সিআইপি নির্বাচিত হয়েছেন ৫৭ প্রবাসী বাংলাদেশি।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালের জন্য ৫৭ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন-বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) নির্বাচিত করেছে সরকার।

এর মধ্যে ‘বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে একজন, ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৪৭ জন ও ‘বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে ৯ জন সিআইপি হয়েছেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে গত ২৪ নভেম্বর ৫৭ জনকে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনাবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে সিআইপি হয়েছেন কম্বোডিয়া প্রবাসী ফরিদপুরের বোয়ালমারী খামারপাড়ার আবুল খায়ের মিয়া।

নির্বাচিত সিআইপিরা দুই বছর পর্যন্ত বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবেন। সিআইপি কার্ডের মেয়াদকালীন বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র পাবেন ও সরকার নিয়োজিত সংশ্লিষ্ট বিষয়ক নীতিনির্ধারণী কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন।

এছাড়া সিআইপিরা দেশ ও বিদেশে উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অগ্রাধিকার পাবেন। বিজয় দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, ঈদুল ফিতর, ঈদুল আজহা, একুশে ফেব্রুয়ারি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ জাতীয় গুরুত্বপূর্ণ দিবস উপলক্ষে বিদেশের বাংলাদেশ মিশনে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত হবেন সিআইপিরা।

সিআইপি কার্ডধারীরা ব্যবসা সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও জলযানে আসন সংরক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘চামেলী’ ব্যবহার এবং স্পেশাল হ্যান্ডিলিংয়ের সুবিধা পাবেন।

সিআইপি ব্যক্তিদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ করলে বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা পাবেন এবং তাদের বিনিয়োগ ‘ফরেন প্রাইভেট ইনভেস্টমেন্ট (প্রমোশন অ্যান্ড প্রটেকশন) আইন, ১৯৮০’ এর বিধান অনুযায়ী সংরক্ষণ করা হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে উপস্থিত থাকলে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন তারা।

ওমিক্রনের কারণে ভারতের ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করে ভ্রমণে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পাশাপাশি পূর্ণডোজ টিকা নেওয়া ভ্রমণকারীদের জন্য যে ছাড় দেওয়া হয়েছিল, সেটিও বাতিল করা হয়েছে। গত রোববার (২৮ নভেম্বর) নতুন এসব নির্দেশনা জারি করেছে ভারত সরকার।

ভারত সরকারের নির্দেশনা অনুসারে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রয়েছে, যুক্তরাজ্য, গোটা ইউরোপ এবং আরও ১১টি দেশ। দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলো থেকে ভ্রমণকারী অথবা ট্রানজিটগ্রহীতাদের ভারতে পৌঁছানোর পরপরই আরটি-পিসিআর টেস্ট করাতে হবে এবং এর ফলাফল আসা পর্যন্ত বিমানবন্দরেই অপেক্ষা করতে হবে।

ভ্রমণকারীদের কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে ভারত সরকার নির্ধারিত জায়গায় আইসোলেশনে নিয়ে যাওয়া হবে এবং নেগেটিভ শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে। এক্ষেত্রে ভ্রমণকারী ওমিক্রন বা করোনার অন্য যেকোনো ধরনেই আক্রান্ত হোন না কেন, সবারই আইসোলেশনে যেতে হবে এবং চিকিৎসকের ছাড়পত্র পাওয়ার পরেই কেবল তারা ছাড়া পাবেন।

ওমিক্রনে বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন দেশের দুয়ার,,,

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ১৭টি দেশে এই ধরন পৌঁছে যাওয়ায় বাংলাদেশসহ অনেক দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা এবং বিমান চলাচলে বিধি-নিষেধ আরোপ করেছে। প্রতিনিয়ত নতুন নতুন দেশ বন্ধ করে দিচ্ছে তাদের দরজা।
টিকাদানের ফলে বিশ্ব বাজারে প্রায় দুই বছরের স্থবিরতা কাটতে শুরু করেছিল, কিন্তু নতুন ভ্যারিয়েন্টের কারণে আবারও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা এখনো নতুন ভ্যারিয়েন্টের বিশদ জানার অপেক্ষায় প্রহর গুণছেন। জাপান গতকাল বলেছে, তারা বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া ইসরাইলের পথে হেঁটেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়ার দুয়ার পুনরায় খুলে যাওয়ার পরিকল্পনা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সউদী আরব ৭ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়ার কয়েক দিনের মধ্যেই আগামী ৪ ডিসেম্বর থেকে বিশ্বের সকল দেশের জন্য দেশের বিমানবন্দরগুলো উন্মুক্ত করার ঘোষণা দেবার মাত্র দু’দিন পর ফের ১৮ দেশের ওপর ওমরাহ পালনে আগমনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরব আমিরাতও দক্ষিণ আফ্রিকার ৭ দেশ থেকে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। মডার্না জানিয়েছে, তারা আগামী বছরের শুরুর দিকেই করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রমের টিকা বানাতে সমর্থ হবে। এদিকে দক্ষিণ আফ্রিকা নতুন ভ্যারিয়েন্ট আবিষ্কার করে ধন্যবাদের পরিবর্তে শাস্তি পাচ্ছে বলে অনুযোগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় সম্ভাব্য অতি-সংক্রামক ‘ওমিক্রন’ গত বুধবার দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়। এরপর থেকে আরো যে ১৬টি দেশে ওমিক্রন ছড়িয়েছে সেগুলো হচ্ছে, ইসরাইল, হংকং, বতসোয়ানা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, কানাডা, ইতালি, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল এবং নেদারল্যান্ড।

ওমিক্রনকে ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ‘এই ভ্যারিয়েন্টের তীব্রতার মাত্রা বোঝার জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত লাগতে পারে।’

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এড়াতে সতর্কতা হিসেবে জাপান আজ মঙ্গলবার রাত থেকে বিদেশিদের জন্য সীমান্ত বন্ধ করে দেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, জাপান প্রথমে বিদেশিদের প্রবেশ বন্ধ করবে। এছাড়া কিছু নির্দিষ্ট দেশ থেকে ফেরা জাপানিদের সরকার নির্ধারিত স্থাপনায় কোয়ারেন্টাইন পালন করতে হবে।

জাপানে এখন পর্যন্ত ওমিক্রন শনাক্ত না হলেও দেশটির স্বাস্থ্যমন্ত্রী শিগেইউকি গোটো বলেছেন, নামিবিয়া থেকে আগত একজনের করোনা শনাক্ত হয়েছে। তবে ওই ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত কি না তা জানতে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। রোববার মধ্যরাত থেকে সীমান্ত বন্ধ করে দিয়েছে ইসরাইল। নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে সন্ত্রাসবিরোধী ফোন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে দেশটি।

প্রথম ওমিক্রন রোগী শনাক্ত হওয়ার পর অস্ট্রেলিয়া বলেছে, তারা আগামী ১ ডিসেম্বর থেকে দক্ষ অভিবাসী এবং শিক্ষার্থীদের জন্য সীমান্ত পুনরায় খুলে দেয়ার পরিকল্পনা পুনর্বিবেচনা করবে। সীমান্ত শিথিলতার বিষয়ে বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা প্যানেলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, বিদেশি দর্শনার্থীদের জন্য এখনই দুই সপ্তাহের হোটেল কোয়ারেন্টাইন বিধি চালু করা হলে তা আগাম হয়ে যাবে। দেশটির স¤প্রচারমাধ্যম নাইন নিউজকে তিনি বলেনে, এ মুহূর্তে আমাদের কেবল একটি পদক্ষেপ নিতে হবে, সেটি হলো, সবাইকে শান্ত থাকতে হবে। সেই সঙ্গে সঠিক তথ্য পেয়ে সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

রোববার মরক্কোর সরকার বলেছে, ২৯ নভেম্বর থেকে পরবর্তী দুই সপ্তাহের জন্য আন্তর্জাতিক সব যাত্রীবাহী ফ্লাইটের অবতরণ বন্ধ থাকবে। কাতার, সউদী আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে টিকাগ্রহণকারীদের জন্য ভ্রমণ চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে সিঙ্গাপুর। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই নগর-রাষ্ট্র এবং প্রতিবেশী মালয়েশিয়ার স্থল সীমান্ত পুনরায় খুলে দেওয়া হয়েছে। প্রায় দুই বছর ধরে বিশ্বের অন্যতম ব্যস্ত এই স্থল সীমান্ত বন্ধ রাখার পর স¤প্রতি টিকা নেওয়া দর্শনার্থীদের জন্য চালু করা হয়েছে। ব্রিটেন বলেছে, সোমবার জি৭ এর স্বাস্থ্যমন্ত্রীদের জরুরি বৈঠক ডাকবে তারা।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন শনাক্ত ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং যুক্তরাষ্ট্রের নেয়া পদক্ষেপের ব্যাপারে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রতিনিয়ত হালনাগাদ তথ্য দেওয়া হচ্ছে।

ওমিক্রন অত্যন্ত বিপজ্জনক, প্রস্তুতি নিন : ডব্লিউএইচও
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের রূপান্তরিত ধরন ওমিক্রন ‘অত্যন্ত উচ্চ ঝুঁকি’ তৈরি করতে পারে বলে গতকাল সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। পাশাপাশি ভাইরাসের এই ধরনকে মোকাবিলায় বিশ্বকে দ্রুত প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা। গতকাল জেনেভায় ডব্লিউএইচওর সদর দফতর থেকে ওমিক্রন নিয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে ১৯৪টি সদস্যদেশকে টিকাদান কর্মসূচির গতি আরো বাড়ানোর পরামর্শ দিয়েছে। সংক্রমণের নতুন ঢেউ দেখা দিলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে; সে বিষয়ে পরিকল্পনাও দ্রুত নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

বিপদে দক্ষিণ আফ্রিকা
এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে দক্ষিণ আফ্রিকা বলেছে, বিশ্বের এ সিদ্ধান্ত অন্যায্য এবং দক্ষিণ আফ্রিকার অর্থনীতির জন্য ক্ষতিকর। দক্ষিণ আফ্রিকার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করার বৈজ্ঞানিক সক্ষমতাকে শাস্তি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি।

ডেলটা রূপের আবিষ্কার হওয়ায় বদনাম কুড়িয়েছিল ভারত। আর করোনার শুরুটা চীনে হওয়ায় দেশটি একরকম বিপদেই পড়েছিল। মোটামুটি করোনার নতুন রূপ যেসব দেশে পাওয়া গেছে সেসব দেশই গত দুই বছর ধরে বিপদে পড়েছে। প্রথম দিকে করোনার নতুন ধরনের নাম দেশের নামেই হতো। কিন্তু ‘ভারতীয় ধরন’ যখন ভারতের সম্মানের জন্য ক্ষতিকর হয়ে দেখা দিল তখন ভারত ভ্যারিয়েন্টের অন্য কোনো নাম দেয়ার আবেদন জানায়। এরপর গ্রিক নামে ভ্যারিয়েন্টের নামকরণ করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২০ সালের শেষ দিকে ভারতে শনাক্ত হওয়া ডেলটা রূপ বিশ্বের ১৬৩ দেশে সংক্রমণ ছড়িয়েছে। আক্রান্ত বেশ কয়েক কোটি মানুষ। দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী ছিল এই রূপ। দক্ষিণ আফ্রিকা থেকে পাওয়া তথ্যমতে, ওমিক্রনের পক্ষে ডেলটার পরিসংখ্যানকে ছোঁয়ার পূর্বাভাস নেই। কেবল মানবদেহের সহজাত রোগ প্রতিরোধ ক্ষমতা নয়। ওমিক্রনকে লড়াই করতে হবে করোনা টিকার প্রতিরোধের বিরুদ্ধেও। ডেলটা ধরনের সংক্রমণের সময় বিশ্ব জুড়ে টিকাকরণের সংখ্যা ছিল অনেক কম। এখন টিকাকরণ অনেকটাই এগিয়েছে। ফলে ওমিক্রনের পরীক্ষা আরো কঠিন।

এছাড়া গত এক বছরে টিকা সংক্রান্ত গবেষণাও এগিয়েছে অনেকটা। ফাইজার ও বায়োএনটেকের মতো সংস্থা ইতিমধ্যেই ঘোষণা করেছে, করোনা ভাইরাসের নয়া রূপ প্রতিরোধী টিকা তৈরির কাজ ৬ সপ্তাহের মধ্যে শুরু হবে। ১০০ দিনের মধ্যেই আসবে নতুন টিকা। সব মিলিয়ে এক বছর আগে ডেলটার ঢেউয়ের মোকাবিলার জন্য বিশ্ব যতটা প্রস্তুত ছিল, ওমিক্রন প্রতিরোধে প্রস্তুতি তার চেয়ে বেশি। আবার ডব্লিউএইচও দ্রুত উদ্বেগ জানিয়েছেন বলে অনেক বিজ্ঞানী মনে করছেন। যদিও এরও কারণ আছে। কারণ ডেলটা পাওয়ার পর ডব্লিউএইচও দ্রুত ব্যবস্থা না নেওয়ায় সমালোচনার মুখোমুখি হয়েছিল।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা হচ্ছে নতুন এই ধরনটি নিয়ে। এর সক্ষমতা ও কতদিন স্থায়ী হতে পারে, তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভ্যাকসিন নিয়েও আলোচনা করা হচ্ছে। ওমিক্রন প্রতিরোধে ভ্যাকসিন আনার কথা বলছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না। ২০২২ সালের শুরুতেই কোভিডের নতুন এই ধরন মোকাবিলায় টিকা তৈরির উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

মডার্না ইনকরপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল বার্টন বলেন, বিদ্যমান ভ্যাকসিনগুলোকে ফাঁকি দিতে পারে করোনার এই নতুন ধরন। সে কারণে ২০২২ সালের শুরুতে নতুন করে ভ্যাকসিন আনবে প্রতিষ্ঠানটি।

জার্মানির বায়োএনটেক ও যুক্তরাষ্ট্রের ফাইজার বলেছে, তাদের টিকা পরিবর্তন করতে হবে কিনা তার জন্য দুই সপ্তাহের মধ্যে এ নতুন ধরনের বিষয়ে তথ্য পাওয়ার আশা করছে। মডার্না বলেছে, তারা নতুন এ ধরনের জন্য সুনির্দিষ্ট একটি বুস্টার ডোজ তৈরি করবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, ‘নতুন ওমিক্রন ভ্যারিয়েন্টের বিস্তার হচ্ছে ভবিষ্যত মহামারি মোকাবিলায় আমাদের যৌথ সামর্থ্যরে পরীক্ষা।’ ওমিক্রন ইস্যুতে গতকাল সোমবার শুরু হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অধিবেশনের উদ্বোধনে এসব কথা বলেন তিনি। তিন দিনের ওই অধিবেশনের শুরুতে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, মহামারি অবসানের মূল হবে ‘সাহসী এবং সহানুভূতিশীল নেতৃত্ব’ এবং ‘পারস্পারিক সহমর্মিতার প্রতি অবিচল প্রতিশ্রুতি।’

ভ্যাকসিন বিতরণে বৈষম্যের কঠোর সমালোচনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, ‘ভাইরাসটির বিস্তার এবং এর পরিবর্তন ঠেকাতে সব দেশেই টিকাদান জরুরি।’ ডবিøউএইচও প্রধান বলেন, ‘ভ্যাকসিন বৈষম্য যত বেশি থাকবে, তত বেশি উপায়ে ভাইরাসটি বিস্তৃত হবে যা আমরা আগে ধারণা করতে পারবো কিংবা রুখতে পারবো না। আমরা সকলেই একসূত্রে গাঁথা।’

ওমরাহ পালনে ১৮ দেশের নাগরিকের সউদী প্রবেশ নিষিদ্ধ
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে ওমরাহ পালনে তুরস্কসহ ১৮ দেশের নাগরিকের সউদী প্রবেশ নিশেধাজ্ঞা আরোপ করা হয়েছে। টিকা নেয়া থাকলেও তুরস্ক, লেবানন ও আফগানিস্তানসহ ১৮ দেশের নাগরিককে সউদী প্রবেশে নিষেজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা আরোপ করা অন্য দেশগুলো হচ্ছে- মালাবি, জাম্বিয়া, মাদাগাস্কার, এঙ্গোলা, সিশেল, মরিশাস, কোমোরোস, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বোতসোয়ানা, মোজাম্বিক, লেসোথু, ইউথুপিয়া ও এসওয়াতিনি।

আমিরাতে সাত দেশের ফ্লাইট স্থগিত
করোনার নতুন ধরনের সংক্রমণরোধে সাত দেশের সঙ্গে ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল থেকে এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে। ফ্লাইট স্থগিত করা সাত দেশ হলো- দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, লিসোথো ও এসওয়াতিনি।

ভারতে পৌঁছেছে ওমিক্রন?
ওমিক্রন আতঙ্কের মধ্যেই ভারতে কোভিড পজেটিভ হয়েছে দক্ষিণ আফ্রিকা ফেরত এক ব্যক্তি। যদিও তিনি করোনার নয়া প্রজাতি ‘ওমিক্রন’-এ আক্রান্ত কিনা, সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে তাঁকে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। আইসেলেশনে রয়েছে ওই ব্যক্তির পরিবারও। একইসঙ্গে গতকালই তাদের করোনা পরীক্ষা করা হয়েছে। ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে মহারাষ্ট্রের থানে জেলার দম্বিভালিতে ফেরেন ওই ব্যক্তি। দেখা যায়, তিনি কোভিড পজেটিভ।

থানের বাসিন্দা ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা থেকে ফেরার পর থেকে এখনও পর্যন্ত কারো সংস্পর্শে আসেননি। তাঁকে আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে। এমনকি তার গোটা পরিবারও আইসোলেশনেই রয়েছে।

বিমানবন্দর থেকে লাপাত্তা বৎসোয়ানার মহিলা
এদিকে জব্বলপুরের দুমনা বিমানবন্দর থেকে ‘নিখোঁজ’ বৎসোয়ানার মহিলা। হন্যে হয়ে ওই বৎসোয়ানার মহিলাকে খুঁজে বেড়াচ্ছে প্রশাসন। ১৮ নভেম্বর জব্বলপুরের দুমনা বিমানবন্দরে ‘পৌঁছেন’ ওরিমিট সেলিন নামে ওই মহিলা। আর তারপর থেকেই তিনি ‘নিখোঁজ’। বছর ২৪-এর ওই মহিলা ‘সাউথ আফ্রিকান ন্যাশনাল’ এয়ারলাইনসের বিমানে প্রথমে দিল্লি আসেন। তারপর সেখান থেকে জব্বলপুরে। তার খোঁজে জব্বলপুরের সমস্ত হোটেল, গেস্ট হাউজে তল্লাশি চালানো হয়। কিন্তু তার কোনও খোঁজ-ই এখনও পর্যন্ত মেলেনি।

তার দেয়া মোবাইল নাম্বারে ফোন করলে ওই মহিলা জব্বলপুরে আসার কথা-ই অস্বীকার করেন। তিনি দিল্লির দূতাবাসেই রয়েছেন বলে জানান! যারফলে কোনটা সত্যি, কোনটা ভুয়ো জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। সূত্র : এএফপি, বিবিসি নিউজ, আল-জাজিরা, দ্য গার্ডিয়ান, বুমবার্গ, রয়টার্স, এনবিসি নিউজ।

ইসলাম গ্রহণের আনন্দে কাঁদলেন ফরাসি তরুণী।

মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১, ১৫ অগ্রহায়ণ ১৪২৮, ২৪ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ইসলাম গ্রহণের আনন্দে কেঁদেই ফেললেন এক ফরাসি তরুণী। গত শুক্রবার এলিসিয়া ট্রান্ট নামের ওই তরুণী ফ্রান্সের মসজিদে ইসলাম গ্রহণ করেন। তারপরেই আনন্দে কেঁদে ফেলেন তিনি। এলিসিয়া যেন কোনো সঙ্কট বা বাধার সম্মুখীন না হন এবং ইসলামের অনুশাসন যেন সহজভাবে পালন করতে পারেন এজন্য অনেকে দোয়া করেছেন।

টুইটারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, উপস্থিত নারীদের মধ্যে কালেমা পাঠ করে এলিসিয়া ইসলাম গ্রহণ করেন। এ সময় তাকে অঝোর কান্না করতে দেখা গেছে। আল-জাজিরা মুবাশিরের প্রতিবেদন থেকে জানা যায়, ইমামের পাঠ অনুসরণ করে এলিসিয়া কালেমা পাঠ করেন। তখন উপস্থিত নারীরা তাকবির বলে ওঠলে এলিসিয়া আবেগাপ্লুত হয়ে পড়েন। এরপর আনন্দের আতিশয্যে তিনি কান্না করে ফেলেন। ইসলাম গ্রহণ করেই তিনি হিজাব পরাসহ অন্যান্য অনুশাসন পালন শুরু করেছেন। ইসলাম গ্রহণ করে এক টুইট বার্তায় এলিসিয়া জানিয়েছেন, ‘আমি জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত সবার সাথে ভাগাভাগি করতে চাই।’ এরপর তিনি ইসলামগ্রহণের ভিডিও শেয়ার দেন। ইতিমধ্যে লক্ষাধিক বার তা দেখা হয়েছে। টুইট বার্তায় এলিসিয়াকে অভিনন্দন জানাতে থাকেন সবাই। আবার অনেকে তার ব্যাপারে কট‚ মন্তব্য করলেও তিনি কারো কারো কথার জবাব দেননি। দীর্ঘ সময় পর তিনি এক টুইট বার্তায় লিখেছেন, ‘যারা আমাকে মেসেজ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা। মেসেজের সংখ্যা অনেক হওয়ায় সরাসরি কাউকে জবাব দেয়া কঠিন।’ টুইট বার্তায় অনেকে তাকে অভিবাদন জানিয়ে লিখেছেন, ফ্রান্সে মুসলিমদের ওপর নিপীড়নমূলক আচরণ ক্রমাগত বাড়লেও ইসলামফোবিয়া ও বর্ণবাদের পরিবেশের মধ্যে ইসলামের সন্ধানে থাকা মানুষের সংখ্যাও অনেক বাড়ছে। সূত্র : আল জাজিরা মুবাশির।

দেশে,২২৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু দুই।

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৮০ জনে। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনা ধরা পড়েছে আরও ২২৭ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৬ হাজার ৮৯১টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জনই পুরুষ এবং ঢাকা বিভাগের। তবে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। 

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করেছে বাংলাদেশ।

রামপুরায় বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, ৮ বাসে আগুন।

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা কমপক্ষে ৮টি বাসে আগুন দিয়েছেন।

সোমবার রাতে সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এতে রামপুরা ও আশপাশের এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।  

ওসি রফিকুল ইসলাম বলেন,  সোমবার রাত ১১টার পর রামপুরা বাজারের কাছে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।

ঘাতক বাসটি অনাবিল পরিবহণের একটি বাস বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহণের বাসটির ধাক্কায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে উপস্থিত পথিকরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাসচালক হতে পারেন তিনি। 

প্রবাসীদের বিতাড়িত করা অবৈধ !

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আত্মহত্যার ঘটনা সম্পর্কে সম্প্রতি প্রকাশিত সংবাদ নিবন্ধের প্রতিক্রিয়া জানিয়ে, কুয়েত কলেজ অফ ল-এর একজন সহকারী অধ্যাপক প্রফেসর ফাওয়াজ আলখাতিব জোর দিয়েছিলেন যে যারা আত্মহত্যার চেষ্টা করে তাদের নির্বাসন করা বেআইনি, কারণ আত্মহত্যার চেষ্টাকে অপরাধ হিসাবে বিবেচনা করা হয় না, আল-কাবাস দৈনিক পত্রিকা থেকে পাওয়া।

দৈনিক একটি প্রেস বিবৃতিতে, অধ্যাপক ফাওয়াজ আলখাতীব বলেন, “আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তি মানসিক অবস্থার শিকার। 16/1960 নং পেনাল কোডের 158 ধারা অনুসারে এর প্ররোচনা বা চুক্তি একটি অপরাধ হিসাবে বিবেচিত হয় যা তিন বছর পর্যন্ত কারাদন্ডে দন্ডনীয়।

কুয়েতের সংশোধনমূলক প্রতিষ্ঠান আইন তাদের সুরক্ষার জন্য যারা আত্মহত্যার চেষ্টা করে তাদের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। আইনের 95 ধারায় বলা হয়েছে যে তাদের সুরক্ষার জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে (কারাগার সংস্থা আইন 26/1962)”।

প্রফেসর ফাওয়াজ আলখাতিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রবাসীদের মধ্যে আত্মহত্যার চেষ্টা করে তাদের “সন্ত্রাস” করার পরিবর্তে তার আইনি দায়িত্ব পালন করতে। তিনি জোর দিয়েছিলেন যে মন্ত্রণালয়কে অবশ্যই এই ব্যক্তিদের চিকিৎসা এবং মানসিক পরীক্ষা এবং মূল্যায়নের জন্য উল্লেখ করে আইনটি সক্রিয় করতে হবে এবং অবশ্যই মানসিক স্বাস্থ্য আইন 14/2019 এর 12 অনুচ্ছেদ অনুসারে বাধ্যতামূলক প্রবেশের নিবন্ধগুলির সাথে কাজ করতে হবে, যা মন্ত্রণালয়ের তদন্তকারীদের অনুমতি দেয়। একটি লিখিত এবং ন্যায়সঙ্গত অনুরোধের ভিত্তিতে তাকে পরীক্ষা করার জন্য এবং তার অবস্থা মূল্যায়ন করার জন্য একটি মানসিক স্বাস্থ্য সুবিধায় একজন মানসিক মূল্যায়নের অধীনে থাকা ব্যক্তিকে রেফার করার জন্য তদন্তের জেনারেল ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ

সুত্রঃ আরব টাইমস অনলাইন

জর্ডানে গার্মেন্টসে কাজ করছে ৫০ হাজার বাংলাদেশি নারী।

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

জর্ডানে বাংলাদেশি নারী কর্মীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশি নারীরা সরকারিভাবে জর্ডানে বেশি কর্মরত আছেন। জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, বর্তমানে দেশটিতে প্রায় ৪৭ হাজার বাংলাদেশি নারী শ্রমিক পোশাকখাতে কাজ করছে।

বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান এবং সেবা বিভাগের কোম্পানি সেক্রেটারি মো. আব্দুস সোবহান বলেন, ‘বাংলাদেশি নারীদের জন্য অর্থ উপার্জনের এটি একটি দারুণ মাধ্যম। বাংলাদেশের পোশাক কারখানায় কাজ করার অভিজ্ঞতা থাকলেই একজন নারী জর্ডানে চাকরি পাওয়ার সুবিধা গ্রহণ করতে পারে।
জর্ডানের পোশাক কারখানায় কাজ করে একজন নারী প্রতি মাসে ২৬০ ডলার থেকে ৩৬০ ডলার পর্যন্ত উপার্জন কর‍তে পারে বলে জানান আব্দুস সোবহান। বাংলাদেশে যেখানে একজন নারী পোশাক কারখানায় কাজ করে প্রতি মাসে গড়ে ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা করে পাচ্ছে, সেখানে একই অভিজ্ঞতায় জর্ডানের পোশাক কারখানায় কাজ করে বাংলাদেশি টাকায় প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত উপার্জন করা সম্ভব বলে তিনি জানান। 

এদিকে, করোনাভাইরাস থেকে স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী নিতে শুরু করেছে জর্ডান। ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে মাত্র ৩ হাজার ৭০০ পোশাকশ্রমিক আমদানি করে জর্ডান। কিন্তু চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই ১২ হাজার ৩০০ শ্রমিক জর্ডানে কাজের সুযোগ পেয়েছে বলে জানা যায়। দেশটি দুই বছর মেয়াদি চুক্তিতে বাংলাদেশ থেকে পোশাকশ্রমিক আমদানি করছে।
২০১০ সাল থেকেই ব্যবসায়িক চুক্তির মাধ্যমে বাংলাদেশ জর্ডানে শ্রমিক রপ্তানি করে আসছে।

বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্রের (বিএনএসকে) একটি জরিপে দেখা যায়, বাংলাদেশের গ্রামঞ্চলের বিদেশগমনেচ্ছু নারীরা মূলত জর্ডানের দেওয়া এসকল সুবিধার জন্যই মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য পছন্দের তালিকায় জর্ডানকে এগিয়ে রাখে।

এ ব্যাপারে ব্র্যাকের অভিবাসন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান বলেন, জর্ডানে আরও নারী কর্মী পাঠানোর ব্যাপারে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করছে ব্র্যাক। বাংলাদেশের নারীদের স্বনির্ভর হওয়ার জন্য জর্ডানের পোশাকখাতে কাজ করা একটি বড় সুযোগ বলে মনে করেন তিনি।
জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, ‘আমরা প্রতিনিয়ত সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। জর্ডানের শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। এছাড়াও অন্যান্য সরকারি এজেন্সি- জর্ডান চেম্বার অব কমার্স, জর্ডান গার্মেন্টস এক্সোসরিস এবং সংশ্লিষ্ট পোশাক কারখানার মালিকদের সঙ্গেও আমরা যোগাযোগ বজায় রাখছি।
সূত্র- আরব নিউজ

ওমিক্রন মোকাবিলায় দেশে স্বাস্থ্য বিভাগের ১৫ নির্দেশনা।

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ১৫ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার রাতে অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও বেশি সংক্রামক। তাই করোনা আবারো দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে বন্দরগুলোতে স্ক্রিনিং জোরদার করা, সব ধরনের জনসমাগম নিরুৎসাহিত করা, পর্যটন কেন্দ্রে অর্ধেক মানুষের অংশগ্রহণ এবং রেস্টুরেন্টে অর্ধেক বা তারও কম মানুষ বসে খাওয়াসহ ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।

সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য জনসমাগমও নিরুৎসাহিত করা হয়েছে। বাইরে বের হলে সবাইকে সবসময় সঠিক নিয়মে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধিও মানতে হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করেছে। যুক্তরাজ্যসহ অনেক দেশ দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা এবং লেসোথোর সঙ্গে যোগাযোগ বন্ধ করেছে। করোনাভাইরাসের ভ্যারিয়েন্টটি ডেলটার চেয়েও বেশি সংক্রামক বলে বিশেষজ্ঞরা মতামত প্রকাশ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া ১৫ নির্দেশনাগুলো হচ্ছে-

১. দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, এসওয়াতিনি, লেসোথোসহ যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং জোরদার করতে হবে।

২. সব ধরনের (সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও অন্যান্য) জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

৩. বাড়ির বাইরে সবার সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৪. রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক বা তার কম আসনে বসে খাওয়ার ব্যবস্থা করতে হবে।

৫. সকল প্রকার জনসমাবেশ, পর্যটন স্থান, বিনোদনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, সিনেমা হল/থিয়েটার হল ও সামাজিক অনুষ্ঠানে (বিয়ে, বৌভাত, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারবে।

৬. মসজিদসহ সকল উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৭. গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

৮. যেসব দেশে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, সেসব দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৯. সকল শিক্ষা প্রতিষ্ঠান (সকল মাদ্রাসা, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সহশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

১০. সকল স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবাগ্রহিতা, সেবা প্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের সঠিকভাবে নাক-মুখ ঢেকে মাস্ক পরাসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১১. স্বাস্থ্যবিধি মেনে ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে হবে।

১২. কোভিড উপসর্গ/লক্ষণযুক্ত সন্দেহজনক ও নিশ্চিত করোনা রোগীর আইসোলেশন ও কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসা অন্যান্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

১৩. কোভিড-১৯ এর লক্ষণযুক্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা এবং তার নমুনা পরীক্ষার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সহায়তা করা যেতে পারে।

১৪. অফিসে প্রবেশ এবং অবস্থানকালীন বাধ্যতামূলক নাক-মুখ ঢেকে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাটা দাপ্তরিকভাবে নিশ্চিত করতে হবে।

১৫. মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার সচেতনতা তৈরির জন্য কমিউনিটি পর্যায়ে মাইকিং ও প্রচার চালানো যেতে পারে। এ ক্ষেত্রে প্রয়োজনে মসজিদ/মন্দির/গির্জা/প্যাগোডার মাইক ব্যবহার করা যেতে পারে এবং ওয়ার্ড কাউন্সিলর/ইউনিয়ন পরিষদের সদস্যসহ নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা যেতে পারে।

যুক্তরাজ্য, জার্মানি এবং ইতালির পর অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসেও শনাক্ত হয়েছে ওমিক্রন। সংক্রমণ ঠেকাতে আফ্রিকার দেশগুলোর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে বিভিন্ন দেশ।

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ৩০ সৌদি কোম্পানি।

সোমবার, ২৯ নভেম্বর ২০২১, ১৪ অগ্রহায়ণ ১৪২৮, ২৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সৌদি আরবের সরকারি ও বেসরকারি কোম্পানিগুলো বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রী প্রকৌশলী সালেহ বিন নাসের আল-জাসের।

সাক্ষাতকালে সৌদি মন্ত্রী শেখ হাসিনাকে খাদেমুল হারামাইন শরিফাইন বাদশাহ সালমানের শুভেচ্ছা পৌঁছে দেন।

সৌদি মন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও স্থিতিশীলতা দেখে তিনি অত্যন্ত মুগ্ধ হয়েছেন।বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে সৌদি আরবকে বাংলাদেশের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্য বিনিয়োগের দুয়ার উন্মুক্ত করেছে। সৌদি আরবের কিছু প্রধান কোম্পানি নির্মাণ ও বিদ্যুৎ খাতে খুব ভালো কাজ করছে। ৩০টিরও বেশি সৌদি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে চায় বলে সৌদি মন্ত্রী জানান।

বাংলাদেশের উন্নয়নে গতিশীল ভূমিকার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সৌদি মন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শেখ হাসিনা আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন, বাংলাদেশে অংশগ্রহণের জন্য মন্ত্রী ও তার প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান। আগামী দিনে উভয় দেশই তাদের পারস্পরিক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।