রাশিয়াকে কাবু করার পাঁচ ‘ব্যবস্থাপত্র’

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২ ফাল্গুন ১৪২৮

রাশিয়াকে যুদ্ধে পরাস্ত করতে নিজস্ব কোনো ব্যবস্থা নয়-রাশিয়াকে কাবু করতে বহির্বিশ্বকে পাঁচ ‘ব্যবস্থাপত্র’ দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় কোবরা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রত্যক্ষ যুদ্ধে ইউক্রেনের পাশে থাকবেন না বলেও জানিয়েছেন বরিস। বিবিসি, সিএনএন, আলজাজিরা।

ইউক্রেনে সেনা অভিযান চালানোর ঘটনায় রাশিয়ার ওপর বড় বৈশ্বিক নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা। বৃহস্পতিবার এক টুইটে তিনি বলেন, ‘বিশ্ববাসীর এখন দ্রুতই ব্যবস্থা নেওয়া উচিত।’ তিনি ইউরোপ ও বাকি বিশ্ব মিলে রাশিয়ার বিপক্ষে কী ব্যবস্থা নেওয়া উচিত, তারও একটা ‘ব্যবস্থাপত্র’ দিয়েছেন এই টুইটে। এগুলো হচ্ছে-১. দ্রুতই রাশিয়ার ওপর বড় নিষেধাজ্ঞা দিতে হবে। ২. সবদিক থেকে রাশিয়াকে একঘরে করে রাখতে হবে। ৩. ইউক্রেনকে অস্ত্রশস্ত্র দিতে হবে। ৪. ইউক্রেনকে অর্থ সহায়তা দিতে হবে। ৫. ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাতে হবে।

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে, এ তথ্য জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। ইউক্রেন হামলা ইস্যুতে কোবরা কমিটির বৈঠক থেকেই সিদ্ধান্ত আসবে, রাশিয়ার বিপক্ষে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জি সেভেনভুক্ত দেশের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন বরিস জনসন। তিনি বলেন, ‘ইউক্রেন ইস্যুতে রক্তক্ষয়ী পথই বেছে নিয়েছেন পুতিন। রাশিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে যুক্তরাজ্য ও তার মিত্ররা।’

তবে এদিন জনসন বলেন, রাশিয়ার হামলা প্রতিহত করতে যুদ্ধের মাঠে ইউক্রেনের পাশে দাঁড়াবে না ব্রিটেন। বৃহস্পতিবার তিনি ইউক্রেনের প্রেসিডেন্টে ভলোদিমির জেলেনস্কিকে ফোনে এ কথা জানিয়ে দেন। জনসন বলেন, ইউক্রেনের এ ঘটনায় তিনি হতবাক। তবে দেশটির জনগণ এই হামলা প্রতিহত করতে পারবে বলে তার বিশ্বাস। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘ডাউনিং স্ট্রিট’র পক্ষ থেকে এক টুইট বার্তায় এসব তথ্য জানানো হয়।

আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিল রাশিয়া : ইউক্রেনে হামলার পর আজভ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে রাশিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল থাকবে বলে জানানো হয়েছে। সামুদ্রিক এবং নদী পরিবহণ কর্তৃপক্ষের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এই তথ্য দিয়েছে। আজভ সাগরে রাশিয়া ও ইউক্রেন দুদেশেরই সামুদ্রিক বন্দর রয়েছে। ইউক্রেনের সবচেয়ে বড় সমুদ্রবন্দর মারিওপল-যা এই আজভ সাগরেই অবস্থিত।

রাশিয়ার সঙ্গে বেলারুশের সৈন্যও যোগ দিয়েছে : ইউক্রেনের একাধিক কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, রুশ সেনাদের সঙ্গে বেলারুশের সেনারাও যোগ দিয়েছে হামলায়। এতে ইউক্রেনের উত্তর দিক দিয়েও আগ্রাসন চলছে। বেলারুশ ইউক্রেনের উত্তরে অবস্থিত। দেশটি রাশিয়ার বড় মিত্র। ইউক্রেন বলছে, রাশিয়ার বিশেষ দূতের মতো কাজ করছে বেলারুশ।

যুদ্ধে যাচ্ছেন বাবা, কেঁদে বিদায় জানাচ্ছেন মেয়ে (ভিডিও)

শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১২ ফাল্গুন ১৪২৮

যুদ্ধ মানে অনিবার্য ধ্বংস, রক্তক্ষয়, অসংখ্য মানুষের প্রাণহানি। পূর্ব ইউরোপে যুদ্ধ শুরু হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার পর রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালিয়েছে। 

সংবাদমাধ্যম মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভে অনেক জায়গায় বিস্ফোরণ হয়েছে। এ যুদ্ধের কারণে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং আহতের সংখ্যাও অনেক। 

রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। আর এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে সাধারণ নাগরিকদের সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার ইউক্রেনে হামলার পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। কিছু কিছু ভিডিওতে রুশ বাহিনীর আক্রমণের ফলে ধ্বংসের ছবি দেখা যায়। আবার কোনো কোনো ভিডিওতে লোকজনকে নিজের পরিবারের সদস্যদের সুরক্ষার ব্যবস্থা করতে দেখা যাচ্ছে। 

রাশিয়ার হামলার পর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে সেনার গতিবিধি জোরদার হয়েছে। নাগরিকরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে লোকজনকে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং বিদায় জানাতে দেখা যায়। এমনই একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  

ভিডিওতে দেখা যাচ্ছে, এক শিশুকন্যা তার বাবাকে বিদায় জানাতে এসেছে। বাবা-মেয়ে দুজনের চোখেই পানি। বাবা-মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে। চোখে ঝরে পড়ল অশ্রুধারা। বাবা বারবার তার মেয়েকে আদর করছেন। বলার অপেক্ষা রাখে না, ভিডিওটি খুবই আবেগবিহ্বল। আর সেই ভিডিও মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিও দেখে অনেকেই চোখের পানি চেপে রাখতে পারছেন না।

উল্লেখ্য, ভিডিওটি বৃহস্পতিবার রাতে টুইটারে শেয়ার করা হয়েছিল। প্রচুর রিটুইটও হয়েছে। কমেন্টে প্রচুর মন্তব্য দেখা যাচ্ছে। যুদ্ধে যোগদানকারী বাবার সুরক্ষার প্রার্থনাও করেছেন অনেকে। সেই সঙ্গে যুদ্ধ বন্ধের দাবিও জানিয়েছেন অনেক মানুষ।

ইউক্রেনের একটি বিমান ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণ।

বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের মেলিটোপোল বিমান ঘাঁটিতে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে। ওই বিস্ফোরণের সময়কার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও’র সত্যতা যাচাই করা হয়েছে বলে জানিয়েছে সিএনএন।  
 
স্থানীয় সময় দুপুরে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিমানবন্দরের কাছে একটি বড় ধোঁয়ার কুণ্ডুলি দেখা যায়, সঙ্গে সঙ্গেই  বিকট শব্দের কারণে ক্যামেরা কেঁপে যায়।
 
তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি।

প্রসঙ্গত, ইউক্রেন ন্যাটোর সদস্যপদ দাবি করার পর থেকে রাশিয়া এর বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের হুমকি-ধামকি আমলে না নিয়ে ইউক্রেনের ডোনবাস অঞ্চলের দোনেস্ক ও লুহানস্ককে ‘স্বাধীন’ রাষ্ট্রের মর্যাদা দেয় রাশিয়া। এমনকি সেখানে ‘শান্তি প্রতিষ্ঠার জন্য’ সেনা পাঠানোরও ঘোষণা দেন পুতিন। এর পর বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা দেয় রাশিয়া। 

এদিকে, ইউক্রেনে রুশ হামলার প্রথম ঘণ্টাতেই ৪০ ইউক্রেনীয় সেনা ও  ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। 

এছাড়া প্রায় ৫০ জন রাশিয়ান সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ার স্থল বাহিনী বিভিন্ন দিক থেকে ইউক্রেনে প্রবেশের কয়েক ঘণ্টা পর এই ঘোষণা দেয় কিয়েভ। সূত্র: সিএনএন

দেশে,করোনায় মৃত্যু ও শনাক্ত আবার বাড়ল

বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

এক দিনের ব্যবধানে দেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫ জন।

একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১৬ জনের শরীরে করোনা ধড়া পড়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জনে। শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের দিন (বুধবার) করোনায় ৫ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। ওই সময়ে করোনা শনাক্ত হয় ১ হাজার ২৯৮ জনের, শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। এর আগের দিন (মঙ্গলবার) ১৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর; শনাক্ত হন ১৫৯৫ জন, শনাক্তের হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। তারও আগে সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু খবর জানানো হয়। 

বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৫৯ জন। এখন পর্যন্ত মোট ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।

২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৫০টি নমুনা সংগ্রহ করা হয়। ২৭ হাজার ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৫৩ শতাংশ। 

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে। 

কুয়েতে করোনায় আরো ৮৬৬ জন শনাক্ত’ সুস্থ ১,৮০৫ জন এবং মারা গেছে ১ জন।

বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ৮৬৬ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ১,৮০৫ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৭২ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২৩৯ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ১৩,৩৫৫ জন।

আমরা রাশিয়ায় হামলার জন্য প্রস্তুত: ইউক্রেন প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, আমরা রাশিয়ায় হামলার জন্য প্রস্তুত। রাশিয়া যদি হামলা করে, যদি আমাদের দেশ, আমাদের স্বাধীনতা, আমাদের জীবন, আমাদের সন্তানদের জীবন দখল করতে চায়, তা হলে আমরাই আমাদের রক্ষা করব। খবর বিবিসির।

তিনি বলেন, রাশিয়া যে কোনো সময় ইউরোপে একটি বড় ধরনের যুদ্ধের সূচনা করতে পারে। তাই রুশ নাগরিকদের এই যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানাই।

বুধবার মধ্য রাতে দেওয়া এক ভাষণে জেলেনস্কি জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে চেয়েও ব্যর্থ হয়েছেন। 

জেলেনস্কি বলেন, আমি রাশিয়ার প্রেসিডেন্টকে ফোন করেছিলাম। কিন্তু ফল নীরবতা।

তিনি বলেন, ইউক্রেন সীমান্তে ইতোমধ্যে রাশিয়া প্রায় দুই লাখ সেনা এবং হাজার হাজার সাঁজোয়া গাড়ি মোতায়েন রেখেছে। ইউক্রেনের নাগরিকদের পক্ষ থেকে আবেগ তাড়িত আহ্বান জানিয়ে তিনি রুশ নাগরিকদের হামলার বিরোধিতার ডাক দেন। 

জেলেনস্কি বলেন, ইউক্রেন নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। রুশ নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের মধ্যে সেই মানুষগুলো আছে, যারা এই যুদ্ধ থামাতে পারবে। 

ইউক্রেন প্রেসিডেন্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। রাশিয়া যদি হামলা করে তা হলে আমাদের মুখ দেখতে পাবেন, আমাদের পিঠ নয়।

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় নিহত ৭,

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনে রাশিয়ার হামলায় ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত জন।  কিয়েভের পুলিশ  এই তথ্য জানিয়েছে।  

এছাড়া ১৯ জনের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে পুলিশ।  খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পুলিশ বলেছে, রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের সাত জন নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের সামরিক স্থাপনা পোডিলস্ক এলাকায় এ বোমা হামলা হয়েছে। পোডিলস্কের ওডেসা এলাকায় বোমা হামলা ৬ জন নিহত হয়েছেন। এ বোমা হামলায় আহত হয়েছেন আরও সাত জন। 

পুলিশ আরও বলেছে, ইউক্রেনের মারিওপোল এলাকায় বোমা হামলায় আরও একজন নিহত হয়েছেন।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেনের চারপাশ দিয়ে রুশ সেনারা ঢুকে পড়েছে। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করছে রুশ সেনারা। এ ঘটনায় আরও রক্তপাত এড়াতে ইউক্রেনের সেনাদের অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দেশের সামরিক অবকাঠামো এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করেছে রাশিয়া। এমন অবস্থায় দেশের মানুষকে আতঙ্কিত না হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে দেশজুড়ে মার্শাল ল জারি করেছেন তিনি।

ইউক্রেনের চেয়ে সামরিক শক্তিতে কতটা এগিয়ে রাশিয়া?

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন।  এর মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।  

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা রাশিয়ার হামলার জন্য প্রস্তুত। কিন্তু সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেন কি আদৌ পারবে রাশিয়াকে মোকাবিলা করতে। 

সামরিক সক্ষমতার বিচারে ইউক্রেনের চেয়ে রাশিয়া কতটা এগিয়ে সেই হিসাব দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক 

শক্তি পর্যবেক্ষণকারী গ্লোবাল ফায়ার পাওয়ার। এর সর্বশেষ তথ্য অনুযায়ী—

সামরিক শক্তির বিচারে বিশ্বের ১৪০ দেশের মধ্যে রাশিয়ার অবস্থান দ্বিতীয়; যেখানে ইউক্রেন ২২তম।

রাশিয়ার সৈন্য সংখ্যা ৮ লাখ ৫০ হাজার, আর ইউক্রেনের সৈন্য সংখ্যা ২ লাখ।  তবে উভয় দেশের রিজার্ভ সেনা রয়েছে আরও আড়াই লাখ।

রাশিয়া সামরিক খাতে প্রতি বছর ব্যয় করে ১৫ হাজার ৪০০ কোটি ডলার; ইউক্রেনের ১ হাজার ১৮৭ কোটি ডলার।

রাশিয়ার আধাসামরিক বাহিনীর সদস্য সংখ্যা আড়াই লাখ, তবে ইউক্রেনের রয়েছে মাত্র ৫০ হাজার।

রাশিয়ার মোট সামরিক আকাশযান রয়েছে ৪ হাজার ১৭৩টি, ইউক্রেনের ৩১৮টি। রাশিয়ার যুদ্ধবিমার রয়েছে ৭৭২টি; ইউক্রেনের ৬৯টি। রাশিয়ার আক্রমণকারী বিমান রাশিয়ার রয়েছে ৭৩৯টি, ইউক্রেনের ২৯টি।

রাশিয়ার পরিবহণ বিমান ৪৪৫টি; ইউক্রেনের মাত্র ৩২টি। রাশিয়ার মোট হেলিকপ্টার রয়েছে ১,৫৪৩টি, যেখানে অ্যাটাক হেলিকপ্টার ৫৪৪টি। অন্যদিকে ইউক্রেনের হেলিকপ্টার রয়েছে ১১২টি, অ্যাটাক কপ্টার ৩৪টি।

রাশিয়ার ট্যাংক রয়েছে ১২ হাজার ৪২০টি; ইউক্রেনের ২ হাজার ৫৯৬টি। আমর্ড ভেহিকেল রাশিয়ার ৩০ হাজার ১২২টি; ইউক্রেনের ১২ হাজার ৩০৩টি। রাশিয়ার স্বয়ংক্রিয় আর্টিলারি আছে ৬ হাজার ৫৭৪টি; ইউক্রেনের আছে ১ হাজার ৬৭টি।

রাশিয়ার মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে ৩ হাজার ৩৯১টি; ইউক্রেনের আছে ৪৯০টি।

রাশিয়ার নৌ সামরিক যান ৬০৫টি; ইউক্রেনের ৩৮টি। রাশিয়ার একটি বিমানবাহী রণতরী থাকলেও ইউক্রেনের এরকম কোনো রণতরী নেই। তেমনি রাশিয়ার ৭০টি সাবমেরিন থাকলেও ইউক্রেনের কোনো সাবমেরিন নেই। রাশিয়ার রয়েছে ১৫টি ডেস্ট্রয়ার থাকলেও ইউক্রেনের সেটি নেই। 

রাশিয়ার ১১টি ফ্রিগেট আছে; ইউক্রেনের আছে মাত্র ১টি। মাইন ওয়ারফেয়ার নৌযান ইউক্রেনের একটা থাকলেও রাশিয়ার রয়েছে ৪৯টি।

রাশিয়ার করভেট রয়েছে ৮৬টি; ইউক্রেনের আছে মাত্র ১টি। রাশিয়ার পেট্রোল ভেসেল রয়েছে ৫৯টি; ইউক্রেনের ১৩টি।

এছাড়া রাশিয়ার ১ হাজার ২১৮টি বিমানবন্দর রয়েছে; ইউক্রেনের ১৮৭টি। বাণিজ্যিক জাহাজ রাশিয়ার ২ হাজার ৮৭৩টি; ইউক্রেনের ৪০৯টি। এর বাইরে রাশিয়ার এস-৪০০ নামের অত্যন্ত শক্তিশালী মিসাইল সিস্টেম আছে এবং এটি পারমাণবিক শক্তিধর দেশ। কিন্তু ইউক্রেনের এ রকম কোনো অস্ত্র নেই।

৫ রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, তারা বৃহস্পতিবার পাঁচটি রুশ যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। 

বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

যদিও রাশিয়ার সামরিক বাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ইউক্রেন বলছে, তিন দিকের সীমান্ত দিয়ে তাদের দেশে হামলা চালানো হয়েছে। রাশিয়া, বেলারুশ এবং ক্রিমিয়া সীমান্ত দিয়ে ইউক্রেনে হামলা চালানো হয়েছে।

ইউক্রেন জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ইউক্রেন সীমান্তে রাশিয়ান ফেডারেশন এবং বেলারুশপন্থি রুশ সৈন্যরা হামলা চালায়।

ইউক্রেনের পূর্বাঞ্চল এবং উত্তরাঞ্চলীয় দোনেস্ক, ক্রামতোর্স্কে, সামি, খারকিভ, এবং ঝিতোমির অঞ্চলে হামলা চলছে।

কামান, ভারি সরঞ্জাম এবং ছোট অস্ত্র ব্যবহার করে সীমান্ত ইউনিট, সীমান্ত টহল এবং চেকপয়েন্টগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে স্বায়ত্তশাসিত ক্রিমিয়া প্রজাতন্ত্র থেকেও হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করা হয়। ইউক্রেনের সশস্ত্র বাহিনী এবং ন্যাশনাল গার্ডসহ সীমান্ত রক্ষীরা সীমান্তের পরিস্থিতির উপর নির্ভর করে শত্রুদের জবাব দিচ্ছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।

মিত্রদের নিয়ে রুশ হামলার ‘কঠোর’ জবাব দেওয়া হবে: বাইডেন।

বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১ ফাল্গুন ১৪২৮, ২৩ রজব ১৪৪৩ হিজরী

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে ‘বিনাউসকানিতে অন্যায্য হামলা’ হিসেবে বর্ণনা করে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মিত্রদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবারই এ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বিস্ফোরণের খবর আসার পর বাইডেনের এ প্রতিক্রিয়া আসে। খবর সিএনএন ও রয়টার্সের। 

বাইডেন বলেন,  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন, যা মানুষের জীবনে ভয়াবহ বিপর্যয় আর দুর্দশা ডেকে আনবে।

এ হামলা যে ধ্বংস ডেকে আনবে, যে প্রাণক্ষয়ের কারণ হবে, তার দায় পুরোপুরি রাশিয়াকেই বহন করতে হবে। সে জন্য বিশ্বের কাছে রাশিয়াকে জবাবদিহি করতে হবে।    

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে আর কী কী ব্যবস্থা নেবে, বৃহস্পতিবারই সেই ঘোষণা আসবে।

বাইডেন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর পূর্ণ মাত্রায় নিষেধাজ্ঞা জারি করবে। ইউক্রেন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনার পর এ সিদ্ধান্ত নিয়েছে।