আইএসের হুমকি, ঢাকায় নিরাপত্তা জোরদার

শনিবার, ০১ জানুয়ারী ২০২২, ১৭ পৌষ ১৪২৮, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ইংরেজি বর্ষবরণকে কেন্দ্র করে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন।
রাজধানীতে ডিএমপির সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শুক্রবার দিবাগত রাতে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
এ সময় এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘আইএস থেকে বৃহস্পতিবার রাতে আমরা একটি হুমকির মেসেজ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়।’
তিনি বলেন, ‘ইংরেজি নববর্ষ উদযাপনকে আইএস বিধর্মীদের অনুষ্ঠান হিসেবে গণ্য করে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই দিনে অনুষ্ঠান হলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল তারা। এটি গ্লোবাল হুমকি।’
‘আমি মনে করি না এ হুমকি বাংলাদেশের জন্য তেমন গুরুত্ব পাবে,’ বলেন মো. শফিকুল ইসলাম।
‘আমাদের এখানে আইএসের কোনো ভিত্তি নেই,’ উল্লেখ করে তিনি বলেন, ‘তারপরও তাদের মেসেজে দুয়েকজন যদি উৎসাহী হয়ে হামলা করে, সেই আশঙ্কা থেকেই আমরা ঢাকা শহরের নিরাপত্তা কড়াকড়ি করেছি।’

সূত্র – দ্য ডেইলি স্টার

শক্তিশালী টাইফুন রাইয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন। মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগবিষয়ক সংস্থা।

শনিবার, ০১ জানুয়ারী ২০২২, ১৭ পৌষ ১৪২৮, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

শক্তিশালী টাইফুন রাইয়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফিলিপাইন। মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগবিষয়ক সংস্থা। টাইফুনটি আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পরও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত অনেক প্রদেশের কর্মকর্তারা খাদ্য, পানি ও আশ্রয় সামগ্রী সরবরাহে আবেদন জানিয়ে যাচ্ছেন।
ফিলিপাইনের দুর্যোগবিষয়ক সংস্থার প্রধান রিকার্ডো জালাদ এক সংবাদ সম্মেলনে সুপার টাইফুনটিতে এখন পর্যন্ত ৪০৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, এক হাজার ১৪৭ জন আহত ও ৮২ জন নিখোঁজ রয়েছে। জালাদ জানান, টাইফুন রাইয়ে প্রায় ৫ লাখ ৩০ হাজার ঘরবাড়ির ক্ষতি হয়েছে, এর এক-তৃতীয়াংশ একেবারেই নষ্ট হয়ে গেছে। অবকাঠামো ও কৃষির ক্ষতির পরিমাণও ৪৫ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, শক্তিশালী এই টাইফুনে প্রায় ৪৫ লাখ মানুষের ক্ষতি হয়েছে, যাদের মধ্যে ৫ লাখের মতো মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে।
বিদ্যুৎ ও পানির সংকটে বিপর্যস্ত ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় রাজ্যগুলোতে হাজার হাজার বাসিন্দাদের ত্রাণ দিতে গিয়ে দুর্যোগ সংস্থা ও সরকারি কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বোহোল প্রদেশের দুর্যোগ সংস্থার প্রধান অ্যান্থনি দামালেরিও বলেছেন, ‘ভয়াবহ ক্ষতি হয়েছে। এটা অনেকটা উত্তর বোহোলে বোমা ফেললে যে ক্ষতি হতো তার মতো হয়েছে।’

সূত্র – বিডি প্রতিদিন

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা,,

শনিবার, ০১ জানুয়ারী ২০২২, ১৭ পৌষ ১৪২৮, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো অঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলে রাজ্যটির শত শত ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অঞ্চলটিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।
কলোরাডোর রাজধানী ডেনভারের উত্তরে বোল্ডার কাউন্টিতে দ্রুত দাবানল ছড়িয়ে পড়ছে। সেখানে ঘণ্টায় ১০৫ মাইল গতিবেগে বাতাস বয়ে যাওয়ার কারণে দাবানল খুব দ্রুত ছড়াচ্ছে।
কলোরাডোর মেয়র জানান, ভয়াবহ আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রায় ১৬০ কিলোমিটারজুড়ে লাগা আগুন নেভাতে কাজ করছেন কয়েকশ’ দমকলকর্মী। দাবানলে অঞ্চলটির ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
কলোরাডোর আগের দাবানলগুলো গ্রাম্য এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে এ বছর দাবানলটি শহরেও ছড়িয়ে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র – বিডি প্রতিদিন

বিশ্ব নেতাদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কুয়েতের আমীর’

শনিবার, ০১ জানুয়ারী ২০২২, ১৭ পৌষ ১৪২৮, ২৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুনা- কুয়েতের মহামান্য আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ আরব এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলির নেতাদের সাথে নববর্ষের অভিনন্দনের তার বার্তা বিনিময় করেছেন।

শুক্রবার মহামান্য আমীর বিশ্ব নেতাদের সুস্বাস্থ্য এবং বিশ্বের দেশগুলোর আরও নিরাপত্তা, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করেছেন।

আজ আমার পরম শ্রদ্ধেয় বাবার ৪১ তম মৃত্যুবার্ষিকী! বাবা ছাড়া আমাদের ৪১ বছর!

বাবার তুলনা বাবাই। যার কল্যাণে এই পৃথিবীর রূপ, রং ও আলো দেখেছি। বাবা ছিলেন আমার কাছে শাশ্বত, চির আপন, চিরন্তন এক আদর্শ।

বাবা চাকরি করতেন পানি উন্নয়ন বোর্ডে। তার বয়স তখন মাত্র ৪৬ বছর। বিনা মেঘে বজ্রপাতের মতো বাবা হারিয়ে গেলেন চিরতরে। তখন আমার বয়স মাত্র ২৩। পরিবারের বড় সন্তান হিসেবে আমার সেই ছোট্ট কাঁধে চেপে বসলো অনেক বড় দায়িত্ব। মা এলেন দৃশ্যপটে। তিনিই পরম মমতায় আগলে মানুষ করলেন আমাদের, ভাইবোনদের। আজ মমতাময়ী সেই মা- ও নেই।

আদর-শাসন আর আবদার পূরণের জায়গা হলো বাবা। সেই শুণ্যতা আজো বয়ে চলেছি চার দশকের বেশি সময়‌ ধরে।

বাবার শুণ্যতা আমাদের দেখিয়েছে নিষ্ঠুর বাস্তবতা। বাবার মমতা আর অভিভাবকহীনতার প্রতিটি মূহুর্ত কতটা হাহাকার আর কষ্ট দিয়েছে তা ভাষায় প্রকাশের নয়।

প্রতিটি সন্তানের কাছে বাবা মানেই অসীম এক শক্তি আর সাহসের প্রতিচ্ছবি। বাবার প্রতি সন্তানের চিরন্তন ভালোবাসার প্রকাশ দেখতাম আর হৃদয়টা ভরে উঠতো নিদারুণ কষ্টে। আমার ঘনিষ্ঠ বন্ধু যখন বাবার হাত ধরে ঈদের জামাতে যেতো, জামার মাপ নিতে দর্জির দোকানে যেতো, মেলায় ঘুরতো তখন বুকের মধ্যে বাবার জন্য হাহাকার করতো। কষ্টে বুক ভরে যেতো।

জীবদ্দশায় বাবা আমার জন্য তাঁর আদর্শ রেখে গেছেন। ছোট্ট এই জীবনকে আনন্দময় করার জন্য সততার চেয়ে বড় আদর্শ আর কী হতে পারে। বাবা! আজ আপনি নেই। আপনি ছাড়া আমি যে কী অসহায়, এই বাবা শুণ্য জীবনে তা স্মরণ করিয়ে দেয় প্রতিটি মূহুর্ত।

বাবা হারানোর এই তিনটা অতিবাহিত করলাম সমাজের সুবিধাবঞ্চিত আমার মতো অসংখ্য বাবাহীন এতিমদের শিক্ষার্থীদের সাথে।

হে আল্লাহ, আপনি আমার বাবা ও মা কে ক্ষমা করে দিন! তাদের কবরের আজাব মাফ দিন। তাদের রুহের শান্তি দিন। তাদের জন্য জান্নাতের দরজা খুলে দিন।

রাব্বির হাম হুমা কামা রাব্বা ঈয়ানী সাগিরা।

দেশে,করোনায় দুজনের মৃত্যুর দিনে শনাক্ত বেড়ে ৫১২

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ১৬ পৌষ ১৪২৮, ২৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসটিতে।

শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের দিন (৩০ ডিসেম্বর) করোনায় সাতজনের মৃত্যু হয়েছিল, শনাক্ত হয় ৫০৯ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৫১২ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জনে।

এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৫২২ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৮ হাজার ৬৭৩টি। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

করোনা বেড়ে যাওয়ায় কুয়েতের মসজিদে স্বাস্থ্য বিধি জারি’

শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ১৬ পৌষ ১৪২৮, ২৬ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মসজিদ সেক্টরের আওকাফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি বদর আল-ওতাইবি, মসজিদে স্বাস্থ্য সতর্কতা এবং ইমাম, প্রচারক, মুয়াজ্জিন এবং সমস্ত মসজিদ কর্মীদের সতর্ক করার প্রয়োজনীয়তার বিষয়ে মসজিদ প্রশাসনের পরিচালকদের উদ্দেশে একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করেছেন।

স্বাস্থ্যের প্রয়োজনীয়তাগুলি মেনে চলা এবং নিম্নলিখিত শর্তগুলি মেনে চলা:

১- সমস্ত জানালা খোলার সময় মুসল্লিদের প্রবেশ এবং প্রস্থানের সময় মসজিদের দরজা খোলা রাখা।

২- মুসল্লীদেরকে স্বাস্থ্যের প্রয়োজনীয়তাগুলি মেনে চলার উপর জোর দেওয়া, যার মধ্যে রয়েছে (প্রত্যেক মুসল্লী তার নিজস্ব কার্পেট আনতে হবে এবং একটি মুখোশ পরতে হবে)।

৩- মুসল্লীদের প্রবেশ ও বের হওয়ার সময় মসজিদের দরজায় ভিড় না করা ।

৪- করোনা ভাইরাসে আক্রান্ত, তাদের সংস্পর্শে থাকা বা হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের মসজিদে প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য মুসল্লীদের প্রতি জোর দেওয়া।

৫- যারা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন যেমন হাঁপানি, স্ট্রেস, ডায়াবেটিস, হৃদরোগ এবং বার্ধক্যজনিত রোগে ভুগছেন তাদের জুম্মা ও জামাতের নামাজে অংশ না নেওয়া এবং তাদের বাড়িতে নামাজ পড়ার নির্দেশ দেওয়া।

৬ – বিভিন্ন ইভেন্ট বন্ধ, এবং মসজিদ প্রশাসনকে অবহিত করা যে, মুসল্লীদের সতর্ক করার পরে স্বাস্থ্যের প্রয়োজনীয়তাগুলি মেনে চলেনি।

৭- স্বাস্থ্যের প্রয়োজনীয়তা লঙ্ঘনকারী মসজিদটি নিরাপত্তা রক্ষার জন্য বন্ধ করে দেওয়া হবে।

সুত্রঃ আল ওয়াতন আরাবি।

দেশে,করোনার প্রকোপ বাড়লে আবার বন্ধ হতে পারে স্কুল ঃ-প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৫ পৌষ ১৪২৮, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন শিক্ষা কার্যক্রমের ওপর জোর দিয়েছেন। নতুন করে করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে তিনি বলেন, প্রাদুর্ভাব বেড়ে গেলে স্কুলগুলো হয়তো চালু রাখা সম্ভব হবে না। সে কারণে, অনলাইন শিক্ষাটা যাতে প্রত্যেক ঘরে পৌঁছায়, সেই ব্যবস্থা নিতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও এ–সংক্রান্ত পরিসংখ্যান প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনলাইনে শিক্ষা কার্যক্রমটা চালু রাখতেই হবে। কারণ করোনা কখনো বাড়ছে, কখনো কমছে। আমরা সব সময় লক্ষ করেছি, শীতে এর প্রাদুর্ভাবটা বেড়ে যায়। কাজেই, এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতিটা নিতে হবে।’

করোনার সংক্রমণ থেকে বাঁচতে দেশের প্রতিটি নাগরিককে কোভিড-১৯ টিকা গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে টিকাদান অভিযান সহজলভ্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্রঃ প্রথম আলো

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৫ পৌষ ১৪২৮, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে ওই নিয়োগ কার্যকর হবে। প্রধান বিচারপতির নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন আজ বৃহস্পতিবার জারি করেছে আইন মন্ত্রণালয়।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

দেশের ২১তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহার) প্রথমে ছুটিতে যাওয়া, পরে ছুটির মেয়াদ বাড়িয়ে বিদেশ যাওয়া ও বিদেশ থেকে পদত্যাগের পর ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি দেশের ২২তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সংবিধান অনুযায়ী ৬৭ বছর বয়স পর্যন্ত বিচারপতি থাকতে পারেন। এ হিসেবে আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস। এর মধ্য দিয়ে নতুন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতির সংখ্যা চারে দাঁড়াল। অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার খোকসা উপজেলার রমানাথপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পাসের পর আইনে ডিগ্রি অর্জন করে আইন পেশায় যোগ দেন তিনি।

১৯৮১ সালে জেলা আদালত, ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগ ও ১৯৯৯ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বড় ভাইও আপিল বিভাগের বিচারপতি ছিলেন, যিনি গত ১৬ জুলাই অবসরে যান।

২০০১ সালের ফেব্রুয়ারি মাসে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ ১১ জনকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সূত্রঃ প্রথম আলো

বাংলাদেশ দূতাবাস কুয়েতের উদ্যোগে কমিউনিটির শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রদর্শনী

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৫ পৌষ ১৪২৮, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত থেকে মোঃ আলাল আহমদঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দেশটির বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) কুয়েতের হাওয়াল্লি এলাকায় কুয়েত আর্টস অ্যাসোসিয়েশন এর হলরুমে আয়োজিত চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব, দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ ও কাউন্সেলর ইকবাল আক্তার এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত আর্টস সেক্টরের অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল ডক্টর বাদর আল-দাইশ।

আর্টস অ্যাসোসিয়েশন- কুয়েত, বঙ্গরূপা চারুকারু সংগীত শিশু মেলা ও ফ্যামিলি ফোরাম কুয়েতের যৌথ সহযোগিতায় আয়োজিত চিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ডক্টর বাদের ফয়সল আল-দাইস, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানসহ কুয়েতের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুয়েতে ভারত, নেপাল, তাজিকিস্তানের রাষ্ট্রদূতসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। এছাড়াও বিভিন্ন পর্যায়ের স্থানীয় নাগরিক ও বাংলাদেশি কমিউনিটির প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বিদেশি অতিথিরা কুয়েতে বাংলাদেশ দূতাবাসের চিত্রপ্রদর্শনী আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশের কৃষ্টি-কালচার ও ইতিহাস চিত্রপ্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী এর পরিচিতির পরিধি আরও কয়েকগুণ বাড়ল।