ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মারিও দ্রাঘি।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাঙ্কের সাবেক প্রধান মারিও দ্রাঘি শনিবার ইতালির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর বিবিসির।

গত মাসে সরকারের ভাঙনের পর দ্রাঘি প্রধান রাজনৈতিক দলগুলো নিয়ে জোট সরকার গঠন করেছেন।

ইতালির সংসদের সবচেয়ে বড় দল, দ্য ফাইভ স্টার মুভমেন্টের সমর্থন পাওয়ায় দ্রাঘি এখন বৃহৎ পরিসরেও রাজনৈতিক সমর্থন পাচ্ছেন। এর মানে হচ্ছে, এজেন্ডা বাস্তবায়নে এখন যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা তার রয়েছে।

ইতোমধ্যেই মন্ত্রীসভা ঘোষণা করেছেন দ্রাঘি, ফাইভ স্টার মুভমেন্টের জ্যেষ্ঠ সদস্য লুইগি ডি মাইও পররাষ্ট্রমন্ত্রী হিসেবেই দায়িত্বে চালিয়ে যাবেন।

জনপ্রিয় কট্টর ডানপন্থী দল ‘লীগ পার্টি’র জ্যেষ্ঠ সদস্য জিয়ানকার্লো জিওরগেত্তি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এছাড়া মধ্য বামপন্থী দল ‘ডেমোক্র্যাটিক পার্টি’র আন্দ্রেয়া অরল্যান্ডো দায়িত্ব পালন করবেন শ্রমমন্ত্রী হিসেবে।
আগামী সপ্তাহে ইতালির সরকারকে আত্মবিশ্বাস ভোটের মুখোমুখি হতে হবে। সমন্বিত দলের সমর্থম পেতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

ইউরোপীয় ইউনিয়নের একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ ও ব্যাঙ্ক অব ইতালির সাবেক গভর্নর হিসেবে মারিও দ্রাঘিকে ভরসা রাখার মতো ব্যক্তি হিসেবেই দেখা হচ্ছে।

এ প্রসঙ্গে ইতালির সাবেক প্রধানমন্ত্রী ম্যাত্তেও রেনজি বলেন, ‘মারিও দ্রাঘি হলেন সেই ইতালীয় যিনি ইউরোপকে বাঁচিয়েছেন, এবং আমি মনে করি এখন তিনি সেই ইউরোপীয় যিনি ইতালীকে বাঁচাতে পারবেন।’

ইউরোপীয় ইউনিয়নের দেয়া ‘রিকভারি মানি’ খরচের পরিকল্পনাকে কেন্দ্র করে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে গত

জানুয়ারিতে পদত্যাগ করেন। তার দল জোট সরকারের সমর্থন হারানোর পর পদত্যাগের ঘোষনা দেন তিনি।

এখানে আপনার মন্তব্য রেখে যান