সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পুলিশের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলী খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন।
মঙ্গলবার আসামিদের আইনজীবী অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করেছি। আপিল আবেদনে নিম্ন আদালতের দেওয়া ফাঁসির দণ্ড থেকে খালাস চাওয়া হয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আসামি প্রদীপ কুমার দাশ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে এসে পৌঁছায়।
তারও আগে গত ৩১ জানুয়ারি মেজর (অব.) সিনহা হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল।
এ মামলায় আদালত লিয়াকত ও প্রদীপ কুমারের মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করেন এবং ৬ জনকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। বাকি সাত আসামিকে খালাস দেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনার পাঁচদিন পর ওই বছরের ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ লিয়াকত আলীকে প্রধান আসামি এবং টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে ২য় আসামি করে ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় র্যাব।
চার মাসের বেশি সময় ধরে চলা তদন্তের পর ২০২০ সালের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করা হয়।
২০২১ সালের ২৭ জুন ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর ২৩ আগস্ট কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ এবং জেরা শুরু হয়। এ প্রক্রিয়া শেষ হয় গত ১ ডিসেম্বর। এ মামলায় মোট ৬৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৭২ জনে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৪৬ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জনে। শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশে।
সোমবার করোনায় আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৪ হাজার ৬৯২ জন।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।
ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। ২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।
এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।
ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল। কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ ইউক্রেনের উপর রাশিয়ার সম্ভাব্য হামলা এড়ানোর উদ্যোগ নিচ্ছেন তিনি৷ এর আগে সোমবার তিনি ইউক্রেন সফর করেন।
চলতি সপ্তাহেই রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র৷ বুধবার ১৬ ফেব্রুয়ারি নাকি সেই হামলা শুরু হতে পারে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিজে এমনটা মনে না করলেও সেই দিনটিকে জাতীয় ঐক্য দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন৷ তিনি বুধবার সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন এবং জনসাধারণের উদ্দেশ্যে সকাল দশটায় জাতীয় সংগীত গাওয়ার ডাক দিয়েছেন৷
গোটা বিশ্বের কাছে ইউক্রেনের ঐক্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট৷ আমেরিকা যেভাবে রাশিয়ার হামলার আশঙ্কায় কূটনীতিকদের ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড সীমান্তের কাছে পাঠিয়ে দিয়েছে, সে বিষয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি৷ তার মতে, পশ্চিম ইউক্রেন বলে কিছু নেই, অঘটন ঘটলে গোটা দেশই সমানভাবে ঝুঁকির মুখে পড়বে৷
এমন অনিশ্চয়তা ও উত্তেজনার মাঝে সোমবার কিয়েভ সফর করলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস৷ তিনি ইউক্রেনের প্রতি জার্মানির সংহতি ও সে দেশকে সহায়তার অঙ্গীকার করেছেন৷ সে দেশের ঐক্য ও অখণ্ডতা নিয়ে জার্মানি কোনো আপোশ মেনে নেবে না, বলেন শলৎস৷
মঙ্গলবার শলৎস মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসছেন৷ কূটনৈতিক পথে বর্তমান উত্তেজনা প্রশমনের চেষ্টা চালাতে চান জার্মান চ্যান্সেলর৷ সোমবার রাশিয়াও সংলাপের উপর জোর দিয়েছে৷ ইউক্রেনের উপর হামলার প্রস্তুতির অভিযোগ বার বার খণ্ডন করে মস্কো যাবতীয় সামরিক তৎপরতাকে শুধু মহড়া হিসেবে তুলে ধরছে৷
শলৎস রাশিয়ার নিরাপত্তা সংক্রান্ত দুশ্চিন্তা নিয়ে খোলামেলা আলোচনার ইচ্ছা প্রকাশ করলেও ইউক্রেনের উপর হামলা চালালে মস্কোর বিরুদ্ধে জোরালো নিষেধাজ্ঞার হুমকিও দিচ্ছেন৷ ইউরোপে সবচেয়ে বড় বাণিজ্যিক সহযোগী হিসেবে জার্মানির হুমকি রাশিয়ার উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ এমন নিষেধাজ্ঞা সত্যি কার্যকর হলে জার্মানি তথা ইউরোপেরও অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা থাকলেও পশ্চিমা বিশ্ব সেই ঝুঁকি নিতে প্রস্তুত৷ বিশেষ করে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ হলে ইউরোপে জ্বালানির মূল্য এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই৷
শলৎসের পূর্বসূরী আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুটিনের এক বিশেষ সম্পর্ক ছিল৷ দুজনেই একে অপরের মাতৃভাষায় কথা বলতে পারতেন৷ শলৎস এর আগে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করলেও চ্যান্সেলর হিসেবে এই প্রথম দুই নেতা মুখোমুখি হচ্ছেন৷ শলৎসের সামাজিক গণতন্ত্রী দল রাশিয়ার সঙ্গে সুসম্পর্কে বিশেষভাবে আগ্রহী হওয়ায় পুতিন তার প্রতি কিছুটা নরম মনোভাব দেখাতে পারেন বলে মনে করা হচ্ছে৷ শলৎস এখনো পর্যন্ত সরাসরি ‘নর্ড স্ট্রিম ২’ গ্যাস পাইপলাইনের উপর নিষেধাজ্ঞা চাপানোর বিষয়ে মন্তব্য না করায়ও রুশ প্রশাসন জার্মানির কূটনৈতিক উদ্যোগকে কিছুটা বাড়তি গুরুত্ব দিতে পারে৷ সূত্র: ডিপিএ, রয়টার্স।
অমর একুশে গ্রন্থমেলা আজ শুরু হচ্ছে। বিকাল ৩ টায় ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা রোধে স্বাস্থ্যবিধি মেনেই বইমেলা পরিচালনা হবে, জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তবে, মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না বইমেলায়।
আদালতের নির্দেশে ভারতের কর্ণাটকে গতকাল থেকে দশম শ্রেণি পর্যন্ত স্কুল খোলা হলেও কলেজ এখনো বন্ধ রয়েছে। এদিন কর্ণাটক হাইকোর্টে শুরু হয় হিজাব মামলার শুনানি। মুসলমান ছাত্রীদের আইনজীবী দেবদত্ত কামাথ হিজাবের পক্ষে সওয়াল করে বলেন, শিক্ষালয়ে হিজাব নিষিদ্ধ এমন কোনো আইন নেই। হিজাব পরে শিক্ষাক্ষেত্রে ঢোকা যাবে না এমন আইনও নেই।
এদিকে, রাজ্যের বেশ কয়েকটি স্কুলের কর্তৃপক্ষ স্কুলের বাহিরে এসে ছাত্রীদের হিজাব খোলার নির্দেশ দেয়। কেউ কেউ নির্দেশ মেনে স্কুলে ঢুকলেও কেউ কেউ বাড়ি ফিরে যান। এ নিয়ে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হিজাব বিতর্ক নিয়ে স্কুলের আশপাশে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিয়েছে। নিষিদ্ধ হয়েছে সব ধরনের জমায়েত। আজ মঙ্গলবারও শুনানি চলবে।
ভিয়েতনাম আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে করোনার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, টিকার পুরো ডোজ নেওয়া যাত্রীরাই এ সুবিধা পাবে। করোনার কারণে দেশটি ২০২০ সালের মার্চ মাস থেকে পুরো বিশ্ব থেকে নিজেকে আলাদা করে রেখেছিল।
সৌদি আরবে নিহত বাংলাদেশি প্রবাসী রফিকুল ইসলাম এবং নিহত নুরুল আমিন এর মরদেহ নিতে আসা পরিবারকে প্রবাসী কল্যাণ ডেস্ক হতে লাশ পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
মানবাধিকার ইস্যুতে জাপান সরকার পাবলিক কোম্পানিগুলোর জন্য নতুন নীতিমালার খসড়া তৈরি করবে। গ্রীষ্মকালের প্রথম দিকেই সেটি করা হবে বলে জানা গেছে।
এই নীতিমালা করার কারণ হচ্ছে যাতে কোম্পানিগুলো তাদের সরবরাহ শৃঙ্খলে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো চিহ্নিত করতে পারে এবং একই সঙ্গে প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখে। জাপানের অর্থমন্ত্রী কোইচি হ্যাগিউদা সরকারের নতুন গাইডলাইন শিগগির ঘোষণা দিয়ে প্রকাশ করতে পারেন।
নতুন নীতিমালা কোম্পানিগুলোকে তাদের সরবরাহ শৃঙ্খলে শিশু শ্রমিকদের কাজে বাধ্য করার বিষয়গুলো জানতে যখন তখন অঘোষিত পরিদর্শনসহ নানাবিধ কৌশল ও পদ্ধতি তৈরিতে নির্দেশনা দেবে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর বরাত দিয়ে বিবিসি বলছে, মহড়া শেষে ইউক্রেন সীমান্ত থেকে বেশ কিছু সৈন্য তাদের ঘাঁটিতে ফিরে যাচ্ছে। এই খবরের মধ্যে দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা শঙ্কা কিছুটা কমলো বলে আশাবাদী হয়ে উঠেছেন পর্যবেক্ষরা।