দক্ষিণ আফ্রিকায় ঘুমন্ত বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা।

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬ ফাল্গুন ১৪২৮, ১৯ রজব ১৪৪৩ হিজরী

দক্ষিণ আফ্রিকার ঘুমন্ত বাংলাদেশি এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় হত্যাকারী আফ্রিকান কর্মচারী তার বাসা ও দোকানে থাকা টাকা এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আফ্রিকার প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ হাসান (৩৩)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জিরতলী গ্রামে মৃত আমিন উল্যা দরবেশের ছেলে।

এদিকে সাত বছর আগে আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন হাসানের বড় ভাই টিপু।

জিরতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম লালু এ খবর নিশ্চিত করেছেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ১৬ বছর আগে আফ্রিকায় যান মোহাম্মদ হাসান। আফ্রিকায় তার ছোট ভাই হেলালও থাকেন। আফ্রিকায় যাওয়ার পর ভাইদের সহযোগিতায় প্রিটোরিয়ার হামাস্ক্রাল শহরে ব্যবসা শুরু করেন তিনি। নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করার জন্য ওই আফ্রিকান এক যুবককে কর্মচারী হিসেবে কাজ দেন হাসান।
দীর্ঘদিন পর বাড়ি আসবেন, তাই টাকা ও মূল্যবান মালামাল নিজের বাসায় রাখেন হাসান। শুক্রবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় গিয়ে খাওয়ার পর আফ্রিকান কর্মচারীসহ ঘুমিয়ে পড়েন হাসান। রাতের কোনো একসময় আফ্রিকান ওই কর্মচারী ঘুমের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হাসানের ওপর হামলা চালিয়ে টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যায়।

হাসানের চিৎকারে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ খবর নোয়াখালীর বেগমগঞ্জের বাড়ি পৌঁছলে বাড়িতে শোকের মাতম শুরু হয়।

সোমালিয়ায় আল শাবাবের আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৩।

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬ ফাল্গুন ১৪২৮, ১৯ রজব ১৪৪৩ হিজরী

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

 এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। শনিবার সোমালিয়ার বেলেদওয়েনে আত্মঘাতী হামলায় হতাহতের এ ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলেদওয়েনের একটি রেস্তোরাঁয় আত্মঘাতী এক বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন।

অনলাইনে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা সাইট ইন্টেলিজেন্স বলেছে, সোমালিয়ার বেলেদওয়েনে শহরে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব।

কট্টরপন্থি ইসলামি এই গোষ্ঠী প্রায়ই সোমালিয়ার সরকারি স্থাপনা এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। দেশটিতে গত দুই সপ্তাহে অন্তত দুবার হামলা চালিয়েছে এই জঙ্গিগোষ্ঠী।

জঙ্গিগোষ্ঠী আল কায়েদার অনুসারী স্থানীয় আল শাবাব গোষ্ঠী সোমালিয়ার ক্ষমতাসীন সরকারকে হটিয়ে কট্টর ইসলামি শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গত কয়েক বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

দেশে,২২ ফেব্রুয়ারির পর বিধিনিষেধ থাকছে না।

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬ ফাল্গুন ১৪২৮, ১৯ রজব ১৪৪৩ হিজরী

আগামী ২২ ফেব্রুয়ারির পর থেকে করোনার বিধিনিষেধ আর থাকছে না। ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এক কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকারের। 

রোববার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এক কোটি করোনা টিকা দেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র ছাড়াই স্থায়ী ঠিকানা লিখে নিয়ে গিয়েই টিকা দেওয়া যাবে।২২ ফেব্রুয়ারির পর আর কোনো করোনা বাধা নিষেধ থাকবে না। তবে মাস্ক পরা বাধ্যতামূলক থাকবে।

এ ছাড়া করোনার সংক্রমণ কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। যদিও প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে ১ মার্চ থেকে।

এদিকে আগামী ২৬ ফেব্রুয়ারি সারাদেশে ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ হবে। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম এ তথ্য দিয়ে গত ১৫ ফেব্রুয়ারি জানিয়েছিলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনার ভ্যাকসিনের একটি ক্যাম্পেইন করতে যাচ্ছি। সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চসংখ্যক টিকা দেওয়ার। এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী সময়ে আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকব। কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন।

উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় এবারের বিধিনিষেধ ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বাড়িয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

দেশে,বাধ্যতামূলক হচ্ছে জয় বাংলা স্লোগান।

রোববার, ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬ ফাল্গুন ১৪২৮, ১৯ রজব ১৪৪৩ হিজরী

জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার সিদ্ধান্ত হয়েছে।  এ বিষয়ে সার্কুলার দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। বাধ্যতামূলকভাবে সকলে এই স্লোগান ব্যবহার করবে।

রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
 
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। 

সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে। দু’একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

কুয়েতে করোনায় আরো ১,০১৯ জন শনাক্ত’ সুস্থ ৩,৫০৬ জন এবং মারা গেছে জন।

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

কুয়েতে গত ২৪ ঘণ্টার কোভিড-১৯ সংক্রমিত হয়েছে আরো ১,০১৯ জন, যাদের মধ্যে নাগরিক ও প্রবাসী রয়েছে।

একই সময়ে সুস্থ হয়েছে ৩,৫০৬ জন, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ জন।

আজ শনিবার (১৯ ফেব্রুয়ারী) কোভিড-১৯ ও ওমিক্রন বিষয়ক আপডেট ব্রিফিং-এ এই তথ্য নিশ্চিত করা হয় ।

হাসপাতালের আইসিইউতে আছেন ৮৫ এবং করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩৪৩ জন, নিয়মিত চিকিৎসাধীন আছেন ২১,২০৮ জন।

বাংলাদেশ টাইগার্সের দল ঘোষণা বিসিবির

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

অবশেষে বাংলাদেশ টাইগার্স নামে নতুন দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শনিবার দুপুরে প্রথম ক্যাম্পের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ২৩ সদস্যকে নিয়ে ক্যাম্প হবে বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে। এবার প্রোগ্রাম চলবে ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। দলের সঙ্গে টেস্ট দলের কেউ ফ্রি থাকলে তারাও যোগ দিতে পারবে।

২৩ সদস্যের বাংলাদেশ টাইগার্স স্কোয়াড :

মুমিনুল হক, ফজলে মাহমুদ রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাঈম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

অর্ধেকে নেমেছে রেমিট্যান্স : ১৭ দিনে এলো ৬৮ কোটি ডলার

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

চলতি মাসের প্রথম ১৭ দিনে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ১৫ কোটি ৮৫ লাখ ডলার এসেছে। গত বছরের একই মাসে ১৮ দিনে ইসলামী ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ৩৬ কোটি ৭১ লাখ ডলার।

করোনাভাইরাস মহামারির সংকটে গত বছর প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী ধারা থাকলেও এখন ভাটা পড়তে শুরু করেছে। বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনে ৬৮ কো‌টি ৫৪ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্র‌তি ডলার ৮৬ টাকা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৮৯৫ কোটি টাকা। এ অংক আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় অর্ধেক।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিল ১২৭ কো‌টি ৭৬ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ৮৫ টাকা ধ‌রে) যার পরিমাণ ছিল ১০ হাজার ৮৬০ কোটি টাকা।

খাত সংশ্নিষ্টরা বল‌ছেন, কোভিডের কারণে প্রবাসীরা এক ধরনের অনিশ্চয়তা থেকে অনেকে জমানো টাকা দেশে পাঠিয়েছেন। কেউ চাকরি হারিয়ে, অনেকে ব্যবসা বন্ধ করে সব অর্থ পাঠিয়ে দেশে ফিরেছেন। করোনার প্রর্দুভাবের ওই সময় অবৈধ চ্যানেলগুলো বন্ধ ছিল তাই বাধ্য হয়ে সবাই ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠিয়েছে। ফলে গত বছরের মাঝামাঝি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেশি ছিল।

এখন ব্যবসা-বাণিজ্য সচল হয়েছে। শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন বর্হিবিশ্বের সঙ্গে যাতায়ত বাড়ছে। ফলে ব্যাংকিং চ্যানেলের বাইরে চাহিদা বেড়েছে। এ ছাড়া জমানো টাকা না পাঠিয়ে অনেকে আবার জমাতে শুরু করেছেন। আবার সশরীরে যাওয়া-আসা শুরু হওয়ায় অনেকে বৈদেশিক মুদ্রা নিয়ে আসছেন। ফলে চলতি অর্থবছরে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, চলতি ফেব্রুয়ারির ১৭ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৩ কোটি ৩২ লাথ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫৩ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ লাখ মার্কিন ডলার। দুটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছে এক কোটি ২৭ লাখ মার্কিন ডলার।

গত বছরের ফেব্রুয়ারির ১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছিল ২৯ কোটি ৫৬ লাথ মার্কিন ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৫ কোটি ৬১ লাখ মার্কিন ডলার। বিদেশি ব্যাংকগুলোতে ৩৫ লাখ মার্কিন ডলার এবং দুটি বিশেষায়িত ব্যাংকের মধ্যে একটিতে এসেছিল দুই কোটি ২২ লাখ মার্কিন ডলার।

ইসলামে হিজাব পরা আবশ্যক নয়, হাইকোর্টে কর্ণাটক সরকার

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

ভারতের কর্ণাটক রাজ্যের হিজাব বিতর্ক নিয়ে গতকাল শুক্রবার হাইকোর্টে শুনানি হয়েছে। শুনানি চলাকালে যুক্তিতর্কে কর্ণাটক সরকার আদালতকে বলেছে, ইসলামের ধর্মীয় বিধান পালনে হিজাব পরা আবশ্যক নয়। একইসঙ্গে এটির ব্যবহার ঠেকানো হলে ভারতীয় সংবিধানের ২৫ ধারা লঙ্ঘিত হয় না। সংবিধানের এই ধারা ধর্মীয় স্বাধীনতার সুরক্ষা দেয়।

এর আগে শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন, হিজাব কিংবা গেরুয়া স্কার্ফ ব্যবহার থেকে বিরত রাখা সংবিধানের ২৫ ধারার লঙ্ঘন। শিক্ষার্থীদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করে সরকাবের পক্ষে অ্যাডভোকেট জেনারেল (এজি) প্রভুলিং নাভাদজি এসব কথা বলেন।
অ্যাডভোকেট জেনারেলের যুক্তি, ৫ ফেব্রুয়ারি রাজ্য সরকারের দেওয়া আদেশ আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং এর বিরোধিতা করার কিছু নেই।
হিজাব বিতর্ক সংক্রান্ত সব পিটিশনের বিষয়ে এক অন্তর্বর্তী আদেশে গত সপ্তাহে হাইকোর্ট ক্লাসরুমে হিজাব, গেরুয়া শাল, স্কার্ফসহ যাবতীয় ধর্মীয় কাপড় পরিধান থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাববিরোধী আন্দোলন শুরু করে।
এই আন্দোলনের ভিত্তিতে কয়েকজন ছাত্রী হিজাব ইস্যুতে কর্ণাটকের হাইকোর্টে পিটিশন দাখিল করে। ওই পিটিশনের ভিত্তিতে হাইকোর্ট চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় পোশাক না পরার নির্দেশ দেন।
এদিকে, হাইকোর্টের ওই অন্তর্র্বতী রায়ের পর আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না, তারাও ছাত্রীদের হিজাব পরে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। সূত্র: ইন্ডিয়া টুডে

সিঙ্গাপুরে বেতন বাড়ছে অভিবাসীদের

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

বিদেশি কর্মীদের জন্য ন্যূনতম বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর। স্থানীয়দের চাকরির সুযোগ বাড়ানো ও বিদেশি দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার ছোট্ট দেশটি। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২২ সালের বাজেট পেশ করার সময় সিঙ্গাপুরের অর্থমন্ত্রী লরেন্স ওং বলেছেন, দেশটির অর্থনীতিতে অবদান রাখার মতো পেশাদার ও জ্যেষ্ঠ নির্বাহীদের আকৃষ্ট করতে এই নতুন নীতি গ্রহণ করা হচ্ছে।
আগামী সেপ্টেম্বর মাস থেকে সিঙ্গাপুরে বিদেশি কর্মীদের ন্যূনতম মাসিক বেতন সাড়ে চার হাজার সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বাড়িয়ে পাঁচ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার করা হবে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ লাখ ১৯ হাজার টাকা। তবে আর্থিক খাতের কর্মীদের বেতন ১০ শতাংশ বেড়ে হবে সাড়ে পাঁচ হাজার ডলার (৩ লাখ ৫১ হাজার টাকা প্রায়)।
মূলত ‘হোয়াইট কলার জব’-এর জন্যই বেতন বাড়াচ্ছে সিঙ্গাপুর সরকার। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, আইনজীবী, হিসাবরক্ষক, বিমার চাকরি, পরামর্শক, কম্পিউটার প্রোগ্রামারের মতো পেশাগুলোকে হোয়াইট কলার জব বলা হয়।
লরেন্স ওং বলেন, আমি জোর দিয়ে বলছি, সিঙ্গাপুর দুয়ার খোলা রাখবে এবং গোটা বিশ্ব থেকে প্রতিভাবানদের স্বাগত জানাবে। শ্রমশক্তির উচ্চতর পর্যায়ে দক্ষতার যে ঘাটতি রয়েছে, তা মেটাতে আমরা উপযুক্ত পেশাদারদের নিয়ে আসতে থাকবো।
শুধু ন্যূনতম বেতন বাড়ানোই নয়, বিদেশি কর্মী নিয়োগের নিয়মেও কড়াকড়ি আনতে চলেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্তে এরই মধ্যে কর্মী ঘাটতিতে থাকা দেশটির নির্মাণ খাত আরও বড় সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিঙ্গাপুরে স্থানীয়দের চাকরির সুযোগ বাড়ানোর দাবিতে বিদেশি কর্মীনির্ভরতা কমানোর দাবি ক্রমেই তীব্র হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে দ্বিতীয়বার ন্যূনতম বেতন বাড়াচ্ছে নগররাষ্ট্রটি।
করোনাভাইরাস মহামারির মধ্যে সিঙ্গাপুরে বিদেশি কর্মীর সংখ্যা অনেকটাই কমে গেছে। কঠোর লকডাউন ও ২০২০ সালের সাধারণ নির্বাচনে বিদেশি-বিরোধী মনোভাবের প্রভাবে অনেকেই কাজ হারিয়েছেন।
বহুদিন থেকেই উচ্চমাত্রায় দক্ষ বিদেশি কর্মীদের জন্য বিশ্বের মধ্যে অন্যতম সেরা গন্তব্য ধরা হয় সিঙ্গাপুরকে। মহামারি শুরুর আগে ২০১৯ সালের ডিসেম্বরে দেশটিতে প্রায় ১৪ লাখ ৩০ হাজার বিদেশি কর্মী ছিলেন। কিন্তু ২০২১ সালের জুনে তা নেমে আসে মাত্র ১২ লাখে। সূত্র : ব্লুমবার্গ

হিজাব পরার পক্ষে বিক্ষোভ, কর্নাটকে ৫৮ জন ছাত্রী সাসপেন্ড

শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৫ ফাল্গুন ১৪২৮, ১৮ রজব ১৪৪৩ হিজরী

শুক্রবার হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্নাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ছাত্রীরা। তার পরই তাদের সাসপেন্ড করা হল। অন্তত ৫৮ জন শিক্ষার্থীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

যদিও সাসপেন্ড হওয়ার পরও দাবিতে অনড় ছাত্রীরা। তাদের সাফ কথা, ‘হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যু বরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করব না।’

সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে।

প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্র ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।

কর্নাটকে হিজাবের পক্ষে বিপক্ষে বিক্ষোভ থামার নাম নেই। হিজাব পরে ক্লাস নেওয়া যাবে না, কর্তৃপক্ষের এই ফরমানের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন। সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশ দেন। তার পরই তিনি ইস্তফা দেন। সূত্র: এবিপি।