দিনে ৪ হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে সৌদি আরব।

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসের পর আবারো ইউরোপসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশিদের তাদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। ফলে আবারো বাংলাদেশিদের জন্য বিশেষ করে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার উন্মুক্ত হচ্ছে। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ সৌদি আরব দেশে আটকেপড়া প্রবাসীদের পাশাপাশি যারা নতুন করে যেতে যাচ্ছে তাদেরকে পুনরায় ভিসা দিচ্ছে।

যেখানে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস প্রতিদিন চার হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান। গত মঙ্গলবার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে ইসা ইউসেফ ইসা আলদুহাইলান বলেন, করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা প্রদানের হার বেড়েছে। প্রতিদিন চার হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। এক দিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

এদিকে, করোনা মোকাবিলায় বাংলাদেশকে ১৫ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে সৌদি আরব। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এ টিকা উপহার দেওয়া হয়।

ঈসা ইউসেফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশ আমাদের বন্ধুপ্রতিম দেশ। টিকা দিতে পেরে আমরা আনন্দিত। দুই দেশের সাথে যে সম্পর্ক আছে সেটি অব্যাহত থাকবে বলে আমরা আশা করছি।

কুয়েতে বেশী রেমিট্যান্স ভারত ও মিশরের” ট্যাক্স আরোপ হলে…….

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েত সরকারের বিশেষায়িত দল দ্বারা পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে, কুয়েত থেকে প্রবাসীদের রেমিট্যান্স গত বছর জিডিপির ১২.৯%
ছিল।

সর্বাধিক রেমিট্যান্স ছিল ভারতে, তারপরে মিশর।

প্রবাসীদের রেমিট্যান্সের উপর কর আরোপ করার জন্য একটি সংসদীয় প্রস্তাবের ভিত্তিতে গবেষণার সুপারিশ করা হয়েছিল।

আল রাইয়ে এর বরাত দিয়ে আরব টাইমসে প্রকাশিত সংবাদে জানাযায় যে, জিসিসির কোন দেশে বিদেশীদের রেমিট্যান্স স্থানান্তর বা তহবিলের উপর সরাসরি কর আরোপ করে নাই।

গবেষণায় সতর্ক করা হয়েছে যে, এই ধরনের কর আরোপ করা আর্থিক এবং আর্থিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে, যা অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে অর্থ স্থানান্তর করার অবলম্বন করবে এবং মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়নের বিরুদ্ধে লড়াইয়ের ঝুঁকি তৈরি করতে পারে, এতে কুয়েতের সুনাম হুমকির মুখে পড়বে।

গবেষণায় আরো বলা হয়েছে যে, রেমিট্যান্সের উপর কর আরোপের প্রস্তাব সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে এবং কুয়েত একটি সদস্য হওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের বাধ্যবাধকতার বিরোধিতা করবে এবং আর্থিক ও বাণিজ্যিক কেন্দ্রের দৃষ্টিকোণকে ঝুঁকিপূর্ণ করবে।

৩ কুয়েতি যুবকের ছিনতাইয়ের শিকার এশিয়ান ট্যাক্সি ড্রাইভার

বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১, ০৩ অগ্রহায়ণ ১৪২৮, ১২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

কুয়েতে একজন এশিয়ান ট্যাক্সি ড্রাইভার ৩ কুয়েতি যুবক দ্বারা ছিনতাইয়ের শিকার হয়েছে।

বুধবার (১৭ নভেম্বর) হাওয়ালি গভর্নরেটের একটি থানায় তিনজন কিশোরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী প্রবাসী।

শার্ক থেকে সালওয়া এলাকায় তাদের গন্তব্যে নামানোর পরে ড্রাইভারের মোবাইল ফোন এবং মানিব্যাগ ছিনতাই করেছে অভিযুক্তরা৷

স্থানীয় থানা সুত্রে প্রকাশ, মামলা নথিভুক্ত করা হয়েছে এবং গোয়েন্দারা সালওয়া এলাকায় বসবাসকারী ৩ কুয়েতি কিশোরকে সনাক্ত করতে সক্ষম হয়েছে৷

আসামিদের বিচারের জন্য গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

#আলাল/১৮১১২১

বিশ্বব্যাপী কমছে ধূমপায়ীর সংখ্যা : ডব্লিউএইচও

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

গত সাত বছরে প্রায় ৫ কোটি তামাক ব্যবহারকারী কমেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) বিভিন্ন দেশকে তাদের তামাক নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

গত বছর বিশ্বব্যাপী প্রায় ১৩০ কোটি মানুষ তামাক ব্যবহার করেছে। ২০১৯ সালে তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৩২ কোটি। ডব্লিউএইচও জানিয়েছে, ২০২৫ সাল নাগাদ ১২৭ কোটিতে নেমে আসতে পারে এই সংখ্যা। গত সাত বছরে প্রায় ৫ কোটি তামাক ব্যবহারকারী কমেছে বলেও জানিয়েছে তারা।

সংস্থার নতুন একটি প্রতিবেদনে দেখা গেছে, ২০০০ সালে গোটা বিশ্বে ১৫ বছরের বেশি বয়সীদের প্রায় এক তৃতীয়াংশ তামাকজাত দ্রব্য সেবন করেছে। তবে, ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা মাত্র এক পঞ্চমাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

ডব্লিউএইচওর প্রধান টেড্রস আধানম গেব্রেইসাস এক বিবৃতিতে বলেন, ‘প্রতি বছর তামাক ব্যবহারকারীদের সংখ্যা কমতে দেখা খুবই উৎসাহজনক।’
তিনি আরও বলেন, ‘আমাদের এখনও অনেক দূর যেতে হবে। এছাড়া, তামাক প্রস্তুতকারক কোম্পানিগুলো তাদের মারাত্মক জিনিসপত্র বিক্রি করে যে বিশাল মুনাফা অর্জন করে তা রক্ষা করতে বিভিন্ন কৌশল ব্যবহার করবে তারা।’ সূত্র : এএফপি

ভিয়েতনামে বাংলাদেশী রপ্তানি আরো বৃদ্ধির আহ্বান ভিয়েতনামের রাষ্ট্রদূতের।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবধান কমাতে বাংলাদেশী উদ্যোক্তাদের ভিয়েতনামে আরও বেশি হারে পণ্য রপ্তানি বাড়ানোর আহবান জানিয়েছেন।

বুধবার বাংলাদেশ সফররত বাণিজ্য প্রতিনিধিদলের সাথে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র পরিচালনা পর্ষদের দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় তিনি এ আহবান জানান।

ডিসিসিআইমিলনায়তনে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন ভিয়েতনামের ৭ সদস্যের বাণিজ্য প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের ব্যবসা পরিচালনায় সময় ও ব্যয় হ্রাসের লক্ষ্যে চট্টগ্রাম বন্দরে বিশেষ করে পণ্য ওঠা-নামায় সময় হ্রাসের পাশাপাশি বন্দরের অন্যান্য সেবা দ্রুততম সময়ে নিশ্চিত করার প্রয়োজন।

প্রতিনিধিদলের সদস্যদের ডিসিসিআইতে স্বাগত জানিয়ে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, বাংলাদেশের পণ্য আমদানি বিবেচনায় ভিয়েতনামের অবস্থান ১৮, তবে রপ্তানির ক্ষেত্রে দেশটির অবস্থান ৪৪তম। তিনি জানান, ২০২০-২১ অর্থবছরে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ৭৩৯ দশমিক ৮৯ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে আমাদানি-রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৬৭৮ দশমিক ৬ মিলিয়ন ডলার এবং ৬১ দশমিক ২৯ মিলিয়ন ডলার। শিল্পখাতে দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষনের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে ভিয়েতনামের প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানান তিনি।

ডিসিসিআই সভাপতি বাংলাদেশে ও ভিয়েতনামের ব্যবসা-বাণিজ্যের অধিকতর উন্নয়নে ঢাকা ও হ্যানয়ের মধ্যকার বিমান যোগাযোগ চালুর প্রস্তাব দেন।

সভার মুক্ত আলোচনায় ভিয়েতনামের ব্যবসায়ীরা বলেন, নির্মাণ কাজে ব্যবহৃত পাথর, ক্লিংকার, খাদ্যজাত পণ্য ও মশলা প্রভৃতি ভিয়েতনাম থেকে আমদানি করতে পারে, সেই সাথে বাংলাদেশের পাট ও পাটজাত পণ্য এবং ঔষধ ভিয়েতনামে রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে।

ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় দমবন্ধ হয়ে মারা গেলো ১০ জন।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা থেকে ১০ জনকে মৃত এবং ৯৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। ছোট নৌকায় অতিরিক্ত ভিড়ের কারণে ওই ১০ জন দমবন্ধ হয়ে মারা যান বলে জানিয়েছে সংস্থাটি।

এমএসএফ জানায়, তাদের স্বেচ্ছাসেবকরা আকাশপথে নজরদারি করার সময় লিবিয়া সৈকত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি বিপৎসংকেত পান। তাতে সাড়া দিয়ে এগিয়ে যায় উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস। উদ্ধারকারীরা একটি কাঠের নৌকার তলায় ১০ জনের মরদেহ খুঁজে পান।

এই মৃত্যু এড়ানো যেতো উল্লেখ করে এমএসএফ টুইটারে বলেছে, এসব ব্যক্তি ১৩ ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর দমবন্ধ হয়ে মারা যান। ২০২১ সালে এসে আমরা এটি কীভাবে মেনে নিতে পারি?

চলতি বছর বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অন্তত ৫৯ হাজার আশ্রয়প্রার্থী ইতালি উপকূলে পৌঁছেছেন, যা গত বছরের তুলনায় অন্তত ৫০ শতাংশ বেশি। একই সময়ে ভয়ংকর এই রুট পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ২৩৬ জন।

এমএসএফ জানিয়েছে, তাদের উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টসে বর্তমানে নারী-শিশুসহ ১৮৬ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন, যাদের মধ্যে সর্বকনিষ্ঠ শিশুটির বয়স মাত্র ১০ মাস। বিপদগ্রস্ত এসব লোককে দ্রুত তীরে নামতে দেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সূত্র: এপি, সৌদি গ্যাজেট

মওলানা ভাসানীর মাজারে রেজা কিবরিয়া-নুরের ওপর হামলা : সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকীতে তাঁর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে টাঙ্গাইলের সন্তোষে ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। বুধবার (১৭ নভেম্বর) দুপরে এ হামলার ঘটনা ঘটে। এতে আমাদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়।

ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার ও প্রধানমন্ত্রী বিরোধী শ্লোগান দেয়ায় তারা প্রতিবাদ জানালে তাদের উপর হামলা চালালো হয়েছে।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সরোয়ার হোসেন বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতারা মওলানা ভাসানীর মাজারে কাছাকাছি পৌঁছার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ড. কিবরিয়া ও ভিপি নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের পুলিশি নিরাপত্তায় ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা চলে গেছেন।’

হামলার শিকার হওয়ার পৌনে তিন ঘণ্টা পর পুলিশি নিরাপত্তায় টাঙ্গাইল ছেড়েছেন রেজা কিবরিয়া, ভিপি নুর ও তাদের সফর সঙ্গীরা।

এ ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

এদিকে এ হামলা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি ও অশনি সংকেত বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। পাশাপাশি এ ধরনের হামলার তীব্র নিন্দা জ্ঞাপন এবং যারা এ ধরনের হামলা চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

এই ইস্যুতে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়।

এইচ এ সাদ্দাম ফেইসবুকে লিখেছেন, ‘মাওলানা ভাসানী বাংলাদেশের গর্ব। তার মৃত্যুর পরে তার কবর জেয়ারতকে কেন্দ্র করে এমন পরিস্থিতি কখনোই কাম্য নয়।’

ক্ষোভ প্রকাশ করে মোস্তফা কামাল মামুন লিখেছেন, ‘ফুল নিয়ে এসে রক্ত দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হলো মাওলানা ভাসানীকে।’

দৃষ্টান্তমুলক বিচারের আহ্বান জানিয়ে এমপি রহিম লিখেছেন, ‘টাঙ্গাইলের সন্তান হিসেবে আমি আজকের এই ন্যাক্কারজনক ঘটনার জন্য খুবই মর্মাহত। এই জঘন্য ঘটনার জন্য সর্বোচ্চ নিন্দা জ্ঞাপন করছি এবং ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমুলক বিচারের আহ্বান করছি।’

নিন্দা জানিয়ে নুরুন্নবী মন্ডল লিখেছেন, ‘মাওলানা ভাসানী সর্বোস্তরের মানুষের নেতা। দল মত নির্বিশেষে সবাই ওনাকে শ্রদ্ধা জানাবে এটা খারাপ কিছু না। কিন্তু কিছু …..দের এরকম আক্রমণ সত্যিই নিন্দনীয়। এরা নাকি আবার আদর্শের বুলি ছড়িয়ে বেড়ায় আফসোস!’

সাইদুর রহমান রকির জিজ্ঞাসা, ‘পুলিশের উপস্থিতিতে আক্রমণ হয় কি করে? প্রত্যেক দলের তার নিজস্ব কার্যক্রম পরিচালনার অধিকার আছে। এই আক্রমণগুলোর বিচার হয় না বলেই আজ বাংলাদেশে এই জঘন্য রাজনীতির চর্চা চলে আসছে।’

শেষ মূহুর্তের জয়ে বিশ্বকাপে হারের প্রতিশোধ নিল ভারত।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরেছিল ভারত। আর সেই হারেই কঁপাল পুড়ে ম্যান ইন ব্লুদের। সবশেষে বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নেয় তারা।  অবশেষে বিশ্বকাপে সেই হারের প্রতিশোধ আজ কিউইদের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে নিয়েছে ভারত। তাদের নিজ ঘরের মাঠে হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে।  ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে নিউজিল্যান্ড। এই রান ৫ উইকেট ও ২ বল হাতে রেখে জিতে নেয় রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। যদিও ম্যাচটিতে শেষ দিকে উত্তেজনা ছড়ায়। রান তাড়া করার সময ভারতের হাতে পুরোপুরি নিয়ন্ত্রন থাকলেও শেষ ওভারে তাদের ১০ রান প্রয়োজন হয়। তবে সে রান ঋসভ পন্ত ও ভেঙ্কস আয়ার একটি করে চার মেরে তুলে দেন। যদিও শেষ ওভারটি করতে আসা ডারইয়াল মিচেলের বলে আউট হন অভিষিক্ত ভেঙ্কস আয়ার। কিন্তু পন্ত শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।  এরআগে ম্যাচটিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭০ রান করেন মার্টিন গাপটিল। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ রান করেন মার্ক চাপম্যান। অপরদিকে ভারতের হয়ে দুটি করে উইকেট  নেন ভুবনেশ্বর কুমার ও রবিচন্দ্রন অশ্বিন।  অপরদিকে ভারতের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন সূর্যকুমার যাদব। দ্বিতীয সর্বোচ্চ  ৪৮ রান করেন নতুন অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট।

সৌদিতে মিনিবাসের চাপায় বাংলাদেশি যুবক নিহত।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সৌদি আরবে মাইক্রোবাসচাপায় টিপু মিয়া (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের টেলিগ্রামের বাবুল ফকিরের ছেলে।

মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন নিহতের বাবা বাবুল ফকির ও ভগ্নিপতি সাইফুল ইসলাম।

নিহত টিপু মিয়ার ভগ্নিপতি সাইফুল ইসলাম বলেন, নিহত টিপু মিয়া গত তিন বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। সেখানে টিপু মিয়া ও তার বাবা বাবুল ফকির একসঙ্গে কাজ করতেন। কিন্তু রোববার সন্ধ্যায় রিয়াদের একটি হোটেল থেকে টিপু মিয়া নাস্তা আনতে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসচাপায় ঘটনাস্থলেই মারা যান। #সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।

করোনার টিকা বিক্রি করে সেকেন্ডে হাজার ডলার লাভ।

বুধবার, ১৭ নভেম্বর ২০২১, ০২ অগ্রহায়ণ ১৪২৮, ১১ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনার টিকা বিক্রি করে প্রতি সেকেন্ডে এক হাজার ডলার লাভ করছে প্রস্তুতকারক সংস্থাগুলো। যদিও গরিব দেশের মাত্র দুই শতাংশ মানুষ টিকা পেয়েছেন।

করোনার টিকা ধনী দেশগুলোর কাছে বিক্রি করে ফাইজার, বায়োনটেক, মডার্না প্রতি সেকেন্ডে এক হাজার ডলার লাভ করছে। প্রতিদিন তাদের সম্মিলিত লাভের পরিমাণ ৯ কোটি ৩৫ লাখ ডলারের মতো। 
পিপলস ভ্যাকসিন অ্যালায়েন্স (পিভিএ) নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই হিসাব দিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, ধনী দেশগুলো যখন অঢেল ভ্যাকসিন কিনে টিকা প্রস্তুতকারকদের লাভবান করছে, তখন গরিব দেশের মাত্র দুই শতাংশ মানুষ টিকা পেয়েছেন।

পিভিএ টিকা প্রস্তুতকারক কোম্পানিগুলোর আয়ের রিপোর্ট বিশ্লেষণ করে তদের এই বিপুল লাভের কথা জানিয়েছে। অথচ, এই কোম্পানিগুলো শত শত কোটি টাকার সরকারি সাহায্যও পেয়েছে। 

বিভিন্ন সংস্থা ও ব্যক্তি তাদের অনুরোধ করেছিল যে, তারা যেন গরিব দেশগুলোকে প্রযুক্তি হস্তান্তর করে। তাহলে লাখ লাখ মানুষকে বাঁচানো সম্ভব হবে। সেই অনুরোধে কান দেয়নি এই কোম্পানিগুলো।

ওই কোম্পানিগুলো তুলনায় অ্যাস্ট্রাজেনেকা ও জনসন অ্যান্ড জনসনের মনোভাব একবারেই আলাদা। তারা লাভ ছাড়াই ভ্যাকসিন বিক্রি করেছে। তবে তারাও এখন জানিয়েছে, করোনার প্রকোপ কমেছে। তাই তারা নীতিবদলের কথা ভাবছে।

পিভিএ-তে অক্সফার্ম, ইউএনএইডস, আফ্রিকান অ্যালায়েন্সেও সামিল হয়েছে। তারা দাবি করেছিল, কোভিড ১৯ ভ্যাকসিনের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বা মেধাসত্ত্ব অধিকার বাতিল করা হোক। কিন্তু জার্মানি ও যুক্তরাজ্য তাতে রাজি হয়নি। 

সূত্র: ডয়চে ভেলে