এখন খেল দেখাচ্ছে পাকিস্তানের বোলাররা।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

শারাজাহ ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডের বিপক্ষেড ঝড় তুলে প্রথমে ব্যাট করে ১৮৯ রান করে পাকিস্তান। পাক ব্যাটসম্যানরা তাদের কাজটি ঠিক মতো করেছে। এবার খেল দেখাচ্ছে পাকিস্তানের বোলাররা। স্কটল্যান্ড এই পাহাড়সমান রান তাড়া করতে নেমে প্রথম দশ ওভারে মাত্র ৪১ রান তুলেছে। হারিয়ে ফেলেছে দুটি উইকেট। দলীয় ২৩ রানের সময় অধিনায়ক কাইল কোয়েতজার ৯ রান করে হাসান আলীর বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন। এরপর দলীয় ৩২ রানের সময় ম্যাথু ক্রস ৫ রান করে ফেরেন ইমাদ ওয়াসিমের বলে।  এর আগে বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছে পাকিস্তান। ম্যাচটিতে শেষ দিকে ঝড় তুলেন শোয়েব মালিক। তিনি ১৮ বল খেলে ৫৪ রান করেন। এই রান করার পথে ছয়টি ছক্কা হাঁকান তিনি। চার মারেন একটি। ম্যাচটির শেষ ৮ ওভারে ১১৪ রান করেছে পাকিস্তান।  এর আগে টসে জিতে ম্যাচটির প্রথম দশ ওভ নিজেদের চিরাচরিত খেলাটা খেলতে পারেনি পাকিস্তান। শুরুর দশ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৬০ রানই করতে সমর্থ হয় তারা। তবে এরপর ব্যাট করতে নামা মোহাম্মদ হাফিজ দ্রুত গতিতে ব্যাট চালাতে থাকেন। তাকে সঙ্গ দেন অধিনায়ক বাবর। যদিও ১৫ তম ওভার করতে আসা সাফইয়ান শরীফের বলে এলবিডব্লিউ আউট হয়ে যান হাফিজ। তিনি করেন ৩১ রান। এর মাধ্যমে টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০০ রান পূর্ণ হয়েছে তার। এই রান পূর্ণ করতে তার প্রয়োজন ছিল ১৮ রান। হাফিজ আউট হলেও বাবর তার খেলা চালিযে যেতে থাকেন এবং হাফসেঞ্চুরি তুলে নেন। এরপর শুরু হয় মালিক শো। তিনি ধুম ধারাক্কা মারতে থাকেন স্কটিশ বোলারদের। এর মাঝে অবশ্য বাবর ৬৬ রান করে ক্রিস গ্রেভেসের বলে ক্যাচ আউট হন।  এর আগে ওপেনার মোহাম্মদ রিজওয়ান ১৫ রান ও হার্ডহিটার ব্যাটসম্যান ফখর জামান মাত্র ৮ রান করে ফিরে গেছেন ক্রিস গ্রেভেসের বলে বোল্ড আউট হয়ে।  এদিকে আগেই চার ম্যাচের সবগুলোতে জয় পেয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। এখন আজকের ম্যাচে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা।  এর আগের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। রান রেটে এগিয়ে থেকে তারা এখন আছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে। এখন পাকিস্তান যদি স্কটল্যান্ডকে হারায় তাহলে তারা সেমিতে খেলবে অস্ট্রেলিয়ার আর হারলে সেমিতে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে।

এক বছরে মোদির জনপ্রিয়তা কমেছে ৪ পয়েন্ট।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা কমেছে বলে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ডাটা অ্যানালাইসিস প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের এক জরিপে। এতে বলা হয়েছে, গত বছরের ২ নভেম্বরের তুলনায় এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তা ৪ পয়েন্ট কমেছে।

এই রেটিংয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর দুই নম্বরে রয়েছেন মেক্সিকান প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডোর।
জরিপের তথ্য অনুযায়ী, মোদির রেটিং গত বছরের ২ নভেম্বর ছিল ৭৪ শতাংশ, যা ২০২১ সালের ২ নভেম্বর ৭০ শতাংশে নেমে এসেছে।
মর্নিং কনসাল্ট প্রতি সপ্তাহে এই ডেটা প্রকাশ করে। প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ১১ হাজার অনলাইন সাক্ষাৎকার সংগ্রহ করে। ১ থেকে ৩ শতাংশের ত্রুটির মার্জিনসহ সাত দিনের ডেটা গড় হিসাবে সাপ্তাহিক রেটিং নির্ধারণ করা হয়।
এই সমীক্ষা অনুযায়ী, তিন নম্বরে রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি, চার নম্বরে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও পাঁচ নম্বরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। একই সময়ে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ৪৪ শতাংশ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। সাত নম্বরে রয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো এবং সাত নম্বরে রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।
মর্নিং কনসাল্টের সমীক্ষায় বিশ্বের শীর্ষ ১৩ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়। এই রেটিং প্রায়ই উঠানামা করে।
২০২১ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী মোদির রেটিং ছিল মাত্র ৬৬ শতাংশ। মর্নিং কনসাল্টের গ্রাফ অনুযায়ী, মোদির জনপ্রিয়তা সবচেয়ে কমেছিল এ বছরের মে মাসে, যখন করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে নাকাল ছিল ভারত।

মোবাইলে নেট কানেকশন ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ডেস্ক: ইন্টারনেট ছাড়া হোয়াটসঅ্যাপ অচল। ফোনে হোক বা কম্পিউটারে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গেলে ইন্টারনেট লাগবেই। তবে এই নিয়মে এবার আসতে চলেছে পরিবর্তন। মোবাইল ফোনে নেট কানেকশন ছাড়াই হোয়াটসঅ্যাপ ওয়েব চলবে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট এসেছে। এতেই মোবাইলে নেট কানেকশন না থাকলেও ডেস্কটপে চালানো যাবে হোয়াটসঅ্যাপ ওয়েব। অ্যান্ড্রয়েড ও আইফোন উভয়ের জন্যেই এই আপডেট আনা হয়েছে।

হোয়াটসঅ্যাপের এই নতুন সুবিধা পাওয়া যাবে শুধু ওয়েবের ক্ষেত্রে। অর্থাৎ ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে হোয়াটসঅ্যাপ চালালেই এটি ব্যবহার করা যাবে। ফোনে নেট না থাকলেও কম্পিউটারে চলবে হোয়াটসঅ্যাপ। এমনকি ফোনটি সুইচ অফ করে দিলেও কারও সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবে না। তবে অবশ্যই ডেস্কটপে ইন্টারনেট থাকতে হবে।

এজন্য ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ বেটা অপশনে ক্লিক করতে হবে। বেটা ছাড়া এই সেবা মিলবে না। কীভাবে বেটা চালু করতে হবে? পদ্ধতি সহজ। হোয়াটসঅ্যাপ স্ক্রিনের উপরে ডানদিকে যে তিনটি বিন্দু একসঙ্গে থাকে, তাতে ক্লিক করে ‘লিঙ্ক এ ডিভাইস’ অপশনে ক্লিক করতে হবে, ঠিক যেমনটা করতে হয় হোয়াটসঅ্যাপ ওয়েব চালানোর সময়।

সেখানেই বেটা-র অপশন থাকবে, তাতে ক্লিক করলেই মিলবে বেটা সেবা। তবে এই সেবা একটি মাত্র অসুবিধা রয়েছে। হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ পাঠিয়ে ফেলার পর যদি তা মুছে দেওয়ার দরকার হয়, তা মেশিন থেকে করা যাবে না। ফোন থেকে হোয়াটসঅ্যাপ খুলেই তা করতে হবে।

১৪ দিনের বেশি সময় যদি ফোন বন্ধ করা থাকে, নিজে থেকেই মেশিনে হোয়াটসঅ্যাপ ওয়েব লগ আউট হয়ে যাবে। -দ্য ওয়াল।

আজ রোববার থেকে এলপিজি ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম কার্যকর!

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

অক্টোবর মাসের জন্য বেসরকারি পর্যায়ে এলপিজি মুসকসহ প্রতি কেজিতে ৮৬ টাকা ৭ পয়সা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছে।

এর ফলে এখন থেকে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৩৩ টাকা থেকে বেড়ে এক হাজার ২৫৯ টাকা। আজ রোববার থেকে এই দাম কার্যকর হবে।

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুনানি কক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সচিব রুবিনা ফেরদৌসী, সদস্য মকবুল ইলাহি, আবু ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত আগস্টে ১২ কেজির সিলিন্ডারের দাম ধরা হয়েছিল ৯৯৩ টাকা। এক মাসের ব্যবধানে সরকারি হিসাবেই দাম বেড়েছে ৪০ টাকা।

একই সঙ্গে বেড়েছে পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও, যা অটোগ্যাস নামে প্রচলিত। অক্টোবর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫০.৫৬ টাকা থেকে বাড়িয়ে ৫৮ দশমিক ৬৮ নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় ৮ টাকা ১২ পয়সা।

সংবাদ সম্মেলনে বলা হয়, সৌদি সিপি অনুসারে আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি টন ৬৬০ থেকে বেড়ে ৮০০ ডলার

এবং ৬৫৫ থেকে বেড়ে ৭৯৫ ডলার হয়েছে। মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় অক্টোবরের জন্য এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত (রেটিকুলেটেড প্রতি) এলপিজির দাম প্রতি কেজি ৮৩ টাকা ৭৭ পয়সা থেকে বাড়িয়ে ১০১ টাকা ৬৮ পয়সা করা হয়।

সম্মেলনে কমিশনের সদস্য মকবুল ই ইলাহি বলেন, ‘এটি একটি পরিবেশবান্ধব জ্বালানি। আমাদের দেশে বেশিরভাগ নারী রান্নার কাজ করেন।

কাঠ পোড়ালে নারীদের ফুসফুস আক্রান্ত হয়। এককেজি এলপিজির বিপরীতে ১৮ কেজি কাঠ সাশ্রয় হয়। এক মিলিয়ন এলপিজির বদলে ৩৬ হাজার একর বনভূমি বাঁচতে পারে।’

তিনি বলেন, ‘দামের কারণে এই গ্যাস জনপ্রিয় করতে পারেনি। দাম অনেক বেশি হওয়ায় জনপ্রিয় হতে পারেনি। আমরা এখনকার চেয়ে কিছুটা কম দামে আনতে পারি সামান্য উদ্যোগ নিলে।

দামের ক্ষেত্রে মুসক একটা বড় বিষয়। দাম বাস্তবায়ন করতে গেলে ভোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। সচেতনতা একটি বড় বিষয়।’

এ সময় আরও বলা হয়, এলপিজির সাড়ে ৫ কেজি সিলিন্ডার ৪৭৩ থেকে বাড়িয়ে ৫৭৭ টাকা, সাড়ে ১২ কেজি এক হাজার ৭৬ থেকে বাড়িয়ে এক হাজার ৩১২ টাকা, ১৫ কেজি এক হাজার ২৯১ থেকে বাড়িয়ে এক হাজার

৫৭৪ টাকা, ১৬ কেজি এক হাজার ৩৭৭ থেকে বাড়িয়ে এক হাজার ৬৭৯ টাকা, ১৮ কেজি এক হাজার ৫৪৯ থেকে বাড়িয়ে এক হাজার ৮৮৮ টাকা,

২০ কেজি এক হাজার ৭২২ থেকে বাড়িয়ে ২ হাজার ৯৯ টাকা, ২২ কেজি এক হাজার ৮৯৩ থেকে বাড়িয়ে ২ হাজার ৩০৯ টাকা,

৩৩ কেজি দুই হাজার ৮৪১ থেকে বাড়িয়ে ৩ হাজার ৪৬২ টাকা, ৩৫ কেজি তিন হাজার ১৩ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৬৭৩ এবং ৪৫ কেজি তিন হাজার ৮৭৩ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্রঃdainikamadershomoy

ব্যাংক থেকে লোন নিন, জমি বিক্রি বাদ দিন।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

জমি বিক্রি নয় বা এনজিও থেকে উচ্চ সুদে ঋণও নয়। এমনকি আত্মীয়স্বজনের কাছ থেকেও ঋণ নেওয়ার দরকার নেই। কাজের জন্য বিদেশে যেতে আপনাকে ঋণ দেওয়ার জন্য বসে আছে ব্যাংক। একটি-দুটি ব্যাংক নয়, সরকারি-বেসরকারি অন্তত সাতটি ব্যাংক বিদেশে যেতে আপনাকে ঋণ দিচ্ছে। মজার বিষয় হচ্ছে, ঋণের টাকার বিপরীতে ব্যাংকের কাছে কোনো জায়গা-জমিও বন্ধক রাখতে হবে না।

তবে বিদেশে যেতে ঋণ দেওয়ায় সবচেয়ে এগিয়ে প্রবাসীকল্যাণ ব্যাংক। ২০১১ সালে ব্যাংকটি গঠনই করা হয় এ উদ্দেশ্যে। এ ব্যাংকের পাশাপাশি যেসব ব্যাংক বিদেশে যেতে ঋণ দিচ্ছে, তাদের মধ্যে সোনালী, অগ্রণী, পূবালী ও এনআরবি ব্যাংক অন্যতম। এনআরবি গ্লোবাল ব্যাংক এবং এনআরবি কমার্শিয়াল ব্যাংকও সম্প্রতি বিদেশে যেতে ঋণ দেওয়া শুরু করেছে।

বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিদেশে ১ কোটি ২৫ লাখ বাংলাদেশি লোক রয়েছেন। প্রবাসী শ্রমিকদের ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রবণতা ও প্রভাব নিয়ে তৈরি ওই প্রতিবেদন অনুযায়ী তাঁদের মধ্যে মাত্র ২ শতাংশ দক্ষ, ৬২ শতাংশ অদক্ষ এবং ৩৬ শতাংশ আধা দক্ষ।

এক শ্রেণির আদম ব্যাপারী নির্ধারিত অঙ্কের চেয়ে অনেক বেশি অর্থ নিয়ে বিদেশে শ্রমিক পাঠান। অনেক সময় ভুয়া কাগজপত্র দিয়ে শ্রমিকদের পাঠানো হয়, যাঁরা বিদেশে গিয়ে পরে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হন। প্রতিবেদনে তাই ঋণ আবেদনের দীর্ঘসূত্রতা কমানো এবং ঋণ আদায়ে তদারকি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

কারা ঋণ পাবেন: ভিসা পাওয়ার পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর আবেদন করতে হবে। বিদেশে কাজ করার জন্য যাঁরা ভিসা পেয়েছেন, তাঁরাই পাবেন এ ঋণ। অর্থাৎ ঋণ পেতে চাইলে বৈধ ভিসা থাকতে হবে। ব্যাংক কোনো ভিসা পাইয়ে দেবে না। ঋণও দেওয়া হবে ভিসার মেয়াদের ওপর ভিত্তি করে।

ঋণ ও সুদ: সরকারি ব্যাংকগুলো ১ থেকে ২ লাখ টাকা ঋণ দিয়ে আসছে। আর ঋণের মেয়াদ সাধারণত ২ বছর। গ্রেস পিরিয়ড রয়েছে আরও দুই মাস। সব মিলিয়ে ঋণ দেওয়া হচ্ছে ২৬ মাসের জন্য এবং সুদের হার ৯ শতাংশ। বেসরকারি ব্যাংকগুলো অবশ্য ঋণ দিচ্ছে ১ থেকে ৩ বছর মেয়াদি। এ ব্যাংকগুলো সুদ নেয় ১২ থেকে ১৪ শতাংশ পর্যন্ত।

তবে বেসরকারি ব্যাংকগুলো বিদেশে গিয়ে পৌঁছানোর তিন মাস পর থেকে কিস্তি নেওয়া শুরু করে। অবশ্য সব ব্যাংকেরই ঋণের শর্ত ও অনুমোদনপ্রক্রিয়া প্রায় একই রকম। ঋণ পরিশোধের মেয়াদ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরিশাস, ওমান, কাতার, ইতালি, অস্ট্রেলিয়া—এসব দেশের ক্ষেত্রে দুই বছর, শুধু সিঙ্গাপুরের ক্ষেত্রে এক বছর।

প্রয়োজনীয় কাগজপত্র: বৈধ ভিসার পাশাপাশি বিদেশগামী কর্মীকে যে কোম্পানি কাজ দেবে বা নিয়োগ করবে, সেই কোম্পানির নিয়োগপত্র লাগবে। লাগবে আবেদনকারীর সত্যায়িত তিন কপি ছবি, বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানাসংবলিত পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া সনদ, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আরও লাগবে স্থানীয় বা ঘনিষ্ঠ এক বা একাধিক ব্যক্তির ব্যক্তিগত জামিননামা।

এই জামিননামা সম্পত্তি বন্ধকের বিকল্প হিসেবে কাজ করে। আবেদনকারীর মতো জামিনদারদের ছবি, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে নেওয়া সনদ, পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিও জমা দিতে হয়। এ ছাড়া যে ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স (প্রবাসী আয়) আসবে, সেই ব্যাংকের সঙ্গে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে।

ঋণ পরিশোধ: সোনালী ব্যাংকের ঋণ পরিশোধের মেয়াদ সর্বোচ্চ তিন বছর। বিদেশে যাওয়ার পরে দুই বছরে ২৪ কিস্তি বা তিন বছরে বা ৩৬ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। প্রতি মাসে কিস্তি দিতে হবে একটি করে। এ ব্যাংক এক অঙ্কের সরল সুদ নেয়। অগ্রণী ব্যাংকও এক অঙ্ক সুদ নেয়, তবে ঋণ পরিশোধ করতে হয় দেড় বছরে।

পূবালী ব্যাংক আড়াই লাখ টাকা পর্যন্ত ঋণ দিলেও পরিশোধের মেয়াদ ২ বছর। এনআরবি গ্লোবাল ব্যাংকসহ অন্য বেসরকারি ব্যাংকগুলো ৩ লাখ টাকা পর্যন্ত ঋণ দিয়ে ১২, ২৪ ও ৩৬ মাসিক কিস্তিতে তা পরিশোধের ব্যবস্থা রেখেছে। বিদেশে যাওয়ার ৩ মাস পর থেকে ঋণের মাসিক কিস্তি শুরু হয় এ ব্যাংকের।

লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী নাজলা মঙ্গুশ বরখাস্ত।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের পররাষ্ট্রমন্ত্রী নাজলা মঙ্গুশকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। একইসাথে তার ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাউন্সিলের সাথে পররাষ্ট্রনীতির সমন্বয় না করার অভিযোগে গতকাল শনিবার তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
কাউন্সিলের একটি ডিক্রি অনুসারে, লিবিয়ার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালনকারী তিন সদস্যের সংস্থাটি পররাষ্ট্রমন্ত্রী নাজলা মঙ্গুশকে বরখাস্ত করেছে। পাশাপাশি ‘পররাষ্ট্রনীতির একচেটিয়াকরণ’-এর অভিযোগ এনে তদন্তের স্বার্থে তার বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়।
দেশটিতে আসন্ন নির্বাচনের আর ৬ সপ্তাহ বাকি। তার আগে এই সিদ্ধান্ত নেওয়া হলো। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি। নাজলা মঙ্গুশও কিছু জানাননি।
জানা গেছে, কাউন্সিল নাজলার ‘প্রশাসনিক বিধি লঙ্ঘন’র বিষয়ে তদন্ত শুরু করেছে। তিনি লিবিয়া প্যানোরামা টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন, কাউন্সিলের সাথে পরামর্শ না করেই পররাষ্ট্রনীতির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের নেতা মোয়াম্মার গাদ্দাফির পতন হয়। দুই মাস পর একটি সশস্ত্র গোষ্ঠী তাকে হত্যা করে। এরপর থেকে লিবিয়া বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছে। তেলসমৃদ্ধ লিবিয়াতে এখন একাধিক সরকার। বর্তমানে রাজধানী ত্রিপোলিতে একটি এবং দেশের পূর্বাঞ্চলে অন্য সরকারের অবস্থান। প্রতিটি পক্ষই বিভিন্ন বিদেশী শক্তি ও মিলিশিয়াদের দ্বারা সমর্থিত। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড ও আনাদোলু এজেন্সি

করোনায় একদিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৭৮।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮৯৫ জনে। একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ১৭৮ জন রোগী। এ নিয়ে নমুনা পরীক্ষায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ১৩ জনে।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম রোগীর মৃত্যু হয়। বিস্তারিত আসছে…

ভাড়া বাড়ানোর ঘোষণায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার করলো পরিবহন মালিক সমিতি।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ডিজেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া বাড়ানোর ঘোষণায় চলমান ধর্মঘট প্রত্যাহার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সারাদেশে মালিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। আমরা তাদের সেন্টিমেন্টের সঙ্গে সহমত পোষণ করেছিলাম। পাশাপাশি জনদুর্ভোগ লাঘবে সবার সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। সে আলোকেই আজকে বৈঠক হয়। যেহেতু ভাড়া পুনর্নির্ধারণ হয়েছে, আগামীকাল গেজেট হয়ে যাবে।

তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে আমরা সব মালিকদের বাস চালু করার জন্য আহ্বান জানাচ্ছি। এখন থেকে নতুনভাবে নির্ধারিত ভাড়া নেওয়া হবে। সরকার নির্ধারিত ভাড়ার বেশি কোনোভাবেই নেওয়া যাবে না বলে তিনি উল্লেখ করেন।

গণপরিবহনে কোথায় কত ভাড়া বাড়ছে।

রোববার, ০৭ নভেম্বর ২০২১, ২২ কার্তিক ১৪২৮, ৩০ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সার পরিবর্তে এখন ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে এখন ২ টাকা ১৫ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ)।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনা শেষে বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে দূরপাল্লার বাসে ১ দশমিক ৯০ টাকা, মহানগর বাসে ২ দশমিক ৩৫ টাকা এবং মিনিবাসে ২ দশমিক ৩৫ টাকা।
তবে পরিবহন মালিক সমিতি ২ টাকা করার প্রস্তাব করে। যদিও দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা। অর্থাৎ এতে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৪৮ পয়সা বেশি গুনতে হবে।
এছাড়া মহানগরে বাসভাড়া ২ দশমিক ৩৫ টাকা করার প্রস্তাব গৃহীত হয়। যার বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। যদিও প্রস্তাব করা হয়েছিল ২ টাকা ৪০ পয়সা করার। এতে ভাড়া বাড়ছে ৬৫ পয়সা। মহানগরে মিনিবাসের ভাড়া ২ দশমিক ৩৫ টাকা করার কথা বলা হয়। যার বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। এটি বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করার প্রস্তাব হলেও তার ৫ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়। এতে ভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ৭৫ পয়সা।

প্রস্তাবিত ভাড়া বিআরটিএ গেজেট প্রকাশের পর তা আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে বলে জানা গেছে। এই খবরের পর বাস মালিক সমিতি তাদের বাস ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।
নতুন ভাড়ার বিষয়ে জানতে চাইলে বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ আরটিভি নিউজকে বলেন, তেলের দাম বৃদ্ধি হওয়ায় মালিকরা নিজ নিজ ইচ্ছায় বাস বন্ধ করে দিয়েছিলেন। যে ভাড়া সমন্বয় করা হয়েছে তাতে তেলসহ বাসের উপকরণ খরচেও ঘাটতি আছে। শুধু জনগণের কথা বিবেচনা করে সরকারের এ সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তাপর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্র্নিধারণ করেছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সকল গণপরিবহন বন্ধ রেখেছে বাস, ট্রাক ও লঞ্চ মালিকরা।

দেশে,দূরপাল্লায় কি.মি.-এ ৩৮ পয়সা ও সিটিতে ৪৫ পয়সা বাড়বে, সিএনজিচালিত গাড়িতে বাড়বে না

পরিবহন মালিকদের দাবির মুখে বাসের ভাড়া বাড়ানো হলেও যেসব গাড়ি সিএনজিতে চলে সেসবের ভাড়া বাড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। দূরপাল্লার বড় বাসে কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। আর মহানগরে কিলোমিটার প্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

রবিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে গণপরিবহনে ভাড়া পুনর্নির্ধারণে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের পর এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এদিকে নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে। এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মহানগরে বাসের বর্তমান ভাড়া কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, সেটা ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারে ভাড়া বেড়েছে ৪৫ পয়সা। মহানগরে মিনিবাসের বর্তমান ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৬০ পয়সা। সেটি বাড়িয়ে ২ টাকা ৫ পয়সা করা হয়েছে। কিলোমিটারপ্রতি ৪৫ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।