বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সৌদি আরবে হয়ে গেল বিশাল এক সংগীত উৎসব। চার দিনের উৎসবে ছিল আলোর ঝলকানি। জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা মঞ্চ মাতিয়েছেন। রিয়াদের মরুভূমিতে নেচে-গেয়ে তাঁদের সঙ্গ দিয়েছেন নারী-পুরুষ সবাই। উৎসবের অনুমতি ও অর্থায়ন করেছে সৌদি রাজপরিবার। এ উৎসবের আয়োজন সৌদিতে বিরল ঘটনা।
জাঁকজমকপূর্ণ এ উৎসবে পূর্ণ সমর্থন, সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ছিল সৌদি রাজপরিবারের। বিশ্বের বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় সব তারকা সংগীত উৎসবে যোগ দেন। টিয়েস্তো, মার্টিন গ্যারিক্স, ডেভিড গুয়েটার মতো তারকারাও ছিলেন। এ ছাড়া বিশ্বের জনপ্রিয় সব ডিজে (ডিস্ক জকি) উৎসবের মঞ্চ মাতিয়েছেন।
ডিজে ডেভিট গুয়েটা বলেন, ‘প্রথমবারের মতো (সৌদি আরবে) সবাই একসঙ্গে নাচার সুযোগ পেয়েছিল। এ ছাড়া সৌদি আরবের জন্য এটা ঐতিহাসিক একটা ঘটনা। এমন ঐতিহাসিক একটি মুহূর্তের অংশ হতে পেরে আমি আনন্দিত।’
উৎসবে নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা ছিল না। এ আয়োজনের মধ্য দিয়ে দেশটি বড় এক পরিবর্তনের সাক্ষী হয়ে থাকল।
সংগীত উৎসবে ধর্মীয় কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। কয়েক বছর আগেও সৌদি আরবে এমনটা ছিল অকল্পনীয়। এ মাসে সৌদি আরবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছে। লোহিত সাগর পারে ওই উৎসবের কয়েক দিনের মাথায় ‘অতি রক্ষণশীল’ বলে পরিচিত সৌদি আরবে এবার সংগীত উৎসব হয়ে গেল।
সূত্রঃ প্রথম আলো