তবে আপাতত বিস্তারিত কিছু লিখছিনা, যদি আবারও সিদ্ধান্তের পরিবর্তন আসে তাহলে আমার লেখা বৃথা যাবে এবং গালাগালি ফ্রী তো থাকবেই! ☺
কারন- গত সোমবার মন্ত্রীপরিষদ সবার জন্য একই নিয়ম জারি করলেও (বৃহস্প্রতিবার) গতকাল তা ডিভাইড করে ফেলে। তবে কুয়েত প্রবেশে আজ (শুক্রবার) আবার মন্ত্রীপরিষদের সিদ্ধান্তে ফিরে যাবার আভাস….
অর্থাত: ভ্যাকসিনেড & নন-ভ্যাকসিনেডদের মধ্যে পার্থক্য রাখা হবেনা।
দেশে করোনায় আরো ২০ জনের মৃত্যু। মোট মৃত্যু ২৮,৯০৭ জন। নতুন নমুনা পরীক্ষা ৩৪,৫৪৭ জন। নতুন রোগী ৩,৫৩৯ জন। গত ২৪ ঘন্টার পরীক্ষায় শনাক্তের হার ১০.২৪ শতাংশ। মোট শনাক্ত হয়েছে ১৯,২৬,৫৭০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ ১১,৮০০ জন। মোট সুস্থ ১৭,২৭,৮৬৬ জন।
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ওষুধের দোকান থেকে এক প্রবাসীর স্ত্রীর ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের আবদুল মতিন মার্কেটের অভি ফার্মেসির ভেতর থেকে শাহানাজ পারভীন (৪০) নামের ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিন্নাতুল হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে তা ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
লিবিয়ার পঞ্চান্ন নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের সাথে রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামানের নেতৃত্বে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের একটি টিম ১৪ ও ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে দুই দফায় ডিটেনশন সেন্টারটি পরিদর্শন করে এবং সেখানে অবস্থিত সকল বাংলাদেশির সাথে কথা বলেন।
দূতাবাস টীমের পক্ষ থেকে উক্ত ডিটেনশন সেন্টারে আটক সকল বাংলাদেশির রেজিষ্ট্রেশন সম্পন্ন করা হয়। দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অভিবাসন অধিদপ্তর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে আটক বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনের সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়।
ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় হিজাব নিয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুসলিম নারীদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ মিছিলে থাকা বোরকা পরা নারীদের পুলিশ পেটাচ্ছে। পুলিশ বলছে, তারা এ ভিডিও নিয়ে তদন্ত করবে।
স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাধারণ অভিযোগ (এফআইআর) করেছে।
অবৈধভাবে তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে তুষারপাতে নজরুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিহত নজরুলের দেশের বাড়ি ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকায়।
২০১৯ সালে জীবিকার তাগিদে দেশ ছেড়ে ওমান যান। দুই বছর ওমানে থাকার পর তিনি সেখান থেকে তুরস্কে চলে যান।
নাসির সংবাদমাধ্যমকে বলেন, ‘‘কিছু বন্ধুর সঙ্গে শাহীন তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টা করেন। গত ২ ফেব্রুয়ারি পথে প্রবল তুষারঝড়ের কবলে পড়লে মারা যান।
রান্নাঘরের হাঁড়ি-পাতিল কিনতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং তুরস্কের ইস্তাম্বুল যাচ্ছেন সোনারগাঁও হোটেলের (ব্যবস্থাপনা পরিচালক) এমডি। সঙ্গে নিচ্ছেন আরও তিন কর্মকর্তাকে। সফরের বিষয়টি নিশ্চিত করার জন্য দলে ভিড়িয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবকে (পিএস)।
সরকারি মালিকানাধীন পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের মেইন কিচেনের (মূল রান্নাঘরের) সংস্কার করার জন্য ৩০ কোটি টাকা বাজেট বরাদ্দ ছিল। কাজটি করার জন্য সোনারগাঁও হোটেল পরিচালনাকারী সরকারি বাণিজ্যিক সংস্থা হোটেলস ইন্টারন্যাশনাল লিমিটেড (হিল) কার্যাদেশ দেয় স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্টেরিয়রস-অ্যাকম জেবিকে। কিচেনের যন্ত্রপাতি তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হবে।
যন্ত্রপাতির গুণগত মান, নির্মাণশৈলী এবং প্রাক-জাহাজীকরণ পরিদর্শনের (পিএসআই) জন্য তুরস্কের প্রস্তুতকারক কোম্পানি উকজেন এন্ডাস্ট্রিয়েল উরুনলার সান (Ucgen Endustriyel Urunler San) গত বছর ৫ অক্টোবর আমন্ত্রণপত্র পাঠায়। উকজেন ঠিকাদার ইন্টেরিয়রস-অ্যাকম জেবি নিয়োজিত উৎপাদনকারী সংস্থা। ঠিকাদারের সঙ্গে হিলের সম্পাদিত চুক্তির কন্ডিশন অব কন্ট্রাক্টে দুই দেশ ভ্রমণের সুযোগ রাখা হয়েছে। এ ভ্রমণের ব্যয় ঠিকাদারেরই বহন করার কথা রয়েছে চুক্তিতে।
ভ্রমণের অনুমোদনের জন্য গত ৩ ফেব্রুয়ারি হিল থেকে প্রস্তাব পাঠানো হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় এরই মধ্যে এ ভ্রমণের অনুমোদন দিয়েছে এবং সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। যে চার কর্মকর্তাকে ভ্রমণের অনুমোদন দেওয়া হয় তারা হলেন হিলের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) মো. আমিনুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবের পিএস এএইচএম জামেরি হাসান, হিলের ম্যানেজার (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. এরশাদুল হক এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার টেকনিক্যাল সার্ভিস ডিরেক্টর মো. আবুল বাশার খান।
অভিযোগ উঠেছে, রান্নাঘরের আধুনিক মানের চুলা, হাঁড়ি-পাতিল, খুন্তি বা অন্যান্য যেসব জিনিসপত্র দেখার জন্য প্রতিনিধিদল দুই দেশ যাচ্ছে তারা ওই দেশে যাওয়ার আগেই কার্যাদেশের ৭০ ভাগ মালামাল জাহাজে তুলে দেওয়া হয়েছে। শিগগিরই তা হোটেল কর্তৃপক্ষের বুঝে নেওয়ার কথা।
হিলের বা সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব) মো. আমিনুর রহমান বলেন, ‘আমরা যাব কিচেনের যন্ত্রপাতির গুণগত মান পরীক্ষার জন্য। এ কাজে সরকারের কোনো অর্থ ব্যয় হবে না।’
আপনারা যেসব জিনিস দেখতে যাবেন তা ইতিমধ্যেই দেশে এসে পৌঁছেছে বলে জানা যাচ্ছে। বিষয়টি কি সত্য দেশ রূপান্তরের এ প্রশ্নে বিব্রত বোধ করেন হিলের এমডি। প্রসঙ্গটি নিয়ে পরে কথা বলবেন বলে জানালেও তিনি পরে আর কথা বলেননি।
এ বিষয়ে কথা বলার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের দপ্তরে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি উল্লেখ করে বার্তা দিয়ে ফোন করার পরও সচিব সাড়া দেননি।
এর আগে গত বছর ১১ নভেম্বর এ ভ্রমণের আরও একটি জিও জারি হয়েছিল। তখন সফরের টিম লিডার ছিলেন হিলের সচিব (সরকারের যুগ্ম সচিব) মো. আলতাফ হোসেন। তিনি সম্প্রতি পেট্রোবাংলায় বদলি হয়েছেন। এ কারণে ভ্রমণটি শেষ করা তার পক্ষে সম্ভব হয়নি। ১১ নভেম্বরের আগেও একবার এ ভ্রমণের জিও বদল করতে হয়েছিল। জিও করার আগে আলতাফ হোসেন ছিলেন সরকারের উপসচিব। জিও জারি হওয়ার পর ভ্রমণের আগেই তিনি যুগ্ম সচিব পদে পদোন্নতি পান। এ কারণে জিও বদলে আলতাফ হোসেনের পদবি ঠিক করতে হয়েছিল।
আলতাফ হোসেন বদলি হয়ে যাওয়ার কারণে টিম লিডার হয়েছেন হিলের এমডি আমিনুর রহমান। দলটি ১২ থেকে ২০ ফেব্রুয়ারি অথবা ভ্রমণের তারিখ থেকে ৯ দিন তুরস্ক ও দুবাই অবস্থান করতে পারবে। মন্ত্রণালয়ের অনুমোদন, জিও জারির পরও গতকাল পর্যন্ত দলটি ঢাকা ত্যাগ করেনি।
হিলের প্রস্তাবে বারবার বলা হয়েছে এ ভ্রমণে কর্মকর্তাদের আসা-যাওয়া বাবদ বিমান ভাড়া, হোটেলসহ আনুষঙ্গিক ব্যয় ঠিকাদার বহন করবেন। এ বিষয়ে হোটেলস ইন্টারন্যাশনাল কিংবা সরকারের কোনো আর্থিক সংশ্লেষ নেই। কিন্তু নাম প্রকাশ না করার শর্তে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার একজন কর্মকর্তা জানান, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে এ ভ্রমণে সরকারের কোনো আর্থিক সম্পৃক্ততা নেই।
কিন্তু বাস্তবেও কি তাই? আসলে তা নয়। এ চার কর্মকর্তাকে দুই দেশ ভ্রমণ করিয়ে আনতে ঠিকাদারদের কমপক্ষে ৩০ লাখ টাকা খরচ হবে। যদি তাদের এ ভ্রমণে না নিতে হতো তাহলে সরকারের মোট ব্যয় ৩০ লাখ টাকা কম হতো। ঠিকাদার প্রাক-জাহাজীকরণ পরিদর্শনের সুযোগ রাখে কর্মকর্তাদের এ ভ্রমণে নিয়ে খুশি করার জন্য। এতে ঠিকাদারের ব্যবসা ঠিক থাকে, কর্মকর্তারাও খুশি থাকেন। পরবর্তী কাজ পেতে কোনো সমস্যা হয় না।
৩০ কোটি টাকার কিচেনসামগ্রী নেগোসিয়েটেড প্রাইস, যা হিলের ৪০৭তম বোর্ড সভায় অনুমোদন হয়েছে বিষয়টি জানিয়ে হোটেলের অন্য এক কর্মকর্তা বলেন, গত দুই বছর হোটেলের কোনো কর্মকর্তা-কর্মচারীর ইনক্রিমেন্ট হয়নি। মহামারীর দোহাই দিয়ে কারও একটি টাকা বেতন বাড়েনি। সরকারের অন্য কোনো সংস্থার বেলায় কি এ ঘটনা ঘটেছে? গত দুই বছর ধরে হোটেলটি লোকসান দিলেও এর আগের ৩৮ বছর লাভ করেছে।
এখনো হোটেলের অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা জমা রয়েছে। গত ১০ বছর ধরে হোটেলটিতে কোনো নতুন কর্মী নিয়োগ হয় না। এসব বিষয়ে কোনো সমাধান নেই। সবাই রয়েছেন যার যার তালে।
১৯৮১ সালে শুরু করা হোটেলটির অনেক কিছুই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছিল। এরই মধ্যে এর সব অতিথি কক্ষ, স্যুট, প্যাসিফিক লাউঞ্জ, বলরুম, হেলথ ক্লাব, বার, সুইমিংপুল আধুনিকায়ন করা হয়েছে। এখন যেসব অংশ সংস্কার করা দরকার তার মধ্যে মেইন কিচেন অন্যতম।
সাম্প্রতিক সময়ে সরকারের কর্মকর্তাদের বিভিন্ন কেনাকাটার অজুহাতে বিদেশ ভ্রমণ অনেক বেড়েছে। প্রায় প্রতিটি প্রকল্পে বা কেনাকাটায় কর্মকর্তারা কৌশলে বিদেশ ভ্রমণের সুযোগ রেখে দেন।
২০০৭ সালে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে চীন থেকে আনা ১৪টি বগি যুক্ত করা হয়। ২০২০ সাল পর্যন্ত বগিগুলো ওই ট্রেনে ব্যবহৃত হয়। গত দুই বছর আর ব্যবহৃত হয়নি। ১৫ বছরের পুরোনো সেই বগিগুলোই এবার নতুন করে যুক্ত করা হয়েছে বিজয় ও উপকূল এক্সপ্রেস ট্রেনে। সেটি আবার ঢাকঢোল পিটিয়ে আজ সোমবার উদ্বোধন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম-ঢাকা রুটে নতুন ট্রেন প্রয়োজন থাকলেও রেলপথ মন্ত্রণালয় কোনো গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন দায়িত্ব নেওয়ার পর থেকে পশ্চিমাঞ্চলে একের পর এক নতুন ট্রেন যুক্ত হচ্ছে। অথচ পূর্বাঞ্চলে একটিও নতুন ট্রেন যুক্ত হয়নি। শুধু কিছুদিন পরপর বগি পরিবর্তন করে ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হচ্ছে।
২০১৯ সাল থেকে পশ্চিমাঞ্চলে তিনটি নতুন ট্রেন যুক্ত হয়েছে। পশ্চিমাঞ্চলে ঢাকা-রাজশাহী রুটে চালু হয় নতুন ট্রেন বনলতা এক্সপ্রেস। এক মাসের ব্যবধানে চালু হয় পঞ্চগড় এক্সপ্রেস। ঢাকা-বেনাপোল রুটে ২০১৯ সালের জুলাইয়ে চালু হয় বেনাপোল এক্সপ্রেস। ওই বছরের অক্টোবরে রংপুর ও লালমনি এক্সপ্রেসে সংযোজন হয় নতুন কোচ। এই সময়ে পূর্বাঞ্চলে একটিও নতুন ট্রেন যুক্ত হয়নি।
সূত্র জানায়, চট্টগ্রাম-ঢাকা রুটের আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেন চালু হয় ১৯৯৮ সালে। এটি ২০০৭ সাল পর্যন্ত ইরানি বগি দিয়ে চলাচল করে। সে বছরই সাদা চীনা বগি দিয়ে প্রতিস্থাপন করা হয়। সেই ১৪টি চীনা বগি সুবর্ণ এক্সপ্রেসে ২০২০ সাল পর্যন্ত ব্যবহার করা হয়। সেই বগিগুলোই এবার ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় এক্সপ্রেস ও ঢাকা নোয়াখালী রুটের উপকূল এক্সপ্রেস ট্রেনে যুক্ত করা হলো।
রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিবহন কর্মকর্তা সাহেব উদ্দিন বলেন, ‘আজকে যুক্ত হওয়া সাদা চায়না বগিগুলো সুবর্ণ এক্সপ্রেস ট্রেন থেকে পাওয়া। এগুলো নতুনভাবে সংস্কারের মাধ্যমে উপযোগী করে বিজয়-উপকূল এক্সপ্রেস ট্রেনে যুক্ত করা হয়েছে।’
আজ সকাল ৯টায় বিজয় এক্সপ্রেস ট্রেনের বগিগুলো উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। উপস্থিত ছিলেন পূর্বাঞ্চলের জিএম জাহাঙ্গীর হোসেন।
অন্যদিকে উপকূল এক্সপ্রেস ট্রেনের নতুন বগি সংযোজন ঢাকায় দুপুরে উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এইচএম ইব্রাহিম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারসহ প্রমুখ।