নারীদের জন্য জারি করা ধর্মীয় নির্দেশিকা মানা বাধ্যমূলক নয়: তালেবান।

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আফগানিস্তানে তালেবান সরকার টেলিভিশনের সম্প্রচারের জন্য ধর্মীয় নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকায় নাটকে নারীদের উপস্থিতি বন্ধ করতে বলা হয়েছে। এছাড়া টেলিভিশনের পর্দায় হাজির হবার সময় নারী সাংবাদিক এবং উপস্থাপিকাদেরও হিজাব পরার কথা বলা হয়েছে। তবে এটা বাধ্যতামূলক নয় তালেবান জানিয়েছে।

রোববার তালেবান এই ধর্মীয় নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, টিভি সিরিয়াল বা নাটকে কোনো অভিনেত্রী থাকতে পারবেন না। অভিনেতার উন্মুক্ত কাঁধের ছবিও দেখানো যাবে না। তবে উপস্থাপণার সময় কোন ধরনের হিজাব ব্যবহার করতে হবে সে বিষয়ে ওই নির্দেশিকায় সুনির্দিষ্ট করে কিছু বলা নেই। সাংবাদিকরা বলছেন কিছু নিয়ম অস্পষ্ট এবং ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। এই নীতিনির্দেশিকা জারি করেছে প্রমোশন অফ ভার্চুয়াল প্রিভেনশন অফ ভাইস মন্ত্রণালয়। নির্দেশিকাতে এটাও বলা হয়েছে, মহানবী(সাঃ)-কে কোনোভাবে চিত্রিত করা যাবে না। মন্ত্রণালয় জানিয়েছে, ইসলাম বা আফগান মূল্যবোধের বিরোধী কিছু দেখানো যাবে না। মুসলিম নারী সাংবাদিকরা টিভি-র সামনে এলে তাদের অবশ্যই হিজাব পরতে হবে। পুরুষদের শরীরের বিবরণ দেয়া যাবে না, অনাবৃত কাঁধ দেখানো যাবে না। নারীদের কোনো সিরিয়াল বা নাটকে রাখা যাবে না।

যে ধর্মের অবমাননা করা হয়েছে বা আফগানদের জন্য আপত্তিকর বলে বিবেচিত হতে পারে এমন কমেডি এবং বিনোদনমূলক অনুষ্ঠানও নিষিদ্ধ করা হয়েছে। তালেবানের বক্তব্য, বিদেশি সাংস্কৃতিক মূল্যবোধ প্রচার করে এমন বিদেশি চলচ্চিত্র সম্প্রচার করা উচিৎ নয়। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোয় বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি নাটক দেখানো হয়। যেগুলোর প্রধান চরিত্রে থাকেন নারী। মন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, এটা নিয়ম নয়, ধর্মীয় নির্দেশিকা মাত্র। তালেবানের এক মুখপাত্র জানিয়েছেন, এই নির্দেশিকা মানা বাধ্যতামূলক নয়। এগুলো হলো প্রস্তাব। প্রচারের সময় এগুলো মাথায় রাখা উচিত।

গত আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসে। কুড়ি বছর আগে আমেরিকার নেতৃত্বাধীন বাহিনী তাদের ক্ষমতাচ্যুত করেছিল। সেসময় তালেবান টিভি, সিনেমা ও অন্য প্রায় সব ধরনের মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। সেসময় শুধু চালু ছিল ‘ভয়েস অফ শরিয়া’ নামে একটি রেডিও চ্যানেল। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তালেবান অবশ্য বলেছে যে, তারা এবার মধ্যপন্থা অনুসরণ করবে। আগেরবারের থেকে অনেক বেশি নমনীয় থাকবে। সূত্র: এএফপি, বিবিসি।

যুক্তরাষ্ট্রে ক্রিসমাস প্যারেডে গাড়ি-হামলায় নিহত বেড়ে ৫, একজন গ্রেফতার।

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ওয়াকেশায় বড়দিনের এক প্যারেডের ভিতর গাড়ি চালিয়ে দেয়া হয়েছে। এতে কমপক্ষে ৫ জন নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। ওয়াকিশা-তে বার্ষিক প্রথা মেনে রোববার চলছিল ক্রিসমাস প্যারেড়। সেখানেই একটি এসইউভি দ্রæতবেগে ধেয়ে আসে। প্যারেডে অংশগ্রহণকারী মানুষদের ধাক্কা মেরে চলে যায় সেই গাড়ি।

এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে। পুলিশ প্রধান বলেছেন, লাল রঙের একটি এসইউভি-র চালক এই কাÐ করেছে। ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে অনলাইনে। তাতে দেখা যায়, একটি লাল রঙের স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি) ওই শহরের প্যারেডের ভিতর চালিয়ে দেয়া হয়েছে। স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, পুলিশ কর্মকর্তারা ঘটনার সময় পুরো রাস্তাজুড়ে দৌড়াদৌড়ি করেন। তারা লোকজনকে দোকানের ভিতরে আশ্রয় নিতে অনুরোধ করেন। একজন নারী ফক্স৬ টিভি স্টেশনকে বলেছেন, ৯ থেকে ১৫ বছর বয়সী মেয়েরা প্যারেডে নাচছিল। গাড়িটি গিয়ে তাদেরকে আঘাত করে। একজন কর্মকর্তা বলেছেন ওয়াকেশার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউজ। বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে শহরের মিলওয়াকির পশ্চিমে স্থানীয় সময় রোববার বিকাল ৪টা ৪০ মিনিটে। পুলিশ প্রধান ড্যান থম্পসন বলেছেন, গাড়িটি শিশুসহ কমপক্ষে ২০ জনকে আঘাত করেছে। এতে কিছু মানুষ নিহত হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। পরিবারের সদস্যদের না জানানো পর্যন্ত তিনি নিহতদের নাম, পরিচয় প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। স্থানীয় অধিবাসী অ্যাঞ্জেলিটো টেনোরিও স্থানীয় একটি পত্রিকাকে বলেছেন, প্যারেডে অংশ নিয়ে সেখান থেকে সবেমাত্র তিনি বেরিয়ে এসেছেন, এমন সময়ে এই ঘটনা ঘটেছে। তিনি বলেন, আমি দেখলাম একটা এসইউভি। প্যারেডের কাছে এসেই পূর্ণাঙ্গ গতিতে তা প্যারেডের ভিতর ঢুকে যাচ্ছে। তারপর শুধু শব্দ শুনতে পেলাম। কান্নার শব্দ। আর্তনাদ। গাড়িটিতে আটকা পড়েছেন এমন মানুষের আর্তনাদ।

ড্যান থম্পসন বলেছেন, তার অফিসাররা সন্দেহজনক একটি গাড়ি উদ্ধার করেছে এবং এক ব্যক্তিকে নিরাপত্তা হেফাজতে নেয়া হয়েছে। তবে এ সম্পর্কেও তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, তদন্ত একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। তবে তিনি বলেছেন, ওই গাড়িটিকে থামাতে গুলি ছুড়তে হয়েছে পুলিশকে। তাদেরকে তদন্তে সাহায্য করছে এফবিআই।

অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান স্টিভেন হাওয়ার্ড সাংবাদিকদের বলেছেন, ঘটনার পর ১২টি শিশু এবং ১১ জন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে পার্শ্ববর্তী হাসপাতালে নেয়া হয়েছে। পরে শহরের পুলিশ বিভাগ থেকে বলা হয়েছে, ওয়াকেশায় সব সরকারি স্কুল সোমবার বন্ধ থাকবে। শহরটির মেয়র শন রেলি বলেছেন, এ শহরের জন্য এটা এক বেদনার সময়। এই বিবেকবর্জিত কর্মকাণ্ডে যারা আহত হয়েছেন তাদের সবার জন্য আমার প্রার্থনা। উইসকনসিনের গভর্নর টনি এভারস টুইটে বলেছেন, ওয়াকেশা ঘটনায় তিনি এবং তার স্ত্রী প্রার্থনা করছেন। সূত্র: এএফপি, বিবিসি।

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে দক্ষিণ কোরিয়া।

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনা মহামারির ফলে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করতে ইকোনমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে ১০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে দক্ষিণ কোরিয়া। উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে দক্ষিণ কোরিয়ার উন্নয়ন অর্থায়ন কর্মসূচি হলো ইডিসিএফ।

সোমবার (২২ নভেম্বর) ঢাকায় অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত নতুন ইডিসিএফ ফ্রেমওয়ার্ক চুক্তির অধীনে বাস্তবায়িত হওয়া প্রথম ঋণ এটি। গত ২৪ অক্টোবর দুই সরকারের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

এর আগে, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ২০২০ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া সরকার বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছিল। চুক্তি অনুযায়ী, দক্ষিণ কোরিয়া সরকার ৫ বছরের জন্য বাংলাদেশকে ৭০০ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত ছাড়ের ঋণ দেবে।

১০০ মিলিয়ন মার্কিন ডলারের নতুন ছাড়মূলক ঋণটি পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমকে এগিয়ে নিতে এবং মহামারিতে ক্ষতি কাটিয়ে উঠতে লড়াই করাক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ের উন্নতিতে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। কোরিয়া এক্সিম ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে ঋণ চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে এই অর্থ দেওয়া হবে এবং এটি চলতি বছরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাপী ইডিসিএফ ঋণ প্রাপ্তির দ্বিতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ। এ পর্যন্ত কোরিয়া প্রজাতন্ত্র বাংলাদেশের ২৪টি উন্নয়ন প্রকল্পে ইডিসিএফের মাধ্যমে অর্থায়ন করেছে। যার মোট পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।

২০২২ সালের ৩০ জুন পদ্মাসেতুতে যান চলাচল শুরু হবে : মন্ত্রীপরিষদ সচিব

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

পদ্মা সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। ২০২২ সালের ৩০ জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব।

নাটকীয়তার ভরপুর ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১২৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে  শেষ ওভারে  নাটকীয় জয় পেয়েছে পাকিস্তান। এর ফলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে বাবর আজমের দল ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান করে বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে করে ১২৭ রান।  বাংলাদেশের বিপক্ষে এ রান তাড়া  করতে ১৫ ওভার ১ বল খেলে ৮৩ রান করে দুই উইকেট হারিয়েছিল পাকিস্তান। এ সময় ৪০ রান করে আউট হন মোহাম্মদ রিজওয়ান। দলীয় ৩২ রানে সময় বাবর আজম বিদায় নেয়ার পর হায়দার আলীকে নিয়ে পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তিনি। অবশেষে অভিষিক্ত শহিদুল তাকে সাজঘরে ফেরত পাঠান।  তিনি হায়দারকে নিয়ে জয়ের খুব কাছে চলে যাচ্ছিলেন। কিন্তু শেষ দুই ওভারে ম্যাচ আবার ঘুরিয়ে দেন শহিদুল।  আর শেষ ওভার করতে আসা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ সরফরাজ আহমেদ, হায়দার আলী ও ও ইফতেখারকে আউট করে পাকিস্তানের কাছ থেকে জয় প্রায় ছিনিয়ে নিয়ে এসেছিলেন। কিন্তু বাংলাদেশের কপালটা খারাপই বলতে হয়। জয়ের এতো কাছে গিয়েও শেষ পর্যন্ত টানা আটটি ম্যাচে হারতে হয়েছে বাংলাদেশকে।   এদিকে এর আগে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ২৮ রান করে পাকিস্তান। তবে ম্যাচের সপ্তম ওভারেই বল করতে এসে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে ক্যাচ আউটের শিকার বানিয়ে সাজঘরে পাঠিয়েছেন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। বাবর দলীয় ৩২ রানের সময় ১৯ রান করে আউট হয়েছেন। সিরিজের প্রথম দুটি ম্যাচে যথাক্রমে ৭ ও ১ রানে ফিরেছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ। তবে আজ তিনি প্রথমবারের মতো ১০ বা তার বেশি রান করতে সমর্থ হয়েছেন। কিন্তু তবুও তাাে শেষ পর্যন্ত বেশি দূর আগাতে দিল না টাইগাররা। এর আগে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন ওপেনার নাঈম শেখ। অল্পের জন্য হাফসেঞ্চুরির দেখা পাননি তিনি। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেছেন শামীম হোসেন পাটওয়ারী। তিনি এবারের সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পান। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট তুলে নেন উসমান কাদির ও ওয়াসিম জুনিয়র। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ১০৮ রান করে। প্রথম ম্যাচে করেছিল ১২৭ রান।  আজকের ম্যাচটিতে হয়ত বাংলাদেশ আরো বেশি রান পেতে পারত। কিন্তু ১৯তম ওভারে ওয়াসিম জুনিয়রের বলে নাঈম শেখ ও নুরুল হাসান সোহান ফিরে যান। ফলে রান তোলার গতি কমে যায়। এরপর শেষ ওভারে হারিস রউফের প্রথম বলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন।   ম্যাচটিতে প্রথম ১০ ওভারে ২  উইকেট হারিয়ে ৫২ রান করে টাইগাররা। বাংলাদেশের ব্যাটিংয়ের হাল আজ ধরেন ওপেনার নাইম শেখ ও আফিফ হোসেন। তাদের দুজনের ব্যাটিং নৈপুণ্যে ১৫ ওভার শেষে ৮৯ রান করতে সমর্থ হয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচের শেষ দশ ওভারে বলতে গেলে রানই তুলতে পারেনি বাংলাদেশ তবে আজ আফিফ ও নাঈম মিলে রানের চাকাটা সচল রাখেন। তবে ১৫তম ওভারের সময় ওসমান কাদিরের বলে ২০ রান করে ক্যাচ আউট হয়ে যান। তখন দলের রান ৮০।  এরআগে ম্যাচের দ্বিতীয় ওভারে শাহনেওয়াজ দাহানীর প্রথম বলে চার মারেন নাজমুল হাসান শান্ত। দাহানীর এ ম্যাচের মাধ্যমে অভিষেক হয়েছে। তবে এই ওভারের তৃতীয় বলে শান্তকে বোল্ড আউট করে নিজের ক্যারিয়ারের প্রথম উইকেটটি তুলে নেন। শান্ত মাত্র ৫ রান করেই ফিরে যান। এরপর মাঠে নামেন শামীম পাটোয়ারী। তিনি ওপেনার নাঈমকে নিয়ে পাওয়ার প্লে টা বেশ ভালোভাবেই পার করেন। ফলে শুরুর দিকেই উইকেটের পতন ঘটলেও টাইগারদের খুব বেশি সমস্যা হয়নি।  কিন্ত সপ্তম ওভারে গিয়ে স্পিনার ওসমান কাদিরকে মারতে গিয়ে ক্যাচ আউট হন শামীম। তিনি আউট হওয়ার আগে করেন ২২ রান।

পুরো বাংলাদেশ দলকে শাস্তি দিল আইসিসি।

সোমবার ২২ নভেম্বর ২০২১, ০৭ অগ্রহায়ণ ১৪২৮, ১৬ রবিউস সানী ১৪৪৩ হিজরী

পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে স্লো ওভার রেটের জন্য বাংলাদেশ দলকে শাস্তি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। গেল শুক্রবার (১৯ নভেম্বর) প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরে লড়াই করেও চার উইকেটে হারে মাহমুদুল্লাহ নেতৃত্বাধীন দল। এই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম করায় জরিমানা করা হয়েছে তাদের। আইসিসির কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য সংশ্লিষ্ট দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফি’র ২০ শতাংশ করে জরিমানা করা হয়। ম্যাচ রেফারি নাইমুর রশিদের কাছে ভুল স্বীকার করে নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। প্রথম ম্যাচের এ জরিমানার পর দ্বিতীয় ম্যাচে আর ভুলের পুনরাবৃত্তি করেননি অধিনায়ক মাহমুদউল্লাহ।

সন্তান প্রসবের ২০ ঘণ্টা পর এসএসসি পরীক্ষা দিলেন কিশোরী

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুমিল্লার দাউদকান্দিতে সন্তান প্রসবের ২০ ঘণ্টা পর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ইমা আক্তার নামে এক কিশোরী।

রোববার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ফিন্যান্স ও ব্যাংকিং পরীক্ষায় অংশ নেয় সন্তান প্রসব করা ওই কিশোরী।

ইমা তিতাস উপজেলার লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সে তিতাসের লালপুর গ্রামের হোসেন সরকারের মেয়ে। নবম শ্রেণিতে পড়ার সময় একই উপজেলার শাহাপুর গ্রামের দুবাই প্রবাসী বাদল মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর স্বামীর বাড়িতে থেকেই সে লেখাপড়া চালিয়ে যায়।

জানা যায়, শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টায় ইমার প্রসববেদনা শুরু হলে তাকে দাউদকান্দির গ্রিনল্যাব হসপিটালে ভর্তি করা হয়। ওই দিন সন্ধ্যা ৬টায় স্বাভাবিকভাবে কন্যা সন্তান জন্ম দেয় ইমা। হাসপাতাল থেকে রোববার দুপুর দেড়টায় ছুটি ছাড়াই ভর্তি অবস্থায় সিএনজিচালিত একটি অটোরিকশায় করে ইমাকে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নিয়ে যান তার মা খোরশেদা বেগম।

শিক্ষকেরা জানান, সে দেড় ঘণ্টার পরীক্ষা শেষ করেছে। প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছে সে।

লালপুর নজরুল ইসলাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ জানান, মেয়েটি ভালো ছাত্রী। নবম শ্রেণিতে পড়ার সময় তার বিয়ে হয়। তবে অন্য মেয়েদের মতোই সে নিয়মিত ক্লাস করেছে। বাল্যবিবাহ ও সন্তান প্রসব-এসব বাধা তাকে দমাতে পারেনি।

তিনি আরও জানান, সদ্য সন্তান প্রসবের কারণে ইমার পরিবার থেকে তাকে পরীক্ষা না দেওয়ার জন্য বলা হলেও সে কারও কথা শোনেনি। বরং পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে উচ্চ শিক্ষিত হওয়ার ইচ্ছা পোষণ করেছে।

গৌরীপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের কেন্দ্রসচিব মো. সেলিম বলেন, পরীক্ষা চলার সময় আমি ছাত্রীটির সার্বক্ষণিক খোঁজ নিয়েছি। সে খুব সাহসের সঙ্গে পরীক্ষায় অংশ নিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর আলম বলেন, বাল্যবিবাহের কথা শোনার সঙ্গে সঙ্গে আমি কঠোরভাবে তা মোকাবিলা করি। বিদ্যালয়ে গিয়ে বাল্যবিবাহ না করার জন্য শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করি।

এদিকে রোববার সকাল ১০টায় ভূগোল বিষয়ের পরীক্ষায় দাউদকান্দির বিলকিস মোশাররফ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তান হওয়ার পাঁচ দিন পর নিপা আক্তার নামে আরও এক কিশোরী পরীক্ষায় অংশ গ্রহণ করেছে।

২০১৯ সালের ১৯ নভেম্বর উপজেলার বাজারখোলা গ্রামের সৌদি প্রবাসী মো. শাহজাহান মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। ১৬ নভেম্বর সকাল সাতটায় দাউদকান্দির সিটি হসপিটালে অস্ত্রোপচারের মাধ্যেমে তার কন্যা সন্তান হয়।

নিপা গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের ছাত্রী ও স্থানীয় হাটচান্দিনা গ্রামের বাসিন্দা। সে লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হয়ে শিক্ষক হতে চায়।

মেক্সিকোতে ট্রাকের পেছনে লুকানো অবস্থায় পাওয়া গেল ৩৭ বাংলাদেশিকে।

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বিভিন্ন সময় বিশ্বের নানান দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে

মেক্সিকোর উত্তরাঞ্চলে দুটি ট্রাকের পেছনে লুকানো অবস্থায় ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে পাওয়া গেছে। ১২টি দেশের এই অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি রয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

স্থানীয় সময় গত শুক্রবার এই অভিবাসনপ্রত্যাশীদের পাওয়া যায় বলে গতকাল শনিবার জানায় মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম)।

আইএনএমের তথ্য অনুযায়ী, মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যে দুটি ট্রাকের পেছনে লুকানো অবস্থায় যাঁদের পাওয়া গেছে, তাঁদের বেশির ভাগই প্রতিবেশী গুয়াতেমালার অধিবাসী। তাঁদের সংখ্যা ৪০১। বাকি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে হন্ডুরাসের ৫৩ জন, ডমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন ও কিউবার ৮ জন।

এ ছাড়াও ঘানার ৬ জন, ভেনেজুয়েলার ৪ জন, ইকুয়েডরের ৪ জন, ভারতের ১ জন ও ক্যামেরনের ১ জনকে ট্রাকের পেছনে লুকানো অবস্থায় পাওয়া যায়।

আইএনএম জানায়, যেসব অভিবাসনপ্রত্যাশীকে পাওয়া গেছে, তাঁদের মধ্যে ৪৫৫ জন পুরুষ। ১৪৫ জন নারী।

আইএনএম জানিয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের আপাতত আটক করা হয়েছে। এখন হয় তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে, নয়তো তাঁদের মেক্সিকোতে থাকার সুযোগ দেওয়া হবে।

বিভিন্ন সময় বিশ্বের নানান দেশ থেকে অভিবাসনপ্রত্যাশীদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে। এই অভিবাসনপ্রত্যাশীরা বলেছেন, তাঁরা নিজ দেশে দারিদ্র্য বা সহিংসতা থেকে বাঁচতে এই পথ বেছে নিয়েছেন।

বিএসএফ যেখানে পয়সা পায় না, সেখানে চোরাচালান হয় না’

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সীমান্তে হত্যাকাণ্ডের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর দুর্নীতি ও বিচারহীনতা দায়ী বলে মনে করেন ভারতের মানবাধিকারকর্মী কিরিটি রায়। এক্ষেত্রে বাংলাদেশের সরকার থেকে প্রতিবাদ না জানানোরও কড়া সমালোচনা করেছেন তিনি।
সীমান্তে হত্যা শূন্যে নামিয়ে আনতে ২০১১ সালে বিজিবি-বিএসএফ চুক্তি করে। বিভিন্ন সময় দুই দেশের সরকারি পর্যায়ের বৈঠক থেকেও প্রতিশ্রুতি আসে। তারপরও কেন একের পর এক সীমান্তে হত্যাকাণ্ডের ঘটে চলছে?
এই নিয়ে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ ইউটিউব টকশোতে আলোচনায় অংশ নেন বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম) সচিব কিরিটি রায়। সীমান্তে হত্যার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে যত মানুষ মারা যায় তার আশি শতাংশই ভারতীয়, বিশ শতাংশ বাংলাদেশি। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০০১ থেকে ২০১০ পর্যন্ত এক হাজার মানুষকে বিএসএফ হত্যা করেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ২০১৪ থেকে বছরে গড়ে দেড়শো জন মারা যাচ্ছেন এই সীমান্তে। তিনি বলেন, ‘‘ভারতীয় আইনে গরু পাচারকারী, চোরা চালানকারী কাউকে মারার এখতিয়ার নেই, চড় মারার এখতিয়ারও বিএসএফ এর নেই। বিএসএফ অ্যাক্ট ১৯৬৮ এ নেই। ’’

আলোচনায় অংশ নেওয়া আরেক অতিথি পশ্চিমবঙ্গে বিজেপির জেনারেল সেক্রেটারি সায়ন্তন বসুর দাবি, ‘‘ভারত-বাংলাদেশ সীমান্তে ছয়মাস, একবছর পরপর এই ধরনের ঘটনা ঘটে। তখন খবরের কাগজে, পত্রপত্রিকায় আসে এটা আর হবে না। কিন্তু কেন হয় তার কারণ এমন নয় ভারত সরকারের কথা বিএসএফ শোনে না বা বিএসএফ নিজের ইচ্ছেয় করে। অনেক সময় পরিস্থিতির কারণে হয়।… কারণ ভারত বাংলাদেশের সীমানা অনেক কারণে খুব উত্তেজনাপূর্ণ থাকে।’’
তার দাবি, যারা মারা যাচ্ছেন তারা চোরাচালানের জন্যই মারা যাচ্ছেন। বিএসএফ সেখানেই গুলি করছে যেখানে তারা আক্রান্ত হচ্ছে। তিনি বলেন, ‘‘বিএসএফ এবং বিডিআর (বিজিবি) উভয় সংস্থায়ই চোরাচালানকে কেন্দ্র করে টাকা পয়সার লেনদেন হয়। বিএসএফও সেখান থেকে মুক্ত নয়, বিজিবিও মুক্ত নয়। তবে সেটাই একমাত্র সীমান্তে গুলি চালানোর কারণ নয়।’’
তার এই যুক্তি মানতে নারাজ কিরিটি রায়। পাল্টা যুক্তি দিয়ে তিনি বলেন, ‘‘একটা গরু রাজস্থান থেকে যেটা আসে, হরিয়ানা থেকে যেটা আসে সেটা আকাশ দিয়ে উড়ে আসে না। বনগাঁ বর্ডার বলছি, হিঙ্গল বর্ডার বলছি আর একদম কুচবিহার লালমনিরহাটের উল্টোদিকে, কুড়িগ্রামের উল্টোদিকে দিনহাটা, মেখলিগঞ্জ দিয়ে গরুগুলো যায় কী করে? কতগুলো জেলা, কতগুলো প্রদেশ, কতগুলো থানার উপর দিয়ে গরুগুলো আসে? এবং তারা প্রত্যেকে টাকা পায়। জেনে রাখুন প্রত্যেকে টাকা পায়। এটা একটা বিশাল ….। বাংলাদেশ থেকে

একটি ১৬ বছরের মেয়ে সে দিল্লিতে বা মুম্বাইতে রেড লাইট এরিয়ায় এমনি এমনি যায় না। অনেক টাকা পয়সা এখানে লেনদেন হয়। সেসব ভাগবাটোয়ারা সবার মধ্যেই আছে এবং পতাকাহীনভাবেই আছে।’’
তিনি জোর দিয়ে বলেন, ‘‘বিএসএফের অধিকাংশ মানুষ একটি করাপ্ট ফোর্স। বিএসএফ যেখানে পয়সা পায় না যেখানে বিএসএফ দৃঢ়, সেখানে কোনো চোরাচালান হয় না। চোরাচালান হয় সেখানেই যেখানে বিএসএফ পয়সা পায়।’’
সীমান্তে হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের পাশাপাশি বাংলাদেশের সরকারের দায় রয়েছে বলেও মনে করেন কিরিটি রায়। ‘‘বাংলাদেশ ও ভারত সরকার যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলুক প্রকৃতপক্ষে ভারতের এই প্রবলেমটা সীমান্তে সেটা নিয়ে বাংলাদেশের মানুষ সোচ্চার, মিডিয়া সোচ্চার। কিন্তু বাংলাদেশ সরকার প্রতিবাদ এক ফোঁটাও করছে না,’’ বলেন তিনি।
পশ্চিমবঙ্গে সীমান্তে বিএসএফ-এর বিভিন্ন অন্যায় কর্মকাণ্ড নিয়ে দুই হাজার ২০০ এর মতো অভিযোগ রয়েছে উল্লেখ করে এই মানবাধিকারকর্মী বলেন, সেগুলোর তদন্ত হয় না, এফআইআর হয় না। আবার তদন্ত হলেও ব্যবস্থা নেয়া হচ্ছে না। সীমান্তের এই সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছা ও জবাবদিহিতা গুরুত্বপূর্ণ বলে অভিমত তার। অন্যদিকে সায়ন্তন বসু মনে করেন, ‘‘বিএসএফ এরপাঁচজন অফিসার খারাপ করছে বলে সবাই খারাপ নয়।’ তার মতে, ‘ভারত দেশের সরকার ভারতের নাগরিকদের নিরাপত্তা দিতে বাধ্য। .. একশো বছরেও এই সমস্যার সমাধান হবে না, যদি চোরাচালান বন্ধ না হয়’। যদিও একে ভারতের জন্য লজ্জার বলে সবশেষে উল্লেখ করেন কিরিটি রায়। সূত্র : ডয়চে ভেলে।

✈✈✈ বিমান ভ্রমণে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি ✈✈✈

রোববার ২১ নভেম্বর ২০২১, ০৬ অগ্রহায়ণ ১৪২৮, ১৫ রবিউস সানী ১৪৪৩ হিজরী

** ভ্রমণের সময় আপনার লাগেজ/ব্যাগের ছবি তুলে রাখুন। এমন কি ভেতরে কি কি মালামাল আছে তার ছবিও তুলে রাখুন। কখন লাগেজ/ ব্যাগ হারালে খুজে পেতে এই ছবি সহায়তা করবে।

** আপনার জরুরি কাগজপত্র, মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণবার, সোনার অলংকার, টাকা-পয়সা, ক্যামেরাসহ অন্যান্য দামী জিনিসপত্র আপনার হাতে ব্যাগে রেখে নিজের সঙ্গে রাখুন। এতে করে আপনার দামি জিনিসিপত্র আপনার নিজের হেফাজতে নিরাপদে থাকবে। কোন কারণে আপনার লাগেজ হারালেও মূল্যবান জিনিসপত্র আপনার সঙ্গেই থাকবে।

** বোডিং করার সময় আপনার লাগেজ বুকিং দিয়ে ট্যাগ বুঝে নিন। এই ট্যাগই আপনার লাগেজের প্রমাণপত্র, ট্যাগ হারিয়ে ফেললে আপনি লাগেজ নিয়ে কোন অভিযোগ দিতে পারবেন না। তাই ট্যাগ না নিয়ে কোন লাগেজ বুকিং করবেন না।

** বিশ্বের যে বিমানবন্দরেই হোক, যে এয়ারলাইন্সই হোক, আপনার লাগজে ক্ষতিগ্রস্থ হলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ ছিড়ে গেলে, চাকা ভেঙ্গে ফেললে আপনি এয়ারলাইন্সের কাছে অভিযোগ দিয়ে ক্ষতিপূরণ দাবি করুন।

** বেল্ট থেকে আপনার লাগেজ নেওয়ার পর ট্যাগ মিলিয়ে দেখুন, লাগেজ টি আপনার নিজের কি না। কারণ একই রকম দেখতে অন্যের লাগেজ ভুলে নিয়ে নিতে পারেন। এতে আপনি যেমন ভোগান্তিতে পড়বেন, তেমনি যার লাগেজ নিয়ে আসবেন, তিনিও ভোগান্তিতে পড়বেন।

** কোন কারণে আপনার লাগেজ না পাওয়া গেলে এয়ারলাইন্স লাগেজ খুঁজে ফেরত দিতে বাধ্য। যদি কোন কারণে লাগেজ একেবারে হারিয়ে যায় তাহলে এয়ারলাইন্স ক্ষতিপূরণ দিতে বাধ্য। তাই লাগেজ না পেলে দ্রুত এয়ারলাইন্সের কাছে লিখিত অভিযোগ দিন, তাদের ফোন নাম্বার নিয়ে আসুন। লাগেজের ট্যাগ,বোডিং কার্ড সংরক্ষণ করুন।

** বিশ্বের প্রায় সব দেশেই এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়মনীতি প্রায় একই রকমের। ভ্রমণের সময় এয়ারলাইন্স ও বিমানবন্দরের নিয়ম মেনে চলুন।

Bangla_Aviation

বাংলা_এভিয়েশন