নিউইয়র্ক সিটি নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন দুই বাংলাদেশি নারী

বুধবার, ০৩ নভেম্বর ২০২১, ১৮ কার্তিক ১৪২৮, ২৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি নির্বাচনে জয় পেয়েছেন দুই বাংলাদেশি। বিজয়ী শাহানা হানিফ ও সিভিল কোর্টের বিচারক অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স হলেন বাংলাদেশী বংশোদ্ভূত দুই ভাগ্যবান নারী। মঙ্গলবার (২ নভেম্বর) নিউইয়র্ক সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এনির্বাচনে বিপুল ভোটে বিজয় অর্জনের মধ্য দিয়ে শাহানা হানিফ নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং নির্বাচিত হয়েছেন প্রথম মুসলিম নারী কাউন্সিলওমেন হিসেবে। তার পৈত্রিক নিবাস চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে। ব্রুকলিনের নির্বাচনী এলাকা ডিস্ট্রিক্ট-৩৯ থেকে ২৮ হাজার ২৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। মোট ভোটের ৮৯ দশমিক ৩ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী ব্রেট ওয়েনকফ পেয়েছেন ২ হাজার ৫২২ ভোট মাত্র। মোট ভোটের ৮ শতাংশ। অন্যদিকে অ্যাটর্নি সোমা সাঈদ কুইন্স সিভিল কোর্টের বিচারক হিসেবে বিজয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এবং দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম মুসলিম নারী বিচারক তিনি। তার পৈত্রিক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ারে। এদিকে, নিউইয়র্ক সিটি নির্বাচনে এই প্রথমবারের মত দুই বাংলাদেশি নারীর ঐতিহাসিক বিজয়ে স্থানীয় বাঙালি অধ্যুষিত এলাকা কুইন্সের জ্যাকসন হাইটস, ওজোনপার্ক, জ্যামাইকা, এস্টোরিয়া, ব্রঙ্কসের পার্কচেস্টার, স্টারলিংক, ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। দুজনেরই নিজ দলের বাইরেও ব্যাপক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে কমিউনিটিতে।

এর আগে এই দুই বাংলাদেশ নারী এ বছর ২২ জুন অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে নিজ দল ডেমোক্র্যাটিক পার্টি থেকে বিজয়ী হয়ে প্রার্থীতা লাভ করেন সাধারণ নির্বাচনে।

‘ভোট না দিলে কবর দিতে দিব না, এমনকি মসজিদেও না’, চেয়ারম্যান প্রার্থীর হুমকি

বুধবার, ০৩ নভেম্বর ২০২১, ১৮ কার্তিক ১৪২৮, ২৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভোট না দিলে নিজের গড়া গোরস্থানে কবর দিতে দেবেন না বলে হুমকি দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম। সোমবার (১ নভেম্বর) রাতে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় প্রচারণা কেন্দ্র উদ্বোধনকালে তিনি এ হুমকি দেন।

হলদিয়াপালং ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী শাহ আলম সোমবার রাতে ৯ নম্বর ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় প্রচারণা কেন্দ্র উদ্বোধন করেন। পরে তিনি বলেন, ‘যারা যারা নৌকায় ভোট দেবেন না তাদের চিহ্নিত করা হবে। তাদেরকে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এটা আমার কবরস্থান। সোজা কথা আমার কবরস্থানে তাদেরকে কবর দিতে দেওয়া হবে না। তাদেরকে চৌধুরী পাড়া নিয়ে কবর দিতে হবে। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।’
এ সময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কোটবাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক প্রমুখ।
এদিকে এমন বক্তব্যে স্থানীয়দের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তবে নিজ ঘোষণায় অটল রয়েছেন চেয়ারম্যান প্রার্থী শাহ আলম।

এই বিষয়ে বক্তব্য জানার জন্য শাহ আলমের মোবাইলফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার পাড়ায় আমার সমাজে সবাই আমার আত্মীয়-স্বজন। নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তাদেরকে কবরস্থানে জায়গা দেওয়া হবে না। মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।’
তিনি আরও বলেন, ‘পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত সম্পত্তিতে করা হয়েছে। আমার বিরোধিতা করে কেউ সেখানে স্থান পাবে না।’

‘আপনি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি’, মোদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী

বুধবার, ০৩ নভেম্বর ২০২১, ১৮ কার্তিক ১৪২৮, ২৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। গ্লাসগোতে চলমান জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) দুই নেতার এক প্রাণবন্ত আলোচনায় এ কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতের ওপর হাত রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘আপনি আমার দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি। আপনি কি আমার দলে যোগ দেবেন? অদ্ভুত এ প্রস্তাব পেয়ে নাফতালি বেনেটের হাতে মৃদু চাপড় দিয়ে হেসে উঠেন মোদি। বলেন, ‘ধন্যবাদ’।
বিশ্ব জলবায়ু সম্মেলনে প্রথমবারের মতো বৈঠকে মঙ্গলবার দুই সরকারপ্রধানের কথোপকথন ছিল এমনই। সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত বৈঠকের একটি দৃশ্য শেয়ার করেন নাফতালি বেনেট।

নরেন্দ্র মোদিকে নাফতালি বলেন, ‘ধন্যবাদ দিতে চাই আপনাকে। আপনি সেই ব্যক্তি যিনি ভারত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক নতুন করে শুরু করেছেন। এই গভীর সম্পর্ক দুই অনন্য সভ্যতার মধ্যে- ভারতীয় সভ্যতা ও ইসরায়েলি সভ্যতা।’

সাইড বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে মতবিনিময় করেন তারা। উন্নত প্রযুক্তি ও উদ্ভাবনের মতো ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণে একমত হয় উভয় দেশ।

উল্লেখ্য, ভারত ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক বেশ গভীর। বিগত কয়েক দশক ধরে সন্ত্রাস মোকাবেলা এবং প্রতিরক্ষা ইস্যুতে কাজ করছে দুই দেশ। কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ২০১৭ সালে প্রথমবারের মতো নরেন্দ্র মোদি ইসরায়েল সফর করেন। মূলত তখন থেকেই দুই দেশের সম্পর্ক আরো মজবুত হয়। সূত্র : ইন্ডিয়া টুডে

দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা।

বুধবার, ০৩ নভেম্বর ২০২১, ১৮ কার্তিক ১৪২৮, ২৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ বিমানের মাধ্যমে ওই এলাকার একাধিক লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের মাধ্যমে এই হামলা চালানো হয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে বুধবার (৩ নভেম্বর) ভোরে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি এই তথ্য সামনে এনেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। সর্বশেষ এই হামলায় বেশ কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও সিরিয়ার রাষ্ট্রীয় টিভিতে জানানো হয়েছে।

এদিকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের কর্মকর্তারা। এর আগে গত শনিবার সিরীয় রাজধানী উপকণ্ঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইহুদি এই দেশটি। তবে সেসময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সেই হামলা ঠেকিয়ে দেয় বলে জানিয়েছে আলজাজিরা।
এছাড়া গত ১৪ অক্টোবর সিরিয়ার মধ্যাঞ্চলে ইরানি যোদ্ধাদের বিভিন্ন অবস্থানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ৯ ইরানি যোদ্ধা নিহত হয়। নিহত ওই যোদ্ধারা সিরিয়ার সরকারি বাহিনীর পক্ষে দেশটিতে লড়াইয়ে অংশ নিয়েছিল।

মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব ও যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় দেশটির সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েল বরাবরই উদ্বিগ্ন। আর এই উদ্বেগ থেকেই গত কয়েক বছরে সিরিয়ায় শত শত হামলা চালিয়েছে ইহুদি এই দেশটি। তবে ইসরায়েল অনেক সময়ই এসব হামলার কথা সেভাবে প্রকাশ্যে আনে না বা স্বীকার করে না। সূত্র : রয়টার্স।

যুক্তরাষ্ট্রে বাচ্চাদের করোনার টিকা দিতে চূড়ান্ত অনুমতি।

বুধবার, ০৩ নভেম্বর ২০২১, ১৮ কার্তিক ১৪২৮, ২৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সিদের করোনা টিকা দেয়ার চূড়ান্ত অনুমতি। দুই কোটি ৮০ লাখ বাচ্চাকে টিকা দেয়া হবে। তাদেরও বায়োনটেক-ফাইজার টিকা দেয়া হবে। চূড়ান্ত অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট জো বাইডেনের আশা, কয়েকদিনের মধ্যেই শুরু হবে এই টিকাদান পর্ব।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিসিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন(সিডিসি)-র ডিরেক্টর এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমরা জানি, লাখ লাখ বাবা-মা অপেক্ষা করে আছেন, তারা সন্তানদের টিকা দেয়ার জন্য উদগ্রীব। আমরা এখন প্রস্তাব করছি, দুই কোটি ৮০ লাখ বাচ্চা করোনার টিকা নিতে পারবে।’

যুক্তরাষ্ট্রে এখন আবার করোনা রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলিতে করোনা রোগী ভর্তির সংখ্যা অনেক বেড়েছে। এই অবস্থায় সিভিসি-র বক্তব্য, বাচ্চাদের আর করোনার ঝুঁকিতে ফেলা ঠিক হবে না। বাচ্চাদের ক্ষেত্রেও করোনার মারাত্মক ঝুঁকি রয়েছে। অন্য রোগের তুলনায় করোনার ঝুঁকি অনেক বেশি।

সিভিসি-র মতে, স্কুল বন্ধ থাকার ফলে বাচ্চাদের মনে তার একটা বিরূপ প্রভাব পড়ছে। জো বাইডেনের মতে, এটা খুব বড় সিদ্ধান্ত। এর ফলে বাবা-মায়ের চিন্তা দূর হবে। বাচ্চারাও করোনার হাত থেকে বাঁচবে, তাদের কাছ থেকে অন্যদের করোনা হবে না।

ফাইজার ইতিমধ্যেই রাজ্যগুলিতে পাঠাতে শুরু করেছে। তারা সেই ভ্যাকসিনের প্যাকেটের উপর কমলা রঙের ছাপ দিয়েছে। যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ এখন ভ্যাকসিনের দুইটি ডোজ নিয়েছে। অন্য অনেক দেশের তুলনায় তারা পিছনে আছে। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।

বাহরাইনের সকল নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ

বুধবার, ০৩ নভেম্বর ২০২১, ১৮ কার্তিক ১৪২৮, ২৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

নিজ দেশের নাগরিকদের দ্রুত লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে বাহরাইন। ইয়েমেনে সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের ভূমিকায় সমালোচনার জেরে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে লেবাননের। এ অবস্থায় বাহরাইন তার দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘চলমান উত্তেজনার কারণে লেবাননে থাকা বাহরাইনের সকল নাগরকিদের দেশত্যাগের জন্য অনুরোধ জানানো হলো’।

ঝুঁকি এবং নিরাপত্তার স্বার্থে লেবানন ভ্রমণে নাগরিকদের আবারও সতর্ক করা হয়েছে। এর আগে, লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে বাহরাইন। ইয়েমেনে সউদী আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের হামলা সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রীর সমালোচনার জেরেই এ পদক্ষেপ নেয় দেশটি। সউদী আরবও একই পদক্ষেপ নেয় লেবাননের বিরুদ্ধে। সেই সঙ্গে দেশটি থেকে সব ধরনের পণ্য আমদানিও বন্ধ করে দিয়েছে রিয়াদ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি বলেছেন, ইয়েমেনে সউদী আরবের আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং এখন ইয়েমেন যুদ্ধ বন্ধ করার সময় হয়েছে।

গত ৫ আগস্ট নেওয়া এ সাক্ষাৎকার গত সোমবার সম্প্রচার করা হয়েছে। তার এ বক্তব্যের জেরে সংযুক্ত আরব আমিরাত, বাহারাইন এবং কুয়েতে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতদেরকেও তলব করে প্রতিবাদ জানানো হয়। সূত্র : আল জাজিরা

কুয়েতে ভিসার আবেদন করার জন্য বাংলাদেশ সহ ৭টি দেশের প্রবাসীদের বিশেষ অনুমতি লাগবে…!

বুধবার, ০৩ নভেম্বর ২০২১, ১৮ কার্তিক ১৪২৮, ২৬ রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটিঃ কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার পরিষেবাগুলি পুনরায় শুরু করেছে এবং বাণিজ্যিক, পারিবারিক এবং ভিজিট ভিসার জন্য ভিসার আবেদন গুলি গ্রহণ করা শুরু করেছেন।

৫৩টি দেশের জন্য ভিসা চালু করা হলেও বাংলাদেশ, ইরাক, ইয়েমেন, ইরান, সিরিয়া, পাকিস্তান, এবং সুদান নামের ৭টি দেশের নাগরিকদের এই সিদ্ধান্তে অন্তর্ভুক্ত করা হয়নি।

এই তালিকাভুক্ত দেশের প্রবাসীদের ব্যবসা, কাজ বা পারিবারিক ভিসা দেওয়া হয় না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমোদনে ভিসা জারি করা যাবে বলে জানিয়েছেন আরবী দৈনিক আল রাই সূত্রে।

অতীতে কুয়েত বিমানবন্দর হয়ে ট্রানজিটের সময় নিজেদের সময় অনুযায়ী কুয়েতে অবস্থান বা প্রবেশ করতে আবেদন করলে বন্দর ও পাসপোর্ট বিভাগ বিমানবন্দরে আগমনের সময় বেশ কয়েকজন পাসপোর্টধারীকে পর্যটন ভিসা প্রদান করেছেন। বর্তমানে এই পরিষেবাটি এখনও স্থগিত রয়েছে। এই ধরনের ভিসা (ই-ভিসা) খুব শীঘ্রই অনলাইনে পাওয়া যাবে, এবং যে ব্যক্তি কুয়েত যেতে ইচ্ছুক একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, (https://evisa.moi.gov.kw/evisa/home_e.do)
এর মাধ্যমে অগ্রিম আবেদন করতে হবে।
যার জন্য ভ্যাকসিনেশন সার্টিফিকেট এবং PCR সার্টিফিকেট আবশ্যক।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে…..

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/4858488897516803/

✍️ Collected and posted by Nahar Hoque

কুয়েতে ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়নে দুটি শর্ত’

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১, ১৭ কার্তিক ১৪২৮

কুয়েতের আলোচিত ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়নে জন্য দুটি মৌলিক শর্ত প্রয়োজ্য হতে পারে’ ওয়াকিবহাল সূত্রে আল-আনবার লিড নিউজে বিষয়টি নিশ্চিত করেছে ।

দেশটির বাণিজ্য ও শিল্পমন্ত্রী ড. আবদুল্লাহ আল-সালমানের নেতৃত্বে জনশক্তির জন্য সরকারী কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়ে আলোচনা হয়েছে, মন্ত্রীকে চেয়ারম্যান করে ৯ জন সদস্য বিশিষ্ট পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে।

আল আনবায় প্রকাশিত সংবাদ সুত্রে প্রকাশ, পরিচালনা পরিষদের সংখ্যা গরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে, তবে এখনো শর্ত ২টি’র বিষয়ে বিস্তারিত জানা যায়নি ।

এর আগে মহাপরিচালকের ক্ষমতা প্রত্যাহার করার পর মন্ত্রী একামা নবায়ন নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং ২,০০০ দিনার ফি বাতিল বা হ্রাস করার একতরফা সিদ্ধান্ত নেওয়ার বৈধতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে, সূত্র জানায়, মহাপরিচালকের ক্ষমতা প্রত্যাহার করার ক্ষমতা ৬০ বছর বয়সীদের রেসিডেন্সি নবায়ন নিষিদ্ধ বা ফি বাতিল বা কমানোর সিদ্ধান্ত শুধুমাত্র পরিচালনা পর্ষদের কর্তৃত্ব মন্ত্রীর একা নয়।

আলোচিত ৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়ন না করার সিদ্ধান্তকে অবৈধ বলে রায় দিয়েছিল কুয়েতের ফতোয়া এবং আইন বিভাগ ।

২০২০ সালে জনশক্তি কর্তৃপক্ষের মহাপরিচালক, আহমেদ আল-মুসার এই বিভাগের পুনর্নবীকরণ নিষিদ্ধ করার সিদ্ধান্তটি কোনও উপযুক্ত কর্তৃপক্ষ ছাড়াই জারি করা ৫২০ নাম্বার রিজুলেশনের কোন নির্ভরযোগ্য অস্তিত্ব নেই, এবং মন্ত্রী পরিষদ “ফতোয়া” বিভাগের মতামতকে প্রাধান্য দিয়ে এটি বাতিল করেছে ।

জানা গেছে যে, সাবেক PAM পরিচালক আহমেদ আল-মুসা পরিচালনা পর্ষদের আদেশের ভিত্তিতে এই সিদ্ধান্ত জারি করেছিলেন।

কোচ ডমিঙ্গোকে বিদায় জনাচ্ছে বিসিবি!

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১, ১৭ কার্তিক ১৪২৮

নিয়ম করে মাঠে এসে খেলা দেখছেন, বাংলাদেশের টানা হারে ব্যথিত না হওয়ারও কোনো কারণ নেই। বাকি দুটি খেলাও মাঠে বসে দেখেই দেশে ফেরার ইচ্ছা বোর্ড পরিচালক নাঈমুর রহমানের। বিরতির সময়টা ঘুরে-ফিরে পার করলেও বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক অবশ্য এখানে আসা বোর্ডে তাঁর অন্য সহকর্মীদের মতোই আশ্চর্য রকম নীরব। না জানাচ্ছেন কোনো প্রতিক্রিয়া, না করছেন কোনো মন্তব্য। মুখে কুলুপ এঁটে থাকার সতর্কতার মধ্যেও তাঁর লুকানো অভিমান ঠিকই প্রকাশিত, ‘আমাকে দিয়ে কথা বলিয়ে গালমন্দ খাওয়াতে চাচ্ছেন কেন?’

ঠিক গালমন্দ না শুনলেও গত কিছুদিনে যা যা শুনেছেন, তাতে অভিমানের বরফ এমন জমাট বেঁধেছে যে তা আর গলছেই না। পাছে নতুন কিছু না আবার শুনতে হয়, এই আশঙ্কায় ক্রিকেটার থেকে প্রশাসক হওয়া নাঈমুররা আর কোনো কথাই বাড়াচ্ছেন না। এমনকি জাতীয় দলের দেখভাল করা কমিটির প্রধান আকরাম খানও চুপটি মেরে গেছেন একেবারে।

ওমানের মাসকাটে স্কটল্যান্ডের কাছে বাছাই পর্বের ম্যাচ হারার পরদিনই বোর্ড সভাপতি নাজমুল হাসান সংবাদমাধ্যমের সামনে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে যে তীব্র সমালোচনায় মেতেছিলেন, সেটিই আসলে খুলে দেয় বোর্ড-ক্রিকেটার মুখোমুখি অবস্থান নেওয়ার পথ। ওমানকে হারানোর পর থেকেই এর জের টানা শুরু। সেদিন ম্যাচের পর সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনে প্রায় প্রতিটা প্রশ্নের জবাবেই ছিল উষ্ণতা। তখনই কারণ বোঝা না গেলেও প্রশাসকদের ওপর ক্রিকেটারদের চটে থাকার ব্যাপারটি বোঝা যায় পাপুয়া নিউ গিনিকে হারানোর পর। মুখ খোলেন অধিনায়ক মাহমুদ উল্লাহ। আর সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারের পর সমালোচকদের আয়নায় মুখ দেখার পরামর্শ দিয়ে পাল্টা আঘাত হানেন মুশফিকুর রহিমও।

তাঁর কথার লক্ষ্যবস্তু কারা ছিলেন, প্রশাসকদের এই সময়ের নীরবতাই সেটি আরো স্পষ্ট করে তুলেছে। তাঁরাও নতুন কোনো বিতর্ক উসকে না দিয়ে বরং বিশ্বকাপের বাকি দুই ম্যাচ শেষে ঘরে ফেরার অপেক্ষায়। তবে অভাবের সংসারে যেমন নিত্য টানাপড়েন লেগেই থাকে, তেমনই অবস্থা যেন বাংলাদেশ দলেরও। বোর্ড-ক্রিকেটার মুখোমুখি অবস্থানের আগুনে ঘি ঢালতে যে এবার যোগ দিয়েছেন রাসেল ডমিঙ্গোও। বিশ্বকাপ শেষে দেশে ফেরার কিছুদিনের মধ্যেই পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। সেই সিরিজ সামনে রেখে অনুশীলনের সূচি নির্ধারণ করা নিয়েই ভেতরে ভেতরে লেগে গেছে ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম আর জাতীয় দলের হেড কোচের মধ্যে। ১২ নভেম্বর থেকে অনুশীলন শিবির করার তারিখ ঘোষণা করে দিয়েছেন আকরাম। এটা আবার ভালোভাবে নিতে পারেননি ডমিঙ্গো। এর প্রতিক্রিয়ায় এই প্রোটিয়া কোচ পাল্টা যা করেছেন, তা-ও বোর্ডের অনেকের চোখে ‘ঘোড়া ডিঙিয়ে’ যাওয়ার মতো ব্যাপারই। আকরামের সঙ্গে নয়, ডমিঙ্গো সরাসরি যোগাযোগ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে। হেড কোচের কথায় জবাবদিহি চাওয়ার সুরই ছিল বলে জানা গেছে নির্ভরযোগ্য সূত্রে। প্রধান নির্বাহীর কাছে ডমিঙ্গোর প্রশ্ন এ রকম হয়ে থাকলে তো উত্তাপ ছড়ানোরই কথা, ‘কার অনুমতি নিয়ে অনুশীলন শিবিরের সূচি ঠিক করা হলো?’

এমনিতে জাতীয় দলের জন্য যেকোনো পরিকল্পনা ঠিক করার আগে হেড কোচের সঙ্গে আলাপ করে নেওয়ার রেওয়াজ আছে। তাঁর পরামর্শকে গুরুত্বও দেওয়া হয়। দলের টানা হারে এবার সেই গুরুত্ব হারানো ডমিঙ্গো দুবাইতেই অবস্থান করা আকরামের সঙ্গে কথা না বলে শরণাপন্ন হন দেশে থাকা প্রধান নির্বাহীর, যা নিয়ে দলের বাজে সময়ের মধ্যেও আরেক দফা বিষবাষ্প ছড়ানো স্বাভাবিক। সময় প্রতিকূল বলেই হয়তো এ বিষয়ে ঝাঁজালো প্রতিক্রিয়া পাওয়া গেল না আকরামের। তবে অনুশীলন সূচি নিয়ে প্রধান নির্বাহীর সঙ্গে ডমিঙ্গোর সরাসরি যোগাযোগের বিষয়টি স্বীকার করলেন তিনি, ‘আমি জেনেছি যে উনি (ডমিঙ্গো) নাকি প্রধান নির্বাহীকে ই-মেইল করেছেন।’

তবে সেই ই-মেইলেও যে অনুশীলনের সূচি বদলাচ্ছে না, সেটির নিশ্চয়তাও দিয়ে রাখলেন আকরাম, ‘এমন নয় যে আমরা ওনার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলিনি। কিন্তু তিনি অনুশীলন শিবির শুরু করতে চেয়েছেন ১৬ নভেম্বর থেকে। আর খেলা শুরু ১৯ নভেম্বর। মাত্র তিন দিনের প্রস্তুতিতে পাকিস্তানের মতো দলের বিপক্ষে আপনি খেলতে নামবেন, এটা হয় নাকি?’ ডমিঙ্গোর দাবি যৌক্তিক মনে হয়নি বলেই যে নিজেরা অনুশীলন শিবির শুরুর দিন-তারিখ ঘোষণা করে দিয়েছেন, সেটিও জানাতে ভুললেন না আকরাম, ‘পাকিস্তান যে ছন্দে আছে, তাতে ওরা এই বিশ্বকাপের সেমিফাইনাল তো অন্তত খেলবেই। এ রকম দলের বিপক্ষে অনুশীলন শিবিরের যে পরিকল্পনা দিয়েছিলেন ডমিঙ্গো, সেটি আমার কাছেই শুধু নয়, বোর্ডে আমার অন্য সহকর্মীদের কাছেও যুক্তিসংগত মনে হয়নি।’

বিশ্বকাপে আসার আগেই বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ আর বেতন, দুটিই বাড়ানোর কথা পাকা করে আসা ডমিঙ্গোর পায়ের নিচের শক্ত মাটিও তাতে এখন অনেকটা নরম হয়ে গেল। দলের পারফরম্যান্সের সঙ্গে যে ওঠা-নামা করে তাঁর গুরুত্বও!

সূত্রঃ কালের কণ্ঠ

উড়ে গেল টাইগাররা,,,,,,,,,🇧🕊️🕊️🕊️🕊️

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১, ১৭ কার্তিক ১৪২৮

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্রেফ উড়ে গেল টাইগাররা। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউটের লজ্জার রেকর্ড গড়ে বাংলাদেশ দল। মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৯ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় প্রোটিয়ারা। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে আরও একটি লজ্জার রেকর্ড গড়ল বাংলাদেশ দল। সপ্তম আসরের ৩০তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাদের এটা তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালের ২৬ মার্চ ভারতের কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫.৪ ওভারে ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ।

তারও আগে ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ১৫.৫ ওভারে ৮৩ রানে অলআউট হয় টাইগাররা।  

মঙ্গলবার টস হেরে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদার গতির মুখে পড়ে একে একে সাজঘরে ফেরেন মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। প্রথম ৩ ওভারে ১৪ রানে টাইগারদের প্রথম সারির ৩ ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান রাবাদা। 

এরপর বাংলাদেশ শিবিরে আঘাত হানেন পেসার আনরিচ নর্টজে। তার শিকার হয়ে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। 

১২তম ওভারে প্রথম বোলিংয়ে এসে টাইগার শিবিরে আঘাত হানেন প্রোটিয়া লেগ স্পিনার তাবরিজ শামসি। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার লিটন দাস।  দলীয় ৪৫ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ৩৬ বলে ২৪ রান করেন লিটন। 

এরপর ১৬তম ওভারের দ্বিতীয় বলে শামসির শিকার হন শামিম হোসেন।  বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন সাকিবের পরিবর্তে বিশ্বকাপে অভিষেক হওয়া এই তরুণ ব্যাটার।  দলীয় ৬৪ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ২০ বলে ১১ রান করার ‍সুযোগ পান শামিম। 

১৮তম ওভারের দ্বিতীয় বলে রান আউট হয়ে ফেরেন পেসার তাসকিন আহমেদ।  তার বিদায়ে ৭৭ রানে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।  

ইনিংসের শেষ দিকে স্কোর মোটাতাজা করায় ব্যস্ত থাকা মেহেদি হাসানকে আউট করেন আনরিচ নর্টজে। ১৯তম ওভারের দ্বিতীয় বলে নাসুম আহমেদকে নিজের তৃতীয় শিকারে পরিনত করেন নর্টজে। 

৮৫ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৩৩ রানে ৩ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদের গতির বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রেজা হেনরিক্স।

পঞ্চম ওভারে দলীয় ২৮ রানে প্রোটিয় আরেক ওপেনার কুইন্টন ডি কককে আউট করেন মেহেদি হাসান। তার বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ১৬ রান করার সুযোগ পান এ তারকা ওপেনার। 

৫.৫ ওভারে দলীয় ৩৩ রানে এইডেন মার্কওরামকে ক্যাচ তুলতে বাধ্য করেন তাসকিন আহমেদ। এরপর অধিনায়ক টিম্বা বাভুমার সঙ্গে ৪৩ বলে ৪৭ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান রিশি ভেন দার ডুসেন।

জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই সাজঘরে ফেরেন রিশি। তার আগে ২৭ বলে করেন ২২ রান। ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ চাড়েন বাভুমা। ২৮ বলে ৩১ রানে অপরাজিত থাকেন বাভুমা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ১৮.২ ওভারে ৮৪/১০ রান (মেহেদি হাসান ২৭, লিটন দাস ২৪, শামিম হোসেন ১১; কাগিসো রাবাদা ৩/২০, আনরিচ নর্টজে ৩/৮, তাবরিজ শামসি ২/২১)।

দক্ষিণ আফ্রিকা: ১৩.৩ ওভারে ৮৬/৪ রান (টিম্বা বাভুমা ৩১*, রিশি ভেন দার ডুসেন ২২, কুইন্ডন ডি কক ১৬; তাসকিন আহমেদ ২/১৮, মেহেদি হাসান ১/১৯, নাসুম আহমেদ ১/২২)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।