কুয়েতে প্রতিবন্ধীদের নির্দিষ্ট পার্কিং-এ গাড়ী পার্ক করা ব্যক্তিদের “ট্রাফিক দুর্বৃত্ত” আখ্যায়িত করে কারাদন্ড দিয়েছে আদালত ।
শাস্তি পাওয়া ব্যাক্তিদের মধ্যে নাগরিক এবং প্রবাসী রয়েছে বলে সংবাদে জানিয়েছে দৈনিক আল আনবা ।
বিচারক সালেম নাসর আল হায়দের নেতৃত্বে ট্রাফিক অপকর্ম আদালত, প্রতিবন্ধীদের জন্য মনোনীত পার্কিং লটে যানবাহন রাখার অপরাধে নাগরিক এবং বাসিন্দাকে দোষী সাব্যস্ত করে রায় জারি করেছে ।
বিদেশগামী যাত্রীদের টার্গেট করে সক্রিয় হয়ে উঠেছে এক শ্রেণির প্রতারক চক্র। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে পরিবারের সদস্যদের ফোন নাম্বার সংগ্রহ করছে এই প্রতারক চক্র।
যাত্রীর ফ্লাইট ছেড়ে যাওয়ার পর প্রতারক চক্র যাত্রীর পরিবারের কাছে বিভিন্ন মিথ্যা কথা বলে টাকা চাইছে। প্রতারক চক্র কখনও বলছে, যাত্রীর ইমিগ্রেশন সমস্যা, কখনও টিকিটে সমস্যা, কখনও করোনা সার্টিফিকেটে সমস্যা আছে বলে ফোন করে যাত্রীর পরিবারের সদস্যদের। আর এই সমস্যা সমাধানের জন্য পরিবারের কাছে ফোন করে টাকা দাবি করে।
বিমানবন্দরে অপরিচিত লোকজনের কাছে পরিবারের ফোন নাম্বার দেওয়া থেকে বিরত থাকুন। কখনও এ ধরণের ফোনে বিভ্রান্ত হবেন না। এ ধরণের ফোন কল পেলে টাকা দিবেন না।
কুয়েতঃ বিশ্বের ৫৩টি দেশ থেকে প্রবাসীরা এবং জিসিসির পেশাদাররা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।
কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুরিস্ট ভিসা এবং অনলাইন পেমেন্ট সিস্টেমের জন্য ওয়েবসাইট আপডেট করেছে ।
সর্বশেষ বৈশ্বিক সিস্টেমের সাথে তাল মিলিয়ে চলতে এবং ই-পরিষেবাকে সহজ করার জন্য আধুনিকীকরণ ও বিকাশ করতে জনসাধারণের জন্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যটক ভিসা প্রদান এবং ফি প্রদানের জন্য ই-ভিসা সিস্টেম আপডেট করেছে।
যাতে সুবিধা পাবে জিসিসির দেশ সমূহ, তুরস্ক, চীন, ভুটানসহ বিশ্বের ৫৩ দেশের নাগরিকরা
তবে তালিকায় বাংলাদেশ ভারত মিশর ও পাকিস্তানসহ অনেক দেশের নাম নেই।
আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিবৃতিতে বলেছে যে, ৫৩ টি দেশের জন্য ওয়েবসাইটের মাধ্যমে পর্যটন ভিসা ইস্যু করার সিস্টেমটি আপডেট করা হয়েছে, যাদের নাগরিকরা এই ধরণের ভিসা পাওয়ার অনুমতি পাবে
ভাগ্য বদলে গিয়েছিলেন বিদেশে। তাও আবার দু-একটি দেশ নয়, ভাগ্যান্বেষণে ঘুরেছেন তিন-চারটি দেশ। কিন্তু তাতেও শিকে ছেঁড়েনি। অগত্যা ফিরে আসেন নিজ দেশ, নিজ গ্রামে। পুঁজিপাটা যা ছিল তাও প্রায় শেষ। কী করবেন, কীভাবে চলবে—এসব ভাবতে ভাবতেই দিলেন চায়ের স্টল। ছেলের নামে নাম রাখলেন মুন্না টি-স্টল। এতেও ঠিক সুবিধা হচ্ছিল না। সামলাতে পারছিলেন না সংসারের খরচ।
এবার ভিন্ন চিন্তা এলো মাথায়। শীতে তো পিঠার ভালো চাহিদা থাকে। ভাবলেন দোকানের সামনে সকাল-সন্ধ্যা পিঠা বানিয়ে বিক্রি করা যায়। শুরু করলেন পিঠা বানানো। কিন্তু মৌসুমি পিঠার দোকানের তো অভাব নেই। তার কাছে মানুষ কেন আসবে? চেষ্টা করলেন ভিন্নতা আনার। ব্যস, তাতেই বাজিমাত!
মণ্ডা ও ছিপের জন্য বিখ্যাত ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মুজাটি ফার্মের মোড়ের দোকানি মো. হাফিজুল এখন দিনে পিঠা বেচে আয় করেন সাত-আট হাজার টাকা। প্রতিদিন সন্ধ্যায় তার পিঠাকে কেন্দ্র করে এই মোড়ে জমে আড্ডা। দূর-দূরান্ত থেকে তার পিঠা খেতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রচুর মানুষ পার্সেল নেন পরিবারের জন্য।
এদিন সন্ধ্যায় হাফিজুলের পিঠার আড্ডায় গিয়ে দেখা যায়, সারি ধরে শুধু ভর্তার বাটি। চুলা জ্বলছে পাঁচটি। হাতের কোনো বিরাম নেই। এরই ফাঁকে কাস্টমারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন, অর্ডার নিচ্ছেন। হাসিমুখে প্রত্যেকের কথা শুনছেন। বোঝা গেলো এটাই তার ব্যবসার সবচেয়ে বড় বিনিয়োগ।
একসঙ্গে তার দোকানে বসে খেতে পারেন ২০ জনের মতো। দাঁড়িয়ে খাওয়ার লোকও কম নয়। পিঠা বানাতে বানাতেই জাগো নিউজকে জানান তার সংগ্রাম-সাফল্যের কথা। দুই পদের পিঠা বিক্রি করেন তিনি। সকালে ভাপা ও বিকেলে চিতই পিঠা। দিনে বিক্রি হয় ১৪-১৫শ’ পিঠা। ভাপা বিক্রি করেন ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত। চিতই বিক্রি শুরু হয় বিকেল ৩টায়। চলে রাত ১১টা পর্যন্ত। মূলত শীতের আগে-পরে ছয় মাস চলে তার ব্যবসা।
তার এ কাজে সহায়তা লাগে পাঁচজনের। বিক্রিতে সহায়তা করেন দুজন। আর ভর্তা বানানো, ঢেঁকিতে চাল কোটা, উপকরণ তৈরি করে দেন আরও তিনজন। তার স্ত্রী-সন্তানরাই তাকে এ কাজে সহায়তা করেন। পিঠার দাম কিন্তু বেশি নয়, মাত্র পাঁচ টাকা। শুধু ডিম-চিতই বিক্রি করেন ১৫ টাকা। চিতই পিঠার গোলার ওপর ডিম কখনো ফাটিয়ে কখনো গুলে ছেড়ে দেন। কাঠের চুলায় একটি পিঠা রেডি হতে তিন-চার মিনিট লাগে
তার পিঠার কদর উপজেলাজুড়ে। দোকানে বসে পিঠা খাচ্ছিলেন কয়েকজন যুবক। পিঠার মান কেমন জানতে চাইলে তারা বলেন, ‘আমরা রেগুলার এখানকার পিঠা খাই। সকাল-সন্ধ্যার নাস্তাটা এখানে হয়ে যায়। মান খুবই ভালো। সব ভর্তাই ভালো লাগে। নিজেরা খাই বাসায়ও নিয়ে যাই। আজ ২০টা অর্ডার করেছি। যারা বেশি ঝাল খায় তাদের জন্য এক ধরনের ভর্তা আর যারা কম ঝাল খায় তাদের জন্য একরকম।’
হাফিজুলের দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে ময়মনসিংহে পড়েন কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে। ছোট ছেলে এবার অষ্টম শ্রেণিতে উঠবে। মেয়ে পড়ে মাদরাসায়।
ছোট ছেলে পিঠায় কাস্টমারের চাহিদা অনুযায়ী ভর্তা লাগিয়ে দিচ্ছিল। কারও কারও দেখা গেলো বাটিতে আলাদা ভর্তা দিতে। হাফিজুলের পিঠার সঙ্গে আছে সরিষা ভর্তা, ধনিয়া, কালোজিরা, তিল, তিষি, বাদাম, পালংশাক, বাইত্যাশাক, লাউশাক, বেগুন, আলু, টমেটো, চ্যাপা শুঁটকি, চিংড়ি, লোনা ইলিশ, পুঁটি শুঁটকি, টাকি মাছ, কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচকি ও মলা মাছ শুঁটকির ভর্তা।
এত পদের ভর্তা আর মুখের হাসি বিদেশফেরত হাফিজুলের ব্যবসার প্রসার ঘটিয়েছে। তিনি এখন স্বাবলম্বী। চার বছর ধরে তিনি এভাবে পিঠা বানিয়ে চলেছেন। ইচ্ছে আছে ভর্তার সংখ্যা আরও বাড়ানোর। তার পরে অনেকে বহু পদের ভর্তার পিঠা তৈরি শুরু করলেও তার মতো প্রসার কারও ঘটেনি।
টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিদায় জানিয়ে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রতি।
বুধবার (২৪ নভেম্বর) রাতে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, টেস্ট থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অবসরের ঘোষণা দিয়ে রিয়াদ বলেন, টেস্ট দলে ফেরার পর আমাকে সমর্থন করায় বিসিবি সভাপতির প্রতি কৃতজ্ঞতা। আমার টেস্ট সামর্থ্যের ওপর বিশ্বাস রাখা এবং আমাকে সব সময় সমর্থন জোগানোর জন্য সতীর্থ ও কোচিং স্টাফের সবার প্রতি কৃতজ্ঞ। দেশের হয়ে টেস্ট খেলতে পারা পরম সম্মান ও সৌভাগ্যের বিষয়। এই স্মৃতি আমি সব সময় মনে রাখব।
রিয়াদ আরও বলেন, যে সংস্করণে এতদিন ধরে খেলেছি সেটি ছেড়ে দেওয়া সহজ নয়। সব সময় এটি নিয়ে চিন্তা করেছি। আমি মনে করি এটাই আমার টেস্ট ক্যারিয়ারকে বিদায় জানানোর সঠিক সময়।
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে দীর্ঘ ১৬ মাস পর টেস্ট দলে ফিরে দেড়শ রানের অপরাজিত ইনিংস খেলেন মাহমুদউল্লাহ। তখনই তিনি অবসরের কথা জানান সতীর্থদের। ওই ম্যাচ চলাকালে বা ম্যাচ শেষেও রিয়াদ অবসরের ব্যাপারে কোথাও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পর গুঞ্জন ওঠে মাহমুদউল্লাহ টেস্ট থেকে বাদ পড়ছেন। সেই গুঞ্জন সত্যিও হয় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের পর, পরের টেস্ট থেকে বাদ পড়েন।
বাংলাদেশের হয়ে ৫০টি টেস্ট খেলেছেন রিয়াদ। এই ফরম্যাটে আছে পাঁচটি শতক ও ১৬টি অর্ধশতক। ৩৩.৪৯ গড়ে রান করেছেন ২৯১৪। টেস্টে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। পার্টটাইম বোলিংয়ে নামের পাশে আছে ৪৩টি উইকেট। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ৬টি টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।
বাংলাদেশ মানবপাচারের মূল কারণসমূহ চিহ্নিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, জলবায়ু ঝুঁকি, সংঘাত, বাস্তুচ্যুতিসহ বিভিন্ন কারণে মানবপাচার ঘটছে। মানবপাচারের মূল কারণসমূহ অবশ্যই আমাদের চিহ্নিত করতে হবে।
মানবপাচার রোধে জাতিসংঘের গ্লোবাল প্ল্যান ফর অ্যাকশান এর মূল্যায়ন বিষয়ক সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বৈঠকে জাতীয় তথ্য তুলে ধরার সময়ে তিনি এ কথা বলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। জাতিসংঘ সদরদপ্তরে ২২ থেকে ২৩ নভেম্বর এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে বিজ্ঞপিÍতে উল্লেখ করা হয়।
তিনি মানবপাচারকে ভয়াবহ অপরাধ হিসেবে চিহ্নিত করে বলেন, এটি মানবাধিকার ও মানবিক মর্যাদার মৌল নীতির অপমান। জাতিসংঘ দূত মানবপাচার রোধে জেরালো আইনী কাঠামো, বহুপক্ষীয় অংশীদারিত্ব ও কার্যকর আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বৈঠকে মানবপাচার রোধে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন আইন, নীতি ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, এসডিজি বাস্তবায়ন পরিকল্পনার সাথে সমন্বিত করে ধারাবাহিক যে জাতীয় কর্ম পরিকল্পনা এবং জাতীয় উন্নয়ন পরিকল্পনা করা হয়েছে তাতে মানবপাচার সফলতার সাথে রোধ করা যাচ্ছে।
ফাতিমা মানবপাচার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এনজিও, সুশীল সমাজ ও কমিউনিটি ভিত্তিক অন্যান্য সংস্থাসমূহের ভূমিকার কথা স্বীকার করেন। তিনি শ্রমিক পাচার কমাতে শ্রম অভিবাসন বিষয়ে আঞ্চলিক ও আর্ন্তজাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান। দুদিনের এই উচ্চপর্যায়ের বৈঠকে একটি রাজনৈতিক ঘোষণা গৃহীত হয়।
যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের মধ্যে সম্পন্ন অকাস নিরাপত্তা চুক্তির বিরুদ্ধে এবার পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে চীন। তারা দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলের জন্য সমর্থন জানিয়েছে। অকাসের বিরুদ্ধে আঞ্চলিক জোটকে শক্তিশালী করতেই চীন এই পদক্ষেপ নিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার আসিয়ানের নেতৃবৃন্দকে বলেছেন যে, চীন পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল গড়ে তোলার প্রচেষ্টাকে সমর্থন করেছে এবং ‘যত তাড়াতাড়ি সম্ভব’ চুক্তিতে প্রটোকল স্বাক্ষর করতে ইচ্ছুক। তিনি আসিয়ানের সাথে নিরাপত্তা সহযোগিতা এবং উন্নয়ন তহবিল আরো বৃদ্ধি করারও প্রতিশ্রুতি দেন।
১৯৯৫ সালে আসিয়ান সদস্যদের দ্বারা স্বাক্ষরিত, দক্ষিণ-পূর্ব এশিয়া পারমাণবিক অস্ত্র-মুক্ত অঞ্চলের চুক্তি এই অঞ্চলটিকে পারমাণবিক এবং অন্যান্য গণবিধ্বংসী অস্ত্র মুক্ত রাখার প্রতিশ্রুতি। বেইজিং ইঙ্গিত দিয়েছে যে, তারা কয়েক বছরের মধ্যে চুক্তিতে প্রটোকল স্বাক্ষর করতে ইচ্ছুক। কিন্তু এখনও পর্যন্ত, পাঁচটি স্বীকৃত পারমাণবিক শক্তি – চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্স – কোন দেশই সেখানে স্বাক্ষর করেনি। প্রোটোকলের অধীনে, তারা পারমাণবিক অস্ত্রের বিকাশ, উৎপাদন বা মজুদ করতে বা এটি করার জন্য কোনও সহায়তা পেতে পারবে না।
গুয়াংজুতে জিনান ইউনিভার্সিটির ফিলিপাইন স্টাডিজের সেন্টারের পরিচালক ডাই ফ্যানের মতে, এই অঞ্চলে বিশেষ করে দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান প্রণালীতে বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাথে আসিয়ান সদস্যরা প্রটোকল স্বাক্ষর করতে চায়৷ তিনি বলেন, ‘চীন-মার্কিন শত্রুতা বাড়ার সাথে সাথে, মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা জোটগুলোকে শক্তিশালী করছে, যার মধ্যে একটি হচ্ছে অকাস, যা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।’ তিনি উল্লেখ করেছেন যে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া উভয়ই চুক্তির অধীনে অস্ট্রেলিয়ার পারমাণবিক চালিত সাবমেরিন অধিগ্রহণের বিরুদ্ধে দৃঢ়ভাবে বেরিয়ে এসেছে এবং তাদের অবস্থান ‘চীনের অবস্থানের সাথে সামঞ্জস্যপূর্ণ’।
সেপ্টেম্বরে, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার মালয়েশিয়ান এবং ব্রুনিয়ার সমকক্ষকে বলেছিলেন যে, অকাস অংশীদারিত্ব এবং এর পারমাণবিক সাবমেরিন পরিকল্পনা দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি পারমাণবিক মুক্ত অঞ্চল প্রতিষ্ঠাকে জটিল করতে পারে। ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন আসিয়ানের ওই চুক্তিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে৷ পরিবর্তে, তারা বিভিন্ন অজুহাতে এই অঞ্চলে সামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর করেছে এবং এই অঞ্চলটিকে উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম সামগ্রী সরবরাহ করেছে, যা আসিয়ান দেশগুলোর একটি পারমাণবিক মুক্ত অঞ্চল গড়ে তোলার প্রচেষ্টার বিপরীতে চলছে,’ ওয়াং বৈঠকে বলেছিলেন।
আসিয়ান সদস্যরা চুক্তির বিষয়ে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর সাথে আলোচনা অব্যাহত রেখেছে এবং সমস্যাগুলো সমাধান করতে চাইছে। বেইজিং-এর কার্নেগি-সিংহুয়া সেন্টার ফর গ্লোবাল পলিসির পারমাণবিক নীতি কর্মসূচির সিনিয়র ফেলো ঝাও টং বলেছেন, চীনের ফোকাস আঞ্চলিক সম্পর্কের দিকে সরে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতার কারণে এটি অন্যান্য পারমাণবিক শক্তির সাথে সংহতি সম্পর্কে কম উদ্বিগ্ন। তিনি ‘প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে প্রোটোকলের বিষয়ে চীনের কোনো সারগর্ভ পরামর্শ নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোর এখনও উদ্বেগ রয়েছে এবং তারা মনে করে যে, এই প্রোটোকল তাদের পারমাণবিক অস্ত্র প্ল্যাটফর্মের স্থাপনাকে সীমাবদ্ধ করবে।’ তিনি আরও বলেন, ‘চীনের জন্য এই প্রটোকলের প্রতি সমর্থন দেখানোও আসিয়ানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার একটি উপায়।’ সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।
তুরস্ক তার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তার সাম্প্রতিক লেবানন সফরের মাধ্যমে দেখিয়েছে যে, মধ্যপ্রাচ্যে প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলার লক্ষ্যে দেশটি আঞ্চলিক কূটনীতির অংশ হিসেবে একের পর এক আঞ্চলিক প্রতিবেশীর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্রতি তুরস্কের ভূ-রাজনৈতিক এবং ধর্মীয় কোমল শক্তির প্রতিদ্বন্দ্বী সউদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বাহরাইন এবং কুয়েতের সাথে মিলিত হয়ে লেবাননের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং বৈরুত থেকে তাদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করার পর কাভুসোগলু তার সফরের মাধ্যমে লেবাননের সাথে তুরস্কের সম্পর্ক জোরদার করেছেন। কাভুসোগলু ইস্তাম্বুলে একদিনের ইউএই বা সংযুক্ত আরব আমিরাত-তুরস্ক ব্যবসায়িক ফোরামের আগে বৈরুত ভ্রমণ করেন এবং তুরস্কে ইউএই’র ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদের সফর ১২ বছরের মধ্যে এই প্রথম। মেডিটেরানিয়ান পার্লামেন্টারি এসেম্বলির পাশাপাশি বৈরুত সফরের কয়েকদিন পর তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু ইউএই’র স্বরাষ্ট্রমন্ত্রী সাইফ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে রোমে সাক্ষাত করেন।
ইউএই ২০১৬ সালে প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেব এরদোগানকে ক্ষমতাচ্যুত করার একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানকে অর্থায়ন করায় এবং রাজনৈতিক ইসলামের প্রতি তুরস্কের সমর্থন, বিশেষ করে মুসলিম ব্রাদারহুডের প্রতি ইউএই’র আপত্তির কারণে তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধ রয়েছে। তুরস্ক এবং ইউএই লিবিয়া, সিরিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরে পরোক্ষভাবে পরস্পরের বিরুদ্ধে সামরিক এবং রাজনৈতিক যুদ্ধ করেছে। অধিকন্তু, ইউএই-সউদি নেতৃত্বে কাতারের ওপর সাড়ে তিন বছরব্যাপী কূটনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার চলাকালীন তুরস্ক কাতারকে সমর্থন করেছে এবং উপসাগরীয় দেশটিতে তার সামরিক উপস্থিতির প্রসারণ ঘটিয়েছে।
একইভাবে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে অনিশ্চয়তা, করোনা মহামারী এবং জলবায়ু পরিবর্তনের কারণে অঞ্চলটির সমস্ত রাষ্ট্রের কিছু সমন্বিত অর্থনৈতিক সংস্কার বৈচিত্র্য, এবং স¤প্রসারণের লক্ষ্যে মিশর এবং সউদি আরব মধ্যপ্রাচ্যে তুরস্কের সাথে তাদের মতপার্থক্য কমাতে চাইছে। এই পটভ‚মিতে, কাভুসোগলু বৈরুতে পৌঁছানোর একদিন আগে তেহরানে সফর করেন। তেহরানে তিনি লেবাননের একজন সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসাবে তার অবস্থানকে শক্তিশালী করতে, আজারবাইজানি-ইরানি সীমান্ত বরাবর ককেশাসে তুর্কি-ইরানি উত্তেজনা প্রশমন এবং সিরিয়ার বিষয়ে ইরানের সাথে কিছু অভিন্ন মতে পৌঁছানোর লক্ষ্যে কাজ করেন, যেখানে তাদের মতভেদ রয়েছে।
এদিকে, গত সপ্তাহে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইসরাইলি পর্যটক দম্পতিকে গ্রেফতার এবং পরবর্তীতে মুক্তি দেয়ার ফলে নয় বছরের মধ্যে এরদোগান এবং শীর্ষ ইসরাইলি নেতাদের মধ্যে প্রথম ফোনালাপের সূচনা ঘটে। প্রেসিডেন্ট আইজাক হারজগ এবং প্রধানমন্ত্রী নাফতালি বেনেট তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে আলাদাভাবে ফোন করেন। তুরস্কের গুরুতর অর্থনৈতিক সঙ্কটের সময়ে এরদোগান পর্যটকদের ভীত করতে চাননি এবং এই সুযোগ তুরস্ককে ইহুদি রাষ্ট্রটির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে ইউএই’র ভ‚-রাজনৈতিক সুবিধাকে হ্রাস করার সুযোগও করে দিয়েছে। সূত্র: আলজেমেইনার।
রাশিয়ার নতুন এস-৫৫০ ও এস-৫০০ সারফেস-টু এয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা একসঙ্গে যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা বা আকাশপথে আসা হুমকি ঠেকিয়ে দিতে সক্ষম হবে। একসময় এগুলোই হবে রুশ প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড। এরই মধ্যে এস-৫০০’র হার্ডওয়্যার অংশ তৈরি হয়ে গেছে। আগামী কয়েক বছরের মধ্যেই এটি রুশ সামরিক বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। বুধবার (২৪ নভেম্বর) রুশ বার্তা সংস্থা টাসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র টাসকে জানিয়েছে, এস-৫৫০ ব্যবস্থা এস-৫০০কে প্রতিস্থাপন করবে না। কারণ এটি তার পূর্বসূরীর চেয়ে বেশি উন্নত হবে না। মূলত এস-৫৫০ হবে সামান্য হালকা সংস্করণ। এর লক্ষ্যও হবে আগেরগুলোর চেয়ে ভিন্ন।
রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নতুন প্ল্যাটফর্ম হিসেবে তৈরি হচ্ছে এস-৫৫০ এবং এস-৫০০। এটি তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করবে। সূত্রের মতে, এস-৩৫০ ভিটিয়াজ এবং স্বল্পপাল্লার ব্যবস্থাগুলোর সঙ্গে এস-৫৫০ ও এস-৫০০ মিলিতভাবে বিদ্যমান সব ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কার্যকর হবে। অর্থাৎ পৃথিবীতে থাকা যেকোনো ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে সক্ষম হবে রাশিয়ার অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা।
আরেকটি সূত্র টাসকে জানিয়েছে, এস-৫৫০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ২০২৫ সালের মধ্যেই রুশ সেনাবাহিনীর হাতে পৌঁছাবে। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ একটি মোবাইল লঞ্চার ব্যবহার করা হবে। তবে এই অস্ত্রের সমুদ্রবাহী কোনো সংস্করণ তৈরির পরিকল্পনা এখন পর্যন্ত নেই।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ তুরস্কের পুলিশ প্রধান মেহনেত আকতাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশ নিতে ড. বেনজীর আহমেদ বর্তমানে তুরস্কে অবস্থান করছেন। সেখানেই মেহনেত আকতাশের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বুধবার (২৪ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।
তিনি জানান, সাক্ষাৎকালে আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ, উভয় দেশের পুলিশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাৎ অনুষ্ঠানে সাইবার ক্রাইম, অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশাল ক্রাইমসহ অন্যান্য অপরাধ শনাক্ত ও দমন কৌশল নিয়েও মতবিনিময় করেন উভয় দেশের পুলিশ প্রধান।
আইজিপি ইন্টারপোল সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ প্রতিনিধিদল এবং আসিয়ানাপোলের প্রতিনিধিদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছেন। বৃহস্পতিবার তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে।