দেশে,টানা তিন দিন করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে টানা তৃতীয় দিনের মতো দেশে কারো মৃত্যু হয়নি।এর আগে লাগাতার দুই দিন (মঙ্গলবার ও বুধবার) করোনায় মৃত্যুশূন্য দিন দেখে বাংলাদেশ। ফলে করোনায় দেশে মোট মৃত্যু ২৯ হাজার ১১২ জনই রয়েছে।

তবে গত ২৪ ঘণ্টায় নতুর করে আরও ২৩৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।  সম্প্রতি সে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৪৯ বাংলাদেশি

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

লিবিয়ার বেনগাজী ও পূর্বাঞ্চল হতে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন।

চলতি মার্চ মাসেই লিবিয়া থেকে ফিরলেন ৩৩৭ বাংলাদেশি। এর আগে ২ মার্চ ১১৪ জন, ১০ মার্চ ফিরেছেন ৭৪ জন আর আজ ফিরবেন ১৪৯ বাংলাদেশি।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

ইউক্রেনকে শত কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

ইউক্রেনে আরও এক শ কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্র সময় বুধবার ভার্চ্যুয়ালি মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে আরও সাহায্য চাওয়ার পর ওই দিনই বাইডেন এ ঘোষণা দেন।

সূত্রঃ বিবিসি

বাংলাদেশেই হবে হজযাত্রীদের ইমিগ্রেশনঃ পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

সৌদি আরবে প্রবেশে হজযাত্রীদের যে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হয় তা বাংলাদেশেই করা যাবে বলে আশ্বাস দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। গতকাল বুধবার (১৬ মার্চ) হোটেল সোনারগাঁওয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

তিনি বলেন, যারা হজে যাবেন, তারা যাতে সহজে ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা দেশেই সম্পন্ন করে যেতে পারেন সেই অনুরোধ তিনি রেখেছিলেন সৌদি মন্ত্রীর কাছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, এই বছর তারা শতভাগ ক্লিয়ারেন্স বাংলাদেশেই করবেন, যাতে কোনো হয়রানি না হয়।

সূত্রঃ Independent Tv

জেলেনস্কির কাছে সমঝোতার জন্য যে ছয় বিষয় গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা সফল করতে ছয়টি বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে সুরক্ষিত করতে নিশ্চয়তা চেয়েছেন তিনি।

স্থানীয় সময় গতকাল বুধবার রাত্রিকালীন ভাষণে জেলেনস্কি বলেন, ‘বিশ্বকে অবশ্যই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে, রাশিয়া সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে।’ তিনি রাশিয়ার ওপর আরও অবরোধ আরোপ, ইউক্রেনকে আরও অস্ত্র সহায়তা এবং নো-ফ্লাই জোন বাস্তবায়নে তার আহ্বানও পুনর্ব্যক্ত করেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়ার সঙ্গে যেকোনো ধরনের সংলাপ সফল হওয়ার জন্য তাঁর দেশের সুরক্ষা নিশ্চিত করা হলো পূর্বশর্ত। তিনি বলেন, ‘শান্তি আলোচনায় আমার অগ্রাধিকার সুস্পষ্ট। সেগুলো হলো যুদ্ধের অবসান, নিরাপত্তার নিশ্চয়তা, সার্বভৌমত্ব, ইউক্রেনের ভূখণ্ডগত অখণ্ডতা অক্ষুণ্ন রাখা, আমাদের দেশের জন্য প্রকৃত নিশ্চয়তা, আমাদের দেশের প্রকৃত সুরক্ষা।’

সূত্রঃ বিবিসি

মেয়র আতিক ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট কমানোর দায়িত্ব নিতে চান

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

রাজধানীর ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট কমানোর দায়িত্ব নিতে চান ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বলেছেন, তাকে এ দায়িত্ব দেয়া হলে তিনি দেখাবেন কীভাবে যানজট কমাতে হয়।

বুধবার (১৬ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম।

রাশিয়ার সাড়ে ১৩ হাজার সেনা নিহত বলছে ইউক্রেন

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার সংঘাতে এখন পর্যন্ত সাড়ে ১৩ হাজারের বেশি রুশ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। তবে রাশিয়া বলছে, তাদের মাত্র ৪৯৮ সেনা নিহত হয়েছে।

ভারতে গণপিটুনিতে ১ বাংলাদেশি নিহত।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

‘চোরাইপথে গরু আনতে গিয়ে’ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় গণপিটুনিতে ১ বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন।

নিহত রেজাউল করিম (৩৪) লালমনিরহাটের জগতবেড় ইউনিয়নের নয়বাড়ি গ্রামের মনসুর আলীর ছেলে। আহত বাবুল মিয়াও (৩৫) একই গ্রামের বাসিন্দা।

জগতবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোরে কোচবিহারের মাথাভাঙা থানার ভোগরামগুড়ি গ্রামে গণপিটুনির এই ঘটনা ঘটে।

সূত্রঃ দ্য ডেইলি স্টার

সউদী থেকে ব্যর্থ ও বিব্রত হয়ে ফিরলেন বরিস জনসন

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

যুক্তরাজ্য আয়োজিত কপ২৬ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক নির্গমন হ্রাসে ‘প্রত্যয় এবং সাহস’ দেখানোর জন্য বিশ্বের নেতাদের আহ্বান জানানোর কয়েক সপ্তাহ পরে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে দেখা গেল সউদী আরবে যেয়ে সহায়তা চাইতে।

তিনি সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের কাছ থেকে রাশিয়ার তেল থেকে পশ্চিমাদের মুক্ত করতে সাহায্য করার জন্য রফতানি বাড়াতে একটি চুক্তির আশা করেছিলেন। ব্রিটিশ মন্ত্রীরা বারবার যুক্তি দিয়েছেন যে, ইউক্রেনের যুদ্ধ মানে ব্রিটেনকে অবশ্যই রাশিয়ান জ্বালানির উপর থেকে তার ‘নির্ভরতা’ থেকে ‘স্বাধীনতা’ সুরক্ষিত করতে হবে।

চলতি বছরের শেষ দিক থেকে রাশিয়া থেকে তেল ও গ্যাস আমদানি নিষিদ্ধ করেছে তারা। ফলে চুক্তির উদ্দেশ্য নিয়ে গেরেও মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাতের পর রিয়াদে বক্তৃতা করে, জনসন কেবলমাত্র রিপোর্ট করতে পারেন যে, মুদ্রাস্ফীতি দ্বারা সৃষ্ট পশ্চিমের অর্থনৈতিক ক্ষতি এড়াতে উপসাগরীয় দেশগুলোতে উৎপাদন বাড়বে বলে তিনি আশাবাদী।

জনসন সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ‘ব্যক্তিগতভাবে’ জানেন বলে জানা গেছে, তার অফিসের কর্মকর্তারা এই সপ্তাহে অস্বীকার করতে ব্যর্থ হয়েছেন যে প্রধানমন্ত্রী যুবরাজকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। তবে জনসনের সফরের পরে যে কোনও তেল চুক্তি এখনও অনেক দূরের বিষয় হিসাবে রয়ে গেছে।

২০১৮ সালে ইস্তাম্বুলে সউদী কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় ক্রাউন প্রিন্সকে মূলত পশ্চিমারা এড়িয়ে গেছেন। এদিকে, একটি নতুন পারমাণবিক চুক্তি পুনর্নির্মাণের বিষয়ে ইরানের সাথে মার্কিন লেনদেনের বিষয়ে সউদী উদ্বেগও পশ্চিমা স্বার্থের উপর ছায়া ফেলেছে, বিশেষ করে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের সউদী-সমর্থিত সরকারের সাথে যুদ্ধ করছে।

ক্রাউন প্রিন্স বিশ্বব্যাপী জ্বালানি সংকট সম্পর্কে জো বাইডেনের সাথে ফোন কলে কথা বলতে অস্বীকার করেছেন বলে জানা গেছে। যেটিকে আরও একটি চিহ্ন হিসাবে ব্যাখ্যা করা হয়েছে যে, সউদী আরব আলোচনার কোন মুডে নেই। মাত্র গত সপ্তাহে দেশটি ৮১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে – বেশিরভাগই সন্ত্রাসবাদের অভিযোগে – যা ছিল দেশটির আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় গণ মৃত্যুদণ্ড।

ফলে সেখানে জনসনের ট্রিপ ঘরে-বাইরে সমালোচিত হয়েছে। লেবার নেতা স্যার কিয়ার স্টারমার বলেছেন, জনসন যেভাবে ‘মাথা নত করে স্বৈরশাসকদের কাছে যাচ্ছেন, তা কোন জ্বালানি কৌশল হতে পারে না’। এবং বুধবার হাউস অফ কমন্সে, ডেপুটি লেবার নেতা অ্যাঞ্জেলা রেনার বলেছেন যে, পুতিনের কাছ থেকে তেল কেনা বন্ধ করার জন্য জনসনের প্রচেষ্টার অর্থ হল প্রধানমন্ত্রী ‘ভিক্ষার মিশনে এক স্বৈরশাসক থেকে অন্য একনায়কের কাছে’ যাচ্ছেন। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ।

আশুগঞ্জে মায়ের পরকীয়া প্রেমেই প্রাণ যায় সেই দুই শিশুর!

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ০৩ চৈত্র ১৪২৮, ১৩ শাবান ১৪৪৩ হিজরী

গত ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাঈল হোসেনের দুই ছেলে ইয়াছিন ও মোরসালিন নাপা সিরাপ খেয়ে মারা যায় বলে অভিযোগ তোলেন স্বজনরা।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নাপা সিরাপ সেবন করে নয় দুই শিশুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুর মা লিমা বেগমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জবানবন্দির জন্য কোর্টে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, লিমা আশুগঞ্জের একটি চালকলে কাজ করেন। আর তার স্বামী কাজ করেন ইটভাটায়। চালকলে কাজ করার সুবাদে আরেক শ্রমিক সফিউল্লার সঙ্গে লিমার পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা বিয়ে করারও সিদ্ধান্ত নেয়।

তিনি আরও জানান, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে মিষ্টির সঙ্গে বিষ মিশিয়ে দুই শিশু ইয়াছিন ও মোরসালিনকে খাইয়ে হত্যা করে মা লিমা বেগম। মৃত্যুর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নাপা সিরাপের রিঅ্যাকশন হয়েছে বলে প্রচার করে। কিন্তু লিমার আচরণে প্রথমেই পুলিশের সন্দেহ হয়। অধিকতর জিজ্ঞাসায় সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় লিমার প্রেমিক সফিউল্লাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।