সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই।

শনিবার , ১৯ মার্চ ২০২২, ০৫ চৈত্র ১৪২৮, ১৫ শাবান ১৪৪৩ হিজরী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ মারা গেছেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

#ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

আজ সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ আজ সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে মারা গেছেন।’

রাষ্ট্রপতির দায়িত্ব থেকে ২০০১ সালের ১৪ নভেম্বরে অবসরে যাওয়ার পর গুলশানে নিজের বাসভবনে অনেকটা নিভৃত জীবনযাপন করছিলেন সাহাবুদ্দীন আহমদ।

নব্বইয়ের আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর রাষ্ট্রপ্রধানের দায়িত্বে আসেন তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ।

এরশাদের পদত্যাগের পর রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন তা নিয়ে আওয়ামী লীগ, বিএনপিসহ গণঅভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলো একমত হতে পারছিল না। পরবর্তীতে প্রধান বিচারপতিকে সেই দায়িত্ব দেওয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছান তারা। তবে, আবার সুপ্রিম কোর্টে ফিরে যাবেন এমন শর্তে সাহাবুদ্দীন আহমদ তাতে রাজি হন।

১৯৯০ সালের ৬ ডিসেম্বর রাষ্ট্রপতির দায়িত্ব নেন সাহাবুদ্দীন আহমদ। তার নেতৃত্বে নির্দলীয় সরকার ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করে।

এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হন সাহাবুদ্দীন আহমদ। ১৯৯৬ সালের ৯ অক্টোবর দায়িত্ব নিয়ে ২০০১ সালের ১৪ নভেম্বরে মেয়াদ পূর্ণ করেন তিনি।

সাহাবুদ্দীন আহমদ ও তার স্ত্রী আনোয়ারা আহমদের ৫ সন্তানের মধ্যে সবার বড় ড. সিতারা পারভীন। সিতারা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন। সাহাবুদ্দীন আহমদের ২ ছেলে গুলশানে বাবার সঙ্গেই থাকতেন এবং অপর ২ মেয়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে থাকেন।

উল্লেখ্য, ১৯৯১ সালে বাংলাদেশে ঐতিহাসিক নিরেপক্ষ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিয়ে জাতির নিকট ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন রাষ্টপতি শাহাবুদ্দীন।
#দ্য ডেইলি স্টার।

দারুণ জয়ে সিরিজ শুরু টাইগারদের।

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ০৪ চৈত্র ১৪২৮, ১৪ শাবান ১৪৪৩ হিজরী

জয়ে সিরিজ শুরু করল টাইগাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে নিল টিম বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাঠে স্বাগতিকদের বিরুদ্ধে এটিই প্রথম জয়।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানে জিতেছে বাংলাদেশ। এর আগে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান করে টাইগাররা। এর জবাবে দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে ২৭৬ রান করে।

টাইগারদের দেওয়া বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে প্রোটিয়ারা। আর তাদের বিপদে ফেলেন পেসার তাসকিন আহমেদ। তিনি দলীয় অষ্টম ওভারের প্রথম ও চতুর্থ বলে উইকেট তুলে নেন। 

বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার শরিফুল ইসলাম। তিনি ওপেনার জানেমান মালানকে মাত্র ৪ রানে আউট করে দেন। ওই সময়ে দক্ষিণ আফ্রিকার দলীয় রান ছিল ১৮।

প্রোটিয়া শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন তাসকিন দলীয় ৩৬ রানের মাথায়। এ সময় তিনি ওপেনার কাইল ভেরেন্নেকে এলবিডব্লিউ আউট করেন। এরপর এই ৩৬ রানের সময়ই এইডেন মাক্রামকে ক্যাচ আউট করেন। মাক্রামের ক্যাচটি দুর্দান্তভাবে তালুবন্দি করেন মেহেদি হাসান মিরাজ। 

এর পর জুটি গড়েন রাসি ফন ডার ডাসেন ও ডেভিড মিলার। তাদের বিপজ্জনক জুটিটেও ভাঙেন তাসকিন। এ জুটি ভাঙতে একের পর এক বোলার বদলাচ্ছিলেন তামিম ইকবাল।

তাসকিনের অফ স্টাম্পের অনেক বাইরের ছোড়া বল হাঁটু গেড়ে লেগে ঘুরান ফন ডার ডাসেন। আর ছুটে গিয়েই বলটি তালুবন্দি করেন ইয়াসির। আর এতে ভেঙে যায় ৭০ রানের জুটি। সর্বশেষ ৪০ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ৫ উইকেটে ১৯৯।

এর আগে প্রথম ম্যাচটিতে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন সাকিব আল হাসান। অন্যদিকে সমান ৫০ রান করে করেছেন  ইয়াসির আলী ও লিটন দাস।

ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। শুরুতেই বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও  লিটন দাস। তারা ওপেনিং জুটিতে করেন ৯৫ রান। এরপর চতুর্থ উইকেটের জুটিতে দলের রানের খাতায় ১১৫ রান যোগ করেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী।

তামিম দলীয় ৯৫ রানের সময় ৬৭ বল খেলে ৪১ রান করে আউট হন। এরপর লিটন দাস হাফ সেঞ্চুরি পূর্ণ করেই সাজঘরে ফেরেন। তিনি আউট হন দলীয় ১০৫ রানের সময়। 

পর পর দুটি  উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ে যখন দলীয় ১২৪ রানের সময় মুশফিকুর রহিম মাত্র ৯ রান করে আউট হন। 

কিন্তু এরপরই দলের হাল ধরেন সাকিব আল হাসান ও ইয়াসির আলী। তারা দুইজন মিলে রানের সংখ্যা বাড়াতে থাকেন। 

সাকিব থামেন দলীয় ২৩৯ রানের মাথায়। সাকিব বিদায় নেওয়ার পর ইয়াসিরও দ্রুতই সাজঘরে ফেরেন। তিনি ২৩৪ রানের সময় আউট হন। 

সাকিব ও ইয়াসির আউট হওয়ার আগে বাংলাদেশ বড় সংগ্রহের দিকেই আগাচ্ছিল। কিন্তু তারা দুইজন কম সময়ের মধ্যে আউট হয়ে যাওয়ার পর রানের গতি কিছুটা কমে যায়। কিন্তু লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা শেষ দিকে দ্রুত রান তুলে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেন।

শেষ দিকে ব্যাট করতে নামা মেহেদি হাসান মিরাজ ১৩ বল খেলে ১৯ রান করেন। মাহমুদউল্লাহ রিয়াদ ১৭ বল খেলে ২৫ রান করেন। তাছাড়া আফিফ ১৩ বলে ১৭ ও তাসকিন ৫ বলে ৭ রান করেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি করে উইকেট নিয়েছেন মার্কো জেনসন ও কেশভ মহারাজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ৩১৪/৭ (তামিম ৪১, লিটন ৫০, সাকিব ৭৭, মুশফিক ৯, ইয়াসির ৫০, মাহমুদউল্লাহ ২৫, আফিফ ১৭, মিরাজ ১৯*, তাসকিন ৭*; এনগিডি ১০-১-৭৫-১, রাবাদা ১০-০-৫৭-১, ইয়াসেন ১০-১-৫৭-২, মহারাজ ১০-০-৫৬-২, ফেলুকওয়ায়ো ১০-১-৬৩-১)

দক্ষিণ আফ্রিকা: ৪৮.৫ ওভারে ২৭৬ (ভেরেইনা ২১, মালান ৪, বাভুমা ৩১, মারক্রাম ০, ফন ডার ডাসেন ৮৬, মিলার ৭৯, ফেলুকওয়ায়ো ২, ইয়ানসেন ২, রাবাদা ১, মহারাজ ২৩, এনগিডি ১৫*; সাকিব ১০-০-৫৪-০, শরিফুল ৮-০-৪৭-২, তাসকিন ১০-১-৩৬-৩, মুস্তাফিজ ১০-০-৫০-০, মিরাজ ৯-০-৬১-৪, মাহমুদউল্লাহ ১.৫-০-২৪-১)

বাড়তে পারে প্লেনের টিকিটের দাম।

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ০৪ চৈত্র ১৪২৮, ১৪ শাবান ১৪৪৩ হিজরী

বিশ্বের অন্যতম বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী এড বাস্তিয়ান বলেছেন, জ্বালানি তেলের চড়া দামের কারণে প্লেনের টিকিটের দাম ৫ থেকে ১০ শতাংশ বাড়তে পারে।

এছাড়া চ্যানেল আইল্যান্ডস এয়ারলাইন অরিজিনের প্রধান নির্বাহী নিকো বেজুইডেনহাউট সতর্ক করে বলেন, তেলের মূল্য বৃদ্ধির কারণে বিমানের টিকিটের দাম ২ থেকে ৪ পাউন্ড বাড়তে পারে। খবর বিবিসির।

রাশিয়া ইউক্রেন আক্রমণের পর সৃষ্ট অস্থিরতায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম সম্প্রতি ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে দেখা গেছে। মাঝে কিছুটা কমলেও গত বৃহস্পতিবার আবারও তা ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর উঠেছে। জেট ফুয়েলের বাড়তি দামের কারণে এরই মধ্যে টিকিটের ওপর সারচার্জ বসিয়েছে এমিরেটস, জাপান এয়ারলাইন, এয়ারএশিয়ার মতো বড় উড়োজাহাজ সংস্থাগুলো।

ডেল্টার প্রধান নির্বাহী বিবিসিকে বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের একেকটি টিকিটে খরচ বেশি পড়বে সম্ভবত ২৫ ডলারের মতো, যা তেলের বাড়তি দামের ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। তবে আন্তর্জাতিক ফ্লাইটে এর পরিমাণ আরও বেশি হবে।

জ্বালানি খরচ পোষাতে মার্কিন এই এয়ারলাইনটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটে টিকিটের দাম বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে সারচার্জ বসানোর পরিকল্পনা করছে।

বেজুইডেনহাউট বলেন, আমরা তেলের দাম উচ্চ পর্যায়ে দেখছি এবং এ কারণে গড় টিকিটের দাম ২ থেকে ৪ পাউন্ড বৃদ্ধি পেলেও বাস্তবসম্মতভাবে তা গ্রহণযোগ্য।

ইউরোপের বৃহত্তম আকাশ পরিবহন সংস্থা রায়ানএয়ারের প্রধান নির্বাহী মাইকেল ও’লেরিও মনে করছেন, তেলের দামে ঊর্ধ্বগতির কারণে এবারের গ্রীষ্মে প্লেন ভাড়াও বাড়তে পারে।

২ শিশুকে হত্যা, সেই মা কারাগারে

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ০৪ চৈত্র ১৪২৮, ১৪ শাবান ১৪৪৩ হিজরী

ব্রহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পরকীয়া প্রেমের জেরে দুই শিশু ইয়াসিন মিয়া (৭) ও মোরসালিন মিয়া (৪) হত্যার ঘটনায় মা লিমা বেগমকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।এদিকে লিমা আটকের খবরে লিমার কথিত প্রেমিক সফি উল্লাহ আত্মগোপনে চলে গেছেন। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন লিমা। জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতের বিচারক আফরিন আহমেদ হ্যাপী তার জবানবন্দি গ্রহণ করেন। পরে আদালত তাকে জেলহাজতে পাঠান। এর আগে বুধবার রাতে লিমাকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে দুই শিশু সন্তানকে হত্যায় ঘটনায় স্ত্রী লিমা বেগম ও তার প্রেমিকের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন স্বামী ইসমাঈল হোসেন। ইসমাইল একজন দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী। সিলেটে একটি ইটভাটায় শুধু স্লিপ বিতরণের কাজ করেন তিনি।

ইসমাইল বলেন, ‘আমার স্ত্রী লিমা বেগম বাড়িতে থাকে। পাশাপাশি একটি চাতাল কলে কাজ করে। আমি দূরে থাকায় যোগাযোগ করার জন্য লিমাকে একটি ফোন ও সিম দিয়েছিলাম। কয়দিন পর সে আমার দেওয়া সেই সিম পরিবর্তন করে ফেলে। আমি তাকে জিজ্ঞাসা করি কেন, এই সিম কেন পরিবর্তন করা হলো। তখন মিল সর্দার সফিউল্লাহ ওরফে সফো সর্দার বলেন, তোমার নম্বর অনেকে জানে, তোমার স্ত্রীকে অনেকে ফোন করে বিরক্ত করে, তাই আমি একটি সিম দিয়েছি।’

এদিকে লিমার কথিত প্রেমিক সফিউল্লাহকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে বলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানিয়েছেন। 

ভালো শুরুর পর বাংলাদেশের হঠাৎ ছন্দপতন।

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ০৪ চৈত্র ১৪২৮, ১৪ শাবান ১৪৪৩ হিজরী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলছে বাংলাদেশ। 

ম্যাচটিতে টসে হেরে ব্যাট করতে নামে টাইগাররা। আর ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তবে ভালো শুরু এনে দিয়ে প্রায় একই সময়ে দুইজন আউট হয়ে যান। এরপর ব্যাটিংয়ে নামা মুশফিকুর রহিমও দ্রুত সময়ের মধ্যে বিদায় নেন। মুশফিক যখন আউট হন তখন বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১২৪।

অথচ উদ্বোধনী জুটিতে তামিম-লিটন বাংলাদেশকে এনে দেন ৯৫ রান। এ সময় তামিম ৬৭ বল খেলে ৪১ রান করে এলবিডব্লিউ আউট হয়ে সাজঘরে ফিরে যান। তাকে আউট করেন আন্দিলে ফেলুকায়ো। 

তামিম বিদায় নেওয়ার পর লিটন দাস ক্রিজে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৬৭ বল খেলে ৫০ রান পূর্ণ করেই তিনি আউট হন। তাকে সরাসরি বোল্ড আউট করেন দেন কেশভ মহারাজ। তখন বাংলাদেশের দলীয় সংগ্রহ ১০৫। 

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুশফিক ১২ বল খেলে মাত্র ৯ রান করে কেশভ মহারাজের বলে ক্যাচ আউট হন।

এদিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত ৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। কিন্তু ৯ দেখায় একবারও জয়ের মুখ দেখেনি টাইগাররা। 

ফলে শুক্রবারের ম্যাচটি বাংলাদেশের জন্য জয়ের অপেক্ষার অবসান ঘটানোর ম্যাচ। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব মিলিয়ে এখন পর্যন্ত ২১টি ম্যাচ ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এর মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে ৪টি ম্যাচে। বাকি ১৭টি ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। 

দুই দল সর্বশেষ ওয়ানডে ম্যাচে মুখোমুখি ২০১৯ বিশ্বকাপে। ওই ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেয় টাইগাররা। দেখার বিষয় এবার তেম্বা ভাবুমার দলকে টানা দুই ম্যাচে হারাতে পারবে কি না লাল সবুজের প্রতিনিধিরা। 

জার্মান চ্যান্সেলরের সঙ্গে পুতিনের ‘উত্তপ্ত’ বাক্য বিনিময়।

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ০৪ চৈত্র ১৪২৮, ১৪ শাবান ১৪৪৩ হিজরী

ইউক্রেনে হামলা বন্ধ করার অনুরোধ জানাতে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদামির পুতিনকে ফোন করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। 

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ ইঙ্গিত দিয়েছেন, জার্মান চ্যান্সেলরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে পুতিনের। 

দুই নেতার ফোন কলের ব্যাপারে দিমিত্রি পেসকোভ বলেন, দুই নেতার মধ্যে কঠিন কিন্তু ভালো আলোচনা হয়েছে। তবে তাদের দুইজনের বাক্য বিনিময়কে সৌহার্দ্যপূর্ণ বলা যায় না। এটি ছিল কঠোর আলোচনা। 

এদিকে গণমাধ্যম সিএনএন জানিয়েছে, জার্মান চ্যান্সেলরের কাছে পুতিন অভিযোগ করেছেন. ইউক্রেন শান্তি আলোচনায় সময়ক্ষেপণ করছে। রাশিয়া চাইছে দ্রুত সমাধান হোক কিন্তু ইউক্রেন সমঝোতার আলোচনা দীর্ঘায়িত করছে।

এ ব্যাপারে পুতিন চ্যান্সেলর শলৎজকে বলেন, এটা বলতে হয় সমঝোতার সময় বাড়ানোর সব চেষ্টা করছে কিয়েভ প্রশাসন। তারা একটির পর একটি অবাস্তব প্রস্তাব সামনে আনছে। তা স্বত্ত্বেও রাশিয়া সমস্যা সমাধানের পথ খুঁজতে রাশিয়া প্রস্তুত আছে।

এদিকে জার্মানির সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে, চ্যান্সেলর ওলাফ শলৎজ দ্রুততম সময়ের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতির ঘোষণা দিতে পুতিনকে অনুরোধ করেছেন। তাছাড়া মানবিক করিডোর তৈরির জন্যও তিনি পুতিনকে অনুরোধ করেছেন। 

সূত্র: সিএনএন

দেশে,টানা তিন দিন পর করোনায় দুইজনের মৃত্যু

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ০৪ চৈত্র ১৪২৮, ১৪ শাবান ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে।ফলে করোনায় টানা তিন দিন পর মৃত্যু দেখল বাংলাদেশ।এর আগে লাগাতার তিন দিন (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) করোনায় মৃত্যুশূন্য দিন দেখে বাংলাদেশ।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় দুইজন মারা গেছেন।এ নিয়ে করোনায় দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ১১৪ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ১০৮ জনের শরীরে করোনা ধরা পড়েছে।এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫০ হাজার ৪৬৫ জনে। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১৬ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।  সম্প্রতি সে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

‘আমাদের সেই ক্ষমতা আছে’, যুক্তরাষ্ট্রকে হুমকি দিল রাশিয়া

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রকে এবার সরাসরি হুমকি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা উপদেষ্টা দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের পরাশক্তিদের বসিয়ে দেওয়ার ক্ষমতা রাশিয়ার আছে। 

তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা রাশিয়াবিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করার পরিকল্পনা করছে। 

এ ব্যাপারে দিমিত্রি মেদভেদেভ বলেন, পশ্চিমারা রাশিয়া বিরোধী কার্যক্রম চালাচ্ছে। কিন্তু তাদের এ পরিকল্পনা কাজে দেবে না। আমাদের শত্রুদের তাদের নিজ স্থানে বসিয়ে দেওয়ার ক্ষমতা আছে।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের কথা বলে হামলা করে রাশিয়া। তাদের অভিযোগ ছিল যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ব্যবহার করে রাশিয়ায় হামলা করার পরিকল্পনা করছিল এবং ইউক্রেনে রাশিয়ান ভাষায় কথা বলা লোকদের ওপর গণহত্যা চালানো হচ্ছিল।

এসব অভিযোগে ইউক্রেনের ওপর হামলা করার পরই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে। 

নিষেধাজ্ঞা দেওয়ার কারণে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেওয়া শুরু করে বিশ্বের বড় বড় সব ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। 

এ নিষেধাজ্ঞার ফলে রাশিয়া এখন অর্থনৈতিকভাবে সমস্যায় পড়েছে। 

সূত্র: রয়টার্স

নতুন করে পুতিনকে যে প্রস্তাব দিলেন এরদোগান

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। 

তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর বিবৃতিতে জানিয়েছে, এরদোগান পুতিনকে প্রস্তাব দিয়েছেন তিনি যেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে সরাসরি বৈঠকে বসেন। 

প্রেসিডেন্টর দপ্তর আরও জানিয়েছে, এরদোগান পুতিনকে বলেছেন তাদের দুইজনের মধ্যে বৈঠকটি তুরস্ক আয়োজন করতে চায়। পুতিন চাইলে বৈঠকটি আঙ্কারা বা ইস্তানবুলে হতে পারে। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে, এরদোগান পুতিনকে বলেছেন সবার আগে যুদ্ধবিরতি ঘোষণা করেন তিনি। যুদ্ধবিরতি হলে সমস্যা সমাধানের স্থায়ী পথ খুলে যাবে। 


তাছাড়া এরদোগান মানবিক করিডোর তৈরির ব্যাপারেও পুতিনের সঙ্গে কথা বলেছেন। 

এদিকে রাশিয়াকে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করছেন বিশ্বনেতারা। সঙ্গে পুতিনকে দেওয়া হচ্ছে হুমকি ধামকিও। 

তবে পুতিন যুদ্ধ থামানোর ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি। 

বুধবার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় পুতিন জানান, ইউক্রেনে তিনি যে  লক্ষ্য নিয়ে অভিযান চালাচ্ছেন সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তা চলবে।

যদি আলোচনার মাধ্যমে নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে তাহলে ভালো। কিন্তু আলোচনা ব্যর্থ হলে সামরিক অভিযানেই তা অর্জন করার হুশিয়ারি দিয়েছেন তিনি। 

সূত্র: আল জাজিরা

তেল বাণিজ্যে রাশিয়ার সঙ্গে থাকার ইঙ্গিত আরব আমিরাতের

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

আন্তর্জাতিক বাজারে তেলের যোগান নিশ্চিত করতে রাশিয়ার সঙ্গে কাজ করবে আরব আমিরাত। 

রাশিয়া সফরে গিয়ে এমন কথা বলেছেন বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান। 

ইউক্রেনে রাশিয়া হামলা করার পর তেলের বাজারে এর প্রভাব পড়েছে।  ফলে এখন তেলের সংকট সমাধানে সৌদি আরব ও আরব আমিরাতের দিকে ঝুঁকতে চাইছে তেলের ক্রেতারা।  

বিশেষ করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন তেলের উৎপাদন বাড়িয়ে দেয়। 

কিন্তু যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশগুলো। তারা বলেছে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংস্থা ওপেক প্লাসের সঙ্গে তারা চুক্তিবদ্ধ। এই চুক্তিতে রাশিয়াও রয়েছে। 

ওপেক প্লাসে থাকা দেশগুলো চুক্তি করেছে তারা প্রতিদিন ও প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ তেল উত্তোলন করবে। 

মূলত বাজারে তেলে দাম পড়ে যাওয়ার পর এমন চুক্তি করেছিল তারা। 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করার আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন তেল বাণিজ্যে রাশিয়ার সঙ্গেই থাকবেন তারা। 

এ ব্যাপারে আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি ও খাবারের বাজারে স্থিতিশীলতা রাখা প্রয়োজন। 

তাছাড়া তিনি আরও জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান দ্বন্দ্ব শেষ করতে আরব আমিরাত মধ্যস্থতা করতেও প্রস্তুত আছে এবং তারা চেষ্টাও করবে। 

সূত্র: আরব নিউজ