দেশে,করোনা শনাক্তের হার ৪ শতাংশের নিচে, মৃত্যু ৪

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

করোনা শনাক্তের সংখ্যা আজও হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৯৭ জনের শরীরে করোনা ধড়া পড়েছে। শনাক্তের হার নেমেছে ৩ দশমিক ৬৫ শতাংশে।এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে। 

এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৩৭ জন। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আগের দিন (রোববার) ৯ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্ত হন ৮৬৪ জন, শনাক্তের হার ৪ দশমিক শূন্য ১ শতাংশ। তার আগে (শনিবার) ৮ জনের মৃত্যু হয়; করোনা শনাক্ত হন ৭৫৯ জন, শনাক্তের হার ছিল ৪ দশমিক ১৫ শতাংশ। শুক্রবার ১১ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্ত হন ১৪০৬ জন, শনাক্তের হার ছিল ৫ দশমিক ৪৮ শতাংশ।

রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন। আর গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬০৫টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪ দশমিক ১ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে। 

ইউক্রেন-রাশিয়া আলোচনায় সহায়তার প্রস্তাব ভ্যাটিকানের

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

যুদ্ধ থামাতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার আয়োজনের প্রস্তাব দিয়েছে ভ্যাটিকান।  খবর সিএনএন।

পোপ ফ্রান্সিসের পর ভ্যাটিকানের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি কার্ডিনাল পিয়েট্রো পারোলিন সোমবার ইতালির গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, এখনও আলোচনার সুযোগ আছে এবং সবসময়ই আলোচনার সুযোগ থাকবে।

পারোলিন আরও বলেন, ইউক্রেনের ঘটনার প্রতি সজাগ দৃষ্টি রেখেছে ভ্যাটিকান। আমরা রাশিয়ার সাথে আলোচনার আয়োজন করতে চাই। শান্তি আলোচনা শুরুর জন্য দুই পক্ষকেই সাহায্য করতে আমরা সর্বদাই প্রস্তুত।

এদিকে চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান।

ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে গেছেন ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি এ আলোচনায় অংশ নিতে যাননি।

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। 

সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া। 

গণমাধ্যম রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে তাদের  প্রতিনিধিরা।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। 

রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু কি সিদ্ধান্ত হয়েছে,,,,

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫ ফাল্গুন ১৪২৮, ২৬ রজব ১৪৪৩

চলমান উত্তেজনা নিরসনে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে ইউক্রেন। সোমবার দুই দেশের প্রতিনিধিরা বেলারুশের সীমান্তে আলোচনা করতে পৌছান। 

ইউক্রেনের স্থানীয় সময় দুপুর ১টায় এ আলোচনা শুরু হয়। রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করতে বেলারুশ সীমান্তে গেছেন ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদমির জেলেনস্কি এ আলোচনায় অংশ নিতে যাননি।

গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে  দুটি প্রধান দাবি নিয়ে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। 

সেই দাবিগুলোর প্রথমটি হলো অনতিবিলম্বে যুদ্ধবিরতির চুক্তি করা। দ্বিতীয়টি হলো ইউক্রেন থেকে রাশিয়ার সব সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া। 

গণমাধ্যম রয়টার্সকে ইউক্রেনের প্রেসিডেন্টের এক উপদেষ্টা আলোচনা শুরু করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করবে তাদের  প্রতিনিধিরা।

এদিকে রাশিয়ার সঙ্গে আলোচনা করলেও এ আলোচনা নিয়ে খুব বেশি আশাবাদী নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি। 

রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট সরাসরি বলেছিলেন, আলোচনার ফলাফল ভালো হবে না। তবে তিনি জানিয়েছিলেন যদি ছোট কোনো সাফল্য আসে সেই আশায় আলোচনা করতে রাজি হয়েছেন তারা। তাছাড়া তিনি জানিয়েছেন,  ইউক্রেন যুদ্ধ থামাতে চায় না এ কথা যেন কেউ না বলতে পারে সেজন্যও আলোচনায় বসতে রাজি হয়েছে তার দেশ।

কুয়েতে করোনায় আরো ৬০৭ জন শনাক্ত’ সুস্থ ১,৭৮৮ জন এবং মারা গেছে ১ জন।

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৬০৭ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ১,৭৮৮ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ রবিবার (২৭ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৬২ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২১২ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ১০,১১৬ জন।

অনলাইনে বিমানের টিকিট বিক্রি শুরু

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

৬ মাস ১৮ দিন পর চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইটে টিকিট বিক্রি। রোববার সকাল থেকেই যাত্রীরা অনলাইনে টিকিট কেনা, বুক দেওয়া ও ওয়েবসাইটে হলিডে সম্পর্কিত সেবা পাচ্ছেন। তবে ওয়েবসাইটের মাধ্যমে এসব সেবা পেলেও মুঠোফোন অ্যাপ্লিকেশন এখনই চালু হচ্ছে না।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, তাদের নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন (পিএসএস) চালু হয়েছে। বর্তমান পিএসএস ‘সিটা’ থেকে ভিন্ন আরেক প্রতিষ্ঠান ‘সেবর’ কার্যক্রমে স্থানান্তর করা হয়েছে। সেবর নামের এ সেবার মাধ্যমে অনলাইনে টিকিট কাটা, বুকিং, চেক-ইন, ওয়েব সার্ভিসসহ নানা সেবা রোববার সকাল থেকেই যাত্রীরা অনলাইনে পাচ্ছেন।

গত বছরের ১০ আগস্ট থেকে ওয়েবসাইটের মাধ্যমে বিমানের টিকিট কাটার ব্যবস্থা বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে দেশি-বিদেশি বিক্রয়কেন্দ্র, অনুমোদিত ট্রাভেল এজেন্সি ও বিমান কল সেন্টারের মাধ্যমে টিকিট কেনা যাচ্ছিল।

বিমান সূত্রে জানা গেছে, পিএসএস সিটা থেকে তথ্যভান্ডার সেবরে স্থানান্তর করার কাজ শুরু হয় ২৬ ফেব্রæয়ারি বেলা ৩টা ৪৫ মিনিটে। প্রায় সাড়ে ১১ ঘণ্টা বিমানের সব চ্যানেল থেকে টিকিট বুকিং, রিজার্ভেশন ও টিকিট ইস্যু সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে বিশেষ ব্যবস্থায় ফ্লাইটের সূচি অনুযায়ী এয়ারপোর্টের চেক-ইনসহ বিমান পরিবহনসংক্রান্ত কার্যক্রম চালু রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন চালু হওয়ায় বিমানের টিকিটিং ব্যয় কমেছে। একই সঙ্গে যাত্রীরা অনলাইনে আরও বেশি বিমানের সেবা গ্রহণ, টিকিট পরিবর্তন ও রিফান্ডের সুযোগ পাবেন।

বিমান সূত্রে জানা গেছে, বিমানের ওয়েবসাইটে এখন থেকে যাত্রীরা টিকিট যেমন বুকিং করতে পারবেন, পাশাপাশি কোন সিটে বসতে চান, সেটিও নির্ধারণ করতে পারবেন। টিকিট কাটতে ব্যাংকের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমেও টাকা পরিশোধ করা যাবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০১৯ সালে ট্রাভেল শপ নামের এক বেসরকারি প্রতিষ্ঠানকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিট বিক্রির দায়িত্ব দেয় বিমান। ২০১৯ সালের ডিসেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মোবাইল অ্যাপ্লিকেশন উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ১০ আগস্ট থেকে অনলাইন প্ল্যাটফর্মে বন্ধ হয়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট বিক্রি। বিমান সার্ভারের ভাড়া পরিশোধ করছে না, অভিযোগ তুলে সেবা বন্ধ করে দেয় ট্রাভেল শপ।

তবে ট্রাভেল শপের দক্ষতাকে দায়ী করে চুক্তি বাতিল করে বিমান। ২০২১ সালের সেপ্টেম্বরে মোবাইল অ্যাপসহ অনলাইন প্ল্যাটফর্মে টিকিটিং ছাড়াও নতুন প্যাসেঞ্জার সার্ভিস সলিউশন (পিএসএস) চালু করতে দায়িত্ব দেওয়া হয় সেবর করপোরেশনকে। চুক্তির আওতায়, সেবর পিএসএসের মাধ্যমে বিমানের টিকিটিং ব্যবস্থাকে ডিজিটালে রূপান্তর, রাজস্ব বৃদ্ধি ও যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করতে কাজ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে যেতে গ্রাহকের চাহিদা বিবেচনা করে বিমানের ফ্লাইট প্ল্যান তৈরিসহ বাণিজ্যিক কার্যক্রমও উন্নত করতে সহায়তা করছে প্রতিষ্ঠানটি।

যুদ্ধরত রুশ সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন পুতিন

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধরত রুশ সৈন্যদের ধন্যবাদ জানিয়েছেন। রোববার এক টিভি ভাষণে তিনি বলেন, রুশ সৈন্যদের ‘ডনবাস এলাকার প্রজাতন্ত্রগুলোকে সহায়তা করার দায়িত্ব দেয়া হয়েছে।’

রাশিয়ার বিশেষ বাহিনী দিবস উপলেক্ষ দেয়া বার্তায় পুতিন এ কথা বলেন। তিনি সৈন্যদের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিদেশীদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা একটি বিদেশী বাহিনী গঠন করে রুশদের বিরুদ্ধে যুদ্ধ করেন।

সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, “সারা পৃথিবীর নাগরিক, ইউক্রেন, শান্তি ও গণতন্ত্রের বন্ধুদের’ প্রতি তিনি এ আহ্বান জানাচ্ছেন। জেলেনস্কি বলেন – যে কেউ যদি ইউক্রেনের প্রতিরক্ষায় যোগ দিতে চান, তিনি এসে ইউক্রেনীয়ানদের পাশাপাশি যুদ্ধ করতে পারেন।

ইউক্রেন নেটো জোট সদস্য না হওযায় পশ্চিমা দেশগুলো অস্ত্র দিয়ে সাহায্য করলেও এ যুদ্ধে সরাসরি সৈন্য পাঠাচ্ছে না। তবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাস রোববার বলেছেন কোন ব্রিটিশ নাগরিক যদি ইউক্রেনে গিয়ে যুদ্ধ করতে চায় – তাহলে তারা একে সমর্থন দেবেন। সূত্র: বিবিসি।

চার দিনের যুদ্ধে উদ্বাস্তু হয়েছেন ৪ লাখ ইউক্রেনীয়

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে চার দিনে প্রায় ৪ লাখ ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়েছেন। রোববার জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) এক টুইটে এ তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউএনএইচসিআর টুইটে জানিয়েছে, গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেন আক্রমণের পর থেকে প্রায় ৪ লাখ ইউক্রেনের নাগরিক শরণার্থী হয়ে তাঁদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।
ইউএনএইচসিআর-এর টুইটে বলা হয়, ‘সর্বশেষ তথ্য অনুযায়ী ইউক্রেনের শরণার্থীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজারেরও বেশি।’ প্রতিষ্ঠানটি এ সব তথ্য ইউক্রেনের সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে নির্ণয় করেছে বলে জানিয়েছে।
প্রতিষ্ঠানটি তাঁদের টুইটে আরও জানিয়েছে, শরণার্থীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে।
দেশটির বিপুল সংখ্যক সাধারণ নাগরিক শহর ছেড়ে সীমান্তবর্তী রাস্তায় ভীড় করেছে। মাইলের পর মাইল রাস্তা যানজট তৈরি হয়ে গেছে। বিশেষ করে দেশটির লোকজনা পোল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের দিকে পশ্চিম দিকে সরে যাওয়ার সাথে সাথে রাস্তাগুলি আটকে রয়েছে। সূত্র : সিএনএন

দেশ ছেড়েছেন প্রায় সাড়ে তিন লাখের বেশি ইউক্রেনীয় : জাতিসংঘ

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচ সিআর জানিয়েছেন, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০-এ পৌঁছেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি আরও জানিয়েছে, একাধিক দিক থেকে রুশ বাহিনী এগিয়ে আসতে থাকলেও তারা ইউক্রেনের বাহিনীর ‘শক্ত প্রতিরোধের’ সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে।

সংস্থাটি দাবি করেছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০-এ পৌঁছেছে। বিবিসির সংবাদদাতাদের খবর অনুযায়ী ইউক্রেন থেকে এ পর্যন্ত ১৫০,০০০-এরও বেশি লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। অন্যদিকে গত তিন দিনে ইউক্রেন থেকে রোমানিয়ায় পালিয়েছে ৪৩,০০০ -এরও বেশি মানুষ।

ব্রিটিশ গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, রাজধানী কিয়েভে গত রাতেও লড়াই হয়েছে। তবে শহরটির কেন্দ্রস্থল এখন শান্ত, তবে কারফিউ চলছে। ব্রিটেনের সূত্রগুলো বলছে, একাধিক দিক থেকে রুশ বাহিনী এগিয়ে আসতে থাকলেও তারা ইউক্রেনের বাহিনীর ‘শক্ত প্রতিরোধের’ সম্মুখীন হচ্ছে।

২৯ নাবিকসহ ইউক্রেনে আটকা বাংলাদেশি জাহাজ

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

যুদ্ধে ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন-বিএসসির জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। জাহাজটিতে ২৯ জন নাবিক রয়েছেন। তারা সবাই বাংলাদেশি। জাহাজটি বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে রয়েছে বলে জানিয়েছেন বিএসসির কর্মকর্তারা। এ ঘটনায় জাহাজের ক্যাপ্টেনসহ নাবিকদের পরিবারের স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। যদিও বিএসসির কর্মকর্তারা বলছেন, তারা সবাই নিরাপদে আছেন এবং নিয়মিতই তাদের সাথে যোগাযোগ হচ্ছে।

রোববার রাতে বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযুষ দত্ত ইনকিলাবকে বলেন, গত ২১ ফেব্রুয়ারি জাহাজটি তুর্কি বন্দর এরেগলি ছেড়ে যায় এবং ২৩ ফেব্রুয়ারি অলিভিয়া বন্দরে পৌঁছে। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগেই ওই বন্দর ত্যাগ করার কথা ছিল। এজন্য নিয়ম অনুযায়ী বন্দর ত্যাগ করতে ইউক্রেনের পাইলট চেয়ে রিকুইজিশনও দেয়া হয়। কিন্তু যুদ্ধের ঘনঘটার কারণে তারা পাইলট দিতে পারেনি। এ কারণে জাহাজটি সেখানে আটকা পড়েছে। তবে সেখানে জাহাজ এবং জাহাজের নাবিকেরা নিরাপদে রয়েছেন। তাদের খাবার এবং জ্বালানি তেলেরও কোন সমস্যা নেই। মনোবল শক্ত রাখতে পারলে আশা করি কোন সমস্যা হবে না।

বিএসসির পক্ষ থেকে নাবিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বন্দর ত্যাগ করার সুযোগ পাওয়া মাত্রই জাহাজটি চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে। ইউক্রেন থেকে পণ্য আনতে খালি জাহাজটি গত ২৩ ফেব্রুয়ারি ওই বন্দরে পৌঁছে। সেখানে পৌঁছার পর পরিস্থিতির অবনতি হলে মালামাল বোঝাই করা ছাড়াই জাহাজটি বন্দর ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই বন্দরের ছাড়পত্র পেতে দেরি হওয়ায় জাহাজটি আটকা পড়ে। বিএসসির কর্মকর্তারা জানান, জাহাজে কমপক্ষে ৪০ দিনের মত পর্যাপ্ত খাবার ও পানি রয়েছে। ওই বন্দর থেকে জাহাজের জন্য জ্বালানিও সংগ্রহ করা যাচ্ছে। আটকে পড়া নাবিকদের মনোবল শক্ত রেখে সতর্কতার সাথে সেখানে অবস্থান করতে বলা হয়েছে।

চারপাশ ঘিরে কিয়েভের দিকেই এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪ ফাল্গুন ১৪২৮, ২৫ রজব ১৪৪৩ হিজরী

টানা চারদিন ধরে স্থল, আকাশ এবং সমুদ্রপথে ইউক্রেনে সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। চতুর্থ দিন রবিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী কিয়েভে এর আশপাশে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এদিকে বিশাল রুশ বাহিনী চারদিক থেকে এগিয়ে আসায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় কিয়েভ। -সিএনএন

ইউক্রেনের রাজধানীর দক্ষিণাঞ্চলে রবিবার ভোরে দুটি বিকট বিস্ফোরণে শব্দ শোনা যায় অনেক দূর পর্যন্ত। এতে বিস্ফোরণে আকাশে আলোর ঝলকানি দেখা যায়। বিস্ফোরণগুলো ভাসিলকিভের আশপাশে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে ইউক্রেনীয় যোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই চলছে রুশ বাহিনীর। রাজধানী কিয়েভ থেকে ৩০ কিলোমিটার দূরের ওই এলাকায় একটি বড় সামরিক ঘাঁটি এবং একাধিক জ্বালানি ট্যাংক রয়েছে।

এদিকে ইউক্রেনের কৌশলগত বন্দর শহর মাইকোলাইভে শনিবার রাতে একটি বিস্ফোরণে একই পরিস্থিতি সৃষ্টি হয়। সেখানেও ভারী গোলাগুলি চলছিল বলে খবর পাওয়া গেছে। ইউক্রেনের অনেক শহরের রাস্তায় রুশ সেনারা অবস্থান করছে। তবে সংখ্যায় ইউক্রেনের সেনা কম হলেও তাদের প্রতিরোধ করার চেষ্টা অব্যাহত রেখেছে। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাদের বাহিনীকে ইউক্রেনের সব দিক থেকেই আক্রমণের জন্য পুনরায় নির্দেশ দেয় বলে খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া এবং বেলারুশের সঙ্গে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেলেনস্কি। তবে দেশ দুটিতে থাকা নিজেদের নাগরিকরাই শুধু ইউক্রেনে প্রবেশ করতে পারবেন বলেও জানান তিনি। সবশেষ পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভ একটা ভয়াবহ লড়াই অব্যাহত দুই দেশের বাহিনীর মধ্যে। যেটি রুশ সীমান্তের একদমই কাছাকাছি।

তবে একাধিক পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের মতে, ইউক্রেনে রুশ আগ্রাসন মস্কোর প্রত্যাশা অনুযায়ী দ্রুত হয়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া এখনও ইউক্রেনের আকাশসীমা নিয়ন্ত্রণ নিতে পারেনি। ‘যা রাশিয়ার বিমানবাহিনীর কার্যকারিতা ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে’। ইউক্রেন অভিযানের চতুর্থদিনের মাথায় রুশ বাহিনী ব্যাপকভাবে লজিস্টিক্যাল সংকট এবং ইউক্রেনীয় যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়েছে। ফলে রুশ অভিযানের গতি কিছুটা কমে গেছে। শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রিটেনের মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে।

কিন্তু রাশিয়ার বেশিরভাগ বাহিনী রাজধানী কিয়েভের কেন্দ্র থেকে মাত্র ১৮.৬ কিলোমিটার দূরে রয়েছে। যতো এগিয়ে যাবে হতাহতের সংখ্যাও বাড়বে। পরিস্থিতি আরও জটিল করে তুলবে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের দেখায়, টিওএস-১ অথবা টিওএস-১এ রকেট লঞ্চার রয়েছে রাশিয়ার। তবে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে থার্মোবারিক অস্ত্র এখনও পর্যন্ত ব্যবহার করা হয়েছে কিনা তার কোনও প্রমাণ নেই।

অব্যাহত যুদ্ধে নিজেদের কোনও সেনা হতাহতের খবর দেয়নি মস্কো। তবে প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, তার সেনাবাহিনীর শত শত রুশ সেনাকে হত্যা করেছে। যদিও এর সঠিক পরিসংখ্যান দেননি তিনি। শুক্রবার ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেছিলেন, রাশিয়ার ৪৫০ জন সেনা নিহত হয়েছেন।

📢Alwatan★বাংলা ★সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।