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে দ্রুত সময়ে ভারত সরকারের অর্থায়নে রংপুর আইটি পার্কের কার্যক্রম শুরু হবে।
এর আগে সোমবার রাতে তিনি নগরীর হাড়িপটিস্থ ‘সিঙ্গারা হাউস’ এ গিয়ে সেখানকার সিঙ্গারা খেয়ে ভূয়সী প্রশংশা করেন।

তুরস্ক সফরে যাচ্ছেন আমিরাতের যুবরাজ.

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ০১ অগ্রহায়ণ ১৪২৮, ১০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান তুরস্ক সফর করতে যাচ্ছেন। আমিরাত এবং তুরস্কের মধ্যে কয়েক বছরের উত্তেজনার পর তিনি এই সফরের পরিকল্পনা নিয়েছেন। আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সম্পর্ক মেরামত করার লক্ষ্য নিয়ে মূলত তিনি এই সফর করবেন বলে তুরস্কের দুই কর্মকর্তা গতকাল (সোমবার) জানিয়েছেন।

তুরস্কের এক কর্মকর্তারা জানান, আগামী ২৪ নভেম্বর আরব আমিরাতের যুবরাজ তুরস্ক সফর করবেন এবং সে সময় তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। তবে অন্য এক কর্মকর্তা জানাৃন, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয় নি।

এক দশক আগে কথিত আরব বসন্ত বা ইসলামী জাগরণ শুরুর পর মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের লড়াইয়ে নামে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত। এর অংশ হিসেবে লিবিয়ার গৃহযুদ্ধে দুই দেশ পরস্পরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, একইভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলের রাজনীতিতেও দু দেশের অবস্থান দুই মেরুতে। শুধুমাত্র সিরিয়া ইস্যুতে দু দেশের অবস্থান অনেকটা এক বিন্দুতে ছিল।

গত আগস্ট মাসে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানান, তার দেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক উন্নত হচ্ছে যার ধারাবাহিকতায় আমিরাত তুরস্কে বড় ধরনের বিনিয়োগ করতে পারে। আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে এক অসাধারণ বৈঠকের পর এরদোগান এই বক্তব্য রাখেন। এই বৈঠকের দুই সপ্তাহ পর তিনি সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন। জায়েদ আল-নাহিয়ান কার্যত সংযুক্ত আরব আমিরাতের শাসক।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের একজন কর্মকর্তা জানিয়েছেন, জায়েদ আল-নাহিয়ান এবং প্রেসিডেন্ট এরদোগান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, আঞ্চলিক ঘটনাবলী এবং বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন।

এক সময় সবুজ ছিল আরবের মরু.

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ০১ অগ্রহায়ণ ১৪২৮, ১০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আজ আরব মরু। কিন্তু এক সময় এমন ছিল না। এক সময়ে আরবে ভালোই বৃষ্টি হত। অনেকটাই সবুজ ছিল আরব সেই সময়ে। কী ভাবে জানা গেল?

হিউম্যান মাইগ্রেশন সংক্রান্ত একটি গবেষণাকাজের সূত্রে জানা গেল, আদিম মানুষদের পাথরযুগের সদস্যরা আরবের মধ্যে দিয়েই পরিযান করেছিল। এবং তখন আরবের ভূপ্রকৃতি সম্পূর্ণ অন্যরকম ছিল।

সেটাই-বা কী ভাবে জানা গেল? গবেষণায় প্রকাশ– উত্তর আফ্রিকা এবং দক্ষিণপশ্চিম এশিয়ার মধ্যে আদিম মানুষের একটা অংশের পরিযান ঘটেছিল। এরকমই একটি জায়গা হল সউদীর ‘খল অময়শান ৪’ নম্বর সাইট। এই সাইটে খননকার্য চালিয়ে নানা রকম পাথরের জিনিসপত্র পাওয়া গিয়েছে। খননকাজ করতে গিয়ে জলহস্তীর ফসিল পাওয়া গিয়েছে, পাওয়া গিয়েছে অন্য বন্যজন্তুর ফসিলও।

সেই সময়ে এরকম রুক্ষ অঞ্চলে জলহস্তী কোথা থেকে এল? তখনই আরবের সেই সময়কার পরিবেশ সম্বন্ধে জানা গেল। জানা গেল, আসলে সেই সময়ে আবহাওয়া অনেক স্নিগ্ধ ছিল। এই এলাকায় তখন অনেক নদীনালা, ওয়াটারবডি ছিল। হিউম্যান মাইগ্রেশন নিয়ে গবেষণা করতে গিয়ে আরবমরু সম্বন্ধে নতুন তথ্য বেরিয়ে আসায় স্পষ্টঃতই খুশি বিজ্ঞানীরা। সূত্র: ইউরোনিউজ।

লিভারপুলে আত্মঘাতি হামলারকারী ছিলেন খ্রিস্টান ধর্মান্তরিত।

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ০১ অগ্রহায়ণ ১৪২৮, ১০ রবিউস সানী ১৪৪৩ হিজরী

গত সপ্তাহান্তে ব্রিটেনের লিভারপুলে মহিলা হাসপাতালের বাইরে আত্মঘাতি হামলারকারীর নাম প্রকাশ করেছে পুলিশ। তার নাম এমাদ আল-সোয়ালমিন ও বয়স ৩২ বছর বলে জানা গিয়েছে।

কাউন্টার টেরোরিজম পুলিশিং নর্থ ওয়েস্ট বলেছে যে, তারা ‘দৃঢ়ভাবে বিশ্বাস করেন’ আল-সোয়ালমিন সেই যাত্রী যিনি রোববার স্থানীয় সময় সকাল ১১টার কিছু আগে একটি ট্যাক্সি বিস্ফোরণে মারা যান। রিপোর্ট অনুযায়ী, আল-সোয়ালমিন ব্রিটিশ বংশোদ্ভূত নয় বলে মনে করা হয়। তিনি সিরিয়া ও ইরাকি বংশোদ্ভূত। তিনি মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাজ্যে চলে আসার পর খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন বলে জানা যায় এবং পরে লিভারপুলে খ্রিস্টান স্বেচ্ছাসেবক ম্যালকম এবং এলিজাবেথ হিচকট তাকে আশ্রয় দেন।

ইতালীয় রেস কার কিংবদন্তি এনজো ফেরারির সম্মানে ও আশ্রয়ের আবেদনে তার নাম আরও পশ্চিমা শোনাতে আল-সোয়েলমিন তার নাম পরিবর্তন করে এনজো আলমেনি রেখেছিলেন। তবে ২০১৪ সালে করা তার সেই আবেদন প্রত্যাখান করা হয়। হিচকট সংবাদপত্রকে বলেন, ‘আল-সোয়েলমিন প্রথম ২০১৫ সালের আগস্টে ক্যাথেড্রালে এসেছিলেন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে চেয়েছিলেন। তিনি একটি কোর্সও করেছিলেন, যা খ্রিস্টান বিশ্বাসকে ব্যাখ্যা করে এবং সেই বছরের নভেম্বরে এটি সম্পন্ন করে। এটি তাকে একটি জ্ঞাত সিদ্ধান্তে আসতে সক্ষম করেছিল এবং সে ইসলাম থেকে খ্রিস্টান ধর্মে পরিবর্তিত হয়েছিল এবং আমাদের সাথে বসবাস করতে আসার ঠিক আগে অন্তত মার্চ ২০১৭ এর মধ্যে একজন খ্রিস্টান হিসাবে নিশ্চিত হয়েছিল৷ সে সময় সে নিঃস্ব ছিল এবং আমরা তাকে গ্রহণ করেছিলাম।’

হিচকটের ফেসবুক প্রোফাইলে পোস্ট করা ছবিগুলোতে দেখা গেছে, আল-সোয়েলমিন কয়েক বছর আগে হাঁটার সময় দম্পতির সাথে হাসিমুখে পোজ দিচ্ছেন। লিভারপুলের অ্যাংলিকান ক্যাথেড্রালে একটি পরিষেবা চলাকালীনও আল-সোয়েলমিনকে দেখা যায়। বিবিসির সাথে কথা বলার সময়, এলিজাবেথ হিচকট বলেছেন, ‘আমরা খুব দুঃখিত। আমরা কেবল তাকে ভালবাসতাম, সে একজন ভাল লোক ছিল।’ তিনি এবং তার স্বামী এই ঘটনার দ্বারা “খুব” হতবাক হয়েছিলেন বলেও তিনি যোগ করেন।

রুটল্যান্ড অ্যাভিনিউর ঠিকানায় এবং সাটক্লিফ স্ট্রিটের দ্বিতীয় ঠিকানায় অনুসন্ধান চলছে, যেখানে অফিসাররা বলেছেন যে আল-সোয়ালমিন আগে থাকতেন, এবং পুলিশ বলেছে যে তারা ‘উল্লেখযোগ্য জিনিসপত্র’ উদ্ধার করেছে। তারা জানান, ‘আমরা এই ঘটনা সম্পর্কে যেকোন তথ্যের জন্য আবেদন অব্যাহত রেখেছি এবং এখন যেহেতু আমরা তার নাম প্রকাশ করেছি যে আল-সোয়েলমিন সম্পর্কে জনসাধারণের কাছে যে কোনও তথ্য থাকতে পারে, তা যতই ছোট হোক না কেন, আমাদের জন্য বড় সহায়তা হতে পারে।’

সুত্র ঃ- ইনকিলাব