পোল্যান্ড ও বেলারুশে ভয়াবহ অভিবাসন সংকট।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ভয়াবহ অভিবাসন সংকট দেখা দিয়েছে পোল্যান্ড এবং বেলারুশ সীমান্ত এলাকায়। গত কয়েক দিনে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছে বহু অভিবাসনপ্রত্যাশী। সেই ঢল ঠেকাতে নিজেদের সীমান্তে বিপুল সেনা মোতায়েন করেছে পোল্যান্ড। বেলারুশ সরকার জোরপূর্বক হাজার হাজার মানুষকে সীমান্তের দিকে পাঠিয়ে দিচ্ছে বলে পোল্যান্ড সরকারের অভিযোগ। এদিকে, সীমান্তে আশ্রয় নেওয়া বেশিরভাগই মধ্যপ্রাচ্য এবং এশিয়ার নাগরিক। তবে দুই দেশের কঠোর অবস্থানের কারণে দেশটির পূর্বাঞ্চলীয় সীমান্তে তৈরি হয়েছে মানবেতর পরিস্থিতি। অভিবাসনপ্রত্যাশীরা বলছেন, তীব্র শীতের মধ্যে শিশুসন্তান নিয়ে জঙ্গলে রাত কাটাতে হচ্ছে তাদের। নেই পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। অনেকের মৃত্যুও হয়েছে।

সূত্রঃ সময় টিভি।

ঢাকা-সিঙ্গাপুর রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট শুরু।

মঙ্গলবার, ০৯ নভেম্বর ২০২১, ২৪ কার্তিক ১৪২৮, ০৩ রবিউস সানী ১৪৪৩ হিজরী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন করছে। সিঙ্গাপুর যেতে হলে যাত্রীদেরকে অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতিপত্র গ্রহণ করতে হবে।সর্বশেষ ৪ মে থেকে বাংলাদেশ হতে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন বন্ধ ছিল।

২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ৮:৩০ টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুর থেকে সেখানকার স্থানীয় সময় বিকাল ৩:৫০ টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
সিঙ্গাপুর যেতে হলে যাত্রীদেরকে অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতি পত্র গ্রহণ করতে হবে এবং অনুমোদিত কোভিড-১৯ এরটিকার পূর্ণ ডোজ গ্রহণ করতে হবে। ফাইজার, মডার্না, অস্ট্রাজেনেকা, সেরামের কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাক টিকার যে কোন একটির ২ ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে ১ ডোজ নেয়ার কমপক্ষে ১৪ দিন পর থেকে সিঙ্গাপুরে যাওয়া যাবে।

২ বছরের বেশি বয়সী যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। সিঙ্গাপুর পৌঁছে ১০ দিন হোটেল কোয়ারেন্টাইন থাকতে হবে। কোয়ারেন্টাইনের তৃতীয় ও সপ্তম দিনে নিজ খরচে অ্যান্টিজেন রেপিড টেস্ট করাতে হবে এবং ১০ম দিনে নিজ খরচে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণে গেলে যাত্রীদেরকে চাঙ্গি বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হবে যার জন্য পূর্বেই 1অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি প্রদান করতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পূর্বে মোবাইলে ‘Trace Together’ অ্যাপ ডাউনলোড করতে হবে। সিঙ্গাপুর বিমানবন্দরে যাত্রীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বাইরের কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।

সূত্র : বাংলা এভিয়েশন।

মোবাইল অ্যাপের মাধ্যমে ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক!

সোমবার, ০৮ নভেম্বর ২০২১, ২৩ কার্তিক ১৪২৮, ০২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

প্রথমবারের মতো দেশের তৈরি পোশাক শ্রমিকদের জন্য ডিজিটাল ঋণ বিতরণ শুরু করেছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। পাইলট প্রকল্পের আওতায় চলতি বছরের সেপ্টেম্বর মাসের শুরুতে অনন্ত জলিলের মালিকানাধীন চারটি পোশাক কারখানার শ্রমিকরা অ্যাপের মাধ্যমে আবেদন ঋণ পেয়েছেন।

এ প্রকল্প সফল হলে পরে দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের জন্য ঋণ কার্যক্রম চালু করবে প্রাইম ব্যাংক। এজন্য পোশাক শ্রমিকদের প্রাইম ব্যাংকে অ্যাকাউন্ট খুলে মোবাইল ফোনের অ্যাপস্টোর থেকে প্রাইম অগ্রিম অ্যাপটি ডাউনলোড করে লগইন করতে হবে।

লগইন করার সঙ্গে সঙ্গে প্রাইম ব্যাংকের কাছে নোটিফিকেশন যাবে। তারপর প্রাইম ব্যাংক গ্রহীতার ঋণ সক্ষমতা যাচাই করে ঋণ বিতরণ করবে। এজন্য গ্রহীতাদের ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই পেয়ে যাবেন ঋণ। সুইসকন্টাক্ট এবং ব্রিটিশ ফিন-টেক আগাম (AGAM) ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঋণ কার্যক্রম চালু করেছে প্রাইম ব্যাংক।

এ বিষয়ে প্রাইম ব্যাংকের ডিজিটটাল ব্যাংকিং ডিভিশনের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস-প্রেসিডেন্ট মাজিদ উল হক বলেন, পোশাক শ্রমিকদের বেতন কম। তারা ব্যাংক থেকে সরাসরি ঋণ পান না। আমরা তাদেরই ঋণ দেবো। তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার রোমানিয়া।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১, ২৩ কার্তিক ১৪২৮, ০২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনার কারণে গত দুই বছরে সৌদি আরবসহ বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ প্রবাসী দেশে ফিরেছে। তারা আর যেতে পারেনি। মালয়েশিয়া শ্রম বাজারের দরজা এখনো খোলেনি। তবে এমন পরিস্থিতিতে ইউরোপের দেশ রোমানিয়ায় বাংলাদেশিদের জন্য নতুন শ্রম বাজার তৈরি হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের গত মাসে রোমানিয়া সফরের সময় বাংলাদেশ থেকে ৪০ হাজার কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে দেশটি। কৃষি, তথ্যপ্রযুক্তি, নির্মাণশিল্প,কাঠমিস্ত্রি, ইলেকট্রনিকস, ফুড, জাহাজ নির্মাণ শিল্পসহ বিভিন্ন খাতে প্রচুর শ্রমিকের চাহিদা রয়েছে এখন। সাধারণ শ্রমিকরা ৬০০ থেকে ১ হাজর ইউএস ডলার বেতন পাচ্ছেন বলে জানা গেছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ১৪ অক্টোবরের এক চিঠিতে দেখা যায়, রোমানিয়ার একটি জাহাজ নির্মাণ কোম্পানিতে ৬০ জন কর্মী নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। রোমানিয়ায় অবস্থানরত এশিয়া কন্টিনেন্টাল গ্রুপের সিইও লোকমান শাহ বলেন, গত শনিবার একটি ফ্লাইটে নয়জন বাংলাদেশি কাজের ভিসা নিয়ে রোমানিয়া এসেছে। রবিবার আরও ছয়জনকে ভিসা বুঝিয়ে দেওয়া হয়েছে। ৩৭টি প্রক্রিয়াধীন আছে। রোমানিয়ান সরকার পর্যায়ক্রমে ৪০ হাজার কর্মী নেবে বাংলাদেশ থেকে। আমরা দেশটির জাহাজ নির্মাণ ও ইমারত নির্মাণ শিল্পে ৫ হাজার কর্মী পাঠানোর চিন্তা করছি।

এ ব্যাপারে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনীরুছ সালেহীন বলেন, রোমানিয়ায় বাংলাদেশি কর্মীর চাহিদা তৈরি হওয়াটা সুখবর। দেশটি থেকে অনেকে অবৈধভাবে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করেন। এটা বাংলাদেশের জনশক্তি রপ্তানির জন্য চ্যালেঞ্জ।

প্রবাসীদের সেবায় আন্তরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১, ২৩ কার্তিক ১৪২৮, ০২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

ব্যবসা-বাণিজ্য বাড়ানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের যথাযথ সেবা দিতে দেশের কূটনীতিকদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের যথাযথ সেবা প্রদান এবং তাদের সুস্থতার জন্য আপনাদের (কূটনীতিকদের) প্রয়োজন। সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য অবদান রাখছেন। আপনাদের উচিত তাদের পাশে থাকা।

গতকাল রোববার (৭ নভেম্বর) স্থানীয় সময় সকালে লন্ডনে বর্তমান আবাসস্থল থেকে ভার্চুয়ালি বাংলাদেশ হাইকমিশন ভবনের (বিএইচসি) সম্প্রসারিত অংশ উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। একদিকে বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রফতানি কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে- সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া পররাষ্ট্রনীতি অনুসরণ করে সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, বরং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করে এগিয়ে যাচ্ছে এবং এ মর্যাদা ধরে রেখে একটি উন্নত দেশে পরিণত হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ।

প্রিয় কুয়েত প্রবাসী বাংলাদেশীগণ, আসসালামু আলাইকুম

সোমবার, ০৮ নভেম্বর ২০২১, ২৩ কার্তিক ১৪২৮, ০২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

আপনাদের অনেকেই কুয়েতের বিভিন্ন কোম্পানীতে কাজে নিয়োজিত আছেন। কাজের পারিশ্রমিক হিসাবে আপনারা কোম্পানীর কাছ থেকে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাওয়ার জন্য চুক্তিবদ্ধ। অধিকাংশ ক্ষেত্রে এর অনিয়ম না হলেও মাঝে মাঝে আপনাদের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদির ব্যাপারে অনিয়ম ঘটে থাকে বলে দূতাবাসের কাছে আভিযোগ আসে। অনেক ক্ষেত্রে দূরবর্তী এলাকা থেকে অনেকে দূতাবাসে এসে অভিযোগ পেশ করতে পারেন না। এ বিষয়টি উপলব্ধি করে ইতোপূর্বে দূতাবাসের ফেইসবুক পেজে অন লাইন অভিযোগ ফরমের মাধ্যমে অভিযোগ লিপিবদ্ধ করার জন্য আহ্বান জানানো হলেও কুয়েত প্রবাসী বাংলাদেশীদের নিকট হতে তেমন ভাবে সাড়া পাওয়া যায়নি। কিন্তু প্রকৃতপক্ষে প্রতিদিন প্রবাসী বাংলাদেশীরা বিভিন্ন কোম্পানীতে ঠিকভাবে বেতন পাচ্ছেনা বলে পৃথক পৃথকভাবে দূতাবাসে অভিযোগ নিয়ে আসছেন। এমতাবস্থায় নিম্নের অনলাইন অভিযোগ ফরমে আপনার অভিযোগ লিপিবদ্ধ করার জন্য অনুরোধ করা হলো। আপনার কাছ থেকে পাওয়া অভিযোগের উপর ভিত্তি করে দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে। তবে কোনো অসত্য বা আংশিক সত্য কিংবা অন্যের অভিযোগ লিপিবদ্ধ না করার জন্য অনুরোধ করা হলো। আপনার দেয়া তথ্যকে দূতাবাস গোপনীয় তথ্য হিসেবে বিবেচনা করবে।

অভিযোগ জানাতে নিচের লিংকে প্রবেশ করুনঃ
http://bdembassykuwait.org/support/

করোনায় আরও ৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৫, হার ১.২৮ শতাংশ

সোমবার, ০৮ নভেম্বর ২০২১, ২৩ কার্তিক ১৪২৮, ০২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০১ জনে। মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২১৫ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ২৮ শতাংশ।

সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে দুইজন মারা যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৩৪টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি চার লাখ ৯০ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হলো। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৪ দশমিক ৯৮ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ দুইজন, সত্তরোর্ধ্ব দুইজন ও ৯০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন। ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন ও খুলনা বিভাগের দুইজন।

‘ওরা পৃথিবীতে এসেছিল একসঙ্গে, ছেড়েও গেল একসঙ্গে’

সোমবার, ০৮ নভেম্বর ২০২১, ২৩ কার্তিক ১৪২৮, ০২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

চাঁপাইনবাবগঞ্জে বড় দুটি বালতির পানিতে ডুবে মারা গেছে তিন বছর বয়সী যমজ বোন। রোববার সকালে জেলা শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে। ভাড়া বাসায় সব সময় পানি না থাকায় দুটি বালতিতে পানি ভরে রাখা হয়েছিল।

সদর থানায় এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন। যমজ বোনদের নাম সাবা ও সারা। তাদের বাবা এবাদ আলী পুলিশের কনস্টেবল। বর্তমানে ঢাকায় কর্মরত।

শিশুদের মা নাইমা খাতুন প্রথম আলোকে বলেন, মেয়ে দুটি বালতির পানিতে পরনের প্যান্ট রেখে নাড়াচাড়া করছিল। এ সময় তিনি ময়লা ফেলতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এসে দেখেন পানিভর্তি বালতির ভেতর দুই বোনের মাথা নিচে ও পা ওপরে। হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নাইমা খাতুন কাঁদতে কাঁদতে বলেন, ‘ওরা পৃথিবীতে এসেছিল একসঙ্গে, ছেড়েও গেল একসঙ্গে। যা করত সবই একসঙ্গেই করত। ওরা আমাকে শোকের সাগরে ভাসিয়ে গেল।’

একসময় সপরিবার ঢাকায় থাকতেন নাইমারা। এক মাস আগে চাঁপাইনবাবগঞ্জে এসে ভাইয়ের বাড়ির পাশে দুটি কক্ষ ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। ভাড়া বাসায় সব সময় পানি পাওয়া যায় না। তাই দুটি বড় বালতিতে পানি ধরে রাখা হতো। সে পানিতে ডুবেই মারা গেল শিশু দুটি।

সদর থানার (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, যেহেতু দুটি শিশু একসঙ্গে মারা গেছে, তাই বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ জন্যই লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।

আর্থিক গ্যারান্টি সহ ও ট্যাটু অপসারণের অঙ্গীকার দিয়ে “ব্রিটিশ” নাগরিকের মুক্তি !!

সোমবার, ০৮ নভেম্বর ২০২১, ২৩ কার্তিক ১৪২৮, ০২ রবিউস সানী ১৪৪৩ হিজরী

সাম্প্রতিক একজন ব্রিটিশ নাগরিক কে কুয়েত সরকার পায়ে কোরআনের আয়াতের ট্যাটু থাকায় আটক করেছিল।

ব্রিটিশ নাগরিক জানিয়েছে যে সে তার দেশে দুই বছর আগে ট্যাটু করেছিল… এবং সে জানত না যে এটি একটি কোরআনের আয়াত ছিল।

গতকাল, হাওয়ালি গভর্নরেট তদন্তে “ধর্মের পবিত্রতা লঙ্ঘনের” অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্রিটিশ বাসিন্দাকে আর্থিক গ্যারান্টি সহ, এবং তার পা থেকে “ট্যাটো” অপসারণের অঙ্গীকারে স্বাক্ষর করা হয়েছে, যার মধ্যে একটি কুরআনিক আয়াত ছিল।

একটি নিরাপত্তা সূত্র আল-রাইকে বলেছে যে ব্রিটিশ মহিলা, যার বয়স ত্রিশের বেশি নয় এবং কুয়েতের একটি বিদেশী স্কুলে কাজ করে, তার সাথে তদন্তের সময় রিপোর্ট করেছিল যে “ট্যাটো” যাতে চারটি শব্দ রয়েছে এবং তাকে গ্রেপ্তার করে। গতকালের আগের দিন, এটি নতুন নয় বরং, তিনি দুই বছর আগে তার দেশে এটি করেছিলেন, যখন তিনি তার নজরে পড়েন এবং এটি একটি শিলালিপি বলে মনে করেছিলেন এবং তিনি জানতেন না যে এটি একটি কোরআনের আয়াত।

সুত্রঃ আল-রায়

প্রতিপক্ষ দমনে জো বাইডেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী আইন’ ব্যবহারের অভিযোগ।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

চরমপন্থিদের শনাক্ত এবং গ্রেফতারে বাইডেন প্রশাসনের সন্ত্রাস বিরোধী দফতরের উদ্যোগে ২৭০০ তদন্ত শুরু হয়েছে। এর আগে কখনোই কোন বছর এক হাজারের বেশী তদন্ত চলেনি বলে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয়ের সূত্র উল্লেখ করেছে। এমনকি ট্রাম্প প্রশাসনের ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩ বছরেও তিন হাজার অভিযোগের তদন্তে গ্রেফতার হয়েছিল ৮৪৬।
এফবিআইসহ বিভিন্ন সংস্থা আলাদা আলাদাভাবে পরিচালনা এসব তদন্ত। প্রেসিডেন্ট বাইডেন দায়িত্ব গ্রহণের পর অভ্যন্তরীণ সন্ত্রাসে লিপ্তদের নেটওয়ার্কে উগ্রপন্থি শ্বেতাঙ্গ গোষ্ঠিরও অন্তর্ভুক্তি ঘটায় তদন্ত সংস্থাগুলোকে স্মরণকালে সবচেয়ে বেশী ব্যস্ত সময় অতিবাহিত করতে হচ্ছে বলে জানা গেছে। বর্ণ-বিদ্বেষমূলক হামলা এবং চোরাগুপ্তা হামলার ঘটনাবলিকে অভ্যন্তরীণ সন্ত্রাসের বলি বলে মনে করছে প্রশাসন। জানা গেছে, ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত ৩ বছরে অভ্যন্তরীণ সন্ত্রাসী হামলায় মারা যায় ৫৭ জন। এরমধ্যে ৪৭টিকেই বর্ণবিদ্বেষী হামলা হিসেবে শনাক্ত করা হয় এবং এসব হামলার জন্যে দায়ী হচ্ছে শ্বেতাঙ্গ উগ্রপন্থিরা। এফবিআইয়ের সন্ত্রাস দমন বিভাগের সহকারি পরিচালক টিমথি ল্যাঙ্গেন কংগ্রেসে শুনানিকালে সম্প্রতি জানিয়েছেন, গত ১৮ মাসে অভন্তরীণ সন্ত্রাসের প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে জঙ্গি হামলার পর চরমপন্থি শ্বেতাঙ্গদের অপতৎপরতা আগের যে কোন সময়ের তুলনায় শতগুণ বেড়েছে। এজন্য এমন পরিস্থিতিকে বাইডেন প্রশাসন ‘জাতীয় হুমকি’র তালিকায় নিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন।

তদন্ত সংস্থাগুলোর নানা পদক্ষেপকে অবশ্য নাগরিক অধিকার সংস্থাসমূহের পক্ষ থেকে বিধি সম্মত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এরফলে রাজনৈতিক বিরোধী পক্ষকে কৌশলে দমনের প্রক্রিয়া অবলম্বন করেছে বাইডেন প্রশাসন-এমন মন্তব্যও উঠেছে বিভিন্ন মহল থেকে। কংগ্রেসে ‘হাউজ ইন্টেলিজেন্স কমিটির কাউন্টার টেররিজম এ্যান্ড কাউন্টার ইন্টেলিজেন্স কমিটি’র প্রভাবশালী সদস্য আরকানসাসের রিপাবলিকান কংগ্রেসম্যান রিক ক্রোফোর্ড এ প্রসঙ্গে মন্তব্য করেছেন, বিদেশী সন্ত্রাসী নেটওয়ার্কের সাথে ন্যূনতম সম্পর্ক নেই বা আন্তর্জাতিক সন্ত্রাসবাদের সমর্থনেও কোন হামলা বা আক্রমণের ঘটনা না ঘটা সত্বেও অভ্যন্তরীণ (বর্ণ-জাতি-ধর্ম) বিদ্বেষমূলক হামলাসমূহকে কেন্দ্র করে সিআইএ ও ন্যাশনাল সিকিউরিটি অথরিটির সহযোগিতায় এফবিআই যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তার পরিপ্রেক্ষিতে সংস্থাটিকে সন্ত্রাস দমনের সংস্থায় পরিণত করা হচ্ছে।’ এভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমনের এখতিয়ার কারো নেই।

গত মাসে ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষসমূহের কাছে বিতরণকৃত এক পত্রে এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মেরিক বি গারল্যান্ড কিছুটা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। ন্যাশনাল স্কুল বোর্ড এসোসিয়েশন কর্তৃক প্রেসিডেন্ট বাইডেন সমীপে প্রেরিত এক পত্রের পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল সেই পত্র বিতরণ করেছেন। কারণ, অনেক অভিভাবকই নাকি মামুলি কারণে তদন্ত সংস্থাসমূহের টার্গেটে পরিণত হয়েছেন। এর ফলে নাগরিকের মৌলিক অধিকার হরনের মত পরিস্থিতি তৈরী হয়েছে বলেও অভিযোগ করা হয় বাইডেন বরাবরে প্রেরিত ঐ পত্রে।