বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১, ১৯ কার্তিক ১৪২৮, ২৭ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর বা আজাদ কাশ্মীরের পালান্দ্রি এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত নয়জন।
স্থানীয় সময় বুধবার (৩ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ৪০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। যাত্রাপথে সেটি কারিগরি ত্রুটির কারণে নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের গায়ে ধাাক্কা লেগে প্রায় ৫০০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়।
স্থানীয় পুলিশ প্রথমে নিহতের সংখ্যা সাতজন বলে জানিয়েছিল। কিন্তু পরে মৃতের সংখ্যা আরও বেড়েছে বলে জানানো হয়। হতাহতদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পালান্দ্রির উপ পুলিশ কমিশনার জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে। তবে নিখোঁজ ব্যক্তিদের খোঁজ না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
