শনিবার, ৩০ অক্টোবর ২০২১, ১৪ কার্তিক ১৪২৮, ২২ রবিউল আউয়াল সফর ১৪৪৩ হিজরী
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৬২ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৬৬ জন। যা গত দেড় বছরে সর্বনিম্ন। এ নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জনে। এর আগের দিন (২৯ অক্টোবর) করোনায় সাতজনের মৃত্যু হয় ও সংক্রমিত হন ৩০৫ জন। এর আগে ২০২০ সালের ১২ এপ্রিল ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। দেশে করোনা সংক্রমণ ধরা পড়ার পর থেকে রোগী শনাক্তের মোট হার ১৫ দশমিক ১৯ শতাংশ।
আজ শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৩টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ২৪০ জনের নমুনা। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ।
সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৮১ জন। এ নিয়ে মহামারি শুরুর পর করোনা থেকে চিকিৎসা শেষে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জনে। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। যা ছিল দেশে এ ভাইরাসে প্রথম মৃত্যু।
