টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৯ চৈত্র ১৪২৮, ১৯ শাবান ১৪৪৩ হিজরী

দক্ষিণ আফ্রিকার মাঠে ২০ বছরের চেষ্টার পর চলতি সফরেই প্রথম জয়ের স্বাদ পাওয়া বাংলাদেশ সিরিজ জয়েরও ইতিহাস গড়ল। 

তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৩১৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ৩৮ রানে জয় পায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

বুধবার শেষ ম্যাচে ‘অঘোষিত ফাইনালে’ স্বাগতিকদের ১৫৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১৪১ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ে টাইগাররা। 

১৫৫ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে অনবদ্য ব্যাটিং করে ১২৫ বলে ১২৭ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান লিটন দাস ও তামিম ইকবাল। 

আর মাত্র ২ রান হলেই ফিফটি পূর্ণ হতো লিটনের। দলের জয়ে প্রয়োজন ছিল মাত্র ২৮ রান। হাতে ছিল ২৯.১ ওভার। খেলার এমন অবস্থায় বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লিটন। ২০.৫ ওভারে দলীয় ১২৭ রানে ৫৭ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করেন লিটন। 

এরপর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তামিম ইকবাল। দলের জয়ে ৮২ বলে ১৪টি চারের সাহায্যে অপরাজিত ৮৭ রান করেন তামিম। 

বুধবার তিন ম্যাচ সিরিজের ‘অঘোষিত ফাইনালে’ আগে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের বিধ্বংসী বোলিংয়ে ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

এদিন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা করেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কাইল ভেরাইনা ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে তারা ৬.৫ ওভারে ৪৬ রান স্কোর বোর্ডে জমা করেন। 

ভেরাইনা এবং ডি ককের উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদি হাসান মিরাজ। তার বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। আগের ম্যাচে ৬২ রান করা সাবেক এই অধিনায়ককে এদিন ১২ রানে সাজঘরে ফেরান মিরাজ। তার বিদায়ে ৬.৫ ওভারে ৪৬ রানে প্রথম উইকেট হারায় আফ্রিকা।

এরপর জোড়া আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ। তার শিকার হয়ে মাত্র ৩ রানের ব্যবধানে সাজঘরে ফেরেন কাইল ভেরাইনা ও ওপেনার জানেমান মালান। 

তিন ম্যাচ সিরিজেরে প্রথম খেলায় ওপেনিংয়ে ব্যাট করা ভেরেইনাকে ২১ রানে এলবিডব্লিউ করেছিলেন তাসকিন। বুধবার তৃতীয় ওয়ানডেতে তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ১৬ বলে ৯ রান করার সুযোগ পান দক্ষিণ আফ্রিকার এই টপঅর্ডার ব্যাটসম্যান।

তাসকিনের পর দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টিম্বা বাভুমা। ১১ বল খেলে মাত্র ২ রানে ফেরেন প্রোটিয়া এই অধিনায়ক। তার বিদায়ে ১৫.৫ ওভারে ৭১ রানে ৪ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় আফ্রিকা। 

সাকিবের পর আফ্রিকা শিবিরে আঘাত হানেন তরুণ পেসার শরিফুল ইসলাম। তার বলে মেহেদি হাসান মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ভেন দার ডুসেন। ১৮.১ ওভারে দলীয় ৮৩ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ফেরেন ডুসেন। 

এরপর আবার দক্ষিণ আফ্রিকা শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার শিকার হয়ে ফেরেন সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ডুয়াইন পিটোরিয়াস। তাকে মুশফিকের হাতে ক্যাচ তুলতে বাধ্য করেন তাসকিন। 

এরপর দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদাকে আউট করে ৫ উইকেট শিকারের সন্তুষ্টিতে মাঠেই সিজদা দেন তাসকিন। 

২৮.৬ ওভারে ১২৬ রানে ৮ উইকেট পতনের পর মনে হয়েছিল দেড়শর আগেই অলআউট হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৮ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ স্কোর মোটাতাজা করতে ব্যাটিংয়ে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন।

নবম উইকেটে লুঙ্গি  এনগিডিকে সঙ্গে নিয়ে ৩৩ বলে ১৮ রানের পার্টনারশিপ গড়েন মহারাজ। সাকিব আল হাসানের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন লুঙ্গি।  

শেষ দিকে স্কোর মোটাতাজা করতে যাওয়া কেশভ মহারাজকে রান করে সাজঘরে ফেরান তামিম-মুশফিক। ৩৯ বলে চার বাউন্ডারিতে ২৮ রান করে কেশভ মহারাজের বিদায়ে ৩৭ ওভারে ১৫৪ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। 

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৩৭ ওভারে ১৫৪/১০ রান (জানেমান মালান ৩৯, কেশভ মহারাজ ২৮, ডুয়াইন পিটোরিয়াস ২০, ডেভিড মিলার ১৬; তাসকিন আহমেদ ৫/৩৫, সাকিব ২/২৪)।

বাংলাদেশ: ২৬.৩ ওভারে ১৫৬/১ রান (তামিম ৮৭*, লিটন ৪৮, সাকিব ১৮*)।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-১ ব্যবধানে জয়ী। 

বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু উদ্বোধন।

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দার্দানেলিস প্রণালিতে বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু উদ্বোধন করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সেতুটির উদ্বোধন করেন। গত শুক্রবার এরদোয়ানের উদ্বোধন করা এই সেতু এশিয়া ও ইউরোপকে যুক্ত করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই দশক ধরে তুরস্কের ক্ষমতায় থাকা এরদোয়ান বড় বড় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছেন। দেশটিতে সর্বশেষ বড় যেসব অবকাঠামো নির্মিত হয়েছে, এর মধ্যে এই ঝুলন্ত সেতু অন্যতম। তুরস্কের চানাক্কালে সেতুই এখন বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজনে ২০,০০০ স্বেচ্ছাসেবক নিয়োগ

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

কাতারে ২১শে নভেম্বর হতে ১৮ই ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজনে সহায়তা করার জন্য ২০০০০ স্বেচ্ছাসেবককে নিয়োগ করবে স্বাগতিক দেশ কাতার এবং ফিফা। আগ্রহী স্বেচ্ছাসেবক যাদের বয়স ১৮ বছর অথবা তার বেশি এবং ইংরেজি বা আরবি ভাষা জানেন তারা নিচের লিংক ব্যবহার করে ফিফা স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারেন।

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২ আয়োজনে স্বেচ্ছাসেবক নিবন্ধন করার জন্য আগ্রহী বাংলাদেশী নাগরিকগণকে অনুরোধ করা যাচ্ছে। এর মাধ্যমে ক্রীড়ামোদি দেশ হিসেবে বাংলাদেশকে উপস্থাপন করার সুযোগ তৈরি হবে।
https://fwc2022.volunteer.fifa.com/login

তথ্যসূত্রঃ Embassy of Bangladesh, Doha

৮ মাসে বিদেশে গেছেন প্রায় ৬ লাখ বাংলাদেশি।

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যানুযায়ী গত ২০২১ সালের ১৫ জুলাই থেকে ১৪ মার্চ ২০২২ পর্যন্ত বিশ্বের ৮৭টি দেশে ৮ মাসে ৫ লাখ ৭৫ হাজার ৩৮২ জন কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গেছেন সৌদি আরবে ৩ লাখ ৯৬ হাজার ৯৪৯ জন। ওমানে গেছেন ৬৫ হাজার ১২৩ জন। সংযুক্ত আরব আমিরাতে গেছেন ৫৮ হাজার ৫৮৪ জন। সিঙ্গাপুরে গেছেন কাজ গেছেন ২৪ হাজার ৮৯১ জন। জর্ডান গেছেন ৯ হাজার ৩৭২ জন। কাতারে ৮ হাজার ৬৬২ জন। কুয়েতে ৩ হাজার ২৫২ জন। রোমানিয়ায় ১ হাজার ৪৪৬ জন।

এছাড়া মালটা গেছেন ৮৫১ জন। মরিশাস ৭৯৩ জন। ইতালি ৬৫৬ জন। কোরিয়া (দক্ষিণ) ৫৭৯ জন। আলবেনিয়া ৫৫৭ জন। গায়ানা ৪৩০ জন। সেশেলস ৪০৯ জন। ক্রোয়েশিয়া ৩৪০ জন। লেবানন ২২১ জন। কানাডা ২০৩ জন। সাইপ্রাস ১৯৭ জন। কঙ্গো ১৭১ জন। পোল্যান্ড ১৫০ জন। সোয়াজিল্যান্ড ১৪৩ জন। সার্ভিয়া ১৩৭ জন। যুক্তরাজ্য ১৩০ জন। কম্বোডিয়া ১২৬ জন। বলিভিয়া ১১৪ জন। আলজেরিয়া ৯২ জন। হাঙ্গেরি ৮৭ জন। সোমালিয়া ৭৮ জন। ইউক্রেন ৭৪ জন। মালয়েশিয়া ৪০ জন। আইভরি কোস্ট ৩৯ জন। শ্রীলঙ্কা ৩৯ জন। দক্ষিণ সুদান ৩২ জন। হংকং ৩২ জন। স্লোভেনিয়া ৩২ জন। ইথিওপিয়া ২৫ জন। পাপুয়া নিউগিনি ২৫ জন। চেক প্রজাতন্ত্র ২২ জন। মোজাম্বিক ২১ জন। নাইজেরিয়া ২১ জন। জার্মানি ২০ জন। নিরক্ষীয় গিনি ১৯ জন। সুইডেন ১৮ জন। বসনিয়া-হার্জেগোভিনা ১৭ জন। পাকিস্তান ১৬ জন। জিবুতি ১৪ জন। ব্রুনাই দারুসসালাম ১৩ জন। সুদান ১১ জন। পর্তুগাল ১১ জন। ইকুয়েডর ৯ জন।

এর বাইরে কিরগিজ প্রজাতন্ত্র ৯ জন। নেদারল্যান্ডস ৮ জন। অ্যাঙ্গোলা ৬ জন। মালদ্বীপ ৫ জন। বুরুন্ডি ৫ জন। নরওয়ে ৪ জন। বতসোয়ানা ৪ জন। থাইল্যান্ড ৪ জন। আয়ারল্যান্ড ৩ জন। ইরাক ৩ জন। ইয়েমেন ৩ জন। বাহরাইন ৩ জন। মার্কিন যুক্তরাষ্ট্র ২ জন। বেলিজ ২ জন। নিউজিল্যান্ড ২ জন। মাদাগাস্কার ২ জন। লিথুয়ানিয়া ২ জন। ঘানা ২ জন। তুরস্ক ২ জন। লিবিয়া ২ জন। গিনি ১ জন। রাশিয়ান ফেডারেশন ১ জন। আইসল্যান্ড ১ জন। বুলগেরিয়া ১ জন। বাহামা ১ জন। মেক্সিকো ১ জন। মরক্কো ১ জন। ফিনল্যান্ড ১ জন। কেম্যান দ্বীপপুঞ্জ ১ জন। ব্রাজিল ১ জন। কাজাকস্তান ১ জন। ডেনমার্ক ১ জন। কেনিয়া ১ জন। অস্ট্রেলিয়া ১ জন। ইন্দোনেশিয়া ১ জন। তুর্কমেনিস্তান ১ জন।

এ ব্যাপারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম (এনডিসি) বলেন, করোনার কারণে জনশক্তি রপ্তানি খাত অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে করোনাকালে সব সমস্যা কাটিয়ে ২০২১ সালের নভেম্বরে ১ লাখ ২ হাজার জন, ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার জন, জানুয়ারিতে ১ লাখ ৯ হাজার জন ও ফেব্রুয়ারির আটাশ দিনে ৯২ হাজার জন কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছেন।

তিনি বলেন, বিদেশে রেকর্ড পরিমাণ কর্মী যাওয়ার কারণ আমরা সিস্টেমটিকে সহজ করে দিয়েছি। চাকরি নিয়ে বিদেশ যাওয়ার আগে ৩ দিন বাধ্যতামূলক যে কোর্স করতে হতো নিজ জেলায় গিয়ে, সেটি এখন আমরা উন্মুক্ত করে দিয়েছি। এখন যেকোনো জেলার মানুষ যেকোনো সরকারি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে সেই কোর্স সম্পন্ন করতে পারবেন। বিদেশ যাওয়ার ৩ মাস আগে এই কোর্স সম্পন্ন করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বিদেশ যাওয়ার আগে তিনদিনের কোর্স সম্পন্ন করলেই হবে।

কাতার বিশ্বকাপে টিকিটের জন্য আবেদনের সুযোগ।

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

আগামী ২৩ মার্চ থেকে কাতার সময় দুপুর ১টায় আর বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে ২৯ মার্চ কাতার সময় দুপুর ১২টা এবং বাংলাদেশ সময় দুপুর ৩টা পর্যন্ত দর্শকরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন।

fifa.com/tickets

ওমর সানি,দোহা, কাতার।

সুইডেনে স্কুলে ছুরি হামলায় ২ নারী নিহত।

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

সুইডেনের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে ১৮ বছর বয়সি এক ছাত্র দুই নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী ওই ছাত্রকে গ্রেফতার করেছে।

সূত্রঃ আরব নিউজ

অর্থসংকটে থাকা শ্রীলঙ্কাকে ভারতের শতকোটি ডলার ঋণ।

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

আর্থিক দুর্দশায় পড়েছে শ্রীলঙ্কা। দেশটিতে নগদ অর্থের চরম সংকট দেখা দিয়েছে। কাগজ আমদানির অর্থ না থাকায় দেশটিতে পরীক্ষা পর্যন্ত বন্ধ আছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়েছে ভারত। খাবার ও ওষুধ কিনতে ভারত শ্রীলঙ্কাকে ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

তৃণমূল নেতাকে হত্যার জেরে রণক্ষেত্র রামপুরহাট, জীবন্ত দগ্ধ ১২।

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

দুষ্কৃতদের ছোড়া বোমার আঘাতে সোমবার (২১ মার্চ) রাতে প্রাণ হারিয়েছেন তৃণমূল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখ। তিনি পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ছিলেন। তার হত্যাকাণ্ডের পর রাতেই রামপুরহাটে ১২ জনকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।

সূত্র জানিয়েছে, ভুক্তভোগীদের ঘরের ভেতর আটকে রেখে আগুনে পুড়িয়ে মারা হয়। এ নিয়ে চাপানউতর শুরু হয়েছে রাজ্যের রাজনৈতিক দলগুলোর মধ্যে।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এরই মধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক করেছেন। ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য সচিবালয়। দায়িত্বরত ওসি’কে ক্লোজ করা হয়েছে এবং এসডিপিও’কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে

দেশে করোনায় নতুন কোন মৃত্যু হয়নি।

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় কোন মৃত্যু হয়নি। মোট প্রাণহানি ২৯,১১৭ জন। নতুন নমুনা পরীক্ষা ১০,৯৪৯ জন। নতুন রোগী ১২১ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ১.১১ শতাংশ। মোট শনাক্ত হয়েছে ১৯,৫০,৮৪৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ ১,২৩৪ জন। মোট সুস্থ ১৮,৭২,৮৪৫ জন।

৩ সপ্তাহে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে ২০ লাখ শরণার্থী

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

মাত্র ৩ সপ্তাহে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন ২০ লাখ ইউক্রেনীয় শরণার্থী।
এদিকে, রুশ আগ্রাসনের জেরে এখন পর্যন্ত ইউক্রেন ছেড়েছেন ৩৩ লাখের বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত কম সময়ে এই পরিমান মানুষের দেশ ছাড়ার ঘটনা এটাই প্রথম।

এর মধ্যে শুধুমাত্র পোল্যান্ডেই আশ্রয় নিয়েছেন ২০ লাখের বেশি মানুষ। দেশটির রাজধানীতেই আশ্রয় নিয়েছন ৩ লাখ মানুষ। এদের মধ্যে অর্ধেক শিশু এবং বাকিরা নারী এবং বয়স্ক মানুষ।