ক্যাটাগরি Uncategorized

এক বছরে মোদির জনপ্রিয়তা কমেছে ৪ পয়েন্ট।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমেছে বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের এক জরিপে। এতে বলা হয়েছে, গত বছরের ২ নভেম্বরের তুলনায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ৪ পয়েন্ট কমেছে।

এই রেটিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর দুই নম্বরে রয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর।
জরিপের তথ্য অনুযায়ী, মোদির রেটিং গত বছরের ২ নভেম্বর ছিল ৭৪ শতাংশ, যা ২০২১ সালের ২ নভেম্বর ৭০ শতাংশে নেমে এসেছে।
মর্নিং কনসাল্ট প্রতি সপ্তাহে এই ডেটা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ১১ হাজার অনলাইন সাক্ষাৎকার সংগ্রহ করে। ১ থেকে ৩ শতাংশের ত্রুটির মার্জিনসহ সাত দিনের ডেটা গড় হিসাবে সাপ্তাহিক রেটিং নির্ধারণ করা হয়।
এই সমীক্ষা অনুযায়ী, তিন নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, চার নম্বরে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। একই সময়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৪৪ শতাংশ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। সাত নম্বরে রয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো এবং সাত নম্বরে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
মর্নিং কনসাল্টের সমীক্ষায় বিশ্বের শীর্ষ ১৩ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়। এই রেটিং প্রায়ই উঠানামা করে।
২০২১ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী মোদির রেটিং ছিল মাত্র ৬৬ শতাংশ। মর্নিং কনসাল্টের গ্রাফ অনুযায়ী, মোদির জনপ্রিয়তা সবচেয়ে কমেছিল এ বছরের মে মাসে, যখন করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে নাকাল ছিল ভারত।

মোবাইলে নেট কানেকশন ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ডেস্ক: ইন্টারনেট ছাড়া হোয়াটসঅ্যাপ অচল। ফোনে হোক বা কম্পিউটারে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে ইন্টারনেট লাগবেই। তবে এই নিয়মে এবার আসতে চলেছে পরিবর্তন। মোবাইল ফোনে নেট কানেকশন ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব চলবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট এসেছে। এতেই মোবাইলে নেট কানেকশন না থাকলেও ডেস্কটপে চালানো যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়ের জন্যেই এই আপডেট আনা হয়েছে।

হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা পাওয়া যাবে শুধু ওয়েবের ক্ষেত্রে। অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালালেই এটি ব্যবহার করা যাবে। ফোনে নেট না থাকলেও কম্পিউটারে চলবে হোয়াটসঅ্যাপ। এমনকি ফোনটি সুইচ অফ করে দিলেও কারও সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। তবে অবশ্যই ডেস্কটপে ইন্টারনেট থাকতে হবে।

এজন্য ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ বেটা অপশনে ক্লিক করতে হবে। বেটা ছাড়া এই সেবা মিলবে না। কীভাবে বেটা চালু করতে হবে? পদ্ধতি সহজ। হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপরে ডানদিকে যে তিনটি বিন্দু একসঙ্গে থাকে, তাতে ক্লিক করে ‘লিঙ্ক এ ডিভাইস’ অপশনে ক্লিক করতে হবে, ঠিক যেমনটা করতে হয় হোয়াটসঅ্যাপ ওয়েব চালানোর সময়।

সেখানেই বেটা-র অপশন থাকবে, তাতে ক্লিক করলেই মিলবে বেটা সেবা। তবে এই সেবা একটি মাত্র অসুবিধা রয়েছে। হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠিয়ে ফেলার পর যদি তা মুছে দেওয়ার দরকার হয়, তা মেশিন থেকে করা যাবে না। ফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলেই তা করতে হবে।

১৪ দিনের বেশি সময় যদি ফোন বন্ধ করা থাকে, নিজে থেকেই মেশিনে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ আউট হয়ে যাবে। -দ্য ওয়াল।

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মঙ্গুশ বরখাস্ত।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী নাজলা মঙ্গুশকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। একইসাথে তার ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাউন্সিলের সাথে পররাষ্ট্রনীতির সমন্বয় না করার অভিযোগে গতকাল শনিবার তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
কাউন্সিলের একটি ডিক্রি অনুসারে, লিবিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকারী তিন সদস্যের সংস্থাটি পররাষ্ট্রমন্ত্রী নাজলা মঙ্গুশকে বরখাস্ত করেছে। পাশাপাশি ‘পররাষ্ট্রনীতির একচেটিয়াকরণ’-এর অভিযোগ এনে তদন্তের স্বার্থে তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
দেশটিতে আসন্ন নির্বাচনের আর ৬ সপ্তাহ বাকি। তার আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। নাজলা মঙ্গুশও কিছু জানাননি।
জানা গেছে, কাউন্সিল নাজলার ‘প্রশাসনিক বিধি লঙ্ঘন’র বিষয়ে তদন্ত শুরু করেছে। তিনি লিবিয়া প্যানোরামা টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, কাউন্সিলের সাথে পরামর্শ না করেই পররাষ্ট্রনীতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের নেতা মোয়াম্মার গাদ্দাফির পতন হয়। দুই মাস পর একটি সশস্ত্র গোষ্ঠী তাকে হত্যা করে। এরপর থেকে লিবিয়া বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছে। তেলসমৃদ্ধ লিবিয়াতে এখন একাধিক সরকার। বর্তমানে রাজধানী ত্রিপোলিতে একটি এবং দেশের পূর্বাঞ্চলে অন্য সরকারের অবস্থান। প্রতিটি পক্ষই বিভিন্ন বিদেশী শক্তি ও মিলিশিয়াদের দ্বারা সমর্থিত। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি

জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজ

মহামারী করোনাভাইরাসের কারণে চাহিদা কম থাকায় তেল উত্তোলন কমিয়ে ছিলো ওপেক। তবে সবকিছু মোটামুটি স্বাভাবিক হলেও এখনো ওপেকের তেল উত্তোলন বৃদ্ধি পায়নি। ফলে আবারও তেলের দাম আরও বাড়তে পারে।
করোনাকালে যে তেলের দাম মাইনাস ৩৭ ডলারে নেমে এসেছিল, এখন সেই তেলের দাম ব্যারেলপ্রতি ৮২ ডলার। ধারণা করা যাচ্ছে, ২০২২ সালের মধ্যে তেলের দাম গিয়ে দাঁড়াবে ব্যারেলপ্রতি ১২০ ডলার কিংবা এর বেশি।
বিশ্বে সবথেকে বেশি তেল আমদানি করে ভারত এবং চীন। করোনা পরবর্তী সময়ে দেশগুলোর শিল্প-কারখানা খুলে দেওয়ায় বেড়েছে তেলের চাহিদা। চাহিদা এবং যোগানের সমন্বয় না হওয়ায় বৃদ্ধি পেয়েছে তেলের দাম।
এদিকে তেলের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় ওপেকের উপরে খেপেছে যুক্তরাষ্ট্র।
যদিও সউদী আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান সিএনএনকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে আমরা সব পর্যায়ে আলোচনা করেছি। তবে আমরা করি, এ মুহূর্তে ঠিক কাজটিই করছি আমরা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বের সবখানে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ টাকা করে বৃদ্ধি পেয়েছে। সূত্র : সিএনএন

বিমানের জরুরি অবতরণ, অতঃপর পালিয়ে যাওয়ার চেষ্টা!

স্পেনের পালমা দে ম্যালোর্কা বিমানবন্দরের রানওয়েতে জরুরি অবতরণ করা একটি বিমান থেকে দৌড়ে পালিয়ে যাওয়া এক ডজন যাত্রীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত শুক্রবার (৫ নভেম্বর) বিমানটির একজন যাত্রী অসুস্থ হওয়ায় সেখানে জরুরি অবতরণ করলে যাত্রীরা পালিয়ে যান। এই ঘটনার পর বিমানবন্দরটি কয়েক ঘণ্টা ধরে বন্ধ ছিল।
রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কাসাব্ল্যাংকা থেকে ইস্তাম্বুলগামী এয়ার এরাবিয়া মারোকের একটি ফ্লাইটের একজন যাত্রী অসুস্থ হওয়ার পর পালমা দে ম্যালোর্কা বিমানবন্দরে সেটি জরুরি অবতরণ করে। স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে বিমানটি রানওয়েতে অবতরণের পর দরজা খুলে দেয়ার সাথে সাথে ২১ জন যাত্রীর একটি দল দৌঁড়ে পালিয়ে যান।
দেশটির আঞ্চলিক সরকারের মুখপাত্র আইনা ক্যালভো স্পেনে এমন ঘটনা ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন। পরে অসুস্থ যাত্রীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।
বিমান কর্মকর্তা আরও বলেন, হাসপাতাল থেকে অসুস্থ যাত্রীর সহযোগী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকেও গ্রেফতার করা হয়। বিমানে মারমুখী আচরণ করায় অপর একজন যাত্রীকেও গ্রেফতার করা হয়েছে। সূত্র : রয়টার্স।

প্রাচীন সোনার আংটির খোঁজ ইসরাইলে

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ইসরাইলের পুরাতত্ত্ব বিভাগের গবেষকরা সম্প্রতি খননকাজ চালাচ্ছিলেন মদ তৈরির প্রাচীন এক কারখানায়। সে সময়ই পাথর বসানো একটি সোনার আংটি উদ্ধার করেন তারা।

মদ তৈরির এই কারখানা বাইজানটাইন সভ্যতার আমলের বলে মত ইসরাইলি গবেষকদের। মধ্য ইসরাইল এলাকায় বাইজাইটাইন সভ্যতার নিদর্শনের জন্য খননকাজ চালানো হচ্ছিল। তা করতে গিয়েই সে যুগের মদের কারখানার হদিশ পাওয়া যায়। সেই মদের কারখানার মধ্যেই পাওয়া গিয়েছে এই সোনার আংটি।

মদ্যপানের নেশা কাটাতে সে যুগে এই আংটি পরা হত বলে মনে করছেন গবেষকরা। তারা জানিয়েছেন, একটি কাচের পাত্রে রাখা ছিল প্রাচীন এই আংটি। ইসরাইল অ্যান্টিকুইটিস অথোরিটি (আইএএ) নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছেন এই আংটির ছবি।

ওই সংস্থার গবেষকদের মতে, সে সময় কোনও ধনী ব্যক্তির আংটি ছিল এটি। সাধারণত মদ চেখে যারা গুণাগুণ নির্ধারণ করতেন, সে রকমই কেউ এই আংটির মালিক ছিলেন বলে মনে করছেন গবেষকরা। সূত্র: টাইমস অব ইসরাইল।

ঢাকা সিঙ্গাপুর রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট শুরু

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন করছে। সিঙ্গাপুর যেতে হলে যাত্রীদেরকে অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতিপত্র গ্রহণ করতে হবে।সর্বশেষ ৪ মে থেকে বাংলাদেশ হতে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন বন্ধ ছিল।২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ৮:৩০ টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুর থেকে সেখানকার স্থানীয় সময় বিকাল ৩:৫০ টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।এদিকে, সিঙ্গাপুর যেতে হলে যাত্রীদেরকে অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতি পত্র গ্রহণ করতে হবে এবং অনুমোদিত কোভিড-১৯ এরটিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে। ফাইজার, মডার্না, অস্ট্রাজেনেকা, সেরামের কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাক টিকার যে কোন একটির ২ ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে ১ ডোজ নেয়ার কমপক্ষে ১৪ দিন পর থেকে সিঙ্গাপুরে যাওয়া যাবে।

২ বছরের বেশি বয়সী যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। সিঙ্গাপুর পৌঁছে ১০ দিন হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। কোয়ারেন্টাইনের তৃতীয় ও সপ্তম দিনে নিজ খরচে অ্যান্টিজেন রেপিড টেস্ট করাতে হবে এবং ১০ম দিনে নিজ খরচে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণে গেলে যাত্রীদেরকে চাঙ্গি বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হবে যার জন্য পূর্বেই অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি প্রদান করতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পূর্বে মোবাইলে ‘Trace Together’ অ্যাপ ডাউনলোড করতে হবে। সিঙ্গাপুর বিমানবন্দরে যাত্রীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বাইরের কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসতে হলে ১২ বছরের বেশি বয়সী যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। করোনা টিকা নেয়া না থাকলে বাসায় যেয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার লক্ষণ দেখা গেলে যাত্রীকে সরকার

নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইন থাকতে হবে।

ভারতে হাসপাতালে আগুন লেগে আইসিইউ-তে থাকা ১০ রোগীর মৃত্যু

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারতের মহারাষ্ট্র প্রদেশের আহমদনগরে একটি হাসপাতালে শনিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানকার ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ)-তে থাকা অন্তত ১০ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েক জন। -আনন্দবাজার

পুলিশ জানিয়েছে, মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে ভোরে এই দুর্ঘটনা ঘটে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্র বলছে, প্রবল ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে আইসিইউ-তে থাকা রোগীদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা।

অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এর আগে গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

পাঁচ সন্তান হত্যার দায়ে জার্মান মায়ের যাবজ্জীবন।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

স্বামীর সঙ্গে নতুন এক প্রেমিকার ছবি দেখার পর নিজের পাঁচ সন্তানকে গতবছর সেপ্টেম্বরে হত্যা করেছিলেন এক নারী। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জার্মানির এক আদালত। বিচারক এই হত্যাকাণ্ডকে ‘ট্র্যাজেডি’ বলে বর্ণনা করেছেন।

জার্মানির জলিঙ্গেন শহরে বাস করা ২৮ বছর বয়সি ঐ নারীর ছয় সন্তান ছিল। স্বামীর সঙ্গে নতুন এক পার্টনারের ছবি দেখার পর তিনি স্বামীকে মোবাইলে বার্তা পাঠিয়ে জানান যে, তিনি আর তার সন্তানদের কখনো দেখতে পারবেন না। এরপর পাঁচ সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে বাথটাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়। সন্তানদের বয়স আট মাস থেকে আট বছর পর্যন্ত ছিল। সবচেয়ে বড় ১১ বছরের সন্তান ঐ সময় বাড়িতে না থাকায় বেঁচে যায়।

সন্তানদের হত্যার পর চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ঐ নারী। বিচার চলাকালীন আদালতে একেবারে চুপ ছিলেন তিনি। পর্যাপ্ত প্রমাণ না থাকায় তার মুক্তির দাবি জানিয়েছিলেন তার আইনজীবী। সেটা সম্ভব না হলে তাকে আট বছরের কারাদণ্ড দেয়া ও মানসিক চিকিৎসার আবেদন করা হয়েছিল।

তবে আদালতের নিয়োগ দেয়া এক বিশেষজ্ঞ পরীক্ষা করে জানিয়েছেন, ঐ নারীর কোনো মারাত্মক মানসিক রোগ নেই। তিনি নার্সিসিস্টিক ব্যক্তিত্বের অধিকারী বলে বর্ণনা করা হয়। অপরাধের ধরন বিবেচনায় আদালত বলেছে, ১৫ বছর জেল খাটার পর ঐ নারী প্যারোল আবেদনও করতে পারবেন না। সূত্র: এএফপি, ডিপিএ।

তুরস্কের সহযোগিতায় পাকিস্তানে ৪র্থ যুদ্ধজাহাজ তৈরির কার্যক্রমের উদ্বোধন।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১, ২১ কার্তিক ১৪২৮, ২৯ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

পাকিস্তানের জন্য মিলগেম প্রকল্পের অধীনে চতুর্থ এডিএ ক্লাস যুদ্ধজাহাজ তৈরি করছে তুরস্ক। শুক্রবার পাকিস্তানের করাচিতে অবস্থিত শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে যুদ্ধজাহাজ তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়। তুরস্কের সরকারপন্থী দৈনিক সাবাহ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।

উদ্বোধনী সেই অনুষ্ঠানে পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি বলেন, তুরস্কের সহযোগিতায় অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরি পাকিস্তানের জন্য একটি গৌরবময় মুহূর্ত। যৌথ এ প্রকল্পের মাধ্যমে প্রতিরক্ষা খাতে আঙ্কারা ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলে দেবে।

উল্লেখ্য, ২০১৮ সালের জুলাইয়ে পাকিস্তানের নৌবাহিনী তুরস্কের এএসএফএটির সঙ্গে চারটি মিলগেম ক্লাস শিপের জন্য চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী, দুটি যুদ্ধজাহাজ তৈরি হবে তুরস্কে এবং বাকি দুটি তৈরি হবে পাকিস্তানে। এতে প্রযুক্তি হস্তান্তরের বিষয়টিও রয়েছে।

মিলগেম যুদ্ধজাহাজ লম্বায় ৯৯ মিটার (৩২৫ ফিট) এবং স্থানচ্যুতির সক্ষমতা ২৪ হাজার টন পর্যন্ত। যা ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে পারে। এই জাহাজ পাকিস্তানের নৌবাহিনীর অভিযানের সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে মনে করেন নিয়াজি।

উদ্বোধনী অনুষ্ঠানে পাক নৌবাহিনীপ্রধান নিয়াজি ছাড়াও উপস্থিত ছিলেন নৌবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। সেইসঙ্গে আরও ছিলেন তুরস্কের রাষ্ট্রপরিচালিত প্রতিরক্ষা প্রতিষ্ঠান এএসএফএটির প্রতিনিধিরাও। প্রসঙ্গত, বিশ্বের ১০টি দেশের মধ্যে তুরস্ক একটি, যারা নিজস্ব সক্ষমতার মাধ্যমে যুদ্ধজাহাজ নকশা, তৈরি ও রক্ষণাবেক্ষণে সক্ষম। সূত্র : দৈনিক সাবা চহ