দেশে,করোনায় মৃত্যু একদিনে ৭ গুণ বাড়ল

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৫ পৌষ ১৪২৮, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল যা ছিল একজনে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৭০ জনে। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল যা ছিল ৪৯৫ জনে। এ নিয়ে দেশে করোনাতে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮৫ হাজার ২৭ জনে। 

গত ২৪ ঘণ্টায়  ২২ হাজার ৬৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন করে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে দেশের প্রতিটি নাগরিককে কোভিড-১৯ টিকা গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে টিকাদান অভিযান সহজলভ্য করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ব্যবস্থা নিতে হবে যাতে কেউ আবার সংক্রামিত না হয় (করোনাভাইরাস দ্বারা) এবং কেউই যেন টিকা দান কভারেজের বাইরে না থাকে।’

তিনি বলেন, ‘সবাইকে কোভিড-১৯ টিকা নিতে হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে ২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ও এ সংক্রান্ত পরিসংখ্যান প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।

তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।

তার সরকারের টিকাদান কার্যক্রমের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষকদের প্রথমে দিয়েছি, এখন শিক্ষার্থীদের দিচ্ছি এবং ১২ বছর বয়স পর্যন্ত সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

টিকা দেওয়ার ক্ষেত্রে অনেকের অনীহার উল্লেখ করে তিনি বলেন, গতকালই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলে ব্যবস্থা নিয়েছেন সারা দেশের কমিউনিটি ক্লিনিকগুলোর মাধ্যমে যেন এই টিকাদান কর্মসূচি অব্যাহত থাকে। একদম তৃণমূল পর্যায়ের মানুষও যেন দ্রুত টিকা নিতে পারে। কারণ, নতুনভাবে যাতে আবার সংক্রমিত না হয় সে ব্যবস্থা এখন থেকেই নিতে হবে।

তিনি বলেন, ‘আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান জানাবো আমরা এই টিকাদান কার্যক্রমটা একদম তৃণমূল পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই দেওয়া হবে বা অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু যারা টিকা নেননি এখনো তাদেরকে টিকা নিতে হবে।’

পরিবারের শুধু অভিভাবক নয়, শিক্ষার্থীরাও যাতে টিকা নেয় সেজন্য ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

সূত্রঃ দ্য ডেইলি স্টার

এক বছর বিরতির পর সিডনিতে আতশবাজির মহোৎসব

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৫ পৌষ ১৪২৮, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

করোনা মহামারির কারণে গত বছর এই উৎসব আয়োজন হয়নি। তবে সিটি অব সিডনি নিশ্চিত করেছে যে, আগামীকাল ৩১ ডিসেম্বর দিবাগত রাতে আতশবাজি উৎসব হবে এবং এর মাধ্যমে নতুন বছর বরণ করে নেওয়া হবে।
সময়সূচী অনুসারে, আগামীকাল রাত ৯টায় অল্প পরিসরে শিল্পী ব্ল্যাক ডগলাসের তৈরি আতশবাজি দিয়ে শুরু হবে উৎসব। মধ্যরাতের আতশবাজি সিডনি হারবার ব্রিজ, অপেরা হাউস ও বন্দরের বার্জগুলো থেকে নিক্ষেপ করা হবে। ২টি প্রদর্শন জুড়ে ৬ টন আতশবাজি ফোটানো হবে।
প্রতি বছর আলাদা আলাদা থিম নিয়ে উদযাপিত হয় নববর্ষের আতশবাজি উৎসব। এ বছরের সিডনি আতশবাজি প্রদর্শনের থিম ‘See Sydney shine’।
সিডনি হারবার ব্রিজের উপরে, সম্মুখভাগে এবং পাশ থেকে ২৫ হাজারেরও বেশি শুটিং এফেক্ট চালানো হবে। ৫টি ভাসমান বার্জ ৯ হাজার শেল উৎক্ষেপণ করবে এবং সিডনি অপেরা হাউসের পালগুলোর উপর থেকে আরও ৬ হাজার আতশবাজি ছোড়া হবে।
আতশবাজি শিল্পী ফরচুনাতো ফোটি এ বছর সিডনি হারবার শো তৈরির ২৫ বছর উদযাপন করবেন।
মিডিয়াকে তিনি বলেছেন, সিডনিতে নববর্ষের আগের দিন প্রদর্শনী তৈরির উচ্ছ্বাসের সঙ্গে আর কোনো কিছুরই তুলনা হয় না। আমি নিশ্চিত, কেউ হতাশ হয়ে ঘরে ফিরবেন না।’
সূত্র : দ্য ডেইলি স্টার

করোনার সুনামি ডেলটা অমিক্রনে

বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৫ পৌষ ১৪২৮, ২৫ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ডেলটা ও অমিক্রন ধরন সম্মিলিতভাবে করোনার সংক্রমণের একটি বিপজ্জনক সুনামি চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও ইউরোপে নতুন করে রেকর্ডসংখ্যক মানুষের করোনা শনাক্ত হওয়ার প্রেক্ষাপটে গতকাল বুধবার ডব্লিউএইচওর মহাসচিব তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছ থেকে এসব মন্তব্য এল।
ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো ইউরোপের দেশগুলোর মধ্যে এযাবৎকালে এক দিনে সর্বোচ্চ দুই লাখ আট হাজার করোনা রোগী শনাক্ত হয়েছেন।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে দৈনিক গড়ে রেকর্ড ২ লাখ ৬৫ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে।
এ ছাড়া ডেনমার্ক, স্পেন, পর্তুগাল, গ্রিস, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় নতুন করে দৈনিক করোনা শনাক্তে আগের সব রেকর্ড ভেঙে গেছে।
বিশ্বজুড়ে রেকর্ডসংখ্যক সংক্রমণের নেপথ্যে থাকা করোনার দুটি ধরনের (ডেলটা ও অমিক্রন) প্রকোপকে ‘যুগল হুমকি’ বলে সতর্ক করেছেন ডব্লিউএইচওর প্রধান।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক সংবাদ সম্মেলনে বলেন, ডেলটার পাশাপাশি একই সময় আরও সংক্রামক ধরন অমিক্রনের বিস্তারে করোনা শনাক্তের সুনামি নিয়ে তিনি অত্যন্ত উদ্বিগ্ন।
ডব্লিউএইচওর মহাসচিব বলেন, নতুন করে শুরু হওয়া করোনার এই প্রকোপ পরিশ্রান্ত স্বাস্থ্যকর্মীদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে থাকবে। স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।
তেদরোস আধানোম গেব্রেয়াসুস সাংবাদিকদের বলেন, উন্নত দেশগুলোর টিকার বুস্টার ডোজ দেওয়ার ব্যাপক কর্মসূচি করোনা মহামারিকে আরও দীর্ঘায়িত করতে পারে। কারণ দরিদ্র ও টিকাদানের হার কম—এমন দেশগুলোর পরিবর্তে টিকার সরবরাহ ধনী দেশগুলোতে যাচ্ছে। এই বিষয়টি করোনাভাইরাসকে অধিক বিস্তার লাভ ও মিউটেশনের সুযোগ তৈরি করে দিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে এখন দিনে নতুন করে প্রায় ৯ লাখ মানুষের করোনা শনাক্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সিএনএনকে বলেছেন, জানুয়ারির শেষ দিকে দেশটিতে অমিক্রন সংক্রমণের চূড়া (পিক) দেখা যেতে পারে।

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালেদের সভাপতিত্বে নতুন সরকার প্রথম বৈঠক’

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতের মহামান্য ক্রাউন প্রিন্সের সামনে সাংবিধানিক শপথ গ্রহণের পর নবনিযুক্ত প্রধানমন্ত্রী
শেখ সাবাহ আল-খালেদের সভাপতিত্বে নতুন সরকার প্রথম করেছে ।

মহামান্য শেখ সাবাহ আল-খালেদের নেতৃত্বাধীন নতুন সরকার আজ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রথম বৈঠকে
নব নিযুক্ত মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

সমুদ্রের পানি পরিশোধন ফিল্টার তৈরি করলেন বাংলাদেশী বিজ্ঞানী

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

একবার ভাবুন তো, পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে সমুদ্রের পানি থেকে নিরাপদ খাবার পানি তৈরি করা হচ্ছে! কথাটি শুনতে যতটুকু মজার মনে হচ্ছে, কাজটি করা ঠিক ততটুকু কঠিন। কঠিন কাজটি সফলভাবে শেষ করেছেন বাংলাদেশি বিজ্ঞানী ড. রাসেল দাশ, তার সহযোগী সিনিয়র ইঞ্জিনিয়ার ড. গুরং-শো এবং গবেষকদল।

এ বিষয়ে ড. রাসেল দাশ জানান, বিশ্বজুড়ে প্লাস্টিকের দূষণ অপসারণ একবিংশ শতাব্দির জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ। তার থেকেও বড় চ্যালেঞ্জ হচ্ছে, সমুদ্রের লবণাক্ত পানি থেকে নিরাপদ খাবারের পানি তৈরি করা। বাংলাদেশে অলিগলি, রাস্তা থেকে শুরু করে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত সব জায়গায় প্লাস্টিকের পরিত্যক্ত বোতল দেখা যায়।

গবেষকদলটি এ ধরনের পরিত্যক্ত বোতল থেকে ইলেক্ট্রো-স্পুন প্রযুক্তি কাজে লাগিয়ে এমন একধরনের ন্যানোফাইব্রাস ফিল্টার তৈরি করেছে, যা দিয়ে ৯৯.৯% সমুদ্রের পানি পাতন প্রকিয়ায় নির্লবণীকরণ করা সম্ভব। সাধারণত এ প্রযুক্তিতে পানি পরিশোধন করা খুব ব্যয়বহুল। কারণ এ ধরনের ফিল্টার তৈরির জন্য অনেক মূল্যবান আর্টিফিশিয়াল পলিমার ব্যবহার করতে হয়।

গবেষকদলটি এ ধরনের মূল্যবান পলিমার ব্যবহার না করে প্লাস্টিকের পরিত্যক্ত বোতল থেকে এমন একধরনের পলিমার ব্যবহার করেছেন। যা অনেক সাশ্রয়ী এবং এতে পানির মোট পরিশোধন ব্যয় অনেকাংশে কমে যাবে। তাদের তৈরি ফিল্টারটি প্রতি স্কয়ার মিটারে প্রতিঘণ্টায় সমুদ্রের পানি থেকে প্রায় ২৫ লিটার নিরাপদ খাবারের পানি তৈরি করতে সক্ষম।

পানি দূষিত হওয়ার কারণে একবিংশ শতাব্দিতে পৃথিবীর ৭০০ মিলিয়ন লোক নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত। জাতিসংঘের মতে, ২০২৫ সালের মধ্যে সারা বিশ্বের ১.৮ বিলিয়ন মানুষ নিরাপদ পানির সুবিধা পাবে না। বর্তমানে বাংলাদেশে প্রায় ৪ মিলিয়ন মানুষ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

ড. রাসেল দাশ গত আট বছর ধরে মালয়েশিয়া, আমেরিকা এবং জার্মানিতে ন্যানো প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের পানি পরিশোধন করার লক্ষ্যে কাজ করছে। এ ধরনের কাজের জন্য ২০১৫ সালে তিনি ‘এলসেভিয়ার-এটলাস অ্যাওয়ার্ড’ লাভ করেন। এখন তিনি জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ে জাপান সরকারের অধীনে পোস্ট-ডক্টরাল জেএসপিএস ফেলো হিসেবে কর্মরত আছেন।

ড. রাসেল দাশ বলেন, ‘সমুদ্রের পানি নির্লবণীকরণের এ প্রক্রিয়া বাংলাদেশে ব্যবহার করে সুপেয় পানির চাহিদা অনেকাংশে মেটানো সম্ভব। বিশ্বের অনেক দেশ যেমন সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইসরাইল, সুইডেন, ইউনাইটেড কিংডম, নেদারল্যান্ডস এবং ফ্রান্স সমুদ্রের পানি বিশুদ্ধ করে সেচ, কৃষি, শিল্প ও গার্হস্থ্য খাতে ব্যবহার করে চাহিদা পূরণ করছে।’ তিনি জানান, তাদের কাজটি জার্নাল অব ওয়াটার প্রোসেস ইঞ্জিনিয়ারিং নামে একটি বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়।

চলতি বছরের নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ও নির্যাতনে ১৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে গুলি ও একজনকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

চলতি বছরের নভেম্বর পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলি ও নির্যাতনে ১৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে গুলি ও একজনকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয়।

মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

গত জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে সবচেয়ে বেশি নিহত ও আহতের ঘটনা ঘটেছে রংপুর বিভাগে। বিভাগটিতে বিএসএফের গুলিতে ৮ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন আরও ৮ জন।

একই সময়ে সিলেট বিভাগে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন ৩ জন। খুলনা ও ময়মনসিংহ বিভাগে একজন করে মোট ২ জন নিহত হয়েছেন।

রাজশাহী বিভাগে গুলি ও বিএসএফের শারীরিক নির্যাতনে ২ জন নিহত হয়েছেন।

আসকের গত ৭ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২০ সালে ভারতীয় সীমান্তে সর্বোচ্চ ৪৮ বাংলাদেশি নিহত হয়েছেন। ২০১৫ সালে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ জন এবং ২০১৯ সালে ৪৩ বাংলাদেশি ভারতীয় সীমান্তে নিহত হয়েছেন।

সব মিলিয়ে ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত মোট নিহত হয়েছেন ২২১ জন। আর এ সময়ের মধ্যে আহত হয়েছেন ২৪৪ জন।

আসকের সিনিয়র কো-অর্ডিনেটর (অ্যাডভোকেসি অ্যান্ড নেটওয়ার্কিং) আবু আহমেদ ফয়জুল কবির বলেন, ‘আমরা ৯টি জাতীয় দৈনিক, কয়েকটি অনলাইন পত্রিকা ও আমাদের নিজস্ব সূত্র থেকে এই পরিসংখ্যান পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এই সংখ্যাটি আরও বেশি হতে পারে। কারণ সব ঘটনাই গণমাধ্যমে আসে না।’

সূত্রঃ দ্য ডেইলি স্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চোরাচালানের সময় হাতুড়ির ভেতর থেকে ৩ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিমান বন্দরে থাকা কাস্টম কর্মকর্তারা।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে চোরাচালানের সময় হাতুড়ির ভেতর থেকে ৩ কোটি ৪০ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে বিমান বন্দরে থাকা কাস্টম কর্মকর্তারা।

গতকাল রাত ৯টা ১০ মিনিটে শারজাহ থেকে আসা একটি ফ্লাইটের যাত্রী থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়।

বিমান বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শারজাহ থেকে আসা হবিগঞ্জের আতাউর রহমান ইমিগ্রেশন সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে কাটুন জাতীয় ব্যাগের ভেতর ২টি বড় হাতুড়ির মধ্যে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়।

পরবর্তীতে বিমান বন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে ব্যাগেজে থাকা হাতুড়ি কেটে ঘোষণা বহির্ভূত ৪৪টি গোল্ড বার এবং যাত্রীর প্যান্টের ভেতর থেকে স্বর্ণের ৫টি চুরিসহ মোট ৫ কেজি ১৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

আতাউর রহমানের বিরুদ্ধে কাস্টমস আইন ও ফৌজদারি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: দ্য ডেইলি স্টার

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় সুগন্ধা নদী থেকে এক নারীর (৩০) ও সকাল ১০টায় বিষখালী নদী থেকে এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়।

ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলীর বরাতে জানা যায়, ‘আজ আরও ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রাপ্ত মোট মরদেহের সংখ্যা হলো ৪৬টি।’

ঝালকাঠি দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এক নারী ও বিষখালী নদীর মানকিসুন্দর এলাকায় এক যুবকের মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা আমাদের সংবাদ দেন।’

‘পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ২টি মৃতদেহ উদ্ধার করেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের শরীরে আগুনে পোড়ার চিহ্ন আছে।’

অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের বিষয়ে কন্ট্রোল রুমে কর্মরত সাইদুর রহমান বলেন, ‘নতুন পাওয়া মরদেহগুলো এখনো নথিভুক্ত হয়নি।’

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী এ পর্যন্ত অন্তত ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্রঃ দ্য ডেইলি স্টার

২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র পাসপোর্টের জন্য ফি বাড়িয়েছে।

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছে। যুক্তরাষ্ট্র পাসপোর্টের জন্য ফি বাড়িয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর থেকে পাসপোর্টের জন্য ফি ২০ ডলার বৃদ্ধির বিষয়টি কার্যকর হয়েছে।

মার্কিন দূতাবাস বলেছে, ‘ভ্রমণ ও পরিচয় শনাক্তকরণে বিশ্বের অন্যতম সর্বোচ্চ নিরাপদ এই নথি তৈরি অব্যাহত রাখতে আমাদের জন্য এই ফি বাড়ানো আবশ্যক।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য পাসপোর্টের ফি ১১০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১৩০ ডলার হবে।

আর ১৬ বছরের কম বয়সী নাবালকের জন্য পাসপোর্টের ফি ৮০ ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হবে।

অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্ট আবেদনের জন্য এক্সিকিউশন ফি ৩৫ ডলার অপরিবর্তিত থাকবে। যার ফলে একজন অপ্রাপ্তবয়স্ক নাগরিকের পাসপোর্টের জন্য মোট ফি ১৩৫ ডলার।

সূত্রঃ প্রথম আলো