বিমান বন্ধ করে করোনা রোখা যাবে না: ডাব্লিউএইচও

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

করোনার সংক্রমণ এড়াতে বহু দেশই ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার ডাব্লিউএইচও জানিয়েছে, এভাবে করোনাকে আটকানো সম্ভব নয়।

করোনার বিভিন্ন ঢেউয়ে বিশ্বের একাধিক দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল। ওমিক্রন আসার পরে গত নভেম্বর থেকে আফ্রিকার একাধিক দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বহু দেশ। বুধবার জাতিসংঘে এ বিষয়ে বৈঠকে বসেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। দীর্ঘ বৈঠকের পর তারা যে বিবৃতি প্রকাশ করেছেন, তাতে বলা হয়েছে, ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে করোনাকে আটকানো সম্ভব নয়। এর ফলে কেবল অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়।

বস্তুত, ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে হসপিটালিটি ইন্ডাস্ট্রি ধুঁকছে। বহু বিমান সংস্থা কর্মী ছাঁটাই করেছে। কোনো কোনো বিমান সংস্থা বন্ধ হওয়ার মুখে। শুধু তাই নয়, বিমান চলাচল বন্ধ থাকার জন্য দেশগুলিও আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছে। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে ডাব্লিউএইচও। তাদের বক্তব্য, ভ্রমণের ক্ষেত্রে দুইটি ভ্যাকসিনের সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক করা উচিত নয়। কারণ, পৃথিবীর সর্বত্র সমানভাবে ভ্যাকসিন দেওয়া যায়নি। বিশেষ করে আফ্রিকার দেশগুলিতে ভ্যাকসিন ঠিক সময়ে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে সকলের কাছে দুইটি ভ্যাকসিনের সার্টিফিকেট চাওয়া অন্যায়। বরং বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।

ডাব্লিউএইচও-র পরামর্শ, দুইটি ভ্যাকসিনের সার্টিফিকেট না থাকলে সেই ব্যক্তিকে আইসোলেশনে পাঠানো হোক। নেগেটিভ রিপোর্ট দেখতে চাওয়া হোক। ১৪ দিন আইসোলেশনের খরচ তার কাছ থেকে নেওয়া হোক। কিন্তু তাকে কোনো দেশে ঢুকতেই দেওয়া হবে না, এ নিয়ম ঠিক নয়।

সামগ্রিকভাবে গোটাবিশ্বেকরোনার সংক্রমণ গত এক সপ্তাহে ২০ শতাংশ বেড়েছে বলে বুধবার ডাব্লিউএইচও জানিয়েছে। তবে মৃত্যুর হার একই আছে। সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেশি। সবচেয়ে আশ্চর্যের, গত এক সপ্তাহে করোনা সংক্রমণ চোখে পড়ার মতো কমেছে আফ্রিকায়। সূত্র: রয়টার্স, এএফপি।

পুরুষ ও নারীর মস্তিষ্কে কি পার্থক্য আছে?

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

জার্মানির এক গবেষণা কেন্দ্রে মস্তিষ্কের গঠন নিয়ে গবেষণা চলছে৷ তারা একটি থ্রিডি ম্যাপ তৈরি করেছেন যেখানে মস্তিষ্কের ভেতরের স্নায়ু ও অন্যান্য গঠন খুব ভালোভাবে দেখা যায়৷

দুই লিঙ্গের মস্তিষ্কের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে পার্থক্য দেখা গেছে সেটা হচ্ছে, পুরুষদের মস্তিষ্ক নারীদের চেয়ে আকারে বড়৷ কিন্তু তাই বলে পুরুষদের মস্তিষ্ক ভালো ও দ্রুত কাজ করে, এমন মনে করার কারণ নেই বলে জানিয়েছেন জার্মানির হেল্মহলৎস গবেষণা কেন্দ্রের নিউরোসায়েন্টিস্ট সুজানে ভাইস৷

২০১৩ সালের এক বিতর্কিত গবেষণায় দুই লিঙ্গের মধ্যে আরেকটি পার্থক্য খুঁজে পাওয়ার দাবি করা হয়েছিল৷ এতে বলা হয়েছিল, নারী মস্তিষ্কের দুই অংশের একে অন্যের সঙ্গে যোগাযোগ পুরুষদের চেয়ে ভালো৷ আর পুরুষদের ক্ষেত্রে মস্তিষ্কের প্রতিটি অংশের অভ্যন্তরে যোগাযোগ ভালো৷ মানুষ যে মনে করে পুরুষ ও নারীর কিছু বৈশিষ্ট্য আলাদা, ঐ গবেষণার তথ্য সেটাই প্রমাণ করে৷ যেমন মানুষ মনে করে, মেয়েরা পুরুষদের চেয়ে বেশি সহানুভূতিশীল৷

তবে নতুন গবেষণায় দেখা গেছে পুরুষ ও নারীর মস্তিষ্কে ততটা পার্থক্য নেই৷ বরং অনেকের ধারনার চেয়েও দুই লিঙ্গের মস্তিষ্কে অনেক মিল আছে৷ সুজানে ভাইস বলেন, ‘‘পুরুষ ও নারীর মস্তিষ্কের চেয়ে সমলিঙ্গের, অর্থাৎ দুজন পুরুষ কিংবা দুজন নারীর মস্তিষ্কের মধ্যে বেশি পার্থক্য দেখা গেছে৷ গবেষণায় দেখা গেছে, মেয়েরা ভাষা শিক্ষায় ভালো, আর ছেলেরা ভালো বিজ্ঞানে৷ কিন্তু এসব গবেষণায় খুব কম নমুনা নেয়া হয়েছে৷ আপনি যদি মাত্র ২০, ৫০ কিংবা ১০০ মানুষের উপর গবেষণা করেন তাহলে আসলে পুরো ছবিটা উঠে আসে না৷”

কিন্তু পুরো ছবিটা আসলে কী? পুরুষ ও নারীর দক্ষতার পার্থক্য খুঁজতে হাজার হাজার গবেষণা হয়েছে৷ ফলাফল? আসলে তেমন নেই৷ বরং পার্থক্যের চেয়ে মিলই বেশি পাওয়া গেছে৷ সূত্র: ডয়চে ভেলে।

ইন্দোনেশিয়ায় বোমা হামলার পরিকল্পনাকারীকে ১৫ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে ২০০২ সালের ভয়াবহ বোমা হামলা ঘটনার মূল পরিকল্পনাকারীকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৯ জানুয়ারি) রাজধানী জাকার্তার আদালত সন্ত্রাসবাদের দায়ে জুলকারনাইন নামের ওই জঙ্গিকে দোষী সাব্যস্ত করেছেন। এক যুগের বেশি সময় আগে বালিতে প্রাণঘাতী বোমা হামলা চালানোর পর থেকে পলাতক ছিলেন তিনি। ইন্দোনেশিয়ার সরকার তাকে ‘মোস্ট ওয়ান্ডেট’ ঘোষণা করেছিল। গত বছরের ডিসেম্বরের আগে পর্যন্ত পলাতক ছিলেন জুলকারনাইন।
পর্যটকদের কাছে ছুটি কাটানোর অন্যতম জনপ্রিয় বালি দ্বীপের দু’টি পানশালায় চালানো ওই ভয়াবহ হামলায় ২১ দেশের অন্তত ২০২ নাগরিকের প্রাণহানি ঘটে। বালি দ্বীপের একটি আইরিশ পানশালা ও পার্শ্ববর্তী সারি ক্লাবে বোমা হামলায় নিহতদের মধ্যে ৮৮ অস্ট্রেলীয়, ৩৮ ইন্দোনেশীয় এবং ২৮ ব্রিটিশ ছিলেন।
বোমা হামলায় জড়িত থাকার দায়ে ২০০৮ সালে ইন্দোনেশিয়ায় তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এছাড়া আরও কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এর পাশাপাশি দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে সন্দেহভাজন হামলাকারীদের কয়েকজন মারা গেছেন।
১৫ বছরের কারাদণ্ড পাওয়া জুলকারনাইন দেশটিতে আরিস সুমারসোনো নামে পরিচিত। তিনিও জামাহ ইসলামিয়ার সদস্য বলে প্রসিকিউটররা আদালতকে জানিয়েছেন।
প্রসিকিউটররা বলেছেন, জুলকারনাইনের নির্দেশে জামাহ ইসলামিয়ার একটি বিশেষ শাখার সদস্যরা ইন্দোনেশিয়ায় বড়দিন এবং নববর্ষ উদযাপনের দিনে ২০০০ ও ২০০১ সালে বোমা হামলা চালিয়েছিল। এছাড়া ২০০০ সালে রাজধানী জাকার্তায় ফিলিপাইনের দূতাবাসে বিস্ফোরণ, ২০০৩ সালে জাকার্তার ম্যারিয়ট হোটেলে বোমা হামলা এবং ২০০৪ সালে জাকার্তায় অস্ট্রেলীয় দূতাবাসে বোমা হামলাও জিমাহর বিশেষ শাখার সদস্যরা চালায়।
দুর্ধর্ষ জঙ্গি জুলকারনাইনকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে তিনি আদালতকে বলেছেন, আগাম হামলা চালানোর ব্যাপারে জামাহ ইসলামিয়ার সদস্যরা তার সঙ্গে পরামর্শ করেনি। এই স্বীকারোক্তির মাধ্যমে তিনি দায়মুক্তি পেতে পারেন না বলে জানিয়ে দিয়েছেন আদালত। সূত্র: সিনহুয়া

ভারতে এখন থেকে ওষুধের দোকানেই পাওয়া যাবে করোনার টিকা!

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

এখন থেকে করোনার টিকা কোভাক্সিন এবং কোভিশিল্ড পাওয়া যাবে ভারতের ওষুধের দোকানে! বুধবার সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ দল (এসইসি) এই দুই টিকাকে বাজারে ছাড়ার অনুমতি দিয়েছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার এই খবর জানিয়েছে।
আনন্দবাজারের খবরে বলা হয়, গত ১৪ জানুয়ারি কোভাক্সিন এবং কোভিশিল্ড এই দুই টিকা সংস্থার পক্ষ থেকে সব রকমের তথ্য চেয়েছিল বিশেষজ্ঞ দল। বাজারে ছাড়া যাবে কি না সেই নিয়ে চিন্তা ভাবনা ছিল তাদের। সেই কারণেই তথ্য চাওয়া হয়েছিল ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে। বেশির ভাগ মানুষের শরীরে এই টিকা কার্যকর হয়েছে বলেই রিপোর্টে উঠে এসেছে। এর ফলে বাজারে এই টিকা ছাড়ার ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অব ইন্ডিয়ার পক্ষ থেকে কোভাক্সিন, কোভিশিল্ড ছাড়াও ভারতে ব্যবহার হওয়া বাকি টিকাগুলিকেও আপতকালীন পরিস্থিতিতে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। কোভাক্সিন এবং কোভিশিল্ডকে গত বছর ৩ জানুয়ারিতেই আপতকালীন পরিস্থিতিতে ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। সূত্র : আনন্দবাজার

সউদীতে একসঙ্গে পাঁচ জোড়া সন্তান প্রসব।

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

সউদী আরবের এক নারী একসঙ্গে পাঁচ জোড়া যমজ সন্তান প্রসব করেছেন। ১২ জানুয়ারি রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়। গতকাল বুধবার সউদী গেজেটের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী ওই নারী একসঙ্গে ৫ জোড়া সন্তানের জন্ম দেন। সব সন্তান সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানদের জন্ম দেন। সউদী আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে। তবে সেই টুইটার অ্যাকাউন্টে বা সউদী গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।
রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতাল ১৯৮০ সালে যাত্রা শুরু হয়। দেশটির অন্যতম বড় হাসপাতাল এটি। সূত্র : সউদী গেজেট

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন কাতারের আমির

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

বাংলাদেশে কাতারের নতুন রাষ্ট্রদূত নিয়োগে অনুমোদন দিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। গতকাল মঙ্গলবার (১৮ জানুয়ারি) তিনি ২০২২ সালের পাঁচ নম্বর আমিরি সিদ্ধান্ত জারি করে আলি মাহদি সাঈদ আল-কাহতানিকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে ‘অসামান্য ও পূর্ণক্ষমতাপ্রাপ্ত’ পদে নিযুক্ত করেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ’র বরাতে স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলা এ তথ্য নিশ্চিত করেছে।
এদিন মরক্কোতেও নতুন রাষ্ট্রদূতের নিয়োগ দিয়েছে কাতার। দেশটিতে কাতারের নতুন রাষ্ট্রদূত হয়েছেন শেখ আবদুল্লাহ বিন থামের বিন মোহাম্মদ বিন থানি আল থানি। ২০২০ সালের চার নম্বর আমিরি সিদ্ধান্ত অনুসারে তাকে ‘পূর্ণক্ষমতা’ দিয়ে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সিদ্ধান্ত দুটির বাস্তবায়ন ও প্রয়োগ এবং সেগুলো সরকারি গেজেট আকারে প্রকাশের নির্দেশ দিয়েছেন কাতারের আমির।
বাংলাদেশে বর্তমানে কাতারের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন আহমেদ মোহাম্মদ নাসের আল-দেহাইমি। ২০১৫ সালের ২৪ নভেম্বর থেকে এ পদে রয়েছেন তিনি। বাংলাদেশের আগে তিনি বাহরাইন, লেবানন ও চীনের রাষ্ট্রদূত ছিলেন। কাতার সরকারের বিভিন্ন দপ্তরের দায়িত্বও সামলেছেন এ কর্মকর্তা।
বাংলাদেশে কাতারের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া আলি মাহদি সাঈদ আল-কাহতানি বর্তমানে সেনেগাল দূতাবাসের দায়িত্বে রয়েছেন।
এদিকে কাতারে বসবাসরত বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান। তাঁদের আশা, পেশাদার কূটনীতিক হিসেবে কাতারে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি এবং কাতারে নতুন জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

বাংলাদেশি অভিবাসীদের আরো একটি দলকে ফেরত পাঠালো জার্মানি

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

আশ্রয়ের আবেদন বাতিল হওয়া বাংলাদেশি অভিবাসীদের আরো একটি দলকে গতকালমঙ্গলবার ঢাকায় ফেরত পাঠিয়েছে জার্মানি। এর আগে আশ্রয় আবেদন বাতিল হয়ে যাওয়া ৩২ বাংলাদেশিকে গত অক্টোবরে ফেরত পাঠিয়েছে বার্লিন।
তিনটি সূত্র ইনফোমাইগ্রেন্টসকে বাংলাদেশিদের ফেরত পাঠানোর এই তথ্য নিশ্চিত করেছে। তাদের বহনকারী ফ্লাইটটি বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। একটি সূত্র জানিয়েছে, ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চার জন ও রোমানিয়া থেকে পাঠানো তিন জন ছিলেন।
ঢাকার একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন।
এদিকে আশ্রয় আবেদন বাতিল হওয়া ৫০ থেকে ৬০ জন বাংলাদেশিকে সম্প্রতি ট্রাভেল পারমিট ইস্যু করার কথা জানিয়েছেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। ইনফোমাইগ্রেন্টসকে তিনি বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স প্রতিবেদন পাওয়ার পরে আমরা তাদের ট্রাভেল পারমিট ইস্যু করেছি। তাদের মধ্যে কতজনকে ফেরত পাঠানো হয়েছে সেই তথ্য আমাদের কাছে নেই।’
আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, এই দলটিকে বাংলাদেশে পৌঁছে দিতে শতাধিক জার্মান নিরাপত্তা কর্মকর্তারও ভিসা ইস্যু করেছিল দূতাবাস। তিনি বলেন, প্রত্যাবাসনের ক্ষেত্রে সাধারণত প্রত্যেক যাত্রীর সঙ্গে দুইজন বা তিনজন নিরাপত্তাকর্মী উপস্থিত থাকেন।
উল্লেখ্য, দুই কোটির বেশি অভিবাসী মানুষের বসবাস ইউরোপের ২৭টি দেশে। এ অঞ্চলের শ্রমবাজারে নিযুক্ত রয়েছেন ৮৮ লাখ। ২০১৯ সালে ইইউ সদস্যভুক্ত দেশগুলোতে প্রথমবার রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতি পাওয়া তৃতীয় দেশের মানুষের সংখ্যা ছিল ৩০ লাখ।
ইউরোপীয় কমিশন সম্প্রতি বাংলাদেশ, ইরাক ও গাম্বিয়ার নাগরিকদের ভিসা প্রদানের ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সুপারিশ করেছে, যদি তারা ইউরোপে অবস্থানরত বৈধ বসবাসের অধিকার নেই এমন দেশগুলোর নাগরিকদের ফিরিয়ে নিতে সহায়তা না করে।

দেশে করোনায় আরও ১২ জনের মৃত্যু

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময় করোনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল (মঙ্গলবার) ১০ জনের মৃত্যু এবং ৮ হাজার ৪০৭ জন রোগী শনাক্ত হয়েছিল।

বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৩৭ হাজার ৫৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৮৩০টি নমুনা। এরমধ্যে রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৩ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ১৭৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ২, রাজশাহী ও সিলেটে ১ জন করে মারা গেছেন।

কুয়েত আগত যাত্রীদের জন্য হোম কোয়ারাইন্টাইন শেষ করার পদ্ধতিতে আপনাকে কি কি করতে হবে।

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কুয়েত আগত যাত্রীদের জন্য হোম কোয়ারাইন্টাইন শেষ করার পদ্ধতিতে আপনাকে কি কি করতে হবে তা নিন্মে দেওয়া হলো:কুয়েত মন্ত্রী পরিষদের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগত টিকাপ্রাপ্ত যাত্রীদের জন্য নিয়ম, আগতরা কুয়েতে পৌঁছানোর পর PCR নেতিবাচক ফলাফলের মধ্য দিয়ে ৭ দিনের হোম কোয়ারাইন্টাইন শেষ করে বেরিয়ে আসতে পারবেন।

কুয়েত বিমানবন্দরে পৌঁছে নিচের 👇 অ্যাপস গুলো খুলুন….!
ফটোগুলোর সাথে বিস্তারিত লেখা রয়েছে…

👉পোষ্টটি শেয়ার করে সকলকে জানতে সুযোগ করে দিন…

✍️ Collected, translated and posted by Nahar Hoque

মধ্যপ্রাচ্যের অন্যতম তেল সমৃদ্ধ দেশ কুয়েতে বসবাস প্রায় সাড়ে তিন লাখ বাংলাদেশি প্রবাসীর…

বুধবার, ১৯ জানুয়ারী ২০২২, ০৫ মাঘ ১৪২৮, ১৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

মন দেশে থাকলেও দেহটাকে রোবট বানিয়ে এই প্রবাসের মাটিতে কাজ করে যাচ্ছে প্রবাসীরা। লক্ষ্য স্বপ্ন গুলোকে বাস্তবে রুপান্তর করা। প্রবাস শব্দটা উচ্চারন করা যতটা সহজ তার চেয়ে কয়েকগুন বেশি কঠিন এই প্রবাসে দিন পার করা।

দূর প্রবাসের মাটিতে কেউ পেয়েছে সাফল্য, কেউ প্রতিষ্ঠিত, কেউ বা আর সব হারিয়ে নিমজ্জিত।
প্রবাসীরা মোমের মতো নিজেতে জালিয়ে অন্যেকে আলো দেয়, প্রবাসীরা মৌমাছির মতো যেমন মৌমাছি সারাদিন মধু সংগ্রহ করে চাকে রাখে আর সেগুলো যেমন মৌয়াল কেটে নেয় বর্তমান প্রবাসীদের অবস্থা ঠিক মৌমাছির মতো।

কুয়েতে সবাই বিভিন্ন পেশার / চাকরির সাথে জড়িত।
কিন্তু একটা দিক দিয়ে ভয় লাগে যারা ড্রাইভার পেশার সাথে জড়িত। কারন ইদানিং প্রতিনিয়তই লক্ষ্য করা যাচ্ছে কুয়েতের সড়ক দূর্ঘটনায় প্রায়’ই মানুষ মারা যাচ্ছে। গাড়ি গুলো একবারে অকেজো হয়ে যাচ্ছে সংঘর্ষের ফলে। যা দেখতেই ভয় লাগে, শরীরে লোম দাড়িয়ে যায়।

তবে দাখেলিয়ার বরাতে জানা যায় কুয়েতে অধিকাংশ সড়ক দূর্ঘটনা ঘটে ড্রাভিংয়ের ক্ষেত্রে অমনোযোগী হওয়া বা অন্যমনস্ক হওয়া এছাড়া সবচাইতে বেশি প্রধান্য দেওয়া হয়েছে ড্রাইভিং এর সময় মোবাইল ব্যবহার করা।

ALWATAN ★বাংলা★ পেইজ এর পক্ষ থেকে আপনাদের সতর্ক করতে চাই – যে যেই কাজ বা পেশার সাথে জড়িত থাকুননা কেন সতর্কতা অবলম্বন করে চলুন। আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। বিশেষ করে যারা গাড়ি চালান আপনারা ড্রাইভিংয়ের সময় মনযোগী হোন, অতিরিক্ত মাত্রায় মোবাইল ফোন ব্যবহার করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন “একটি দূর্ঘটনা সারা জিবনের কান্না”।

প্রবাস জিবন সকলের জন্য সুন্দর হোক, নিরাপদ হোক এই কামনা…. 🖤

kawsar